০৫:১৮ পি.এম
বাংলাদেশ নারী টি-টোয়েন্টি ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি নিগার সুলতানা জ্যোতির স্থলাভিষিক্ত হয়েছেন। একই সাথে দলের নতুন সহ-অধিনায়ক হিসেবে ব্যাটার সোবহানা মোস্তারিকে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বরাত দিয়ে ক্রিকবাজ এই তথ্য নিশ্চিত করেছে।
এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নিগার সুলতানা। তিনি জানান, নিজের খেলায় আরো মনোযোগ দিতে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন।
বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচক প্যানেলের সাথে বৈঠক শেষে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নাহিদার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই সাথে সোবহানা মোস্তারি তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবে।’
আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপে আজ মুখোমুখি হচ্ছে কে-কার
বিসিবি মনে করছে, নাহিদাকে দায়িত্ব দেওয়ার জন্য এখনই উপযুক্ত সময়। ২০২২ সালে নিগার টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার পর থেকেই নাহিদা দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন।
রফিকুল আরো বলেন, ‘নাহিদা দীর্ঘ সময় ধরে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছে। এখন আমরা মনে করছি, টি-টোয়েন্টি দলের দায়িত্ব তার হাতে তুলে দেওয়ার সঠিক সময় এসেছে।’
টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেও ওয়ানডেতে অধিনায়ক হিসেবে নিগার থাকছেন। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তার নেতৃত্বে খেলেছে বাংলাদেশ।
বাংলাদেশ নারী দলের পরবর্তী সূচি আইসিসি উইমেন্স এমার্জিং নেশনস ট্রফি। এই প্রতিযোগিতা থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এবং আগামী ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে দলটির অভিযান শুরু হবে।
আরও পড়ুন: মিরপুর টেস্টের একাদশে নেই মুশফিক, ইনজুরির কারণে বাদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন