প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত ছয় লাখ টাকা জরিমানা করেছে। বুধবার দুপুরে নাসিরাবাদ দুই নম্বর গেট এলাকার সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় এই অভিযানটি অনুষ্ঠিত হয়। নিরাপদ খাদ্য আইনের আওতায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে এ জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত রেস্তোরাঁটির রান্নাঘর ও খাবার সংরক্ষণের স্থানে অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করে। রান্নাঘরের বিভিন্ন উপকরণের মধ্যে ডালডা, কিশমিশ, দুধ, মোরব্বা, তেল, মশলা ও রুটি তৈরির খামিসহ জীবিত ও মৃত তেলাপোকা এবং ছাড়পোকার উপস্থিতি দেখা যায়।
এছাড়া রান্নাঘরের ফ্লোর স্যাঁতসেঁতে ছিল এবং কয়েকটি টাইলস ভাঙা অবস্থায় পাওয়া যায়। ফ্রিজারে কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল। পোড়াতেল ও মেয়াদোত্তীর্ণ মোরব্বা সংরক্ষণের বিষয়টিও ধরা পড়ে।
অভিযানে আরও দেখা যায়, রেস্তোরাঁয় অননুমোদিত ঘি রাখা হয়েছে। বিরিয়ানি তৈরিতে অত্যন্ত ক্ষতিকর কেওড়াজল ব্যবহৃত হচ্ছিল। এছাড়া প্রতিষ্ঠানটির হালনাগাদ ট্রেড লাইসেন্সও ছিল না।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম জানান, রেস্তোরাঁটিতে বিভিন্ন ধরনের অনিয়ম পাওয়া গেছে। এই কারণে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী মালিকপক্ষকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন