০৬:২১ পি.এম
সংসদ ভবন, ১১ নভেম্বর, ২০২৬ : মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে চিকিৎসা সহায়তা এবং সামাজিক নিরাপত্তা সুবিধা আরও সম্প্রসারণের বিষয়টি সরকার বিবেচনা করছে।
আজ জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এই তথ্য জানান।
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য এম এ হান্নানের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।
আরও পড়ুন: জুবাইদার বিশ্বনেতাদের সহধর্মিণীদের বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ
মন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ৯৯ জন মুক্তিযোদ্ধাকে সরকার মাসিক সম্মানী ভাতা প্রদান করছে।
তিনি জানান, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সারা দেশে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
মন্ত্রী আরও জানান, ‘অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় নাসিরনগরে ১৩ জন মুক্তিযোদ্ধা অথবা তাঁদের পরিবারের জন্য বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ‘অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ শীর্ষক একটি নতুন প্রকল্প প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবিত প্রকল্পটি প্রণীত হলে আরও বেশি সংখ্যক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার আবাসন সুবিধা পাবেন।
আরও পড়ুন: বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু কঠিন চাপের মুখে
মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধের সহযোগীদের কল্যাণে হাটবাজারের ইজারালব্ধ আয়ের ৪ শতাংশ ব্যয়সংক্রান্ত নীতিমালা, ২০২৫’-এর আওতায় সরকার নিয়মিতভাবে দেশের সব সরকারি হাসপাতাল এবং ২৪টি বিশেষায়িত হাসপাতালে অর্থ বরাদ্দ দিচ্ছে। এসব বিশেষায়িত হাসপাতালের মধ্যে তিনটি বেসরকারি হাসপাতালও অন্তর্ভুক্ত রয়েছে।
বিদ্যমান নীতিমালা অনুযায়ী, উপজেলা পর্যায়ের হাসপাতালে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগীরা বছরে সর্বোচ্চ ১০ হাজার টাকা, জেলা পর্যায়ের হাসপাতালে ২০ হাজার টাকা এবং বিভাগীয় পর্যায়ের হাসপাতালে ৩০ হাজার টাকা চিকিৎসা সহায়তা পান।
এ ছাড়া বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসায় বছরে সর্বোচ্চ এক লাখ টাকা এবং জটিল রোগের চিকিৎসায় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা সহায়তা দেওয়া হয়।
মুক্তিযোদ্ধাদের স্বামী বা স্ত্রীরাও চিকিৎসা সহায়তার আওতায় রয়েছেন। তারা উপজেলা পর্যায়ের হাসপাতালে বছরে সর্বোচ্চ ১০ হাজার টাকা, জেলা পর্যায়ে ২০ হাজার টাকা এবং বিভাগীয় পর্যায়ে ৩০ হাজার টাকা সহায়তা পান।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক
বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসায় তাদের বছরে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং জটিল রোগের চিকিৎসায় সর্বোচ্চ দুই লাখ টাকা সহায়তা দেওয়া হয়।
মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার এসব কর্মসূচি বাস্তবায়ন করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন