বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:২৯ পি.এম
দেশে গত ২৪ ঘণ্টার মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে, ১,০০৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত, ঢাকা বিভাগের দুই সিটি করপোরেশনসহ ৪০১ জন, বরিশাল বিভাগে ১১৫ জন, চট্টগ্রামে ১৩৯ জন, খুলনায় ১১৮ জন, রাজশাহীতে ১১৮ জন, ময়মনসিংহে ৪৩ জন, রংপুরে ৬৩ জন এবং সিলেটে ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৪ হাজার ৮৬১ জন রোগী রয়েছেন। হাসপাতাল থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৭২ হাজার ৭৫২ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৭৮ হাজার ১৪০ জনে দাঁড়িয়েছে। এ বছর মোট ৫২৭ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরে মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন এবং অক্টোবরে ১৭৪ জন মারা গেছেন। ঢাকা বিভাগে এ বছর সবচেয়ে বেশি ২৬৭ জনের মৃত্যু হয়েছে। এরপর খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রামে ৫৩ জন, ময়মনসিংহে ৪২ জন, বরিশালে ৩৩ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে ৯ জন এবং সিলেট বিভাগে ৪ জন মারা গেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুর জেলা যুবদলের নবগঠিত কমিটিতে ইয়াছির আকরাম পলাশকে সভাপতি এবং আবু তাহের প্রধানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করার পর আনন্দ র্যালি ও আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে শ্রীপুর পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল ইসলামের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এই মিছিলের আয়োজন করা হয়। পরে প্রধান বাড়ির সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জহিরুল ইসলাম বলেন, "গাজীপুর জেলা যুবদলের নবগঠিত নেতৃত্বকে স্বাগত জানাই। নতুন নেতৃত্বের মাধ্যমে যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।" তিনি আরও বলেন, "একইসঙ্গে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তুলবে। কোনো অপশক্তিকে দেশের শিল্পকারখানা ও স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করতে দেয়া হবে না।"
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার খান, মনির প্রধান, আহ্বায়ক কমিটির সদস্য মনির বেপারী, আরেফীন আলম, হযরত আলী, সোহেল, মোরশেদ, পারভেজ, নুরন্নবীসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, টিকাদান ও স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম হারুন-অর-রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা হিজবুল বাহার ভূঞা, কৃষি কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকী, সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আরিফুন করিম দোলনসহ বিভিন্ন খামারি ও শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম হারুন-অর-রশিদ বলেন, প্রাণিসম্পদ খাতকে আধুনিক, উৎপাদনমুখী, নিরাপদ ও রপ্তানিমুখী হিসেবে গড়ে তুলতে খামারিদের প্রযুক্তিগত সহায়তা, রোগ প্রতিরোধ, উন্নত জাত সম্প্রসারণ এবং মানসম্মত উৎপাদন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে প্রাণিসম্পদ দপ্তর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুরে চার খুনের ঘটনার পর ৯৬ দিন পর আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। অভিযুক্ত হিসেবে সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের নাম উল্লেখ করা হয়েছে। আদালতে ৬৬টি আলামত এবং ৫৩ জন সাক্ষীর জবানবন্দির রেকর্ডও জমা দেওয়া হয়েছে, বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ।
ব্রিফিংয়ে কমিশনার মাহবুবুর রশিদ উল্লেখ করেন, রংপুরের গণপতি মাস্টার হত্যা মামলার ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের পর চলতি মাসের ২২ তারিখে আদালতে চার্জশিট দাখিলের প্রক্রিয়া সম্পন্ন হয়। মামলাটি নিয়ে বিভিন্ন আলোচনা শোনা গেলেও এর মূল কারণ ছিল চুরির ঘটনা। আসামিরা তাদের স্বীকারোক্তিতে বিষয়টি অকপটে স্বীকার করেছে। তারা একসাথে চারজনকে হত্যা করেছে; তদন্তে দুজনের বেশি কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি। চুরির পরিকল্পনা তারা অনেক আগে থেকেই করেছিল। কারণ, গণপতি মাস্টার সম্প্রতি চাকরি থেকে অবসর নিয়েছেন এবং হত্যাকারীদের ধারণা ছিল বাসায় ৫০ থেকে ৬০ লাখ টাকা রয়েছে। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বাইরে বের হলে দামি গহনা পরতেন—এটি তাদের লোভের কারণ ছিল। নগদ টাকা ও স্বর্ণালংকারের আশায় তারা চুরির উদ্দেশ্যে বাসায় প্রবেশ করে। কিন্তু প্রথমে গণপতি চক্রবর্তী জুয়েল মাস্টার ছাদে গেলে সিদ্ধার্থ ও মুগ্ধ দুজনে মিলে গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে। এরপর তারা স্ত্রীর ও দুই সন্তানের হত্যা করে। সবকিছু বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ আরও জানান, মামলাটি যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য তিন মাস ধরে তদন্ত করা হয়েছে। ৯৬ দিন পর ৫৩ জন সাক্ষীর জবানবন্দি সংযুক্ত করে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশায় বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। হত্যাকারীরা মাদক সেবন করেছিল—এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, এখানে মাদক সেবনের ঘটনা ঘটেছিল; কারণ তারা আগে থেকেই মাদক সেবনে অভ্যস্ত ছিলেন। তবে এখানে মাদকের বিষয়টি প্রাধান্য না দিয়ে হত্যার মূল মোটিভ নিয়ে তদন্ত করা হয়েছে, তাই ওই বিষয়টি মুখ্য হিসেবে আনা হয়নি। যেহেতু তারা আদালতে চুরির বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তাই সেটি সামনে রেখে বিভিন্ন জনের স্বাক্ষর ও জবানবন্দি রেকর্ড করে ৫৩ জন সাক্ষীর জবানবন্দি আদালতে জমা দেওয়া হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আরও জানান, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে সংগৃহীত বিভিন্ন আলামত ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়। খেজুরের বিচি, শসার টুকরা, ফল কাটার ছুরি, ইয়াবা সেবনের ফয়েল, সিগারেটের শেষাংশ, বেসিনের দাগ, দুই আসামির রক্তের নমুনা এবং নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় পেঁচানো গামছার নমুনাসহ ৬৬টি আলামত আদালতে জমা দেওয়া হয়েছে। পরীক্ষায় কয়েকটি নমুনায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের ডিএনএ শনাক্ত হয়েছে। পূর্বের মেট্রো কমিশনার ও বর্তমান রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদের দ্রুত পদক্ষেপ এবং অন্যান্য সংস্থার সার্বিক সহযোগিতার কারণে এসব আলামত সংগ্রহ করা সহজ হয়েছে। পূর্বে সংগৃহীত আলামতগুলোর পরবর্তী সময়ে তদন্ত কর্মকর্তা বাকি আলামতগুলো সংগ্রহ করে সিআইডির ল্যাবে পরীক্ষা শেষে আদালতে জমা দেন।
পূর্বের মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং বর্তমান কর্মকর্তাদের তদন্তে কোনো অমিল আছে কি না—এমন প্রশ্নের জবাবে মেট্রো কমিশনার বলেন, আগে যেভাবে তদন্ত হয়েছিল, তা সঠিক পথেই ছিল। মিডিয়ায় কীভাবে কী প্রকাশিত হয়েছে, সে বিষয়ে কিছু বলব না; তবে দীর্ঘ তদন্ত শেষে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছে। আসামিরা ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়ে বিষয়টি স্বীকার করেছেন।
মামলার তদারকি কর্মকর্তা রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণ ও দীর্ঘ তদন্তে হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই আসামির জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে সন্দেহাতীতভাবে স্পষ্ট হয়েছে। ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ পর্যন্ত ১০০ জনের বেশি মানুষের সাক্ষ্য নেওয়া হয়েছে; এর মধ্যে ৫৩ জনের জবানবন্দি সাক্ষী হিসেবে আদালতে জমা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ডিবি পুলিশের হাতে তদন্তের দায়িত্ব আসার প্রায় তিন মাসের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আদালতে জমা দেওয়ার আগে তদন্তের বিভিন্ন দিক পর্যালোচনা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হয়েছে; এ প্রক্রিয়ায় কোর্ট পুলিশেরও ভূমিকা রয়েছে। মামলায় দণ্ডবিধির ৩০২, ৩৮০ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, অভিযুক্ত সিদ্ধার্থ ও মুগ্ধ দাস মনে করেছিল গণপতি চক্রবর্তী মাস্টার অবসরের টাকা বাসায় রেখেছেন, কিন্তু তদন্তে দেখা গেছে তিনি কোনো টাকা বাসায় রাখেননি। হত্যাকারীদের কাছ থেকে ১৫ হাজার টাকা ও কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। তবে পরে খোঁজ নিয়ে জানা গেছে, ব্যাংকের হিসাবে গণপতি মাস্টারের প্রায় ২০ লাখ টাকা এখনো সংরক্ষিত আছে। সার্বিক দিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে; আশা করি আদালত আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক জিন্নাত আলী বলেন, রংপুরে গণপতি চক্রবর্তী মাস্টার হত্যাকাণ্ডের বিষয়টি ছিল সারা দেশের জন্য আলোচিত ঘটনা। গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর দুই দফায় ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল। দীর্ঘ তদন্তে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, উদ্ধার হওয়া আলামত, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করে তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করা হয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সবাই তা পর্যালোচনা করেন। এর পরেও একাধিকবার সংশ্লিষ্ট বিচারকের কাছে চার্জশিট নিয়ে সরাসরি দেখানো হয়েছে। বিজ্ঞ বিচারক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের আলোকে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এখানে সাক্ষীদের জবানবন্দি, ডিএনএ টেস্টের রিপোর্ট ও আলামতসহ সবকিছু দেওয়া হয়েছে। তদন্তের সময় সাংবাদিকদের ফোন ধরেননি—এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, অনেক সময় তদন্তের ক্ষেত্রে অনেক তথ্য সাংবাদিকদের আগাম দেওয়া যায়নি; এ কারণে অনেকে নানা রকম লিখেছেন। পরবর্তী সময়ে প্রকৃত ঘটনা তদন্তে উঠে আসার পর নিশ্চিত হয়ে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ও বর্তমান রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদ আমার দেশ-কে বলেন, আমি মেট্রো পুলিশ কমিশনারের দায়িত্বে থাকা অবস্থায় রংপুর নগরীতে আলোচিত গণপতি চক্রবর্তী মাস্টারসহ পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনা ঘটেছিল। ওই সময় আমিসহ প্রশাসনের কর্মকর্তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহের পাশাপাশি দ্রুত হত্যাকারী সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করেন। তাদের জিজ্ঞাসাবাদেই প্রকৃত ঘটনার রহস্য বেরিয়ে আসে। ওই সময় মিডিয়ায় নানা জনের মত নিয়ে নিজেদের মতো করে রিপোর্ট প্রকাশ করা হয়েছিল, যা সঠিক ছিল না। প্রকৃত ঘটনা ছিল চুরি; তাই তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে প্রকৃত ঘটনা উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেছেন। আমরা আশা করি বিজ্ঞ আদালত আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন।
উল্লেখ্য, চলতি বছরের ২২ আগস্ট শনিবার রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকা থেকে গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রিয়ম চক্রবর্তীকে (১২) নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় স্তব্ধ হয়ে যায় রংপুর নগরী; এলাকায় নেমে আসে শোকের ছায়া। রাতেই লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গণপতি চক্রবর্তী জুয়েল রংপুর জেলা স্কুলের সাবেক ধর্মীয় শিক্ষক ছিলেন এবং অবসর নেওয়ার পর হোমিওপ্যাথিক চিকিৎসার চেম্বার পরিচালনা করতেন। তাঁর মেয়ে কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষা দিয়েছিলেন এবং ছেলে প্রিয়ম ছিল রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
আদালতে চার্জশিট দাখিল
৫৩ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ
৬৬টি আলামত আদালতে জমা
মামলা তদন্তকারী কর্মকর্তার বক্তব্য
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : দেশের পুঁজিবাজারের লেনদেন বৃহস্পতিবার দরপতনের মধ্য দিয়ে শেষ হয়েছে, যা সপ্তাহের শেষ কার্যদিবস। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সসহ সকল সূচক কমেছে। একই সময়ে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরও কমে গেছে।
আজ ১ লাখ ৮৯ হাজার ৭২৫টি হাওলা বা ট্রেডের মাধ্যমে মোট ২৩ কোটি ৫৭ লাখ ৭২ হাজার ৮৫৬টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব লেনদেনের মোট মূল্য ৭০৭ কোটি ৫ লাখ ৭৯ হাজার টাকা।
দিনশেষে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৯৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমে ৫ হাজার ৫২৬ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস৩০ শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ২ হাজার ৯০ দশমিক ৭৭ পয়েন্টে দাঁড়িয়ে আছে। শরিয়াহ সূচক ডিএসইএসও শূন্য দশমিক ২১ শতাংশ কমে ১ হাজার ৬২ দশমিক ৯৪ পয়েন্টে অবস্থান করছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪২টির দর বেড়েছে, ১৮৩টির কমেছে এবং ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ, দরবৃদ্ধির তুলনায় দরপতন হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা বেশি ছিল।
বৃহস্পতিবার দিনশেষে ডিএসইর মোট বাজার মূলধন ৬ লাখ ৭০ হাজার ২৬৯ কোটি ৪৫ লাখ ৬৫ হাজার ৭৬৬ টাকা দাঁড়িয়েছে। এর মধ্যে ইক্যুইটি খাতে বাজার মূলধন ৩ লাখ ৩৯ হাজার ৭৭৬ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৫৮৪ টাকা, মিউচুয়াল ফান্ড খাতে ২ হাজার ৮৮১ কোটি ৯১ লাখ ৭৭ হাজার ৩০১ টাকা এবং ডেট সিকিউরিটিজ খাতে ৩ লাখ ২৭ হাজার ৬১১ কোটি ৪ লাখ ৪ হাজার ৮৮০ টাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ