০২:২৬ পি.এম
রাজধানীর উত্তরখানে একটি বাসা থেকে ২২ বছর বয়সী সানজিদা আক্তার ইমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তার স্বামী আমিনুর রহমানকে আটক করা হয়েছে।
রোববার রাত পৌনে ১১টার দিকে হেলাল মার্কেটের মেরাদিয়া রোডসংলগ্ন সোনালী পাবনা নামের ১০ তলা ভবনের নবম তলার ফ্ল্যাট থেকে ইমার মরদেহ উদ্ধার করা হয়। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উত্তরখান থানার এসআই নিসার আলী তিতুমীর জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইমার স্বামী আমিনুর রহমান ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করেছেন। এ ঘটনায় আমিনুরকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং উত্তরখান থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
আরও পড়ুন: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার
নিহতের চাচা সাইফুল ইসলাম জানিয়েছেন, প্রায় ১১ মাস আগে আমিনুরের সঙ্গে ইমার বিয়ে হয়। তারা দুজনই পড়াশোনা করতেন এবং উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। ইমা পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে পড়াশোনা করতেন। পরে ভালো সুযোগের আশায় সাত-আট মাস আগে তারা ঢাকায় চলে আসেন। এরপর ইমা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
সাইফুল ইসলাম আরও জানান, ইমার গ্রামের বাড়ি পাবনার আমিনপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামে। তার বাবা এবিএম শফিকুল ইসলাম। তিন বোনের মধ্যে ইমা ছিলেন সবার ছোট। স্বামীর সঙ্গে তিনি উত্তরখানের হেলাল মার্কেটের মেরাদিয়া রোডসংলগ্ন সোনালী পাবনা ভবনের নবম তলার ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন