ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এশিয়ার জ্বালানি নিরাপত্তায় তেলের মজুত বাড়াতে জাপানের নতুন উদ্যোগ


এশিয়ার জ্বালানি নিরাপত্তায় তেলের মজুত বাড়াতে জাপানের নতুন উদ্যোগ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ফলে তেল ও গ্যাস সরবরাহে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, তার প্রেক্ষিতে এশিয়ার দেশগুলোর জ্বালানি নিরাপত্তা জোরদার করার জন্য নতুন উদ্যোগ গ্রহণ করেছে জাপান। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এশিয়ার দেশগুলোর মধ্যে তেলের মজুত ও জরুরি পরিস্থিতিতে সরবরাহ সমন্বয়ের জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠনের প্রস্তাব করেছেন।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনের এক বৈঠকে দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদের কাছে তিনি এ প্রস্তাব উপস্থাপন করেন।

এই প্রস্তাবিত উদ্যোগের আওতায়, জাপানের অব্যবহৃত তেল সংরক্ষণাগারগুলোকে এশিয়ার প্রতিবেশী দেশগুলো ব্যবহার করতে পারবে। পাশাপাশি, জরুরি পরিস্থিতিতে একে অপরকে তেল সরবরাহের বিষয়টি সমন্বয় করার পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ-এস্তোনিয়া সম্পর্ক জোরদারে পররাষ্ট্র সচিবের সঙ্গে রাষ্ট্রদূতের আলোচনা

তাকাইচি উল্লেখ করেন, ফিলিপাইনের নেতৃত্বে চলমান যৌথ তেল মজুত কর্মসূচির সঙ্গে সমন্বয় করে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। তিনি এটিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) আদলে এশিয়ার একটি উদ্যোগ হিসেবে গড়ে তোলার কথা জানান।

এছাড়া, মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে এশিয়ার জ্বালানি ব্যবহারকারী দেশগুলোর সহযোগিতা বাড়াতে ‘পাওয়ার গালফ ইনিশিয়েটিভ’ নামে আরেকটি নতুন উদ্যোগের প্রস্তাবও দেন জাপানের প্রধানমন্ত্রী।

ইরান যুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশেষ করে, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ কার্যত বন্ধ হয়ে যাওয়ার ফলে এশিয়ার দেশগুলো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে।

জাপানের প্রাকৃতিক সম্পদ ও জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় ৯০ শতাংশই এশিয়ার দেশগুলোর জন্য নির্ধারিত।

আরও পড়ুন: জেনসেন না থাকলেও এনভিডিয়ায় তার পরিবারের প্রভাব রয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

তালিকাটিতে কেন্দ্রের কোড নম্বর, কেন্দ্রের আওতাধীন কলেজের নাম ও কোড নম্বর, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তাসহ বিভিন্ন তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি-এর টাকা গ্রহণ করবেন। এরপর, জেলা প্রশাসকের মাধ্যমে গোপনীয় কাগজপত্র এবং অলিখিত উত্তরপত্রসহ অন্যান্য কাগজপত্র ঢাকা শিক্ষা বোর্ড থেকে সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন। প্রতিদিন সাপ্লিমেন্টারি পরীক্ষা শেষে ওএমআরের প্রথম অংশ ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে এবং উত্তরপত্রগুলো পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাতে হবে।

এতে আরো বলা হয়েছে, জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ অথবা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা কলেজের জ্যেষ্ঠ কোনো অধ্যাপক দায়িত্ব পালন করবেন।

কেন্দ্র প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা জেলা বা উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিজ কেন্দ্র প্রতিষ্ঠানে পরীক্ষায় অংশ নেবেন। তবে কেন্দ্র প্রতিষ্ঠানের কোনো প্রত্যবেক্ষক ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হলরুমে দায়িত্ব পালন করতে পারবেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেধা ও যোগ্যতার ভিত্তিতে ঝালকাঠিতে টিআরসি নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

​মো.রাজিব তালুকদার

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


মেধা ও যোগ্যতার ভিত্তিতে ঝালকাঠিতে টিআরসি নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিন সম্পন্ন

স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে, মেধা ও যোগ্যতার ভিত্তিতে শতভাগ স্বচ্ছতা»—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনের কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
আজ ১৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে পুলিশ লাইন্স ঝালকাঠিতে নিয়োগ পরীক্ষার অংশ হিসেবে প্রার্থীদের Physical Endurance Test (PET) বা শারীরিক সহনশীলতা পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প এবং হাই জাম্প ইভেন্টগুলোতে প্রার্থীরা অংশ নেন। সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে শতভাগ মেধা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতে এই কার্যক্রম পরিচালিত হয়।
ঝালকাঠি জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মেরিন সুলতানা মহোদয়ের সুদৃঢ় নেতৃত্বে এবং সরাসরি তত্ত্বাবধানে আজকের শারীরিক সহনশীলতা পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষার দ্বিতীয় দিনের কার্যক্রম পরিদর্শন ও সমাপনী বক্তব্যে পুলিশ সুপার মহোদয় উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, "সম্পূর্ণ মেধা, স্বচ্ছতা ও শারীরিক যোগ্যতার মধ্য দিয়েই তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তাই কোনো রকম প্রতারণার শিকার হবে না এবং কোনো ধরনের দালালের খপ্পরে পড়বে না।"
নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিগণ, রেঞ্জ কার্যালয় বরিশালের মনোনীত প্রতিনিধিগণ এবং ঝালকাঠি জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামীকালকের কর্মসূচি:
আজকের শারীরিক সহনশীলতা পরীক্ষায় (PET) উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে আগামীকাল ১৮ নভেম্বর ২০২৬ তারিখ ঝালকাঠি পুলিশ লাইন্সে পরবর্তী কার্যক্রম অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের হুমকি: ইরানকে ‘ডার্টি বোমা’ হামলার খবরে সতর্ক করলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


ট্রাম্পের হুমকি: ইরানকে ‘ডার্টি বোমা’ হামলার খবরে সতর্ক করলেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের ভেতরে যে কোনো হামলা ঘটলে তাদের নজিরবিহীন পরিণতি ভোগ করতে হবে।

এ ব্যাপারে তিনি আলজাজিরাকে জানান, ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য হামলার লক্ষ্য কি না—এমন প্রশ্নের জবাবে তিনি এই হুঁশিয়ারি দেন।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান সম্মেলনে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, "এ ধরনের কোনো হামলা হলে এমন মূল্য দিতে হবে, যা এর আগে কোনো দেশকে দিতে হয়নি।"

তিনি আরও উল্লেখ করেন, "আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি। কারণ, তারা (ইরান) পাগলাটে আচরণ করে। এ কারণেই তাদের কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না।"

গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন একটি প্রতিবেদনে জানায়, নতুন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে যে, ইরান যুক্তরাষ্ট্রের রাজধানীতে ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের পরিকল্পনা করতে পারে।

ডার্টি বোমা হলো এমন এক ধরনের বিস্ফোরক, যেখানে প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়। এটি পারমাণবিক বোমা নয়, তবে বিস্ফোরণের মাধ্যমে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিতে সক্ষম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণকে নিয়ে ষড়যন্ত্রের বিষদাঁত ভাঙার আহ্বান সেলিম উদ্দিনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


জনগণকে নিয়ে ষড়যন্ত্রের বিষদাঁত ভাঙার আহ্বান সেলিম উদ্দিনের

দেশের বিভিন্ন মহল, দেশি ও বিদেশি, বহুমুখী ষড়যন্ত্রের নীলনকশা তৈরি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি উল্লেখ করেন, এসব ষড়যন্ত্রের নীলনকশা চুরমার করে দিতে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘গত জাতীয় নির্বাচনে দেশের জনগণ জামায়াতে ইসলামীকে যে প্রত্যাশা ও আস্থার জায়গা থেকে ভোট দিয়েছে, আমাদের সেই আস্থার পূর্ণ প্রতিফলন ঘটাতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে। একই সঙ্গে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর উত্তর থানার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেরেবাংলা নগর উত্তর শাখার আমির আবদুল আওয়াল আজমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন স্থানীয় নেতারা।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘আগামী সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জনগণকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব ঢাকা গড়ে তোলার উদ্যোগ নিতে আমরা কাজ করে যাচ্ছি। নগরীর উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে নাগরিকদের মতামত ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এই লক্ষ্যে সর্বস্তরের নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নগর উন্নয়নের টেকসই পরিকল্পনা গ্রহণ করতে আমরা তৎপর আছি।’

তিনি আরও জানান, আগামী ৪ ডিসেম্বর শেরেবাংলা নগর উত্তর থানার নাগরিকদের অংশগ্রহণে একটি নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সমাবেশে সর্বস্তরের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। সেখানে নাগরিকদের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা তুলে ধরে একটি বাসযোগ্য, আধুনিক ও উন্নত নগরী গড়ে তোলার বিষয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা হবে।

এ সময় তিনি দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলার আহ্বান জানান।

হাতিরঝিল পূর্ব থানার দায়িত্বশীল সমাবেশ:

এদিকে ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল পূর্ব থানার উদ্যোগে সোমবার রাতে একটি ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। থানা আমির অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমীর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিনের পরিচালনায় মগবাজারে থানা কার্যালয়ে এই সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%