বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৩১ পি.এম
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য শিক্ষকদের গৃহীত গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা ও উপস্থাপন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় ১৫ জন গবেষক তাদের নিজ নিজ গবেষণা প্রকল্পের ওপর প্রেজেন্টেশন প্রদান করেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেনও উপস্থিত ছিলেন। গবেষণা সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এছাড়া, অবজারভেশন বোর্ডের প্রধান হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক জিএইচএম সাগর উপস্থিত ছিলেন।
কর্মশালায় ২০২৫-২৬ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পরিচালিত গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। ১৫ জন গবেষক তাদের গবেষণার বিষয়বস্তু, গবেষণা পদ্ধতি, প্রাপ্ত ফলাফল ও সংশ্লিষ্ট বিভিন্ন দিক তুলে ধরেন। গবেষণার মান ও ফলাফল পর্যালোচনার জন্য অবজারভেশন বোর্ডের সদস্যদের সামনে গবেষণার বিভিন্ন দিক উপস্থাপনের সুযোগও তারা পান।
গবেষণা সেলের পরিচালক ড. মাহমুদুল হাছান মন্তব্য করেন, "আমরা গত অর্থবছরে গবেষণায় যে অর্থায়ন করেছিলাম সেটারই মূল্যায়ন ছিল।" তিনি জানান, গবেষণার মান যাচাই করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক জিএইচএম সাগর সন্তুষ্টি প্রকাশ করেছেন।
সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক তাইয়েবা তাবাসসুম বলেন, "বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।" তিনি উল্লেখ করেন, গবেষণা খাতে উপাচার্য আগের চেয়ে অনেক বেশি বরাদ্দ দিচ্ছেন, যা বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে আরও সমৃদ্ধ করবে। তিনি জানান, বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর গবেষণা খাতে যে অর্থায়ন করা হয়, তার অংশ হিসেবে তিনি তরুণদের মাদকাসক্তির সাথে অপরাধের প্রবণতা নিয়ে গবেষণা করেছেন।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, গবেষণার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ গবেষণার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরব সরকারের আমন্ত্রণে ২০২৭ সালের হজ মৌসুমের প্রস্তুতিবিষয়ক বিশেষ প্রশিক্ষণ ও দক্ষতা মূল্যায়ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধি দল।
প্রতিনিধি দলটি বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গত ৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় ১৩৩টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচি ১১ নভেম্বর শেষ হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং হজ মেডিকেল টিমের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলটি সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত ‘কোয়ালিফিকেশন প্রোগ্রাম ফর হজ অ্যাফেয়ার্স অফিস মেম্বার্স অ্যান্ড গ্রুপ লিডার্স’ শীর্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করে। এতে তারা হজ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ ও দক্ষতা মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করেন।
১৪৪৮ হিজরি (২০২৭) সালের হজ মৌসুমের আগাম প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ কর্মসূচির আয়োজন করে। ১১টি প্রশিক্ষণ ট্র্যাকে পরিচালিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল হজবিষয়ক দপ্তরের সদস্য ও দলনেতাদের নেতৃত্ব এবং কর্মপরিচালনাগত দক্ষতা বৃদ্ধি করা, দায়িত্ব পালনে প্রস্তুত করা এবং নিজ নিজ দেশের হজযাত্রীদের সেবার মান উন্নয়নে সক্ষম করে তোলা।
প্রশিক্ষণে পরিবহন ব্যবস্থাপনা, আবাসন, খাবার সরবরাহ, পবিত্র স্থানগুলোতে সেবা প্রদান, স্বাস্থ্যসেবা, গণমাধ্যম ও দল পরিচালনাসহ হজ ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের দক্ষতা মূল্যায়নের ব্যবস্থা ছিল। ‘ট্রেইন-দ্য-ট্রেইনার’ পদ্ধতিতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার সুযোগও রাখা হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আশা করছে, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ২০২৭ সালের হজ কার্যক্রমে হজযাত্রীদের সঙ্গে যোগাযোগ, দ্রুত সাড়া প্রদান এবং হজ ব্যবস্থাপনাকে আরও দক্ষ ও কার্যকর করতে সহায়ক হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল। পরে পাওয়ার কারে থাকা দুটি প্যাকেট খুলে ৬ হাজার ৭০০ পিস ইয়াবা পাওয়া যায়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা কক্সবাজার আইকনিক রেলস্টেশনে ঘটে।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার মো. জয়নাল আবেদীন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন ছাড়ার প্রস্তুতি চলছিল। এ সময় পাওয়ার কারের দায়িত্বে থাকা অপারেটর ওয়াকিটকির মাধ্যমে সেখানে বোমাসদৃশ কিছু থাকার সন্দেহের কথা জানান। খবর পেয়ে তিনি ও গার্ড দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে জিআরপি থানার ওসি ও এসআই রফিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে এসে পৌঁছান।
জয়নাল আবেদীন বলেন, সন্দেহজনক বস্তু পাওয়ার খবর পেয়ে তিনি সিগন্যাল বাতিল করেন। পরে জিআরপি পুলিশের এসআই রফিক প্যাকেট দুটি উদ্ধার করে নিয়ে যান। প্রাথমিকভাবে বস্তুগুলো সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও পরবর্তী সময়ে পরীক্ষা করে সেগুলোর ভেতরে ইয়াবা পাওয়া যায়।
স্টেশনমাস্টার আরও জানান, কক্সবাজারে কর্মরত এনএসআই কর্মকর্তা নুর হোসেনের উপস্থিতিতে প্যাকেটগুলো খোলা হয় এবং ভিডিও ধারণ করা হয়। মোট ৪০টি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে আনুমানিক ১৭০ থেকে ১৮০ পিস করে ইয়াবা ছিল। সব মিলিয়ে ইয়াবার সংখ্যা প্রায় ৬ হাজার ৭০০ পিস বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ট্রেন ছাড়তে প্রায় পাঁচ মিনিট বিলম্ব হয় বলে জানান জয়নাল আবেদীন।
অন্যদিকে, জিআরপি পরিদর্শক মুস্তাফিজুর রহমান বলেন, পাওয়ার কারের টয়লেটের নিচে ওজুখানার পাশে একটি চেয়ারের নিচে পলিথিনে মোড়ানো দুটি লম্বা প্যাকেট পাওয়া যায়। সেগুলোর ভেতরে ৪০টি প্যাকেটে ইয়াবা ছিল। সব মিলিয়ে আনুমানিক ৬ হাজার ৭০০ পিস ইয়াবা পাওয়া গেছে।
প্যাকেটগুলো কীভাবে সেখানে পৌঁছেছে, সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করে মুস্তাফিজুর রহমান বলেন, তার প্রাথমিক ধারণা, ট্রেনটি ওয়াশপিটে থাকা অবস্থায় প্যাকেটগুলো সেখানে রাখা হয়ে থাকতে পারে। কারণ ওয়াশপিট থেকে ট্রেন স্টেশনে আসার পরপরই যাত্রীরা ওঠা শুরু করেন। তখন এ ধরনের প্যাকেট লুকিয়ে রাখার সুযোগ সীমিত।
তবে এ ঘটনায় ট্রেনের কোনো কর্মকর্তা বা কর্মচারীর সম্পৃক্ততা রয়েছে কি-না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। বিষয়টি খতিয়ে দেখতে ট্রেনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্যাকেটগুলো কারা, কখন এবং কীভাবে সেখানে রেখেছে, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন এই জিআরপি কর্মকর্তা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছেন ফারজানা চুমকি, যিনি দুই দশকেরও বেশি সময় ধরে সাবলীল অভিনয় ও নান্দনিক রূপায়ণে পরিচিত। কখনো মঞ্চে, আবার কখনো ছোটপর্দায়, তার অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। বর্তমানে তিনি আলোচনায় রয়েছেন তার নতুন ধারাবাহিক নাটক ও বহুমুখী কাজের সুবাদে।
বর্তমানে ‘নাফ এন্টারটেইনম্যান্ট’ ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘প্রথম প্রেমের গল্প’। এই নাটকে ‘আয়েশা’ চরিত্রে অভিনয় করে তিনি দারুণ প্রশংসা অর্জন করেছেন। নাটকটির কয়েকটি পর্ব প্রচারের পরই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। চুমকি নাটকটিতে এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির (মেহনাজ কবির চরিত্রে) মায়ের ভূমিকায় অভিনয় করছেন। নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন গুণী অভিনেতা জাহিদ হোসেন শোভন।
নতুন কাজ নিয়ে ফারজানা চুমকি বলেন, “এই ধারাবাহিকে আয়েশা চরিত্রে অভিনয় করে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মাত্র কয়েকটি পর্ব প্রচারে এলেও নাটকটি ইতিমধ্যে তুমুল আলোচনায় এসেছে। নিলয় এবং হিমি যে কতোটা জনপ্রিয়, তা এই নাটকে অভিনয় করতে গিয়ে নতুন করে উপলব্ধি করেছি। শিল্পী হিসেবেও তারা দু’জন ভীষণ ভালো এবং বেশ বিনয়ী। আর শোভন ভাইয়ের সঙ্গে বহুদিন পর কাজ করে খুব ভালো লাগলো। আমি এই ধারাবাহিকের পরিচালক তানভীর তন্ময়সহ পুরো টিমের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি ভবিষ্যতেও আরও ভালো ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি।”
‘প্রথম প্রেমের গল্প’ ছাড়াও ফারজানা চুমকি বৈচিত্র্যময় সব কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। কিছুদিন আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প অবলম্বনে নির্মিত ‘জীবিত ও মৃত’ নাটকে ‘কাদম্বিনী’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। এ ছাড়া বর্তমানে সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘আমরা ভাইরাল’ নামের একটি ধারাবাহিক নাটকেও নিয়মিত অভিনয় করছেন।
ছোটপর্দার পাশাপাশি মঞ্চনাটকের প্রতি তার গভীর অনুরাগ রয়েছে। ঐতিহ্যবাহী নাট্যদল ‘ঢাকা থিয়েটার’-এর হয়ে বর্তমানে তিনি ফারুক আহমেদের নির্দেশনায় ‘রঙমহল’ নাটকে নিয়মিত অভিনয় করছেন। এ ছাড়া দলটির হয়ে শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ নাটকেও তার নিয়মিত উপস্থিতি রয়েছে। চুমকির সাফ কথা, মঞ্চনাটকে তিনি আজীবন নিয়মিত অভিনয় করে যেতে চান।
ফারজানা চুমকির অভিনয় জীবনের পথচলা শুরু হয় ১৯৯৮ সালে সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত বহুল আলোচিত নাটক দিয়ে। পরের বছর তিনি সেসময়ের অত্যন্ত জনপ্রিয় ‘লাক্স আনন্দধারা ফটোজেনিক’ প্রতিযোগিতায় অংশ নেন। প্রয়াত প্রখ্যাত আলোকচিত্রী চঞ্চল মাহমুদের তোলা ছবির মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি সেকেন্ড রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন।
এরপর নিজের স্বপ্ন ও আগ্রহের জায়গা থেকে তিনি যুক্ত হন দেশের অন্যতম শীর্ষস্থানীয় নাট্যদল ‘ঢাকা থিয়েটার’-এর সঙ্গে। ঢাকা থিয়েটারের হয়ে তিনি মঞ্চে উপহার দিয়েছেন ‘হাত হদাই’, ‘বনপাংশুল’, ‘প্রাচ্য’, ‘যৈবতীকন্যার মন’, ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’-এর মতো অসংখ্য প্রশংসিত নাটক। মঞ্চ ও টেলিভিশন—দুটি মাধ্যমেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখে ফারজানা চুমকি আজও দর্শকদের হৃদয়ে ভালোবাসার আসন ধরে রেখেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ