০৪:৫৬ পি.এম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে সম্প্রতি ই-বুক ও ই-জার্নাল চালু করা হয়েছে। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী কেন্দ্রীয় লাইব্রেরির সদস্যপদ গ্রহণ করেন।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল এবং তৃতীয় তলার বর্ধিত কাজের উদ্বোধন করা হয়।
সেন্ট্রাল লাইব্রেরির পরিচালক ও গ্রন্থাগারিক ড. মো. মনিরুজ্জামান বলেন, "দায়িত্ব গ্রহণের পর থেকেই লাইব্রেরির সেবার মান বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে সচেষ্ট ছিলাম। বই ক্রয়, ই-রিসোর্স সংযোজন, অটোমেশন প্রক্রিয়ার কাজ শুরু, পত্রিকা বাঁধাই ও সংরক্ষণ, আউটডোর ওয়াশরুম ও গ্যারেজ নির্মাণ এবং ভবন সম্প্রসারণের কাজ শুরুর মাধ্যমে আজ লাইব্রেরিটি পুরোপুরি শিক্ষার্থীবান্ধব হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, উপাচার্যসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ছাড়া এই কাজগুলোর উদ্যোগ গ্রহণ সম্ভব ছিল না।"
আরও পড়ুন: আফতাবনগরে শিশুদের বইয়ের জগতে ফেরাতে আলোকায়নের ব্যতিক্রমী উদ্যোগ
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান বলেন, "উপাচার্যের দিকনির্দেশনা এবং লাইব্রেরি প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় আজ কেন্দ্রীয় লাইব্রেরিতে দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছে। বই, ই-বুক, ই-জার্নাল থেকে শুরু করে অটোমেশন ও অবকাঠামোগত যেসব কাজ সম্পন্ন হয়েছে, তা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক পরিবেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।"
বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন পরবর্তী প্রতিক্রিয়ায় উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী সন্তোষ প্রকাশ করে বলেন, "একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত প্রাণকেন্দ্র হলো তার লাইব্রেরি। আমাদের শিক্ষার্থীরা যাতে একটি নিরিবিলি, আধুনিক ও প্রযুক্তিনির্ভর পরিবেশে পড়াশোনা ও গবেষণা চালাতে পারে, বর্তমান প্রশাসন সবসময় সেই বিষয়ে গুরুত্ব দিয়ে আসছে। লাইব্রেরির এই আমূল পরিবর্তন আমাদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার পথকে আরো সুগম করবে।"
প্রসঙ্গত, প্রায় ১ কোটি ৩২ লাখ টাকার অধিক ব্যয়ে এই আধুনিকীকরণ প্রকল্পের আওতায় নতুন বই ও ই-রিসোর্স সংগ্রহের পাশাপাশি লাইব্রেরি অটোমেশন, পুরাতন পত্রিকা বাঁধাই ও সংরক্ষণ, ভবন সম্প্রসারণ, ইন্টারনেট ও নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
সংশ্লিষ্টদের বিশ্বাস, এই সময়োপযোগী পদক্ষেপের ফলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে গবেষণা ও জ্ঞানচর্চায় আরো বড় সফলতা অর্জন করতে সক্ষম হবে।
আরও পড়ুন: এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন