০২:৪৫ পি.এম
ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : বিশ্বজুড়ে তাপমাত্রার বৃদ্ধি অব্যাহত থাকায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা ক্রমবর্ধমান। তবে অর্থনৈতিক সংকট এবং ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বৈশ্বিক সহযোগিতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।
এমন প্রেক্ষাপটে আজ সোমবার তুরস্কে শুরু হচ্ছে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ-৩১।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আরও পড়ুন: অভিবাসনবিরোধী নীতি অতিরিক্ত কঠোর ছিল, বললেন ট্রাম্প
ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর আন্তালিয়ার একটি বিশাল প্রদর্শনী কেন্দ্রে আগামী দুই সপ্তাহব্যাপী এ সম্মেলনে ১ লাখের বেশি মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।
প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা জ্বালানি ব্যবস্থায় দ্রুত পরিবর্তন আনার পাশাপাশি জলবায়ু সংকটের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে কঠিন আলোচনায় বসবেন।
তবে পর্যবেক্ষকদের মতে, সম্মেলনে বড় কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম। কারণ, বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ার পাশাপাশি ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং ইউক্রেনে রাশিয়ার সংঘাতের কারণে ভূরাজনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক সহযোগিতার পথে বাধা সৃষ্টি করছে।
এদিকে চলতি বছরেও জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব অব্যাহত রয়েছে। ইউরোপের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহের কারণে বিপর্যয় ঘটেছে, ইন্দোনেশিয়ায় দাবানল ছড়িয়ে পড়েছে এবং নেপালে হিমবাহ ধসের ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
আরও পড়ুন: ইরানের সঙ্গে ফের যুদ্ধের সম্ভাবনা খুবই কম: ট্রাম্প
চলতি বছরের শেষ দিকে অত্যন্ত শক্তিশালী এল নিনো জলবায়ু পরিস্থিতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে চরম আবহাওয়ার ঘটনা আরও বৃদ্ধি পেতে পারে। এমনকি ২০২৬ বা ২০২৭ সাল ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর হতে পারে।
ভবিষ্যত পরিস্থিতি নিয়ে উদ্বেগও বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘ গত সেপ্টেম্বর মাসে সতর্ক করে জানিয়েছে, বৈশ্বিক তাপমাত্রা শিল্পায়ন-পূর্ব সময়ের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়ার পথে রয়েছে। এর ফলে প্যারিস জলবায়ু চুক্তিতে নির্ধারিত উচ্চাভিলাষী তাপমাত্রা নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা ভেঙে যেতে পারে।
ইউনিয়ন অব কনসার্নড সায়েন্টিস্টসের জলবায়ু কর্মসূচির পরিচালক র্যাচেল ক্লিটাস বলেছেন, ‘বিশ্বনেতাদের অবশ্যই বিশ্বকে এই বিপর্যয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর অঙ্গীকার করতে হবে। বর্তমান জ্বালানি ব্যয়ের সংকটও এ উদ্যোগের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করেছে।’
পরিচ্ছন্ন বিদ্যুতায়ন নিয়ে বিতর্ক
আরও পড়ুন: ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প-বাইডেনের উত্তরসূরি হতে সম্ভাব্য প্রার্থীরা
এবারের কপ-৩১ সম্মেলনের সভাপতিত্ব করছে তুরস্ক। তবে সম্মেলনের আলোচনায় নেতৃত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। সম্মেলনের আয়োজক দেশ নির্ধারণ নিয়ে বিরোধের অবসানে অস্বাভাবিক এক সমঝোতার মাধ্যমে এই ব্যবস্থা করা হয়েছে।
তুরস্ক এবং অস্ট্রেলিয়া এবারের সম্মেলনকে ‘বাস্তবায়নের সম্মেলন’ হিসেবে তুলে ধরছে। অর্থাৎ, বছরের পর বছর ধরে দেওয়া প্রতিশ্রুতি ও উচ্চাভিলাষী ঘোষণাগুলোকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার লক্ষ্যই হবে এর মূল উদ্দেশ্য।
আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি তুরস্ক একটি ‘কর্মপরিকল্পনা’ এগিয়ে নিচ্ছে। এর আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনা পর্যন্ত বিভিন্ন বিষয়ে দেশগুলোকে বাধ্যতামূলক নয়, এমন কিছু অঙ্গীকারে যুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
এই কর্মপরিকল্পনার অন্যতম প্রধান উদ্যোগ হলো বিশ্বব্যাপী বিদ্যুতের ব্যবহার বাড়ানো। বর্তমানে বিশ্বের মোট জ্বালানি চাহিদার প্রায় ২০ শতাংশ বিদ্যুতের মাধ্যমে পূরণ হয়। ২০৩৫ সালের মধ্যে এ হার ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
আরও পড়ুন: জার্মানি প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে
তবে এই উদ্যোগ নিয়েই মতবিরোধ দেখা দিতে পারে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ‘পরিচ্ছন্ন বিদ্যুতায়নের’ আহ্বান জানিয়েছে। তুরস্কের প্রস্তাবে জীবাশ্ম জ্বালানির ভূমিকা কী হবে, তা নিয়ে এ শব্দবন্ধ নতুন বিতর্কের জন্ম দিতে পারে।
২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ সম্মেলনে দেশগুলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার ঐতিহাসিক অঙ্গীকার করেছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নিয়ে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি দেশগুলো।
কপ-৩০ সম্মেলন শেষ হয়েছিল এমন একটি চুক্তির মাধ্যমে, যেখানে জীবাশ্ম জ্বালানির বিষয়ে সরাসরি কোনো উল্লেখ ছিল না। তেল উৎপাদনকারী দেশগুলোর আপত্তির কারণে এ বিষয়ে স্পষ্ট ভাষা রাখা সম্ভব হয়নি।
আরও পড়ুন: ট্রাম্প: ইসরায়েলকে অপছন্দ করছে আমেরিকানরা, এটাও হারের কারণ
এর পরিবর্তে ব্রাজিল জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধাপে ধাপে বন্ধ করার বিষয়ে একটি স্বেচ্ছামূলক ‘রোডম্যাপ’ বা পথনকশা তৈরি করেছিল। এতে প্রতিটি দেশকে নিজস্ব পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
জলবায়ু অর্থায়ন নিয়ে টানাপোড়েন
অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং চরম আবহাওয়াজনিত দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে উন্নয়নশীল দেশগুলোকে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি পূরণে ইউরোপীয় ইউনিয়নসহ উন্নত দেশগুলোর ওপর চাপ বাড়ছে।
তবে ইইউর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেওয়ার বিষয়ে রাজনৈতিক সদিচ্ছা থাকবে না।
আরও পড়ুন: ইরানের দাবিগুলো অত্যন্ত আপত্তিকর, হাস্যকর ও অবাস্তব: রুবিও
আফ্রিকার দেশগুলো কপ-৩১ সম্মেলনের আলোচ্যসূচিতে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য বরাদ্দ অর্থ তিন গুণ করার দাবি জানিয়েছে।
এই অর্থ দিয়ে দরিদ্র দেশগুলো সমুদ্রের পানি ঠেকাতে বাঁধ নির্মাণ, খরা সহনশীল ফসলের চাষসহ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
এদিকে জলবায়ু কূটনীতিতে এখনো একটি গুরুত্বপূর্ণ দেশের অনুপস্থিতি রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহার করে নিয়েছেন। পাশাপাশি কপ-৩১ সম্মেলনে অংশ নিতে দেশটির সরকারি কোনো প্রতিনিধিও পাঠাননি।
তবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি প্রতিনিধিদল আন্তালিয়ায় আসবে। গত সপ্তাহের ঐতিহাসিক মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর ডেমোক্র্যাট প্রতিনিধিরা বেশ উচ্ছ্বসিত রয়েছেন।
দুই সপ্তাহব্যাপী কঠিন আলোচনা সামনে থাকলেও সম্মেলনের পরিবেশ বেশ ইতিবাচক বলে জানিয়েছেন আজারবাইজানের প্রধান আলোচক ইয়ালচিন রাফিয়েভ।
তিনি এএফপিকে বলেন, ‘আলোচনার পরিবেশ বেশ ভালো।’
তিনি আরও বলেন, অনুকূল পরিবেশে তৈরি হওয়া এই ইতিবাচক মনোভাবকে বাস্তব এবং সফল ফলাফলে রূপ দিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন