ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকার বাতাসের মান কিছুটা উন্নতি, তবে দূষণের মাত্রা বাড়ছে


ঢাকার বাতাসের মান কিছুটা উন্নতি, তবে দূষণের মাত্রা বাড়ছে

জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে বিশ্বব্যাপী বায়ুদূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশও এই প্রভাব থেকে মুক্ত নয়। বৃষ্টির ফলে ঢাকার বাতাস কিছুদিনের জন্য পরিষ্কার থাকলেও, দূষণের মাত্রা আবারও বৃদ্ধি পাচ্ছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার অবস্থান বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম। শহরটির বায়ুমান সূচক (একিউআই) ১৮৯, যা অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত। গত বৃহস্পতিবার একই সময়ে বায়ুমান সূচক ছিল ২৩৯। অর্থাৎ, রাজধানীর বাতাসের মানে কিছুটা উন্নতি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমান সূচকের পরিবর্তন ঘটতে পারে।

আজ বিশ্বের দূষিত শহরের তালিকার প্রথম চারটি শহরের বাতাস খুব অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এই শহরগুলো হলো আফগানিস্তানের কাবুল, পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি ও কলকাতা। শহগুলোর বায়ুমান সূচক যথাক্রমে ২৯৭, ২৯৩, ২৬৪ ও ২৩৪।

আরও পড়ুন: ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণে পঞ্চম স্থানে

ঢাকা ছাড়াও বায়ুমান সূচক অস্বাস্থ্যকর পর্যায়ে থাকা অন্যান্য শহরের মধ্যে রয়েছে কাতারের দোহা, বাহরাইনের মানামা, পাকিস্তানের করাচি, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, ভারতের মুম্বাই ও ভিয়েতনামের হ্যানয়।

এছাড়া, তালিকায় ১১টি শহরের বায়ুমান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এই শহগুলো হলো চীনের উহান, সাংহাই, শেনজেন ও চেংদু, উগান্ডার কাম্পালা, যুক্তরাজ্যের বার্মিংহাম, ভিয়েতনামের হো চি মিন সিটি, মিয়ানমারের ইয়াঙ্গুন, মিসরের কায়রো, সৌদি আরবের রিয়াদ এবং মেক্সিকোর মেক্সিকো সিটি।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়।

সূচক ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে এটি অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে বাতাসের মান বিপজ্জনক হিসেবে ধরা হয়।

আরও পড়ুন: চমেক হাসপাতালে এসআরবির অভিযানে আটক ২০ দালাল, জরিমানা ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা

বায়ুদূষণ বৃদ্ধি পেলে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিরা। এই অবস্থায় দূষিত বাতাসে দীর্ঘক্ষণ বাইরে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলার পাশাপাশি বাইরে গেলে উপযুক্ত মাস্ক ব্যবহার করা জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবার হামলার শিকার এএফপি, নিরাপত্তার জন্য প্ল্যাটফর্ম বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৭ এম


সাইবার হামলার শিকার এএফপি, নিরাপত্তার জন্য প্ল্যাটফর্ম বন্ধ

ফ্রান্সের প্যারিসভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির (এজেন্সি ফ্রান্স-প্রেস) কনটেন্ট আদান-প্রদানের প্ল্যাটফর্ম ‘এএফপি ফোরাম’ সাইবার হামলার শিকার হয়েছে। এই ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সংস্থাটি প্ল্যাটফর্মটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। খবর আনাদোলুর 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবাদ সংস্থাটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করেছে।

সংস্থাটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পাঠানো অভ্যন্তরীণ এক ইমেইলে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটে (প্যারিসের স্থানীয় সময়) সাইবার হামলাটি শুরু হয়। হামলার লক্ষ্য ছিল এএফপি ফোরাম, যেখানে গ্রাহকরা সংবাদ সংস্থাটির বিভিন্ন কনটেন্ট দেখতে ও ডাউনলোড করতে পারেন।

ইমেইলে উল্লেখ করা হয়েছে, ‘সিস্টেমে অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের প্রযুক্তি দল হামলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এএফপি ফোরাম বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্ল্যাটফর্মটি বন্ধ থাকবে।’

এদিকে, প্ল্যাটফর্মটি বন্ধ থাকলেও গ্রাহকদের সেবা অব্যাহত রাখতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে এএফপি।

সংস্থাটি আরও জানায়, সাইবার হামলার ঘটনা তদন্তে বাইরের বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত হামলার পেছনে কারা রয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

এএফপি বলছে, হামলার উৎস ও উদ্দেশ্য শনাক্তে তদন্ত চলছে।

সাম্প্রতিক মাসগুলোতে ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে বেসরকারি প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার ওপর একের পর এক সাইবার হামলার ঘটনা ঘটছে। এসব হামলার মধ্যে কিছু সংঘবদ্ধ অপরাধী চক্র দ্বারা চালানো হয়েছে আর্থিক লাভের উদ্দেশ্যে, আবার কিছু হামলার লক্ষ্য ছিল বিভিন্ন দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করা।

এ পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির গুরুত্বপূর্ণ কনটেন্ট প্ল্যাটফর্মে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা, আসামি ৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৮ এম


টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা, আসামি ৫ হাজার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৫ হাজার জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উপজেলার নিলফা খালেক বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ, বিজিবি সদস্যদের ওপর হামলা ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছে।

২৩ নভেম্বর বিজিবি সেক্টর সদর দপ্তর, খুলনার সদস্য নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা খালেক বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। এ সময় সংঘবদ্ধভাবে বেআইনি জনতা সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদান করে এবং কর্তব্যরত বিজিবি সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে তাদের সাধারণ ও গুরুতরভাবে জখম করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলার সময় সরকারি যানবাহনে অগ্নিসংযোগ করা হয় এবং সরকারি মালামালের ক্ষতি সাধন করা হয়। এসব ঘটনার প্রেক্ষিতে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাতনামা আরও ৫ হাজার জনকে আসামি করা হয়েছে। তবে এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু গণমাধ্যমকে জানান, টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা এবং বিজিবির পক্ষ থেকে অন্য একটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এর আগে ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৮ হাজার জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

মামলাটিতে নামীয় আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, সহসভাপতি ইলিয়াস সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তাওফিক বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামচুল হক, যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাসসহ ২৬ জন।

এ মামলায় থানা ভবন, ব্যারাক, সরকারি যানবাহনসহ অন্যান্য সম্পত্তির ক্ষতি মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাসহ ককটেল বিস্ফোরণ, বিজিবি সদস্যদের ওপর হামলা ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলাগুলোর মধ্যে মোট আসামির সংখ্যা ১৩ হাজার ৩৪ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অধিনায়কত্ব ফিরে পাচ্ছেন রোহিত শর্মা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৮ এম


অধিনায়কত্ব ফিরে পাচ্ছেন রোহিত শর্মা

রোহিত শর্মা অধিনায়কত্বের দৌড়ে নেই। ভারত এবং মুম্বাই ইন্ডিয়ান্স উভয় ক্ষেত্রেই তার অধিনায়কত্ব নেই। তবে বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় পোস্ট আবারও তার অধিনায়কত্ব ফিরে পাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছে।

পোস্টটি মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। সেখানে একটি অ্যানিমেটেড হাত দেখা যায়, যা এমআইয়ের ক্যাপ ধরে রয়েছে।

মুম্বাই এখনও তাদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি। ঠিক এই সময়েই পোস্টটি প্রকাশিত হলো। ভক্তরা এটি রোহিত শর্মার উদযাপনের সঙ্গে সম্পর্কিত মনে করছেন। ২০২০ সালের আইপিএল শিরোপা জেতার পর রোহিত এভাবে উদযাপন করেছিলেন।

মুম্বাইয়ের পাঁচটি আইপিএল শিরোপা এসেছে রোহিতের নেতৃত্বে। ২০২৪ সালের আইপিএলের আগে হার্দিক পান্ডিয়া দলে ফিরে আসেন। তখন রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে মুম্বাই হার্দিককে পাঞ্জাব কিংসে ট্রেড করেছে, ফলে অধিনায়কের পদ আবার ফাঁকা হয়ে গেছে।

পাঞ্জাবের সঙ্গে এই বড় ট্রেডের ফলে মুম্বাই ভারতের পেসার অর্শদীপ সিংকে পেয়েছে। তার বর্তমান মূল্য ১৮ কোটি রুপি। অন্যদিকে হার্দিক পাঞ্জাবে গেছেন এবং তার নতুন মূল্য ১৮ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৬ কোটি ৩৫ লাখ রুপি।

মিনি নিলামে মুম্বাই ১৬ জন ধরে রাখা খেলোয়াড় নিয়ে অংশগ্রহণ করবে। দলের শক্ত কাঠামো বজায় রাখা হয়েছে, যার মধ্যে রয়েছেন জসপ্রীত বুমরাহ, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা এবং মিচেল স্যান্টনার।

বিদেশি খেলোয়াড়দের মধ্যে কুইন্টন ডি কক, রায়ান রিকেলটন, উইল জ্যাকস, শেরফেন রাদারফোর্ড এবং করবিন বশকেও ধরে রাখা হয়েছে। ভারতীয়দের মধ্যে রয়েছেন নমন ধির, অশ্বিনী কুমার, রাজ বাওয়া, রঘু শর্মা এবং শার্দূল ঠাকুর।

নিলামে মুম্বাইয়ের হাতে খালি থাকবে নয়টি জায়গা, যার মধ্যে বিদেশি খেলোয়াড়ের জায়গাও রয়েছে। বাকি তহবিল ৩২ কোটি ৬০ লাখ রুপি। এই নিলামে দলের নির্দিষ্ট ঘাটতি পূরণের সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৭ মৌসুমের জন্য আরেকটি প্রতিযোগিতামূলক দল গড়াই তাদের লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে ঝড়-বন্যায় ৯ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৮ এম


যুক্তরাষ্ট্রে ঝড়-বন্যায় ৯ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল থেকে পূর্ব উপকূল পর্যন্ত বিস্তৃত শক্তিশালী ঝড়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যা, তুষারপাত ও প্রবল বাতাসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং দেশজুড়ে ৯ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বিভিন্ন সড়ক ও সেতু বন্ধ হয়ে গেছে। ঝড়ের প্রভাবে বিমান ও রেল চলাচলেও ব্যাপক বিঘ্ন দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থ্যাংকসগিভিং উৎসবের দিন ঝড়ের কারণে শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। আবহাওয়ার বিরূপ পরিস্থিতির কারণে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাসির থ্যাংকসগিভিং প্যারেড ইতিহাসে প্রথমবারের মতো স্থগিত করা হয়েছে। এই অনুষ্ঠানটি শনিবার আয়োজনের পরিকল্পনা রয়েছে।

নিউ জার্সির আটলান্টিক সিটিতে বন্যার পানি নামতে শুরু করলেও কিছু সড়কে এখনও পানি জমে রয়েছে। শহরের জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তা স্কট ইভান্স জানিয়েছেন, নিচু এলাকাগুলোতে ২ থেকে ৩ ফুট পর্যন্ত পানি উঠেছিল। উদ্ধারকর্মীরা কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পাশাপাশি পানিতে আটকে পড়া যানবাহন থেকে ১৪টির বেশি উদ্ধার অভিযান পরিচালনা করেছেন।

ভার্জিনিয়ার বিভিন্ন শহরেও বন্যার পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধার করা হয়েছে। নরফোক শহরে ফায়ার সার্ভিস ৩৯ জনকে উদ্ধার করেছে। পয়োসন শহরে বাড়িতে আটকে পড়া প্রায় পাঁচজনকে উদ্ধার করে তাদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এসব ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

দুটি পৃথক ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রজুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্যমতে, পেনসিলভানিয়ায় ২ লাখ ১৩ হাজারের বেশি, ভার্জিনিয়ায় ১ লাখ ৫০ হাজারের বেশি এবং মিসৌরিতে প্রায় ১ লাখ ২০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন। এ ছাড়া নিউইয়র্ক, নর্থ ক্যারোলাইনা ও ইলিনয়েও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

মিসৌরিতে ভারী ও ভেজা তুষারপাতের কারণে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যটির বিভিন্ন এলাকায় ৮ থেকে ১২ ইঞ্চি তুষার জমেছে। কোথাও কোথাও তুষারপাতের পরিমাণ ১৪ ইঞ্চি ছাড়িয়েছে। টেনেসির পশ্চিম ও মধ্যাঞ্চলেও তুষারপাত হচ্ছে। মেমফিসে অন্তত ৭০ বছরের মধ্যে থ্যাংকসগিভিংয়ের দিনে প্রথমবার তুষারপাত হয়েছে।

ঝড়ের কারণে বিমান চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটেছে। নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট চলাচলে গ্রাউন্ড স্টপ জারি করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকার কথা।

নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবল বাতাসের আশঙ্কায় টার্মিনালগুলোর সংযোগকারী উড়াল ট্রেন বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে বাস চালু করা হয়েছে।

অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে উচ্চ জোয়ার ও উত্তাল ঢেউয়ের কারণে আমট্রাকের প্যাসিফিক সার্ফলাইনার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। সমুদ্রের ঢেউ রেললাইনের ওপর আছড়ে পড়ায় কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলে আরও বৃষ্টি ও তুষারপাত হতে পারে। পরে ঝড়টি দক্ষিণ দিকে সরে রকি পর্বতমালার মধ্যাঞ্চলে তুষারপাত ঘটাতে পারে। শনিবার মধ্যাঞ্চলীয় সমভূমি ও মধ্য-পশ্চিমাঞ্চলেও বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কা রয়েছে।

রোববার যুক্তরাষ্ট্রে ছুটির পর ভ্রমণের অন্যতম ব্যস্ত দিন। এদিন লুইজিয়ানা উপকূল থেকে দক্ষিণ মিশিগান পর্যন্ত ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণ-পূর্ব ও মধ্য-আটলান্টিক অঞ্চলেও ঝড়ের কারণে ভ্রমণে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

এদিকে পশ্চিম উপকূলেও শনিবার রাতে আরেকটি শক্তিশালী ঝড় আঘাত হানতে পারে। পূর্ব ওয়াশিংটন থেকে বে এরিয়া পর্যন্ত এর প্রভাব পড়তে পারে। দক্ষিণ ক্যালিফোর্নিয়া পর্যন্ত বৃষ্টি ছড়িয়ে পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

পরপর ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ, যোগাযোগ ও পরিবহনব্যবস্থা চাপে পড়েছে। আগামী কয়েক দিনেও দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%