মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১০:০৮ পি.এম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩৩৮ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে গোমস্তাপুর উপজেলার রামেশ্বর মাঠ এলাকায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধীনস্থ বিভিষণ বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিষণ বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত মেইন পিলার ২২৯/৩৫-আর থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রামেশ্বর মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৫৩ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ ও ১৮৫ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।
জব্দ করা এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৫ হাজার ২০০ টাকা। উদ্ধার করা মাদকদ্রব্য গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ২৩ বছর পর আবার ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিল। তবে কিছু ভুলের কারণে সেই স্বপ্ন ভেঙে গেছে। হামজা-শমিতদের সাফে ব্যর্থতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী। আজ তিনি সংবাদ মাধ্যমকে বলেন, “জিততে না পারলে তো হতাশা লাগেই। এটা ন্যাচারালি সবার যেমন লাগছে, আমারও খারাপ লাগছে। এবার খুবই ভালো সম্ভাবনা ছিল আমাদের। বিশেষ করে আগের ম্যাচটা (সেমিফাইনালের আগে) আমরা যে পারফরম্যান্স করলাম। পরের ম্যাচে (সেমিফাইনালে) এসে কেমন জানি একটু থিতিয়ে গেল, এটা তো খারাপ লাগার কথা। যাই হোক, যে কথা আমি বারবার বলছি, এটা তো একটা ব্যর্থতা। সেই ব্যর্থতাটাকে কাটিয়ে ওঠার জন্য আমাদের এখন প্রস্তুতি নিতে হবে। যাতে আগামীতে অবশ্যই আমরা ভালো করতে পারি।”
এবারের সাফে দ্বিতীয় সারির একটি দল নিয়ে ভারত প্রমাণ করেছে যে, শুধু বংশোদ্ভূত ফুটবলার দিয়েই সব কিছু হয় না। ফুটবল কাঠামোটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের তৃণমূল ফুটবল নিয়ে কাজ করছেন বাফুফে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। তিনি মন্তব্য করেন, “আমরা কিন্তু অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন। অনূর্ধ্ব-১৯ এ ভাগ্য সহায় ছিল না। কিছু বিতর্কিত সিদ্ধান্ত ছিল। আমরা আপত্তি জানিয়েছি। সেখানে আমরা এক গোলের ব্যবধান রানার্সআপ হয়েছি। অর্থাৎ আমাদের টিমগুলো কিন্তু ভালো করছে। এটার পেছনে কারণ আমি যেটা বুঝি, আসলে প্লেয়ারটা দেশ থেকে আসছেন, বিদেশ থেকে আসছেন, এটা একটা বিষয়। কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ হলো আমরা তাদের নিয়ে কতটা সময় ধরে ক্যাম্প করাতে পারছি। অর্থাৎ পাঁচ জায়গা থেকে ১২ জন প্লেয়ার আমরা নিচ্ছি, কেমন অ্যাথলেট এলো তাদের ভেতরে যে সমন্বয়টা, এই সমন্বয়টা আমার মনে হয়েছে খুব জরুরি। আমরা বয়সভিত্তিকে তুলনামূলকভাবে ভালো করছি। তার কারণটা হলো, আমরা সম্পূর্ণ ফুটবল একাডেমিতে তাদের মাসের পর মানে দু মাস তিন মাসের ক্যাম্প করাতে পারছি।”
জাহেদী মনে করেন, দেশের ফুটবলে কোচিংয়ের দিকে বাড়তি নজর দিতে হবে। তিনি বলেন, “আমাদের দেশে কোচিংয়ের ইন জেনারেল একটা সংকট আছে যেটা ফেডারেশন আমরা এখন চেষ্টা করছি আপনার এই কোচিংটাকে আরো ট্রেনিংটাকে ডেভেলপ করে আরো ভালো কোচ কিছু তৈরি করা।” ফুটবলে মাঠ সমস্যার বিষয়টি আবার সামনে আনলেন বাফুফে সহসভাপতি জাহেদী। তিনি ভবিষ্যৎ খেলোয়াড় তৈরি করতে বন্ধ থাকা বিভিন্ন লিগ চালুর কথাও বলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজার সদর মডেল থানার পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টার মধ্যে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর থেকে শুক্রবার (২০ নভেম্বর) দুপুর পর্যন্ত কক্সবাজার পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজন, চোর ও ছিনতাইকারী হিসেবে তিনজন, মাদক সেবনের অভিযোগে ছয়জন এবং বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত দুইজন রয়েছেন।
পুলিশের সূত্র থেকে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার হওয়া তিনজন হলেন—কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকার কামরুল হাসান প্রকাশ কানু (৩৫), খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ার মো. আরমান হোসেন (৩০) এবং দক্ষিণ রুমালিয়ারছড়ার মো. আয়াস (১৯)। তাদের মধ্যে কামরুল হাসানের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র আইনসহ একাধিক মামলা রয়েছে।
চোর ও ছিনতাইকারী হিসেবে গ্রেফতার হওয়া তিনজন হলেন—খুরুশকুল টাইম বাজার এলাকার মো. বাবু (১৯), পৌরসভার ঘোনারপাড়ার আনোয়ারুল ইসলাম আবির (২০) এবং দক্ষিণ কুতুবদিয়াপাড়ার জিয়াবুল হক (২৬)। তাদের মধ্যে আনোয়ারুল ইসলাম আবিরের বিরুদ্ধে চুরি ও ঘরে প্রবেশ করে চুরির অভিযোগে একটি মামলা রয়েছে।
মাদক সেবনের অভিযোগে গ্রেফতার হওয়া ছয়জন হলেন—চট্টগ্রামের চান্দগাঁও এলাকার মো. হাসান রনি (৩০), সম্পাদ বড়ুয়া (২৭) ও মো. মাছুদ (২৮), কক্সবাজার পৌরসভার বৈদ্যঘোনা এলাকার মো. রিয়াজ (২২) এবং পশ্চিম বাহারছড়া এলাকার শাহ আলম (৫১) ও মিজান (২৪)।
এছাড়া, পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেফতার হয়েছেন খুরুশকুলের কাউয়ারপাড়া এলাকার মো. হুমায়ন আহমদ এবং কক্সবাজার পৌরসভার নুনিয়ারছড়ার গাড়ির মাঠ বিমানবন্দর সড়ক এলাকার সান্তনা বেগম।
পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেফতার কামরুল হাসানের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মারামারি, অস্ত্র আইনসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। অপরদিকে, আনোয়ারুল ইসলাম আবিরের বিরুদ্ধে ২০২৫ সালের ৭ অক্টোবর কক্সবাজার সদর থানায় চুরি ও চুরির উদ্দেশ্যে ঘরে প্রবেশের অভিযোগে মামলা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাগেরহাটের মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করার ঘটনায় তিন দিন পর মো. রাকিব খান (২৬) নামে এক যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া রাকিব খান উপজেলার জয়মনি সাইলো এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত নজরুল ইসলাম খানের পুত্র।
পুলিশের সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মোংলার শিকারির মোড় এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনার পর পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় রাকিব খানের অবস্থান শনাক্ত হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার রাকিব খান এলাকায় নিষিদ্ধ সংগঠন যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।
মোংলা থানার ওসি আতিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৭ নভেম্বর রাতে মোংলার শিকারির মোড় এলাকার গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় রাকিব খানকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মোংলা থানা পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার দেশজুড়ে অভিন্ন টোল কালেকশন ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে। এই ব্যবস্থার মাধ্যমে একটি অ্যাপ, সফটওয়্যার অথবা অ্যাকাউন্ট ব্যবহার করে দেশের বিভিন্ন সেতু, ফ্লাইওভার এবং টোল প্লাজায় টোল পরিশোধ করা সম্ভব হবে। সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ আশা প্রকাশ করেছেন যে, আগামী পবিত্র ঈদুল ফিতরের আগেই এই সেবা চালু করা সম্ভব হবে।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত এক কর্মশালায় তিনি এসব তথ্য জানান। এই কর্মশালার আয়োজন করা হয় যোগাযোগ বিটের পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড’ (আরআরআর)-এর সদস্যদের তিন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত করার জন্য।
মোহাম্মদ আবদুর রউফ বলেন, ইউনিফায়েড ন্যাশনাল ইটিসি (ইউওএনএফ) ফ্রেমওয়ার্কের আওতায় সারা দেশে একই টোল সিস্টেমের মতো প্রত্যেকটি টোল সিস্টেমে যেন একই অ্যাপ, সফটওয়্যার অথবা একটি অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করা যায়, সে লক্ষ্যে কাজ চলছে।
তিনি উল্লেখ করেন, রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভার, চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভার, পদ্মা, যমুনা, কর্ণফুলী ও মুক্তারপুর সেতুর টোল প্লাজাগুলো এপিআইয়ের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত করা হবে। এপিআই এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে দুটি ভিন্ন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের মধ্যে তথ্য আদান-প্রদান ও যোগাযোগ করা সম্ভব।
সেতু বিভাগের সচিব জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কেন্দ্রীয়ভাবে সফটওয়্যার ও অ্যাপ তৈরি করছে। পরে দরপত্রের মাধ্যমে দুটি পেমেন্ট সার্ভিস অপারেটর (পিএসও) নিয়োগ দেওয়া হবে। ডিসেম্বর নাগাদ সফটওয়্যার পাওয়া গেলে আগামী রোজার ঈদের আগেই এ সেবা চালু করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।
নতুন ব্যবস্থায় টোলের অর্থ স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট সংস্থার হিসাবে জমা হবে। তিনি বলেন, এপিআই যুক্ত থাকলে যে যানবাহন যেখানে যাবে, সে বিভাগ সে টাকা পাবে। যেমন—সেতুর টাকা সেতুর অ্যাকাউন্টে, সড়কের টাকা সড়কের অ্যাকাউন্টে স্বচ্ছতা ও রিয়েল-টাইম ডেটাসহ জমা হবে।
তবে এ ব্যবস্থা কার্যকর করার জন্য সব টোল প্লাজায় একই স্পেসিফিকেশনের রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) রিডার, অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন ক্যামেরাসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করতে হবে। এ জন্য টেকনিক্যাল কমিটি অভিন্ন স্পেসিফিকেশন নির্ধারণ করেছে বলেও তিনি জানান।
বর্তমানে সড়কপথে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল দিতে বিভিন্ন সংস্থার আলাদা নিবন্ধনের বাধ্যবাধকতা বিদ্যমান। তবে নতুন ব্যবস্থায় এ ধরনের ভোগান্তি থাকবে না বলে জানিয়েছেন সেতু বিভাগের সচিব।
তিনি জানান, গাড়ির মালিকরা ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের মূল তথ্য সংগ্রহ করা হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার থেকে। পাশাপাশি আরএফআইডি ট্যাগ ও রিড ক্যাপাসিটিসংক্রান্ত সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
যেসব টোল প্লাজা এ ব্যবস্থার আওতায় আসবে, সেখানে যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারবে। বিকাশ, নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যাংক কিংবা ভিসা কার্ডের মতো বাংলাদেশ ব্যাংক স্বীকৃত বিভিন্ন পেমেন্ট মাধ্যম যুক্ত করে একটি ওয়ালেটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করা যাবে।
এতে যানবাহন ঘণ্টায় ৪০ থেকে ৮০ কিলোমিটার গতিতে চললেও টোল দেওয়ার জন্য থামতে হবে না। গাড়ি টোল প্লাজা অতিক্রম করার সময় স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ওয়ালেট থেকে নির্ধারিত টাকা কেটে নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ