মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:২৬ পি.এম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন চিকিৎসার অভাবে মানুষের প্রাণহানি রোধের উদ্দেশ্যে দরিদ্র জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বিদ্যমান সব সুযোগ-সুবিধা ব্যবহারের নির্দেশনা প্রদান করেছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যার হাসপাতালে আকস্মিক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী উল্লেখ করেন, "আমরা চাই না চিকিৎসার অভাবে কোনো মানুষ মারা যাক।" তিনি আরও বলেন, বর্তমানে যে সুযোগ-সুবিধা রয়েছে, তা ব্যবহার করে দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। গজারিয়ার ৫০ শয্যার হাসপাতালকে দ্রুত ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি, যাতে সাধারণ রোগীদের সেবার মান বৃদ্ধি পায়।
পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। তিনি চিকিৎসাসেবার মান, চিকিৎসক সংকট, রোগীদের খাবারের মান এবং ওষুধের মেয়াদসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।
সরকারি হাসপাতালে পর্যাপ্ত ল্যাবরেটরি সুবিধা থাকা সত্ত্বেও রোগীদের বাইরের ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর অভিযোগের বিষয়ে তিনি খোঁজ নেন। অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মচারীদের সতর্ক করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এছাড়া, সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, বিদ্যমান ক্লিনিকগুলো নিয়ম না মানলে সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সাপের কামড়ের চিকিৎসা সম্পর্কে মন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে। তবে সাপে দংশনের পর রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসার গুরুত্ব তুলে ধরেন।
পরিদর্শনের সময় মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথি এবং হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণকে আরও কার্যকর ও ফলপ্রসূ করার পাশাপাশি দেশের শিল্পখাতের সক্ষমতা ও দৃশ্যমানতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে মেসে ফ্রাঙ্কফুর্ট।
ইপিবি (রপ্তানি উন্নয়ন ব্যুরো) এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফের সঙ্গে মেসে ফ্রাঙ্কফুর্টের সিইও ওমর সালাহউদ্দিন ইপিবি কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়টি তুলে ধরেন। চলতি মাসের শুরুতে প্যারিসে অনুষ্ঠিত টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা পরিদর্শনকালে বাংলাদেশি প্রদর্শনকারীদের সঙ্গে ইপিবি ভাইস চেয়ারম্যানের মতবিনিময়ের ধারাবাহিকতায় গতকাল সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মেসে ফ্রাঙ্কফুর্ট আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শিল্পখাতের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা, জাতীয় প্যাভিলিয়নের কার্যকর উপস্থাপন এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশি প্রতিষ্ঠানের দৃশ্যমানতা বৃদ্ধি নিয়ে মতবিনিময় করা হয়।
বর্তমানে মেসে ফ্রাঙ্কফুর্টের বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশের উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে। প্যারিস ও যুক্তরাষ্ট্রে আয়োজিত অ্যাপারেল সোর্সিং মেলা, ফ্রাঙ্কফুর্টের হেইম টেক্সটাইল ও অ্যাম্বিয়েন্তে প্রদর্শনীর পাশাপাশি আসন্ন ইউরোবাইক মেলায়ও বাংলাদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
বৈঠকে আসন্ন আন্তর্জাতিক প্রদর্শনীর ক্যালেন্ডার পর্যালোচনা করে আগাম প্রস্তুতি ও প্রারম্ভিক পর্যায়ে প্রদর্শনী স্থান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো প্রদর্শনী হলে সুবিধাজনক স্থানে অবস্থান নিয়ে ক্রেতাদের কাছে সহজে পৌঁছাতে পারবে। বড় আন্তর্জাতিক প্রদর্শনীতে জাতীয় প্যাভিলিয়নে দর্শনার্থী আকৃষ্ট করার কৌশল নিয়েও আলোচনা হয়।
ওমর সালাহউদ্দিন বলেন, "মেসে ফ্রাঙ্কফুর্টের প্রদর্শনীগুলো বাংলাদেশের জন্য শুধু ব্যবসায়িক সুযোগই নয়, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ব্র্যান্ডিং জোরদারেরও সুযোগ সৃষ্টি করতে পারে।" জাতীয় প্যাভিলিয়নের কার্যকর উপস্থাপন, বাংলাদেশবিষয়ক সেমিনার আয়োজন এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারের মাধ্যমে দেশের শিল্পখাতের ইতিবাচক ভাবমূর্তি আরও জোরদার করা সম্ভব।
তিনি আরও বলেন, "বাংলাদেশের সাফল্য শুধু উৎপাদন সক্ষমতায় সীমাবদ্ধ নয়, পণ্যের গুণগত মান, কমপ্লায়েন্স এবং টেকসই উৎপাদন ব্যবস্থার বিষয়গুলোও আন্তর্জাতিক ক্রেতাদের সামনে তুলে ধরা প্রয়োজন।"
বাংলাদেশি প্রদর্শনকারীদের দক্ষতা ও আগাম প্রস্তুতি বাড়াতে ইপিবি এবং মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশ যৌথভাবে ঢাকায় প্রি-শো সেশন আয়োজনের পরিকল্পনা করেছে। এসব সেশনে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে যোগাযোগ, প্রদর্শনী-পরবর্তী ফলোআপ এবং ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হবে।
বৈঠক প্রসঙ্গে ওমর সালাহউদ্দিন জানান, আগামী নভেম্বরে ঢাকায় ইপিবি আয়োজিত গ্লোবাল সোর্সিং শোতে মেসে ফ্রাঙ্কফুর্ট একটি তথ্যকেন্দ্রের মাধ্যমে অংশ নেওয়ার পরিকল্পনা করছে। পাশাপাশি ২০২৬ সালের শেষভাগ ও ২০২৭ সালের শুরুতে ঢাকায় তাদের কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নিবেন বলে তিনি জানান।
উল্লেখ্য, মেসে ফ্রাঙ্কফুর্ট বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্য মেলা ও প্রদর্শনী আয়োজক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতি বছর প্রায় ১৫০টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও প্রদর্শনীর আয়োজন করে, এবং দীর্ঘ ঐতিহ্যসম্পন্ন এ প্রতিষ্ঠান বিশ্বের ১৮০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অপ্রতিমের হত্যার ঘটনায় তার বাবা-মা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছেন। দেখা গেছে, নাহিদা নামের অপ্রতিমের মা একটি কক্ষে হাতে স্যালাইন নিয়ে শুয়ে আছেন।
অপ্রতিম নিখোঁজ হওয়ার পর থেকে নাহিদা প্রায় কিছুই খাননি, এ তথ্য জানিয়েছেন তার স্বামী কে এম ফিরোজ শাহরিয়ার। তিনি বলেন, "আমার স্ত্রী এখন ঠিকমতো হাঁটতে পারে না, কথাও বলতে পারে না। সহকর্মী ও স্বজনেরা অনেক চেষ্টা করেও তাকে কিছু খাওয়াতে পারেননি। বেশি অসুস্থ হয়ে পড়ায় সকালে তার হাতে স্যালাইন দেওয়া হয়েছে।"
চাঁদপুরের নাহিদা বেগম এবং কুষ্টিয়ার কে এম ফিরোজ শাহরিয়ারের প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবনের একমাত্র সন্তান অপ্রতিম। ১৩ বছর আগে জন্ম নেওয়া এই ছেলেটিকে ঘিরেই তাদের সকল স্বপ্ন ছিল।
ফিরোজ শাহরিয়ারের কথায় বারবার উঠে আসে তার স্ত্রী নাহিদার অসহায় অবস্থার কথা। তিনি বলেন, "একমাত্র সন্তানকে হারিয়ে আমাদের পুরো পরিবার এখন দিশাহারা। আমার স্ত্রী জীবন নিয়ে শঙ্কিত। সে কিছুই খেতে চায় না। কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছে। মাঝে মাঝে একটু কথা বললেও ছেলের জন্য বিলাপ শুরু করে।" কিছুক্ষণ চুপ থেকে তিনি বলেন, "আমিও তো সন্তানহারা। স্ত্রীকে কীভাবে সান্ত্বনা দেব?"
প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। পরে তার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্ত করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৬ : রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সমন্বয়ক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি।
তিনি উল্লেখ করেন, গণপরিবহন শুধুমাত্র মানুষের যাতায়াতের মাধ্যম নয়, বরং এর সঙ্গে দেশের অর্থনীতি, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের স্বাভাবিক গতি জড়িত। তাই পরিবহন খাতের সমস্যা সমাধানের জন্য মালিক, শ্রমিক, পুলিশ, পরিবহন ব্যবস্থাপনা এবং গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আজ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
শিমুল বিশ্বাস বলেন, রাজধানীর গণপরিবহনে পুরোনো ও ঝুঁকিপূর্ণ যানবাহন, যানজট এবং ট্রাফিক শৃঙ্খলার ঘাটতিসহ বিভিন্ন সমস্যা বিদ্যমান। এসব সমস্যার সমাধানের পাশাপাশি আধুনিক ও নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে। বৈদ্যুতিক যানবাহনসহ আধুনিক পরিবহনব্যবস্থা চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
তিনি আরও বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য শুধু ভাড়া নির্ধারণ করলেই হবে না; যানবাহনের মান, ট্রাফিক ব্যবস্থাপনা, চালক-শ্রমিকদের দায়িত্বশীলতা এবং যাত্রীসেবার মানও নিশ্চিত করতে হবে।
বাসভাড়া প্রসঙ্গে তিনি জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সরকারি নীতিমালা অনুযায়ী যে হারে ভাড়া বাড়ানোর কথা, যাত্রীদের ওপর বাড়তি চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে তার চেয়ে কম হারে ভাড়া নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় নির্ধারিত হারের চেয়ে প্রতি কিলোমিটারে তিন পয়সা কম ভাড়া নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
তিনি জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রয়োজনীয় হিসাব-নিকাশ করে চূড়ান্ত ভাড়া নির্ধারণ করবে। পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
শিমুল বিশ্বাস বলেন, বাসভাড়া নির্ধারণের ক্ষেত্রে জ্বালানি তেলের দাম, পরিবহন পরিচালন ব্যয় এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় বিবেচনায় নিয়ে একটি নীতিমালা রয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-সহ সংশ্লিষ্ট সরকারি ও বিশেষজ্ঞ সংস্থার মতামতের ভিত্তিতে এ কাঠামো তৈরি করা হয়েছে। তবে যাত্রীদের সক্ষমতা ও জনস্বার্থ বিবেচনায় নিয়ে নীতিমালার হারের চেয়ে কিছুটা কম ভাড়া রাখার বিষয়ে মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি বলেন, শুধু রাজধানী বা মহানগর নয়, দেশের অন্যান্য এলাকাতেও একই নীতির আলোকে ভাড়া সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বিআরটিএর হিসাব ও সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর হবে।
যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় বন্ধে নজরদারি জোরদারের ওপরও গুরুত্ব দেন শিমুল বিশ্বাস। তিনি বলেন, নতুন ভাড়া কার্যকর হওয়ার পর কোনো পরিবহন মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তি নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, আগের দফায় ভাড়া বাড়ানোর পর নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগ পাওয়া গিয়েছিল। এবার যাতে এ ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের দায়িত্বশীল হতে হবে।
সাধারণ মানুষের ওপর পরিবহন ব্যয়ের চাপের বিষয়টি তুলে ধরে শিমুল বিশ্বাস বলেন, মানুষের আয় বৃদ্ধির সঙ্গে সব সময় পরিবহন ব্যয় বহনের সক্ষমতা বাড়ে না। তাই একদিকে পরিবহন খাতকে সচল রাখতে হবে, অন্যদিকে যাত্রীদের ওপর বাড়তি চাপ যতটা সম্ভব কমাতে হবে।
পরিবহন খাতের বিভিন্ন অনিয়ম ও সমস্যা তুলে ধরার পাশাপাশি ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। সাংবাদিকদের পরিবহন খাতের অনিয়ম, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি শৃঙ্খলা প্রতিষ্ঠায় জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
শিমুল বিশ্বাস বলেন, রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক করতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিবহন মালিকদের সমস্যা সমাধানের পাশাপাশি যাত্রীদের স্বার্থও সমানভাবে বিবেচনায় নিতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, বিআরটিএর হিসাব-নিকাশ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা শেষে দ্রুত ভাড়া নির্ধারণ করা হবে এবং প্রজ্ঞাপন জারির পর নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ থাকবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জ, ২২ সেপ্টেম্বর ২০২৬ : আজ জেলায় দুর্যোগ প্রবণ এলাকায় কাজ করার উদ্দেশ্যে ‘প্রটোকল অ্যান্ড ট্রিগার- বেইজড ইনস্টিটিউশনাল সিস্টেম ফর টাইমলি হিউম্যানিটারিয়ান অ্যান্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন’ (প্রতিষ্ঠা) প্রকল্পের আওতায় একটি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
এ কর্মশালায় ‘প্রটোকল অ্যান্ড ট্রিগার- বেইজড ইনস্টিটিউশনাল সিস্টেম ফর টাইমলি হিউম্যানিটারিয়ান অ্যান্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন’ (প্রতিষ্ঠা) প্রকল্পের কর্মকর্তা দেলোয়ার হোসেন সঞ্চালনা করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক ওমর ফারুক, চেম্বার অব কমার্সের সভাপতি শামসুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোখলেছুর রহমান, সমবায় কর্মকর্তা মাহিদুল ইসলাম, সদর উপজেলা স্কাউটস-এর সম্পাদক বুরহান উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক প্রমুখ সহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
কর্মশালায় জানানো হয়, জেলার দিরাই উপজেলায় ইতিমধ্যে ‘প্রটোকল অ্যান্ড ট্রিগার- বেইজড ইনস্টিটিউশনাল সিস্টেম ফর টাইমলি হিউম্যানিটারিয়ান অ্যান্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন’ (প্রতিষ্ঠা) প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ