০৬:১৯ পি.এম
জনশক্তি রপ্তানি খাতের চলমান সংকট মোকাবেলা ও করণীয় নির্ধারণের উদ্দেশ্যে ঐক্যের আহ্বান জানিয়েছে রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন ‘বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোট’।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান জোটের নেতৃবৃন্দ।
সভায় দেশের সহস্রাধিক রিক্রুটিং এজেন্সির মালিক ও বায়রা সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কুতুবদিয়ায় পৃথক ঘটনায় একদিনে তিন শিশুর পানিতে ডুবে মৃত্যু
সভায় বক্তারা জনশক্তি রপ্তানি খাতে বিদ্যমান সমস্যাগুলো, এজেন্সিগুলোর টিকে থাকার চ্যালেঞ্জ, ভিসা জটিলতা, দালালচক্রের দৌরাত্ম্য এবং বৈদেশিক শ্রমবাজারে প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা উল্লেখ করেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিট্যান্স এবং এই রেমিট্যান্স যোদ্ধাদের বিদেশে পাঠানোর মূল কারিগর হচ্ছেন বায়রার সদস্যরা। সুতরাং, এই খাতকে রক্ষা করতে হলে সকল ভেদাভেদ ভুলে গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্বের মাধ্যমে বায়রাকে শক্তিশালী করতে হবে। এ সময় জোটের পক্ষ থেকে সদস্যদের অধিকার রক্ষা, হয়রানি বন্ধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা এবং সরকারের সঙ্গে গঠনমূলক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য, বায়রার সাবেক সিনিয়র সহসভাপতি ও জোটের সভাপতি পদপ্রার্থী মো. আব্দুল গফুর ভূঁইয়া। তিনি বলেন, ‘বায়রা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়, এটি সকল সদস্যের সংগঠন। তাই সদস্যদের মতামতের ভিত্তিতেই বায়রাকে এগিয়ে নিতে হবে। চলমান সংকট থেকে উত্তরণে ঐক্যই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।’
সভা শেষে উপস্থিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংকট উত্তরণে আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়।
আরও পড়ুন: বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জানালেন ডা. জুবাইদা
জোটের যুগ্ম মহাসচিব পদপ্রার্থী মো. মহিউদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা ওভারসিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী আজগর লবি এমপি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন