০২:২৩ পি.এম
নড়াইলের কাজলা নদীতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতা। শনিবার বিকেলে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের এগারোখান এলাকার গুয়াখোলা-মান্দিয়ায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ১৬টি নৌকার নারী মাঝি-মাল্লারা অংশগ্রহণ করেন। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন হাজারো নারী ও পুরুষ।
বাংলাদেশের নদীমাতৃক সৌন্দর্য ও ঐতিহ্য দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরার পাশাপাশি গ্রামীণ পর্যটনকে উৎসাহিত করার উদ্দেশ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন এই আয়োজন করে।
বিকেল চারটায় প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (স্বাস্থ্যবিষয়ক) ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই, সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি ও মাহমুদা হাবিবা, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান, পরিচালক মো. গনী উল আজম, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস এবং অলোকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাস।
আরও পড়ুন: শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর
প্রতিযোগিতায় সদর উপজেলার গুয়াখোলা গ্রামের মুক্তা অধিকারীর নৌকা প্রথম স্থান অধিকার করে, হাতিয়ারার ববিতা সরকারের নৌকা দ্বিতীয় স্থান লাভ করে, রীনা বিশ্বাসের নৌকা তৃতীয় স্থান অর্জন করে এবং মালিয়াটের চম্পা গোস্বামীর নৌকা চতুর্থ স্থান পায়। সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন