ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

জোড়াতালি নয়, স্থায়ী সমাধান চান এলাকাবাসী; ঝুঁকিতে ভূরঘাটা-কালকিনি সড়ক


জোড়াতালি নয়, স্থায়ী সমাধান চান এলাকাবাসী; ঝুঁকিতে ভূরঘাটা-কালকিনি সড়ক

মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা-কালকিনি সড়কের লাল ব্রীজ এলাকার পূর্ব ঢালে ভয়াবহ ভাঙনের কারণে মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির এই বেহাল অবস্থা চললেও স্থায়ী কোনো সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকরা। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের সড়ক দুর্ঘটনা।
সরেজমিনে দেখা গেছে, লাল ব্রীজ সংলগ্ন পূর্ব পাশের ঢালের একটি বড় অংশ ধসে পড়েছে। এতে সড়কের প্রশস্ততা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, অতীতে একাধিকবার ভাঙন রোধে সংস্কার কাজ করা হলেও তা ছিল সাময়িক ও নিম্নমানের। সামান্য বৃষ্টি হলেই সংস্কারকৃত অংশ আবারও ধসে পড়ে। ফলে সরকারি অর্থ ব্যয় হলেও সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। অনেকেই এসব সংস্কার কার্যক্রমকে ‘আইওয়াশ’ হিসেবে আখ্যায়িত করেছেন।
ভুক্তভোগীরা জানান, এই সড়কটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন হাজার হাজার মানুষ এবং অসংখ্য যানবাহন এই পথ ব্যবহার করে। কিন্তু বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে তাদের চলাচল করতে হচ্ছে। রাতের অন্ধকার কিংবা প্রতিকূল আবহাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয়দের মতে, ভাঙন দ্রুত বিস্তৃত হচ্ছে এবং সময়মতো ব্যবস্থা না নিলে পুরো সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসী ও সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, বারবার নামমাত্র সংস্কারের পরিবর্তে আধুনিক প্রকৌশল প্রযুক্তি ব্যবহার করে স্থায়ীভাবে সড়কটি মেরামত করতে হবে। একই সঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ও জনদুর্ভোগ এড়াতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানুষের বদলে আমবাগান পাহারায় দুই কুকুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


মানুষের বদলে আমবাগান পাহারায় দুই কুকুর

একটি বিশাল আমবাগান রয়েছে। গাছগুলোতে ঝুলছে বিভিন্ন জাতের রঙিন আম, যা সকলের নজর কাড়ছে। তবে এই বিশাল ১০ বিঘার বাগানে পাহারায় কোন মানুষ নেই; বরং এখানে দিন-রাত ২৪ ঘণ্টা বাগানের সুরক্ষায় নিয়োজিত রয়েছে দেশি জাতের দুটি বিশ্বস্ত কুকুর। যাদের নাম দেওয়া হয়েছে ‘লালু’ এবং ‘কালু’। একটি দুর্ঘটনায় লালু তার একটি পা হারালেও, বাগান রক্ষায় তার সাহসিকতা এবং বিশ্বস্ততায় কোনো আঘাত আসেনি।

নওগাঁ পৌর এলাকার আনন্দনগর বাগবাড়ি অঞ্চলে চাষি আব্দুল আলিম এই মিশ্র জাতের আমবাগান গড়ে তুলেছেন। বারি-৪ সহ বিভিন্ন বিদেশি রঙিন আমে পরিপূর্ণ এই বাগানে যদিও কর্মচারী রয়েছে, তবে পাহারাদার হিসেবে আলিমের প্রধান ভরসা এই দুটি কুকুর। তারা এখন শুধু পাহারাদার নয়, বরং পরিবারের সদস্য হয়ে উঠেছে।

বাগানের মালিক আব্দুল আলিম জানিয়েছেন, তিনি শৈশবে এক আত্মীয়ের বাড়ি থেকে পরম যত্নে এই কুকুরছানা দুটি নিজের কাছে নিয়ে এসেছিলেন। একটি কুকুর লাল-সাদা রঙের হওয়ায় তার নাম রাখা হয়েছে ‘লালু’, অন্যটি কালো-সাদা হওয়ায় তাকে ‘কালু’ নামকরণ করা হয়। সময়ের সাথে সাথে তারা পরিবারের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

আলিম বলেন, ‘ওরা আমাদের পরিবারের সদস্যের মতোই। বিশাল এই বাগানে পাহারাদার রাখলে যে অতিরিক্ত খরচ হতো, তা লালু এবং কালুর কারণে বাঁচানো যাচ্ছে। আমরা নিজেও যা খাই, তারা এটুকু খায়। তবে তাদের হিংস্রতা নিয়ন্ত্রণে রাখতে মাঝে মাঝে সেদ্ধ মাংস দেওয়া হয়। এছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত টিকাসহ সকল ধরনের স্বাস্থ্যসেবাও দেওয়া হয়।’

স্থানীয় বাসিন্দাদের মতে, এই বাগানে অপরিচিত মানুষের প্রবেশ একপ্রকার অসম্ভব। লালু ও কালুর বাধা উপেক্ষা করে কেউ ভেতরে ঢুকতে পারে না। তবে পরিবারের কেউ তাদের সাথে থাকলে তারা শান্ত থাকে। শুধু বাগান পাহারাই নয়, আলিমের মেয়ের সঙ্গী হয়ে প্রতিদিন তাকে স্কুলে পৌঁছে দেওয়া এবং বিকেলে খেলাধুলার সময় সবখানেই এই দুই সঙ্গী ছায়ার মতো জড়িয়ে থাকে। তাদের এই অসাধারণ বিশ্বস্ততা ও বুদ্ধিমত্তায় প্রতিবেশীরাও মুগ্ধ।

এ বিষয়ে নওগাঁ জেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জানিয়েছেন, এক সময় কুকুর পালন শহরের বিষয় ছিল বা শুধুই শখ ছিল, কিন্তু বর্তমানে গ্রামীণ অর্থনীতি ও নিরাপত্তার কাজে মানুষ কুকুর পালন করছে।

তিনি বলেছেন, ‘এখন বিশ্বস্ত ও উপকারী প্রাণী হিসেবে মানুষ এদের লালন-পালন করছে। নিয়মিত জলাতঙ্কের টিকা এবং প্রয়োজনীয় চিকিৎসা দিলে এর ফলে মানুষের কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না। সঠিক যত্ন নিলে এরা মানুষের উপকারে আসে।’

সঠিক যত্ন, উপযুক্ত চিকিৎসা, এবং ভালোবাসা পেলে যে কোনও প্রাণীও মানুষের পরম বন্ধু এবং বিশ্বস্ত পাহারাদার হতে পারে। নওগাঁর ‘লালু’ এবং ‘কালু’ তারই একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় আনোয়ার হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজার থেকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় আনোয়ার হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজার থেকে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আনোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামি সাব্বির হোসেনকে কক্সবাজারের এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৭ জুন) ভোরে কক্সবাজার সদর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। এ সময় সাব্বিরের বাবা আলমগীর হোসেনকেও পুলিশের হাতে আটক করা হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ‘আনোয়ার হোসেন নিহতের ঘটনায় তার বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। আমরা দ্রুত দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সাব্বিরকে কক্সবাজার থেকে কসবা থানায় আনা হয় এবং পরবর্তীতে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

উল্লেখ্য, কসবা উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে আনোয়ার হোসেনকে ছুরিকাঘাত করে হত্যা করে সাব্বির হোসেন।

পরে নিহত আনোয়ারকে স্থানীয়রা উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আনোয়ার একই ইউনিয়নের রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের গিয়াসউদ্দিন চৌধুরীর ছেলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


নকলায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

শেরপুরের নকলায় বাংলাদেশ গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে স্থানীয় সরকারের বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের আয়োজনে এটি অনুষ্ঠিত হয় বানেশ্বরর্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, ডকুমেন্টারী প্রদর্শন, উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

বিএনপির ওয়ার্ড সভাপতি আব্দুছ সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেশ্বরর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত। এর আগে, সবার অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়।

গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (তৃতীয় পর্যায়) উপজেলা সমন্বয়কারী হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক খন্দকার তোফায়েল ইসলাম মাসুম, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহজাহান আলম সাজু এবং ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মো-ত্মাক আহম্মেদ প্রমুখ।

বক্তাগণ আলোচনা করেন বাংলাদেশ গ্রাম আদালতের কর্মপরিধি, বিচার প্রার্থনার প্রক্রিয়া ও সুষ্ঠু বিচার পাওয়ার নিশ্চয়তা বিষয়ে, এছাড়াও গ্রাম আদালতের উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ের উপর। আলোচনার পরে, প্রজেক্টরের মাধ্যমে বাংলাদেশ গ্রাম আদালতের সেবা সমূহের বি-ত্মারিত প্রদর্শন করা হয়। প্রদর্শন শেষে, উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হুমায়ুন কবির জানান, ২০২৩ সালের সেপ্টম্বর মাস থেকে নকলায় গ্রাম আদালতের কার্যক্রম শুরু করা হয়েছে। তবে অফিসিয়াল প্রস্তুতি শেষ করে, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে এই আদালতে মামলা গ্রহণ কার্যক্রম শুরু হবে। এরপর ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে মোট ৮৬৭টি ফৌজদারী ও দেওয়ানী বিরোধ মামলা গ্রহণ করা হয়েছে এবং ৮৬৫টি মামলা সুষ্ঠুভাবে নিষ্পত্তি করা হয়েছে।

অনুষ্ঠানে বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার আনার মিয়া, ইউপি সদস্য রোকনুজ্জামান, আব্দুল মতিন ও মনিরুজ্জামান, স্বপ্ন প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. তৌসিফ ইসলাম সানজিদ এবং ইউনিয়ন ওয়ার্কার সাদিয়া আক্তার, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নয়ন শেখ ও ওয়ার্ড বিএনপির নেতা রানা মিয়া সহ স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অংশীজন, স্বপ্ন প্রকল্পের উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণকারী সুবিধাভোগী নারী কর্মীগণ, গ্রামপুলিশ এবং বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা রবিবার মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি পূর্বতন চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

রবিবার মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মো. শফিকুল ইসলাম সরকারের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। এর আগে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান পদে কর্মরত ছিলেন।

নবযোগদানকৃত চেয়ারম্যান সার্বিক বিষয় পর্যালোচনাপূর্বক বন্দরের উন্নয়নের স্বার্থে গৃহীতব্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, প্রশাসনিক কাজের জটিলতা হ্রাস করা সম্ভব হলে বন্দরের অন্যান্য অপারেশনাল কার্যক্রম সম্পাদন করা সহজ হবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%