ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে তুলাতলি তীরের বেদে পল্লীতে গুড়ি গুড়ি বৃষ্টিতে বিপর্যয়


বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে তুলাতলি তীরের বেদে পল্লীতে গুড়ি গুড়ি বৃষ্টিতে বিপর্যয়

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'আকভানের' প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে হিমেল বাতাসের কারণে চরম দুর্ভোগে পড়েছে বাকেরগঞ্জের তুলাতলি সেতুর সংলগ্ন নদী তীরবর্তী বেদে পল্লীর বাসিন্দারা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে শুরু হওয়া টানা বৃষ্টির ফলে উপজেলা সদরের পার্শ্ববর্তী তুলাতলি সেতুর সংলগ্ন নদীর তীরে অবস্থিত বেদে পল্লীর পলিথিন ও ত্রিপল টানানো ঝুপড়ি ঘরগুলোতে পানি ঢুকে পড়েছে। এর ফলে এখানকার বাসিন্দারা মানবেতর জীবন যাপন করছেন।

সরেজমিনে তুলাতলি নদীর তীরবর্তী বেদে পল্লীতে গিয়ে দেখা যায়, নদীর কিনারা ঘেঁষে সারি সারি কালো রঙের পলিথিনের ছাউনি দেওয়া অস্থায়ী ঘরগুলো বৃষ্টির পানিতে বসবাস অযোগ্য হয়ে পড়েছে। টানা দুই দিনের গুড়ি গুড়ি বৃষ্টির কারণে ঘরের ভিতরের মাটি নড়ম হয়ে কর্দমাক্ত হয়ে গেছে এবং ছাউনি চুয়ে পানি পড়ে বিছানাপত্র ও কাপড় চোপড় ভিজে গেছে। অন্যদিকে, ভেজা মাটি ও স্যাতস্যাতে পরিবেশের কারণে অনেক পরিবার চুলা জ্বালাতে পারছে না।

আরও পড়ুন: মধুপুরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বেদে পল্লীর বাসিন্দারা জানান, দুইদিন ধরে গুমোট আবহাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে তাদের দৈনন্দিন আয় রোজগার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। বৈরী আবহাওয়ার কারণে হাতে কাজ না থাকায় তারা পরিবার পরিজন নিয়ে খাদ্য সমস্যায় পড়েছেন।

তুলাতলি তীরবর্তী বেদে পল্লীর বাসিন্দারা জানান, শীতের শুরুতে এমন দুর্যোগ কবলিত আবহাওয়ার প্রভাবে তারা তাদের পল্লীর শিশু ও বৃদ্ধদের নিয়ে বেশী চিন্তিত। কারণ ঠান্ডা আবহাওয়া ও স্যাতস্যাতে পরিবেশের কারণে রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানা ধ্বংসের দাবি সৌদি জোটের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানা ধ্বংসের দাবি সৌদি জোটের

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের সামরিক সক্ষমতা লক্ষ্য করে একটি বড় ধরনের বিমান হামলা চালিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার ভোরে পরিচালিত একটি সিরিজ বিমান হামলায় জোটটি দাবি করেছে, হুতি পরিচালিত ছয়টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানা এবং একটি প্রধান রসদ ডিপো ধ্বংস করা হয়েছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, "হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা গুঁড়িয়ে দিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।"

এছাড়া, হামলায় ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং ড্রোনের যন্ত্রাংশ তৈরি ও সংযোজনের কাজে ব্যবহৃত ছয়টি ওয়ার্কশপ বা কারখানা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তিনি আরও জানান, তাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রসদ ডিপোও ধ্বংস করা হয়েছে।

এর আগে ভোরে সানায় একের পর এক ভারী বিমান হামলার খবর পাওয়া যায়। প্রচণ্ড বিস্ফোরণের শব্দে পুরো শহর কেঁপে ওঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড. আতিক মুজাহিদ: বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের উদ্যোক্তা হতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


ড. আতিক মুজাহিদ: বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের উদ্যোক্তা হতে হবে

কুড়িগ্রামে দিনব্যাপী ‘জাতীয় যুব সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলার বিভিন্ন এলাকা থেকে আগত যুবকদের অংশগ্রহণে কলেজ মোড়স্থ গ্র্যান্ড অ্যাসেম্বলি হলরুমে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুর জামান বাবু, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. মুকুল মিয়া, সদস্যসচিব মো. মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব মাওলানা দিনার মিনহাজ।

জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এম. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তমাল।

প্রধান অতিথির বক্তব্যে ড. আতিক মুজাহিদ উল্লেখ করেন, ‘কুড়িগ্রামের তরুণদের মাঝে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। চাকরির পেছনে না ছুটে কৃষি, ক্ষুদ্র শিল্প ও প্রযুক্তিতে উদ্যোক্তা হয়ে নিজেদের ভাগ্য বদলাতে হবে। বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে এবং তরুণদের অধিকার প্রতিষ্ঠায় আমি সবসময় পাশে আছি।’

প্রধান আলোচক রিফাত রশিদ বলেন, ‘মাদক, বেকারত্ব ও হতাশা থেকে তরুণদের দূরে রাখতে সুশৃঙ্খল সংগঠন ও সুস্থ সংস্কৃতি জরুরি। নেতৃত্ব মানে পদ নয়, মানুষের পাশে দাঁড়ানো ও অন্যায়ের প্রতিবাদ করার নামই নেতৃত্ব। তৃণমূল পর্যায়ে যুবশক্তিকে আরও গতিশীল করে মানবিক সমাজ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

সম্মেলনে জাতীয় যুবশক্তির কুড়িগ্রাম জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সোনারগাঁ জোনাল অফিসের সোনারগাঁ-১ (৩০ এমভিএ) উপকেন্দ্রের জরুরি মেরামতের কারণে শনিবার (২১ নভেম্বর) নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডেপুটি জেনারেল ম্যানেজারের অফিস থেকে পাঠানো এক নোটিশে বুধবার (১৮ নভেম্বর) নিশ্চিত করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, জরুরি কাজের জন্য শনিবার সোনারগাঁ উপজেলার সোনারগাঁও পৌরসভা, মোগড়াপাড়া ইউনিয়ন, সনমান্দী ইউনিয়নের আংশিক (বাংলাবাজার, দড়িকান্দী, কান্দাপাড়া, ঈমানেরকান্দী, অলিপুরা বাজার, সাজালেরকান্দী, মগবাজার), বৈদ্যারবাজার ইউনিয়নের আংশিক (বৈদ্যেরবাজার, সাহাপুর, সাতভাই পাড়া), পিরোজপুর ইউনিয়নের আংশিক (জিয়ানগর, ভাটিবন্দর, রতনপুর) এলাকায় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে।

এছাড়া, গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ সোনারগাঁ জোনাল অফিস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

নোটিশে আরো জানানো হয়েছে, সংস্কার কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত আমির: আলী আহসান মুজাহিদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে জাতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


জামায়াত আমির: আলী আহসান মুজাহিদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে জাতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে তিনি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উল্লেখ করেন, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ছিলেন ইসলামী আন্দোলনের একজন আদর্শনিষ্ঠ ও আপসহীন নেতা। গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

জামায়াত আমির বলেন, ২০০১-২০০৬ মেয়াদে চারদলীয় জোট সরকারের সমাজকল্যাণমন্ত্রী হিসেবে তিনি সততা, দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি অভিযোগ করেন, সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে দলটিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। সেই ধারাবাহিকতায় মুজাহিদের বিরুদ্ধে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয় এবং দলীয়ভাবে সাজানো মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম সুপ্রিম কোর্ট থেকে বেকসুর খালাস পাওয়ায় প্রমাণিত হয়েছে যে, জামায়াত নেতাদের বিরুদ্ধে আগের রায়গুলো অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অন্যায় ও প্রহসনমূলক ছিল। তাছাড়া যে প্রধান বিচারপতির নেতৃত্বে মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছিল, তিনি নিজেই দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন। যিনি নিজেই দুর্নীতিগ্রস্ত, তাঁর বিচারও ন্যায়ভ্রষ্ট। একমাত্র রাজনৈতিক উদ্দেশ্যেই মুজাহিদসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ২০১৫ সালের ২১ নভেম্বর রাত ১২টা ৫৫ মিনিটে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শহীদ মুজাহিদসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের ত্যাগ ও আত্মদানের ইতিহাস জাতি চিরদিন স্মরণ করবে। তাঁদের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে এ দেশে একদিন ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, জাতি আজ তার শূন্যতা গভীরভাবে অনুভব করছে। তিনি মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান মহান আল্লাহর কাছে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের শাহাদাত কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দানের দোয়া করেন। একই সঙ্গে তাঁর অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তির প্রতি আহ্বান জানান এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%