শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
১০:০৪ এম
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে নতুন করে শুল্কের চাপ সৃষ্টি হতে যাচ্ছে। ১৪টি প্রধান বাণিজ্যিক অংশীদারের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। নতুন শুল্ক কার্যকর হলে বাংলাদেশের তৈরি পোশাকের ক্ষেত্রে মোট শুল্কের বোঝা দাঁড়াতে পারে ৩৩.৬ শতাংশে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের দাম বৃদ্ধি পেয়ে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন রপ্তানিকারকরা। বিশেষ করে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের ক্রয়াদেশ, বিনিয়োগ ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) দেশভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রপ্তানি করেছে ৯০৪ কোটি ৮০ লাখ ডলারের পণ্য। আগের অর্থবছরের তুলনায় এ আয় বেড়েছে ৪.১ শতাংশ। এর মধ্যে তৈরি পোশাক থেকেই এসেছে ৭৭৪ কোটি ৪৬ লাখ ডলার, যা মোট রপ্তানির ৮৫.৬ শতাংশ। অর্থাৎ একক একটি বাজারে বাংলাদেশের রপ্তানি আয়ের বড় অংশ নির্ভর করছে পোশাকশিল্পের ওপর। ফলে নতুন শুল্কের প্রভাব শুধুমাত্র একটি শিল্পে সীমাবদ্ধ না থেকে সামগ্রিক রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রার প্রবাহ এবং কর্মসংস্থানেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মাসরুর রিয়াজ আমার দেশকে বলেন, "এটি অপ্রত্যাশিত একটি বিষয়। এখন নতুন করে যে ১৮ শতাংশ শুল্কের কথা বলা হচ্ছে, সেটি কার্যকর হলে আমাদের রপ্তানি বাণিজ্যে কয়েকটি ঝুঁকি তৈরি হবে।"
তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্রের বাজারে বাড়তি শুল্কের প্রভাব সামলাতে চীন, ভারত, ভিয়েতনাম, ইউরোপসহ অন্য বাজারে ব্যবসা সম্প্রসারণে আরো আগ্রাসী হতে পারে। এতে নতুন করে প্রতিযোগিতার মুখে পড়বে বাংলাদেশ। কারণ এসব দেশের নিজস্ব কাঁচামালের উৎস, মূল্য সংযোজন ও উৎপাদন সক্ষমতা বেশি। পাশাপাশি তাদের লজিস্টিকস ব্যবস্থাও তুলনামূলক দক্ষ। ফলে বিকল্প বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়লে বাংলাদেশের অন্যান্য রপ্তানি বাজারেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বাড়তি শুল্কের হিসাব
গত ২৫ নভেম্বর ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারায় পরিচালিত তদন্তের ফল প্রকাশ করে ইউএসটিআর। বাংলাদেশের শিল্পনীতি, সরকারি প্রণোদনা, শ্রমিক সুরক্ষা, আর্থিক খাতের নীতি এবং চীনসহ অবাজার অর্থনীতির দেশ থেকে আমদানি নিয়ে আপত্তি তুলেছে সংস্থাটি। এসব নীতির কারণে যুক্তরাষ্ট্রের শিল্পপ্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি তাদের।
তবে প্রস্তাবিত ১৮ শতাংশ শুল্কের হিসাব নিয়ে বিভ্রান্তি রয়েছে। ইউএসটিআরের নথিতে ‘নেট অব এক্সিস্টিং সেকশন ৩০১ ট্যারিফস’ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আগে থেকে কার্যকর থাকা সেকশন ৩০১-এর শুল্ক বাদ দিয়ে নতুন হার নির্ধারণ করা হবে। বাংলাদেশি নির্দিষ্ট পণ্যের ওপর আগে থেকেই কার্যকর ১০ শতাংশ শুল্ক এ হিসাবের অন্তর্ভুক্ত। ফলে নতুন করে ১৮ শতাংশ যোগ হয়ে মোট ২৮ শতাংশ নয়, প্রস্তাব অনুযায়ী বাড়তি শুল্ক হতে পারে আট শতাংশ।
বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের গড় শুল্কের হার ১৫.৬ শতাংশ। এর সঙ্গে বিদ্যমান ১০ শতাংশ এবং প্রস্তাবিত বাড়তি ৮ শতাংশ যোগ হলে মোট শুল্কের বোঝা দাঁড়াতে পারে ৩৩.৬ শতাংশে। তবে পণ্যভেদে প্রকৃত হার ভিন্ন হতে পারে।
পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান আমার দেশকে বলেন, "যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে এখনই বড় ধরনের উদ্বেগের কারণ নেই। সেকশন ৩০১-এর আওতায় চলমান প্রক্রিয়াটি আগামী জানুয়ারির শেষদিকে শেষ হওয়ার কথা। এর মধ্যে সরকার কূটনৈতিক তৎপরতা চালানোর চেষ্টা করবে।"
তিনি আরও বলেন, "শুল্ক বাড়লে পণ্যের মূল্য বৃদ্ধি পাবে, কমবে ভোক্তার ক্রয়ক্ষমতা। এতে যুক্তরাষ্ট্রের বাজারে ক্রয়াদেশ হ্রাসের আশঙ্কাই আমাদের প্রধান উদ্বেগ। তবে প্রতিযোগী দেশগুলোর ওপর তুলনামূলক বেশি শুল্ক কার্যকর হলে বাংলাদেশে নতুন অর্ডার আসার সুযোগও তৈরি হতে পারে।"
মাহমুদ হাসান বলেন, "যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের উড়োজাহাজ, তুলা ও জ্বালানিসহ বিভিন্ন পণ্য আমদানি বাড়িয়েছে বাংলাদেশ। বিভিন্ন পণ্য আমদানির হিসাব ধরলে দেশটি দ্বিতীয় বৃহত্তম উৎসে পরিণত হয়েছে। আমরা তাদের কাছ থেকে আমদানি বাড়ানোর চেষ্টা করছি। এর চেয়ে বেশি কিছু করার নেই।"
ক্রয়াদেশ ও বাজার হিস্যায় ঝুঁকি
শুল্ক বাড়লে বাংলাদেশি পণ্যের দাম বাড়বে। আমদানিকারকরা বাড়তি ব্যয় বহন না করলে তা পণ্যের মূল্যের সঙ্গে যুক্ত হবে। এতে ভিয়েতনাম, ভারত ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশের পণ্যের দাম বেড়ে যেতে পারে। ফলে ক্রেতারা বিকল্প উৎস থেকে পণ্য সংগ্রহের সিদ্ধান্ত নিতে পারেন। এতে নতুন ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার পাশাপাশি কারখানার উৎপাদন সক্ষমতা ও বিনিয়োগ পরিকল্পনাও বাধাগ্রস্ত হতে পারে।
ইউএসটিআরের তদন্তে চীন থেকে বাংলাদেশের মধ্যবর্তী পণ্য আমদানির বিষয়টিও গুরুত্ব পেয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০১৭-২০২৫ সালের মধ্যে চীন থেকে বাংলাদেশের মধ্যবর্তী পণ্য আমদানি ৬৮ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের উৎপাদিত পণ্যে চীনের মূল্য সংযোজনের অংশ ২০১৭ সালের ২.৫ শতাংশ থেকে ২০২৪ সালে ১১.২ শতাংশে উন্নীত হয়েছে। এতে ভবিষ্যতে পণ্যের কাঁচামাল ও উৎপাদনের উৎস নিয়ে মার্কিন নজরদারি বাড়তে পারে।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ হাতেম আমার দেশকে বলেন, "যেহেতু শুল্ক বৃদ্ধির দেশগুলোর তালিকায় বাংলাদেশের নাম উঠে এসেছে, তাই আগাম প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়কে বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করতে হবে, যাতে প্রয়োজনীয় কৌশল নেওয়ার মাধ্যমে সম্ভাব্য পরিস্থিতি কার্যকরভাবে সামাল দেওয়া যায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে এ পরিস্থিতি সামাল দিতে হবে।"
আঞ্চলিক প্রতিযোগিতায় নতুন সমীকরণ
যুক্তরাষ্ট্রের প্রস্তাবে বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, তাইওয়ান, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ বাংলাদেশের প্রধান কয়েকটি প্রতিযোগী দেশও একই তদন্তের আওতায় এসেছে। তবে দেশভেদে প্রস্তাবিত শুল্কের সীমা ও বিদ্যমান বাণিজ্য সমঝোতার কারণে প্রকৃত শুল্কের বোঝায় পার্থক্য থাকবে।
এ পরিস্থিতিতে বাংলাদেশের জন্য একটি সুযোগও তৈরি হতে পারে। প্রতিযোগী দেশগুলোর ওপর বেশি শুল্ক কার্যকর হলে কিছু ক্রয়াদেশ বাংলাদেশের দিকে আসতে পারে। তবে এ সুবিধা পেতে হলে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, সময়মতো পণ্য সরবরাহ, শ্রমিক অধিকার নিশ্চিতকরণ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সমঝোতা এগিয়ে নেওয়া জরুরি।
এখনো চূড়ান্ত হয়নি সিদ্ধান্ত
ইউএসটিআরের ২৫ নভেম্বরের ঘোষণা শুল্ক কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত নয়; এটি তদন্তের ভিত্তিতে দেওয়া প্রস্তাব। সংশ্লিষ্ট পক্ষগুলোর লিখিত মতামত জমা দেওয়ার শেষ সময় ২০২৭ সালের ৫ জানুয়ারি। একই মাসের ২৫ তারিখ থেকে প্রকাশ্য শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। এসব মতামত ও শুনানি পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে সংস্থাটি। ফলে প্রস্তাবিত হার পরিবর্তন, পণ্যভেদে ছাড় কিংবা বাস্তবায়নের সময়সূচিতে সংশোধনের সুযোগ রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শুক্রবার সরকারি ছুটির দিন হলেও, বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা শীর্ষ ৫ নম্বরে অবস্থান করছে। ঢাকার বায়ুমান স্কোর ১৮৯। এই বায়ুমান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, তালিকার প্রথম স্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল, যার বায়ুমান স্কোর ২৯৭। কাবুলের বাতাস নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য প্রকাশিত হয়েছে। আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে আফগানিস্তানের কাবুল রয়েছে।
কাবুলের বায়ুমান স্কোর ২৯৭, যা নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর রয়েছে, যার বায়ুমান স্কোর ২৯৩। তৃতীয় স্থানে ভারতের দিল্লি রয়েছে, যেখানে বায়ুমান স্কোর ২৬৪। কলকাতা ২৩৪ বায়ুমান স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে এবং বাংলাদেশের রাজধানী ঢাকা পঞ্চম স্থানে অবস্থান করছে, যার স্কোর ১৮৯।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ হিসেবে গণ্য হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ বলে ধরা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। এছাড়া, স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বেড়ে গেছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকাসহ দেশের ছয়টি জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এছাড়া, অতিরিক্ত চার প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাদের দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা এবং নজরদারি জোরদার করা হয়েছে।
এছাড়া, বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন তারা। মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে।
ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি জানায়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায়ও তারা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা, সেইসাথে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আনুষ্ঠানিক করব্যবস্থার আওতায় আনতে প্রায় ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠানের একটি তালিকা প্রস্তুত করেছে। এই তালিকার অধিকাংশ প্রতিষ্ঠানের ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) নেই। মূল্য সংযোজন কর (ভ্যাট) নিরীক্ষার আওতায় এই প্রতিষ্ঠানগুলোকে আনার বিষয়ে খতিয়ে দেখা হবে।
গতকাল এনবিআরের প্রকাশিত ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর তথ্য সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটগুলোতে পাঠানো হয়েছে। সেগুলো যাচাই করার প্রক্রিয়া চলবে। তালিকায় বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মের পাশাপাশি ফেসবুকভিত্তিক ব্যবসা বা এফ-কমার্স প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত রয়েছে।
এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘আমাদের চিহ্নিত করা বেশির ভাগ প্রতিষ্ঠানেরই ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) নেই। আনুষ্ঠানিকভাবে ব্যবসা পরিচালনার নিয়ম সম্পর্কেও তারা তেমন কিছু জানে না।’
তিনি এই উদ্যোগের কারণ ব্যাখ্যা করে বলেন, অনেক ব্যবসা এখনো আনুষ্ঠানিক অর্থনীতির বাইরে রয়েছে। উদাহরণস্বরূপ, কোনো গৃহিণী হয়তো নিজের বাসা থেকেই অনলাইনে ব্যবসা পরিচালনা করছেন।
ওই কর্মকর্তা আরও বলেন, ‘ব্যবসাকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনার বিষয়ে তাদের সচেতনতা বা আগ্রহ খুবই কম। অনেকের খোঁজখবরও সহজে পাওয়া যায় না। ফলে এসব বিষয় নিয়ে ভাবার সময় বা সুযোগও তাদের হয় না।’
তিনি জানান, কমিশনারেটগুলো এসব তথ্য যাচাই করবে এবং প্রয়োজন হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগতে পারে। ই-কমার্স ও কুরিয়ার সেবা খাত নিয়ে গবেষণার পর এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, এ দুই খাত থেকে রাজস্ব আদায়ের বড় সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, প্রতিটি অনলাইন ব্যবসার লেনদেনের পরিমাণ কম হতে পারে। কিন্তু সব প্রতিষ্ঠানের লেনদেন একসঙ্গে হিসাব করলে তা অনেক বড় হবে। তিনি উল্লেখ করেন, ‘এসব ব্যবসা আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় এলে তাদের আর্থিক লেনদেন ও ব্যবসায়িক কার্যক্রমের সঠিক হিসাব পাওয়া যাবে। এর ফলে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ইতিবাচক প্রভাব পড়বে।’
তিনি আরও বলেন, ‘একটি প্রতিষ্ঠানের লেনদেনের পরিমাণ হয়তো খুব বেশি নয়। কিন্তু পুরো খাতের সব প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন একসঙ্গে হিসাব করলে এর পরিমাণ অনেক বড় হয়ে দাঁড়ায়।’ এদিকে, ২৯টি রেস্তোরাঁর বিক্রির হিসাবে অসংগতি পেয়েছে ভ্যাট প্রশাসন। দেখা গেছে, খাবার সরবরাহকারী প্ল্যাটফর্মগুলোর হিসাবে এসব রেস্তোরাঁর বিক্রির পরিমাণ তাদের ভ্যাট রিটার্নে দেখানো বিক্রির চেয়ে বেশি।
ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডের বিক্রির তথ্যের সঙ্গে বাছাই করা রেস্তোরাঁগুলোর ২০২৬ সালের আগস্ট মাসের ভ্যাট রিটার্নের তথ্য মিলিয়ে দেখে। এতে দেখা যায়, বেশ কয়েকটি রেস্তোরাঁ তাদের প্রকৃত বিক্রির তুলনায় অনেক কম বিক্রি দেখিয়েছে। খাবার সরবরাহকারী তিনটি প্ল্যাটফর্মের হিসাবে তাদের বিক্রির পরিমাণ ছিল অনেক বেশি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে একদিনের ব্যবধানে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি করেছে। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে। সর্বশেষ ২৬ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম হবে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। এ কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ ও পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে।
এ বছরের মধ্যে দেশের বাজারে ১৪৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৯ দফা দাম বৃদ্ধি করা হয়েছে, ৭৭ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ