প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুরে চার খুনের ঘটনার পর ৯৬ দিন পর আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। অভিযুক্ত হিসেবে সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের নাম উল্লেখ করা হয়েছে। আদালতে ৬৬টি আলামত এবং ৫৩ জন সাক্ষীর জবানবন্দির রেকর্ডও জমা দেওয়া হয়েছে, বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ।
ব্রিফিংয়ে কমিশনার মাহবুবুর রশিদ উল্লেখ করেন, রংপুরের গণপতি মাস্টার হত্যা মামলার ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের পর চলতি মাসের ২২ তারিখে আদালতে চার্জশিট দাখিলের প্রক্রিয়া সম্পন্ন হয়। মামলাটি নিয়ে বিভিন্ন আলোচনা শোনা গেলেও এর মূল কারণ ছিল চুরির ঘটনা। আসামিরা তাদের স্বীকারোক্তিতে বিষয়টি অকপটে স্বীকার করেছে। তারা একসাথে চারজনকে হত্যা করেছে; তদন্তে দুজনের বেশি কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি। চুরির পরিকল্পনা তারা অনেক আগে থেকেই করেছিল। কারণ, গণপতি মাস্টার সম্প্রতি চাকরি থেকে অবসর নিয়েছেন এবং হত্যাকারীদের ধারণা ছিল বাসায় ৫০ থেকে ৬০ লাখ টাকা রয়েছে। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বাইরে বের হলে দামি গহনা পরতেন—এটি তাদের লোভের কারণ ছিল। নগদ টাকা ও স্বর্ণালংকারের আশায় তারা চুরির উদ্দেশ্যে বাসায় প্রবেশ করে। কিন্তু প্রথমে গণপতি চক্রবর্তী জুয়েল মাস্টার ছাদে গেলে সিদ্ধার্থ ও মুগ্ধ দুজনে মিলে গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে। এরপর তারা স্ত্রীর ও দুই সন্তানের হত্যা করে। সবকিছু বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ আরও জানান, মামলাটি যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য তিন মাস ধরে তদন্ত করা হয়েছে। ৯৬ দিন পর ৫৩ জন সাক্ষীর জবানবন্দি সংযুক্ত করে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশায় বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। হত্যাকারীরা মাদক সেবন করেছিল—এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, এখানে মাদক সেবনের ঘটনা ঘটেছিল; কারণ তারা আগে থেকেই মাদক সেবনে অভ্যস্ত ছিলেন। তবে এখানে মাদকের বিষয়টি প্রাধান্য না দিয়ে হত্যার মূল মোটিভ নিয়ে তদন্ত করা হয়েছে, তাই ওই বিষয়টি মুখ্য হিসেবে আনা হয়নি। যেহেতু তারা আদালতে চুরির বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তাই সেটি সামনে রেখে বিভিন্ন জনের স্বাক্ষর ও জবানবন্দি রেকর্ড করে ৫৩ জন সাক্ষীর জবানবন্দি আদালতে জমা দেওয়া হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আরও জানান, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে সংগৃহীত বিভিন্ন আলামত ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়। খেজুরের বিচি, শসার টুকরা, ফল কাটার ছুরি, ইয়াবা সেবনের ফয়েল, সিগারেটের শেষাংশ, বেসিনের দাগ, দুই আসামির রক্তের নমুনা এবং নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় পেঁচানো গামছার নমুনাসহ ৬৬টি আলামত আদালতে জমা দেওয়া হয়েছে। পরীক্ষায় কয়েকটি নমুনায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের ডিএনএ শনাক্ত হয়েছে। পূর্বের মেট্রো কমিশনার ও বর্তমান রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদের দ্রুত পদক্ষেপ এবং অন্যান্য সংস্থার সার্বিক সহযোগিতার কারণে এসব আলামত সংগ্রহ করা সহজ হয়েছে। পূর্বে সংগৃহীত আলামতগুলোর পরবর্তী সময়ে তদন্ত কর্মকর্তা বাকি আলামতগুলো সংগ্রহ করে সিআইডির ল্যাবে পরীক্ষা শেষে আদালতে জমা দেন।
পূর্বের মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং বর্তমান কর্মকর্তাদের তদন্তে কোনো অমিল আছে কি না—এমন প্রশ্নের জবাবে মেট্রো কমিশনার বলেন, আগে যেভাবে তদন্ত হয়েছিল, তা সঠিক পথেই ছিল। মিডিয়ায় কীভাবে কী প্রকাশিত হয়েছে, সে বিষয়ে কিছু বলব না; তবে দীর্ঘ তদন্ত শেষে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছে। আসামিরা ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়ে বিষয়টি স্বীকার করেছেন।
মামলার তদারকি কর্মকর্তা রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণ ও দীর্ঘ তদন্তে হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই আসামির জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে সন্দেহাতীতভাবে স্পষ্ট হয়েছে। ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ পর্যন্ত ১০০ জনের বেশি মানুষের সাক্ষ্য নেওয়া হয়েছে; এর মধ্যে ৫৩ জনের জবানবন্দি সাক্ষী হিসেবে আদালতে জমা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ডিবি পুলিশের হাতে তদন্তের দায়িত্ব আসার প্রায় তিন মাসের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আদালতে জমা দেওয়ার আগে তদন্তের বিভিন্ন দিক পর্যালোচনা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হয়েছে; এ প্রক্রিয়ায় কোর্ট পুলিশেরও ভূমিকা রয়েছে। মামলায় দণ্ডবিধির ৩০২, ৩৮০ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, অভিযুক্ত সিদ্ধার্থ ও মুগ্ধ দাস মনে করেছিল গণপতি চক্রবর্তী মাস্টার অবসরের টাকা বাসায় রেখেছেন, কিন্তু তদন্তে দেখা গেছে তিনি কোনো টাকা বাসায় রাখেননি। হত্যাকারীদের কাছ থেকে ১৫ হাজার টাকা ও কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। তবে পরে খোঁজ নিয়ে জানা গেছে, ব্যাংকের হিসাবে গণপতি মাস্টারের প্রায় ২০ লাখ টাকা এখনো সংরক্ষিত আছে। সার্বিক দিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে; আশা করি আদালত আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক জিন্নাত আলী বলেন, রংপুরে গণপতি চক্রবর্তী মাস্টার হত্যাকাণ্ডের বিষয়টি ছিল সারা দেশের জন্য আলোচিত ঘটনা। গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর দুই দফায় ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল। দীর্ঘ তদন্তে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, উদ্ধার হওয়া আলামত, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করে তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করা হয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সবাই তা পর্যালোচনা করেন। এর পরেও একাধিকবার সংশ্লিষ্ট বিচারকের কাছে চার্জশিট নিয়ে সরাসরি দেখানো হয়েছে। বিজ্ঞ বিচারক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের আলোকে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এখানে সাক্ষীদের জবানবন্দি, ডিএনএ টেস্টের রিপোর্ট ও আলামতসহ সবকিছু দেওয়া হয়েছে। তদন্তের সময় সাংবাদিকদের ফোন ধরেননি—এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, অনেক সময় তদন্তের ক্ষেত্রে অনেক তথ্য সাংবাদিকদের আগাম দেওয়া যায়নি; এ কারণে অনেকে নানা রকম লিখেছেন। পরবর্তী সময়ে প্রকৃত ঘটনা তদন্তে উঠে আসার পর নিশ্চিত হয়ে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ও বর্তমান রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদ আমার দেশ-কে বলেন, আমি মেট্রো পুলিশ কমিশনারের দায়িত্বে থাকা অবস্থায় রংপুর নগরীতে আলোচিত গণপতি চক্রবর্তী মাস্টারসহ পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনা ঘটেছিল। ওই সময় আমিসহ প্রশাসনের কর্মকর্তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহের পাশাপাশি দ্রুত হত্যাকারী সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করেন। তাদের জিজ্ঞাসাবাদেই প্রকৃত ঘটনার রহস্য বেরিয়ে আসে। ওই সময় মিডিয়ায় নানা জনের মত নিয়ে নিজেদের মতো করে রিপোর্ট প্রকাশ করা হয়েছিল, যা সঠিক ছিল না। প্রকৃত ঘটনা ছিল চুরি; তাই তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে প্রকৃত ঘটনা উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেছেন। আমরা আশা করি বিজ্ঞ আদালত আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন।
উল্লেখ্য, চলতি বছরের ২২ আগস্ট শনিবার রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকা থেকে গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রিয়ম চক্রবর্তীকে (১২) নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় স্তব্ধ হয়ে যায় রংপুর নগরী; এলাকায় নেমে আসে শোকের ছায়া। রাতেই লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গণপতি চক্রবর্তী জুয়েল রংপুর জেলা স্কুলের সাবেক ধর্মীয় শিক্ষক ছিলেন এবং অবসর নেওয়ার পর হোমিওপ্যাথিক চিকিৎসার চেম্বার পরিচালনা করতেন। তাঁর মেয়ে কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষা দিয়েছিলেন এবং ছেলে প্রিয়ম ছিল রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
আদালতে চার্জশিট দাখিল
৫৩ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ
৬৬টি আলামত আদালতে জমা
মামলা তদন্তকারী কর্মকর্তার বক্তব্য
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন