ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ডিআইইউতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী অভি ইসলাম আটক, মুচলেকা দিয়ে মুক্তি


ডিআইইউতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী অভি ইসলাম আটক, মুচলেকা দিয়ে মুক্তি

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঢাকা শাটডাউন কর্মসূচির প্রেক্ষাপটে উত্তেজনার মধ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন কর্মীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট ও কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে তাকে আটক করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) অভি ইসলাম নামের ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা আটক করেন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনের কক্ষে নেওয়া হয়।

সেখানে ডিনের নেতৃত্বে একটি শুনানি বোর্ড গঠন করা হয়। বোর্ডে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক শাহ আলম চৌধুরী, রিসার্চ সেল পরিচালক সহযোগী অধ্যাপক মিলি রহমান, প্রক্টর অধ্যাপক ড. আবুল কালাম আজাদ ও সহকারী প্রক্টর শামীম হামিদী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

শিক্ষার্থীদের অভিযোগ, অভি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন পোস্ট ও উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন। তারা আরো জানান, জুলাই আন্দোলনের পক্ষের বিভিন্ন সাংগঠনিক ফেসবুক পেজের পোস্টে তিনি কুরুচিপূর্ণ মন্তব্যও করতেন।

শুনানিতে শিক্ষার্থীদের অভিযোগ ও অভির বক্তব্য শোনার পর তার অভিভাবকদের উপস্থিত হতে বলা হয়। কিন্তু দিনাজপুরের বাসিন্দা হওয়ায় তারা তাৎক্ষণিকভাবে উপস্থিত হতে পারেননি। পরে আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাদের শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে।

এদিকে মুচলেকা নিয়ে অভিকে তার খালার জিম্মায় হস্তান্তর করা হয়েছে। মুচলেকায় উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে অভি বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষ থেকে কোনো হামলা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় সংশ্লিষ্টদের নিতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নির্ধারিত শুনানিতে অভি বা তার অভিভাবকেরা উপস্থিত না হলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

শিক্ষার্থীদের অভিযোগ, অভিসহ কয়েকজন শিক্ষার্থী দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট ও কার্যক্রম চালিয়ে আসছেন। এসব পোস্টে হুমকি, উসকানিমূলক বক্তব্য ও কুরুচিপূর্ণ মন্তব্য থাকায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ভীতির পরিবেশ তৈরি হয়েছে।

তাদের দাবি, বিষয়টি নিয়ে তারা আগে থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করার চেষ্টা করেছেন। তবে এবার তারা প্রক্টরের কাছে না গিয়ে সরাসরি ডিনের কাছে বিষয়টি জানান। অতীতের কয়েকটি ঘটনায় প্রক্টরের কাছে অভিযোগ জানিয়েও প্রত্যাশিত ব্যবস্থা না পাওয়ার অভিযোগ রয়েছে তাদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপ্রতিমসহ তিন হত্যাকাণ্ডের প্রসঙ্গে আজহারীর পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


অপ্রতিমসহ তিন হত্যাকাণ্ডের প্রসঙ্গে আজহারীর পোস্ট

কুমিল্লায় ১৩ বছরের শিশু অপ্রতিমের হত্যার ঘটনা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই লোমহর্ষক ঘটনার প্রেক্ষিতে ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীও গভীরভাবে প্রভাবিত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) তার ফেসবুক পোস্টে তিনি ঘটনার সুষ্ঠু বিচার, শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নৃশংসতা প্রতিরোধে রাষ্ট্র ও সমাজের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। জনপ্রিয় এই ইসলামী আলোচক তার পোস্টে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "এমন এক নির্মমতার মুখে দাঁড়িয়ে আছি, যেখানে শিশুদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই।"

তিনি আরও প্রশ্ন করেন, "এমন বিষাক্ত সমাজে সন্তানদের নিরাপত্তা কে দেবে? মানবিকতা আর বিবেকবোধ কি দিনদিন হারিয়ে যাচ্ছে?"

মাওলানা মিজানুর রহমান আজহারী লিখেন, প্রতিটি শিশুর নিরাপদ শৈশব কোনো অনুগ্রহ নয়; এটি একটি সভ্য রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। সমাজ ও রাষ্ট্রের অঙ্গীকার হওয়া উচিত প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব উপকূলের সাগরে একটি অজ্ঞাত বস্তু ছুড়ে ফেলেছে। পিয়ংইয়ং তাদের পারমাণবিক শক্তির মর্যাদা পুনর্ব্যক্ত করার কয়েক দিন পর এই ঘটনা ঘটেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানায়, ‘উত্তর কোরিয়া পূর্ব সাগরে একটি অজ্ঞাত বস্তু ছুড়েছে।’

পূর্ব সাগর, যা জাপান সাগর নামেও পরিচিত, সেখানে আট দিন আগে উত্তর কোরিয়া একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। পরে পিয়ংইয়ং জানায়, এটি ছিল যৌথ গোলাবর্ষণ মহড়ার অংশ।

এদিকে, চলতি সপ্তাহে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। ওই প্রস্তাবে দেশটিকে তাদের পারমাণবিক কার্যক্রম বন্ধ করার দাবি জানানো হয়েছিল।

জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় রোববারের উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তারা জানিয়েছে, এটি ‘সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে জানায়, বস্তুটি ইতিমধ্যে সাগরে পড়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তথ্যসূত্র: আরব নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালথায় বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হেমায়েত হোসেন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


সালথায় বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হেমায়েত হোসেন গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় একটি বিস্ফোরক মামলায় পুলিশ কর্তৃক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একজন স্থানীয় নেতা গ্রেপ্তার হয়েছেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১ টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া নেতার নাম হেমায়েত হোসেন (৫৫)। তিনি সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। হেমায়েত মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাতাগ্রামের আনোয়ার হোসেনের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে সালথা থানা পুলিশের একটি টিম কাগদী বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে উপস্থিত হেমায়েত হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে সালথা থানায় একাধিক ধারায় মামলা রয়েছে, যার মধ্যে একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা অন্তর্ভুক্ত রয়েছে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, "একটি বিস্ফোরক মামলায় আসামি হেমায়েত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে সহিংসতা ও নাশকতা সংক্রান্ত আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।"

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিকালে ফরিদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশু ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশু ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত এক শিশু এবং ডেঙ্গুতে আক্রান্ত এক যুবকের মৃত্যু ঘটেছে। এ বছরের শুরু থেকে হাসপাতালটিতে হাম ও হামের উপসর্গে ৭৩ শিশু এবং ডেঙ্গু রোগে ২১ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দ্বারা পাঠানো পৃথক সামারিতে এই তথ্য প্রকাশ করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৯ শিশু। বর্তমানে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ১১৬ শিশু হামের উপসর্গ নিয়ে রয়েছে।

চলতি বছরের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত হাসপাতালটিতে হাম ও হামের উপসর্গে মোট ৪ হাজার ২৯২ শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৪ হাজার ১০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, তবে ৭৩ শিশু মারা গেছে।

হামের উপসর্গে মারা যাওয়া শিশুটির বয়স সাড়ে তিন বছর। তাকে ৬ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মোজাম্মেল হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি শেরপুর সদর উপজেলার ইদ্রিস আলীর ছেলে। গত ১৯ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোজাম্মেল। পরে ২০ সেপ্টেম্বর ভোররাত সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের ডেঙ্গু সামারির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১২৪ জন ডেঙ্গু রোগী রয়েছে, যাদের মধ্যে পুরুষ ৬৬ জন, নারী ৪৬ জন এবং শিশু ১১ জন।

চলতি বছরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু নিয়ে মোট ২ হাজার ৪৬২ জন ভর্তি হয়েছে। এর মধ্যে মারা গেছে ২১ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন খান হামের উপসর্গে শিশু ও ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%