মোঃ শরীফ উদ্দিন : ব্রাহ্মণবাড়িয় প্রতিনিধি
বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৫২ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) ফেসবুকে নবীজি (সাঃ)-কে নিয়ে বিরূপ মন্তব্য সংবলিত একটি পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পর আখাউড়া থানা পুলিশ তাৎক্ষণিকভাবে গুরুত্ব সহকারে অভিযান শুরু করে।
অভিযানের এক পর্যায়ে পুলিশ আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজার এলাকা থেকে অভিযুক্ত আসাদুজ্জামান ওয়াসিমকে (২৫) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে গ্রেফতার করে।
*গ্রেফতারকৃতের পরিচয়:*
- নাম: আসাদুজ্জামান ওয়াসিম (২৫)
- পিতা: রতন ডাক্তার
- ঠিকানা: আইড়ল (কর্ণেল বাজার), থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও চলতি বছরে গাজায় ইসরায়েলি হামলায় ৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য প্রকাশিত হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে ৩০১ জন শিশু রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনায় সম্মতি দেওয়ার পর হামাস ও ইসরায়েল যুদ্ধ বন্ধে রাজি হয়। ওই পরিকল্পনায় ‘বিমান ও গোলাবর্ষণসহ সব ধরনের সামরিক অভিযান’ স্থগিত করার কথা বলা হয়েছিল।
তবে এরপরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকার প্রমাণ পাওয়া গেছে। বিবিসি ভেরিফাই ডজন খানেক ভিডিও বিশ্লেষণ করেছে, যাতে দেখা গেছে ইসরায়েলের হামলায় ধ্বংসযজ্ঞ। এর মধ্যে ছিল গাজার সৈকত তীরবর্তী একটি ক্যাফেসহ বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেওয়া তাঁবু এবং একটি জানাজার মিছিলও।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে প্রাণহানি ছিল সবচেয়ে বেশি। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত প্রতিমাসেই ১০০ জনের বেশি নিহত হওয়ার তথ্য রেকর্ড করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় এসব মৃত্যুর জন্য সরাসরি ইসরায়েলি সামরিক অভিযানকে দায়ী করেছে। তবে নিহতদের মধ্যে কতজন বেসামরিক নাগরিক এবং কতজন যোদ্ধা, তা আলাদা করে উল্লেখ করা হয়নি।
জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য মনে করে এবং বিশেষজ্ঞরা বিবিসি ভেরিফাই-কে বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাধীন বিশ্লেষণ এই তথ্যের সঙ্গে সংগতিপূর্ণ।
তবে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান নিয়ে দ্বিমত পোষণ করেছে। তারা বিবিসি ভেরিফাই-কে জানিয়েছে, তালিকায় থাকা সবাই আইডিএফ-এর অভিযানের কারণে নিহত হয়েছে এমন ধরে নেওয়ার ‘কোনও ভিত্তি নেই’।
ইসরায়েলের দাবি, হুমকি দূর করতে ও নিজেদের সেনা এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের রক্ষা করতে তারা অত্যন্ত সতর্কতার সাথে কাজ করছে এবং সাধারণ মানুষের ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখার চেষ্টা করছে।
সূত্র:
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত ছয় লাখ টাকা জরিমানা করেছে। বুধবার দুপুরে নাসিরাবাদ দুই নম্বর গেট এলাকার সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় এই অভিযানটি অনুষ্ঠিত হয়। নিরাপদ খাদ্য আইনের আওতায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে এ জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত রেস্তোরাঁটির রান্নাঘর ও খাবার সংরক্ষণের স্থানে অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করে। রান্নাঘরের বিভিন্ন উপকরণের মধ্যে ডালডা, কিশমিশ, দুধ, মোরব্বা, তেল, মশলা ও রুটি তৈরির খামিসহ জীবিত ও মৃত তেলাপোকা এবং ছাড়পোকার উপস্থিতি দেখা যায়।
এছাড়া রান্নাঘরের ফ্লোর স্যাঁতসেঁতে ছিল এবং কয়েকটি টাইলস ভাঙা অবস্থায় পাওয়া যায়। ফ্রিজারে কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল। পোড়াতেল ও মেয়াদোত্তীর্ণ মোরব্বা সংরক্ষণের বিষয়টিও ধরা পড়ে।
অভিযানে আরও দেখা যায়, রেস্তোরাঁয় অননুমোদিত ঘি রাখা হয়েছে। বিরিয়ানি তৈরিতে অত্যন্ত ক্ষতিকর কেওড়াজল ব্যবহৃত হচ্ছিল। এছাড়া প্রতিষ্ঠানটির হালনাগাদ ট্রেড লাইসেন্সও ছিল না।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম জানান, রেস্তোরাঁটিতে বিভিন্ন ধরনের অনিয়ম পাওয়া গেছে। এই কারণে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী মালিকপক্ষকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংকট ও দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে যখন সাধারণ মানুষ ভোগান্তিতে, তখন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এস এম ফয়সালের নোয়াপাড়া এলাকার বাসভবন ঘিরে আলোকসজ্জার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও আলোচনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এমপি এস এম ফয়সালের বাসভবনের চারপাশে একাধিক বৈদ্যুতিক বাতি জ্বলছে। একইসঙ্গে বাসভবনের আশপাশের সড়কের দুই পাশেও আলোর ব্যবস্থা দেখা যায়।
অন্যদিকে মাধবপুর ও চুনারুঘাটের বিভিন্ন এলাকার বাসিন্দারা নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট ও দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের অভিযোগ করে আসছেন। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে—সাধারণ মানুষ যখন বিদ্যুতের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন, তখন একজন সংসদ সদস্যের বাসভবন ও আশপাশের এলাকায় এত আলো জ্বলছে কীভাবে?
এ নিয়ে কেউ কেউ বিষয়টিকে বিদ্যুৎ সরবরাহে বৈষম্যের সম্ভাবনা হিসেবে দেখছেন। আবার অনেকেই বলছেন, ভিডিওতে দেখা আলোকসজ্জার প্রকৃত উৎস, সংযোগের ধরন কিংবা সেটি কোন সময়ে ধারণ করা হয়েছে—এসব তথ্য যাচাই না করে চূড়ান্ত মন্তব্য করা ঠিক হবে না।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সময়, বিদ্যুৎ সংযোগের ধরন এবং আলোকসজ্জার প্রকৃত উৎস স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে সংসদ সদস্য এস এম ফয়সাল কিংবা সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।
তবে সাধারণ মানুষের প্রশ্ন থেকেই যাচ্ছে—বিদ্যুৎ সংকটের সময়ে মাধবপুর-চুনারুঘাটের সব শ্রেণি-পেশার মানুষের জন্য কি সমানভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হচ্ছে?
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ