রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৫৭ এম
মাস কয়েক বন্ধ থাকার পর ইরাকে আবারও নগদ ডলার পাঠাতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে ইরাক সরকার। এতে নতুন কয়েকটি শর্তও যুক্ত করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দেশটির সরকারি বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সিকে এ তথ্য জানান সরকারের মুখপাত্র হায়দার আল-আবুদি।
গত এপ্রিলে ইরাকে নগদ ডলার পাঠানো স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র। ওই সময় প্রায় ৫০ কোটি ডলারের একটি চালানও আটকে দেওয়া হয়। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব কমাতে বাগদাদের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছিল।
কয়েকটি বিষয়ে যুক্তরাষ্ট্র সম্মত হওয়ার পর এ চালান পাঠাচ্ছে জানিয়ে আল-আবুদি বলেন, ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জায়েদির যুক্তরাষ্ট্র সফরের সময় এ সমঝোতা হয়। আগামী কয়েক দিনের মধ্যেই ডলারের একটি নতুন চালান ইরাকে পৌঁছাবে।
তবে চালানটির পরিমাণ বা নির্দিষ্ট সরবরাহের তারিখ তিনি জানাননি। নতুন এই সরবরাহ দেশের অভ্যন্তরীণ বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাতে সহায়তা করবে বলে জানান তিনি।
ইরাকি সরকারের এই মুখপাত্র বলেন, ডলার বিতরণে নজরদারি জোরদার, বৈদেশিক মুদ্রার অপব্যবহার কমানো এবং ইলেকট্রনিক পেমেন্ট বাড়ানোর মতো পদক্ষেপ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সমঝোতা হয়েছে। ইরাক ধীরে ধীরে আরও ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
ইরাকের অর্থনীতিতে নগদ লেনদেনের ওপর নির্ভরতা বেশি হওয়ায় দেশটির জন্য ডলার সরবরাহ গুরুত্বপূর্ণ। ইরাকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখা হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের একটি হিসাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর ইসিবি চত্বরে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে, যেখানে মালামালও লুট করা হয়েছে। এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ ক্ষোভ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে তিনি একটি ভিডিও আপলোড করেন, যেখানে সালমান মুক্তাদির তার স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের বিস্তারিত বর্ণনা দিচ্ছেন।
ভিডিওর ক্যাপশনে জামায়াত আমির উল্লেখ করেন, ‘গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের বাসা ও স্টুডিওতে চাঁদাবাজদের হানা, ভাঙচুর, লুটতরাজ ও তাণ্ডব।’
তিনি চাঁদাবাজদের উদ্দেশ্যে বলেন, ‘মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।’
শফিকুর রহমান আরও বলেন, ‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কী সামলাবেন? একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট হোসনে আরা বকুলকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নগরীর বাগিচাগাঁও এলাকায় হোসনে আরা বকুলের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে হোসনে আরা বকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পালাতক ছিলেন।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, সম্প্রতি সরকার বিরোধী আন্দোলন ও নাশকতার পরিকল্পনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়।
হোসনে আরা বকুল ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আদর্শ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য হাজী বাহারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। সিনেমায় অর্থ বিনিয়োগে রাজি না হওয়ায় এক ব্যবসায়ীকে মারধর, ভয়ভীতি এবং তার কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার রুপি আদায়ের অভিযোগ উঠেছে অভিনেত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় বর্ষিণীর ব্যাংক হিসাবেও অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর মাইলাপুরের বাসা থেকে ২৮ বছর বয়সি এ অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে হাজির করা হলে বিচারক বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগ— ২২ আগস্ট ভোরে নিজের ঘরে ফেরেন তরুণ। এ সময় সেখানে আগে থেকেই ছিলেন বর্ষিণী, তার বন্ধু সঞ্জয়সহ আরও দুজন। তারা সবাই তরুণকে মারধর করেন। একপর্যায়ে তার কাছ থেকে জোর করে ৫০ হাজার রুপি নগদ নিয়ে নেওয়া হয়।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্ষিণী ও তার কয়েক বন্ধু তরুণ নামে এক ব্যবসায়ীকে তাদের প্রস্তাবিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অর্থ বিনিয়োগের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাদের সেই প্রস্তাবে রাজি হননি তরুণ। এরপরই শুরু হয় বিরোধ।
শুরু হয় ভয়ভীতি দেখানো। তরুণকে বর্ষিণীর ব্যাংক হিসাবে ৩ লাখ রুপি এবং সঞ্জয়ের হিসাবে ২ লাখ রুপি পাঠাতে বাধ্য করা হয়। নগদ ৫০ হাজার রুপিসহ মোট ৫ লাখ ৫০ হাজার রুপি নেওয়ার পরও থামেননি অভিযুক্তরা। বরং আরও ২৭ লাখ রুপি দাবি করে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ওই ব্যবসায়ী। পরে তরুণ থানায় মামলা করেন।
তদন্তে নেমে তার ব্যাংক হিসাবের তথ্য যাচাই করে বর্ষিণীর ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তরের প্রমাণ পায় পুলিশ। এরপরই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পূজা মানে আনন্দ এবং অসংখ্য স্মৃতির হাতছানি। দুর্গাপূজা উৎসব আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে। সেই উৎসবের আগমনী বাতাস হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বইতে শুরু করেছে। শৈশব ও কৈশোরের পূজার স্মৃতি মনে রেখে যৌবনে এসে সবাই আনন্দে মেতে ওঠেন। টালিউডের আলোচিত অভিনেত্রী কৌশানি মুখার্জিও এর ব্যতিক্রম নন।
এই বছরের দুর্গাপূজায় অভিনেত্রী কৌশানি মুখার্জির জন্য একটি বাড়তি উৎসব যোগ হচ্ছে। পূজার সময় মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু’। বর্তমানে সিনেমার প্রচার জোরেশোরে চলছে। সপ্তমী পর্যন্ত অভিনেত্রী সিনেমার প্রচারে ব্যস্ত থাকবেন। এরপর তিনি পরিবারের সঙ্গে পূজার আমেজে মেতে উঠবেন।
অভিনেত্রী হওয়ার আগে কৌশানীর পূজা কেমন ছিল? একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি জানান, 'তখন দড়ির ওপারে থাকতাম। মানে লাইন দিয়ে ঠাকুর দেখতাম। আর পূজার বিশেষ স্মৃতি বললেই, প্রেমের কথা মাথায় আসে। প্যান্ডেলে প্যান্ডেলে যখন পূজার সৌন্দর্য প্রতিযোগিতা হতো, প্রচুর ছেলে এসে ঝাড়ি মারত। সেখানে হঠাৎ করে আমাকে পছন্দ করে নেওয়া, আর সেখান থেকে প্রতিযোগিতায় জেতা।'
কৌশানি আরও বলেন, ‘পূজার সেরা সুন্দরী’ তকমাটা তখন তার কাছে বিশাল ব্যাপার ছিল। তিনি বলেন, পুরস্কার জিতে বাড়িতে ফিরছি—এটাই তো দারুণ ব্যাপার। তার ভাইবোনেরা আবার সেটি সেলিব্রেট করত। গর্ব করে তারা বলত— ‘আমাদের বোন এত সুন্দরী।'
সেই সময় নিশ্চয়ই পূজার প্যান্ডেলে প্রেমটা হতো? এমন প্রশ্নের উত্তরে কৌশানি বলেন, ‘হ্যাঁ নিশ্চয়ই! পূজার কটা দিনের প্রেম, এ বিষয়টি দারুণ মজা লাগত। আবার সেই প্রেম পূজার কটা দিনই টিকে থাকত। এরপর ভেঙে যেত।’
এবারের পূজায় প্রেমিক অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে কেমন পরিকল্পনা রয়েছে? উত্তরে কৌশানি মুখার্জি বলেন, ‘আমার পূজার সব প্ল্যানেই থাকে বনি।' তিনি বলেন, একসঙ্গে ঠাকুর দেখা, একসঙ্গে রোম্যান্স করা, হইহই করে পার্টি করা—সবই বনির সঙ্গে।
অভিনেত্রী বলেন, এই কদিন তার দিনযাপনের সাইকেল পুরো চেঞ্জ হয়ে যায়। দেখা যায়— পূজার কয়েকটা দিন বের হচ্ছেন হয়তো দুপুরে, আর বাড়ি ফিরছেন ভোরে! বাকি সকালটা ঘুমাচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ