ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

সৌদি আরবে হজ প্রশিক্ষণ শেষে ১১ সদস্যের প্রতিনিধি দল দেশে ফিরেছে


সৌদি আরবে হজ প্রশিক্ষণ শেষে ১১ সদস্যের প্রতিনিধি দল দেশে ফিরেছে

সৌদি আরব সরকারের আমন্ত্রণে ২০২৭ সালের হজ মৌসুমের প্রস্তুতিবিষয়ক বিশেষ প্রশিক্ষণ ও দক্ষতা মূল্যায়ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলটি বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গত ৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় ১৩৩টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচি ১১ নভেম্বর শেষ হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং হজ মেডিকেল টিমের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলটি সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত ‘কোয়ালিফিকেশন প্রোগ্রাম ফর হজ অ্যাফেয়ার্স অফিস মেম্বার্স অ্যান্ড গ্রুপ লিডার্স’ শীর্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করে। এতে তারা হজ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ ও দক্ষতা মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করেন।

আরও পড়ুন: ক্যাম্পাসে ফ্যাসিবাদী অপশক্তির প্রতিবাদে মিছিল-সমাবেশের আহ্বান ইউট্যাবের

১৪৪৮ হিজরি (২০২৭) সালের হজ মৌসুমের আগাম প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ কর্মসূচির আয়োজন করে। ১১টি প্রশিক্ষণ ট্র্যাকে পরিচালিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল হজবিষয়ক দপ্তরের সদস্য ও দলনেতাদের নেতৃত্ব এবং কর্মপরিচালনাগত দক্ষতা বৃদ্ধি করা, দায়িত্ব পালনে প্রস্তুত করা এবং নিজ নিজ দেশের হজযাত্রীদের সেবার মান উন্নয়নে সক্ষম করে তোলা।

প্রশিক্ষণে পরিবহন ব্যবস্থাপনা, আবাসন, খাবার সরবরাহ, পবিত্র স্থানগুলোতে সেবা প্রদান, স্বাস্থ্যসেবা, গণমাধ্যম ও দল পরিচালনাসহ হজ ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের দক্ষতা মূল্যায়নের ব্যবস্থা ছিল। ‘ট্রেইন-দ্য-ট্রেইনার’ পদ্ধতিতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার সুযোগও রাখা হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আশা করছে, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ২০২৭ সালের হজ কার্যক্রমে হজযাত্রীদের সঙ্গে যোগাযোগ, দ্রুত সাড়া প্রদান এবং হজ ব্যবস্থাপনাকে আরও দক্ষ ও কার্যকর করতে সহায়ক হবে।

আরও পড়ুন: সরকার সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে: তথ্যমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে উদ্ধার হলো ৬ হাজার ৭০০ পিস ইয়াবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে উদ্ধার হলো ৬ হাজার ৭০০ পিস ইয়াবা

কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল। পরে পাওয়ার কারে থাকা দুটি প্যাকেট খুলে ৬ হাজার ৭০০ পিস ইয়াবা পাওয়া যায়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা কক্সবাজার আইকনিক রেলস্টেশনে ঘটে।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার মো. জয়নাল আবেদীন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন ছাড়ার প্রস্তুতি চলছিল। এ সময় পাওয়ার কারের দায়িত্বে থাকা অপারেটর ওয়াকিটকির মাধ্যমে সেখানে বোমাসদৃশ কিছু থাকার সন্দেহের কথা জানান। খবর পেয়ে তিনি ও গার্ড দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে জিআরপি থানার ওসি ও এসআই রফিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে এসে পৌঁছান।

জয়নাল আবেদীন বলেন, সন্দেহজনক বস্তু পাওয়ার খবর পেয়ে তিনি সিগন্যাল বাতিল করেন। পরে জিআরপি পুলিশের এসআই রফিক প্যাকেট দুটি উদ্ধার করে নিয়ে যান। প্রাথমিকভাবে বস্তুগুলো সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও পরবর্তী সময়ে পরীক্ষা করে সেগুলোর ভেতরে ইয়াবা পাওয়া যায়।

স্টেশনমাস্টার আরও জানান, কক্সবাজারে কর্মরত এনএসআই কর্মকর্তা নুর হোসেনের উপস্থিতিতে প্যাকেটগুলো খোলা হয় এবং ভিডিও ধারণ করা হয়। মোট ৪০টি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে আনুমানিক ১৭০ থেকে ১৮০ পিস করে ইয়াবা ছিল। সব মিলিয়ে ইয়াবার সংখ্যা প্রায় ৬ হাজার ৭০০ পিস বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় ট্রেন ছাড়তে প্রায় পাঁচ মিনিট বিলম্ব হয় বলে জানান জয়নাল আবেদীন।

অন্যদিকে, জিআরপি পরিদর্শক মুস্তাফিজুর রহমান বলেন, পাওয়ার কারের টয়লেটের নিচে ওজুখানার পাশে একটি চেয়ারের নিচে পলিথিনে মোড়ানো দুটি লম্বা প্যাকেট পাওয়া যায়। সেগুলোর ভেতরে ৪০টি প্যাকেটে ইয়াবা ছিল। সব মিলিয়ে আনুমানিক ৬ হাজার ৭০০ পিস ইয়াবা পাওয়া গেছে।

প্যাকেটগুলো কীভাবে সেখানে পৌঁছেছে, সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করে মুস্তাফিজুর রহমান বলেন, তার প্রাথমিক ধারণা, ট্রেনটি ওয়াশপিটে থাকা অবস্থায় প্যাকেটগুলো সেখানে রাখা হয়ে থাকতে পারে। কারণ ওয়াশপিট থেকে ট্রেন স্টেশনে আসার পরপরই যাত্রীরা ওঠা শুরু করেন। তখন এ ধরনের প্যাকেট লুকিয়ে রাখার সুযোগ সীমিত।

তবে এ ঘটনায় ট্রেনের কোনো কর্মকর্তা বা কর্মচারীর সম্পৃক্ততা রয়েছে কি-না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। বিষয়টি খতিয়ে দেখতে ট্রেনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্যাকেটগুলো কারা, কখন এবং কীভাবে সেখানে রেখেছে, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন এই জিআরপি কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেন,আলহাজ্ব মোঃ খসরুল আলম

আন্তর্জাতিক ডেস্ক

মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৪ পি.এম


তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেন,আলহাজ্ব মোঃ খসরুল আলম
 

 

 

 

দীর্ঘ ১৭ বছর পর সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন খসরু আলম। বৃহস্পতিবার (১২ নভেম্বর)মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনে ১৩টি পদে ৩২টি মনোনয়নপত্র ব্যবসায়ীগন জমা দিয়েছেন।
 
প্রধান নির্বাচন কমিশনার জুনাব আলী জানান, নির্বাচনে সভাপতি পদে খসরুল আমল ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়ন ক্রয় ও জমা না দেয়ায় সভাপতি পদে একক প্রার্থী হিসেবে খসরুল আলম বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি হয়েছেন। এছাড়াও প্রচার সম্পাদক পদেও একজন তাই তিনিও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। আগামী ১২ই ডিসেম্বর নির্বাচন সকলের সহযোগিতা ও অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে প্রত্যাশা করেন তিনি।
 
তিনি আরও জানান,গত মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে গ্রুপের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র বিক্রি শুরু শেষ দিন পর্যন্ত প্রার্থীরাও নিজ নিজ মনোনয়ন সংগ্রহ করে উৎস মুখর পরিবেশের মধ্যে দিয়ে জমাও দিয়েছেন।
 
নির্বাচনে প্রার্থীরা হলেন, সভাপতি পদে খসরুল আলম, সিনিয়র সহ সভাপতি পদে দুই জন, সহসভাপতি পদে তিন জন, সাধারণ সম্পাদক পদে তিন জন, সহ সাধারণ সম্পাদক পদে দুই জন, অর্থ সম্পাদক পদে দুই জন, সাংগঠনিক সম্পাদক পদে তিনজন, দপ্তর সম্পাদক পদে দুই জন, আন্তজাতিক সম্পাদক পদে দুই জন, প্রচার সম্পাদক একজন, সহ-প্রচার সম্পাদক দুই জন, কার্যকরী সদস্য পদে ১৪ জন মনোনয়ন ক্রয় ও জমা দিয়েছেন।
 
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিগত ১৭ বছর তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এতে করে ব্যবসয়ারীদের মধ্যে স্তবিরতা বিরাজ করছিলো। নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বিক্রি শুরুর মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমে নতুন গতি পায় ব্যবসায়ীদের মধ্যে। সে কারনে স্থানীয় ব্যবসায়ী মহল, প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আগামী ১২ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ইতোমধ্যে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন পদপ্রত্যাশীরা।
 
সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন মিজানুর রহমান। তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক সম্পাদক পদে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলাম এবং জমা দিয়েছি। এই নির্বাচনী পথচলায় সকল সম্মানিত ভোটার, ব্যবসায়ী ভাই, আমার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের মানুষের কাছে আন্তরিক দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি। মহান আল্লাহ যেন সফলতা দান করেন।
 
সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় খসরুল আলম জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে যে সম্মান ও মর্যাদায় অধিষ্ঠিত করেছেন ব্যবসায়ীরা, তার জন্য গ্রুপের সম্মানিত সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তিনি জানান, আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করা আমার নৈতিক দায়িত্ব। পারস্পরিক ঐক্য, সহযোগিতা, স্বচ্ছতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও সমৃদ্ধ প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সকল সদস্যের অধিকার, স্বার্থ ও কল্যাণে কাজ করাই আমার অঙ্গীকার।
 
এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফারজানা চুমকি: আরও ভালো গল্পে অভিনয়ের প্রত্যাশা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৪ পি.এম


ফারজানা চুমকি: আরও ভালো গল্পে অভিনয়ের প্রত্যাশা

দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছেন ফারজানা চুমকি, যিনি দুই দশকেরও বেশি সময় ধরে সাবলীল অভিনয় ও নান্দনিক রূপায়ণে পরিচিত। কখনো মঞ্চে, আবার কখনো ছোটপর্দায়, তার অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। বর্তমানে তিনি আলোচনায় রয়েছেন তার নতুন ধারাবাহিক নাটক ও বহুমুখী কাজের সুবাদে।

বর্তমানে ‘নাফ এন্টারটেইনম্যান্ট’ ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘প্রথম প্রেমের গল্প’। এই নাটকে ‘আয়েশা’ চরিত্রে অভিনয় করে তিনি দারুণ প্রশংসা অর্জন করেছেন। নাটকটির কয়েকটি পর্ব প্রচারের পরই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। চুমকি নাটকটিতে এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির (মেহনাজ কবির চরিত্রে) মায়ের ভূমিকায় অভিনয় করছেন। নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন গুণী অভিনেতা জাহিদ হোসেন শোভন।

নতুন কাজ নিয়ে ফারজানা চুমকি বলেন, “এই ধারাবাহিকে আয়েশা চরিত্রে অভিনয় করে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মাত্র কয়েকটি পর্ব প্রচারে এলেও নাটকটি ইতিমধ্যে তুমুল আলোচনায় এসেছে। নিলয় এবং হিমি যে কতোটা জনপ্রিয়, তা এই নাটকে অভিনয় করতে গিয়ে নতুন করে উপলব্ধি করেছি। শিল্পী হিসেবেও তারা দু’জন ভীষণ ভালো এবং বেশ বিনয়ী। আর শোভন ভাইয়ের সঙ্গে বহুদিন পর কাজ করে খুব ভালো লাগলো। আমি এই ধারাবাহিকের পরিচালক তানভীর তন্ময়সহ পুরো টিমের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি ভবিষ্যতেও আরও ভালো ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি।”

‘প্রথম প্রেমের গল্প’ ছাড়াও ফারজানা চুমকি বৈচিত্র্যময় সব কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। কিছুদিন আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প অবলম্বনে নির্মিত ‘জীবিত ও মৃত’ নাটকে ‘কাদম্বিনী’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। এ ছাড়া বর্তমানে সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘আমরা ভাইরাল’ নামের একটি ধারাবাহিক নাটকেও নিয়মিত অভিনয় করছেন।

ছোটপর্দার পাশাপাশি মঞ্চনাটকের প্রতি তার গভীর অনুরাগ রয়েছে। ঐতিহ্যবাহী নাট্যদল ‘ঢাকা থিয়েটার’-এর হয়ে বর্তমানে তিনি ফারুক আহমেদের নির্দেশনায় ‘রঙমহল’ নাটকে নিয়মিত অভিনয় করছেন। এ ছাড়া দলটির হয়ে শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ নাটকেও তার নিয়মিত উপস্থিতি রয়েছে। চুমকির সাফ কথা, মঞ্চনাটকে তিনি আজীবন নিয়মিত অভিনয় করে যেতে চান।

ফারজানা চুমকির অভিনয় জীবনের পথচলা শুরু হয় ১৯৯৮ সালে সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত বহুল আলোচিত নাটক দিয়ে। পরের বছর তিনি সেসময়ের অত্যন্ত জনপ্রিয় ‘লাক্স আনন্দধারা ফটোজেনিক’ প্রতিযোগিতায় অংশ নেন। প্রয়াত প্রখ্যাত আলোকচিত্রী চঞ্চল মাহমুদের তোলা ছবির মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি সেকেন্ড রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন।

এরপর নিজের স্বপ্ন ও আগ্রহের জায়গা থেকে তিনি যুক্ত হন দেশের অন্যতম শীর্ষস্থানীয় নাট্যদল ‘ঢাকা থিয়েটার’-এর সঙ্গে। ঢাকা থিয়েটারের হয়ে তিনি মঞ্চে উপহার দিয়েছেন ‘হাত হদাই’, ‘বনপাংশুল’, ‘প্রাচ্য’, ‘যৈবতীকন্যার মন’, ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’-এর মতো অসংখ্য প্রশংসিত নাটক। মঞ্চ ও টেলিভিশন—দুটি মাধ্যমেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখে ফারজানা চুমকি আজও দর্শকদের হৃদয়ে ভালোবাসার আসন ধরে রেখেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুস্তি চ্যাম্পিয়নশিপে আনসার-ভিডিপির দ্বিমুকুট জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৫ পি.এম


কুস্তি চ্যাম্পিয়নশিপে আনসার-ভিডিপির দ্বিমুকুট জয়

জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে দলগত চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। দলটি ১১টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদকসহ মোট ২০টি পদক জিতে দ্বিমুকুট অর্জন করেছে।

৩৭তম জাতীয় সিনিয়র পুরুষ ও ১১তম জাতীয় মহিলা কুস্তি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ আনসার-ভিডিপি এই সাফল্য অর্জন করে। বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের আয়োজনে ১০ থেকে ১২ নভেম্বর রাজধানীর রোলার স্কেটিং কমপ্লেক্সে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পুরুষ বিভাগে ১০টি ওজন শ্রেণিতে ৮৪ জন কুস্তিগীর অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে পেছনে ফেলে আনসার-ভিডিপি ৫টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদকসহ মোট ১০টি পদক জিতে দলগত চ্যাম্পিয়ন হয়।

নারী বিভাগেও আনসার-ভিডিপির দাপট ছিল। ১০টি ওজন শ্রেণিতে ৫৭ জন কুস্তিগীরের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দলটি ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক অর্জন করে। দুই বিভাগ মিলিয়ে ১৪১ জন কুস্তিগীরের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ২০টি পদক জিতে কুস্তিতে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখে আনসার-ভিডিপি।

এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত দুই বছরের বেশি সময় ধরে খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি মহাপরিচালক নিজে তাদের নিয়মিত অনুপ্রেরণা দিয়েছেন।

মহাপরিচালক আশা প্রকাশ করেছেন যে, আগামী দিনেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আনসার-ভিডিপির ক্রীড়াবিদেরা বাহিনী ও দেশের সুনাম বয়ে আনবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%