ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ঢাকা মেট্রোরেলসহ তিন প্রকল্পে কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ


ঢাকা মেট্রোরেলসহ তিন প্রকল্পে কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

কূটনৈতিক সংবাদদাতা

বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার কাছে অর্থায়ন চেয়েছে ঢাকা মেট্রোরেলের এমআরটি লাইন-৫-এর দক্ষিণ রুট, মতলব উত্তর গজারিয়া সেতু নির্মাণ এবং ২৬০টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ কেনার জন্য। ২০২৩-২০২৭ মেয়াদে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ৩০০ কোটি ডলারের অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিলের (ইডিসিএফ) আওতায় এসব প্রকল্পে অর্থায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়া প্রস্তাবিত প্রকল্পগুলোতে সহযোগিতার আশ্বাস প্রদান করেছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে এসব বিষয়ে আলোচনা করেছে। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় ওয়াকফের জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব কোরিয়া (কেক্সিম), কোরিয়া ইনভেস্টমেন্ট করপোরেশন (কেআইসি), শীর্ষস্থানীয় কোম্পানি ও প্রযুক্তিপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে ২০২৩-২০২৭ মেয়াদে ৩০০ কোটি ডলারের ইডিসিএফ কাঠামোগত চুক্তি চলমান রয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ তহবিলের আওতায় ৩০টি প্রকল্পের জন্য ২৭৮ কোটি ডলারের ঋণ অনুমোদন করা হয়েছে।

বাংলাদেশ কেক্সিমের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী হোয়াং কিয়নের সঙ্গে বৈঠকে ইডিসিএফের অবশিষ্ট অর্থ ব্যবহারে সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের প্রস্তাব দেয়। কেক্সিম জানায়, তহবিলের আওতায় অগ্রাধিকারযোগ্য প্রকল্পগুলো পর্যালোচনা করা হচ্ছে। মেট্রোরেলসহ প্রস্তাবিত তিন প্রকল্পে অর্থায়নের বিষয়টি সংশ্লিষ্ট কোরীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিবেচনা করা হবে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দক্ষিণ কোরিয়ার অর্থ ও অর্থনীতি মন্ত্রণালয়ের দ্বিতীয় উপমন্ত্রী চ্যাং হুরের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরও বিস্তৃত করে কৌশলগত পর্যায়ে উন্নীত করার আহ্বান জানান তিনি। এ সময় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় পরিচালিত সমন্বিত প্রবৃদ্ধি ও উন্নয়ন (আইজিএনডি) উদ্যোগের মহাপরিকল্পনা প্রণয়নে দক্ষিণ কোরিয়ার চলমান কারিগরি সহায়তার প্রশংসা করেন অর্থমন্ত্রী।

আরও পড়ুন: সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে ৮৮ কারখানা কর্মমুখর হয়ে উঠছে

কোরীয় পক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল রূপান্তর, বিকল্প অর্থায়ন, ভবিষ্যতে ইডিসিএফের সহযোগিতা এবং আইজিএনডিতে আরও বিস্তৃত অংশগ্রহণের বিষয়ে আলোচনা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে।

কোরিয়া ইনভেস্টমেন্ট করপোরেশনের (কেআইসি) সঙ্গে বৈঠকে বাংলাদেশের অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি ও ডিজিটাল অবকাঠামোসহ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় বিভিন্ন খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আকর্ষণের বিষয়টি গুরুত্ব পায়। এ ক্ষেত্রে ১০০ থেকে ২০০ কোটি ডলারের বাংলাদেশ সার্বভৌম তহবিলকে বিনিয়োগের সম্ভাব্য মাধ্যম হিসেবে আলোচনায় আনা হয়। কোরীয় তহবিল ব্যবস্থাপকদের মাধ্যমে কেআইসির ইকুইটি বিনিয়োগের সঙ্গে কেক্সিমের অর্থায়ন যুক্ত করার সম্ভাবনাও খতিয়ে দেখা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সহযোগিতার নতুন সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে এআই উঠে এসেছে। বৈঠকে উল্লেখ করা হয়, বাংলাদেশের এআই কর্মসূচির সঙ্গে কোরীয় সরকারের এআই ও ডিজিটাল রূপান্তরের অগ্রাধিকারের সামঞ্জস্য রয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপ্রতিষ্ঠান এলজি এআই রিসার্চের সঙ্গে বৈঠকে বাংলাদেশের সংস্কৃতি ও ভাষার উপযোগী বৃহৎ ভাষা মডেল (এলএলএম) তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। শিক্ষা, স্বাস্থ্যসেবা, উৎপাদনশিল্প ও সরকারি সেবায় এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়।

আরও পড়ুন: ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানালেন এমপি নূরুন্নিসা

ইয়ংওনের আয়োজনে কোরীয় বিনিয়োগবিষয়ক একটি ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে বাংলাদেশের হালকা প্রকৌশল ও যন্ত্রাংশ উৎপাদন খাতের সম্ভাবনা তুলে ধরা হয়। কোরীয় কোম্পানিগুলোকে বাংলাদেশে যৌথ উদ্যোগ গ্রহণ, প্রযুক্তি হস্তান্তর এবং কোরিয়ার মূল্য সংযোজনভিত্তিক সরবরাহব্যবস্থায় বাংলাদেশি সরবরাহকারীদের যুক্ত করার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বিজিএমইএ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৪ এম


৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বিজিএমইএ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এই তথ্য সংগঠনটি গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।

এর আগে, ২১ অক্টোবর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনটি উপসচিব ওয়ালীউল দামান স্বাক্ষর করেন। এর ফলে ৭ নভেম্বর দিনটি আনুষ্ঠানিকভাবে সরকারের সাধারণ ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যায়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সাধারণ ছুটি পালন করা হবে। সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে দিবসটি প্রতিবছর সরকারি ছুটির আওতায় পালনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে, দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। মন্ত্রিসভার ওই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছিনতাইকারী সন্দেহে দুই পুলিশ সদস্যসহ ৩ জনকে মারধর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৪ এম


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছিনতাইকারী সন্দেহে দুই পুলিশ সদস্যসহ ৩ জনকে মারধর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীকে পুলিশ পরিচয়ে তল্লাশির ঘটনায় শিক্ষার্থীরা দুই পুলিশ সদস্য এবং তাঁদের এক সোর্সকে ক্যাম্পাসে নিয়ে এসে মারধর করেন। পরে তাঁদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে এই ঘটনার সূত্রপাত ঘটে। রাত ১০টার দিকে উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টির সমাধান করা হয়।

ভুক্তভোগী দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁরা জানান, টিউশন শেষে কুমিল্লার রেসকোর্স এলাকার একটি গলি দিয়ে ফেরার সময় পুলিশ পরিচয়ে দুই ব্যক্তি তাঁদের গতিরোধ করেন। এ সময় তল্লাশির নামে তাঁদের পকেটে হাত দেওয়া হয়। পরিচয় জানতে চাইলে তাঁদের একজন পুলিশ পরিচয় দিয়ে এক শিক্ষার্থীর শার্টের কলার ধরেন। তল্লাশির পর কিছু না পেয়ে চলে যেতে চাইলে শিক্ষার্থীরা তাঁদের পরিচয় দাবি করেন। তখন তারা পুলিশ পরিচয় হিসেবে ওয়াকি-টকি ও হ্যান্ডকাফ দেখান।

শিক্ষার্থীদের দাবি, পরিচয় হিসেবে পরিচয়পত্র দেখতে চাইলে তাঁরা তা দেখাতে ব্যর্থ হন। এই কারণে শিক্ষার্থীরা তাঁদের ছিনতাইকারী সন্দেহ করে। পরে ঈদগাহ থেকে পুলিশ লাইনস হয়ে বিশ্ববিদ্যালয়গামী সন্ধ্যা সাড়ে ৭টার বাসে তাঁদের তুলে ক্যাম্পাসে নিয়ে আসা হয়।

একটি ভিডিওতে দেখা যায়, বাসটি ক্যাম্পাসে প্রবেশ করার পর উপস্থিত শিক্ষার্থীরা ওই তিনজনকে মারধর করেন। পরে তাঁদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।

প্রক্টর অফিসে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস নিশ্চিত করেন, ওই তিনজনের মধ্যে দুজন কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্য এবং অন্যজন পুলিশের সোর্স।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে তাঁরা কৌশলে ইউনিফর্মবিহীন টহল কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহভাজন হিসেবে দুই শিক্ষার্থীকে তল্লাশি করা হয়। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিলে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে আইডিকার্ড দেখতে চাইলে এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সদস্যদের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে সেখানে আরো শিক্ষার্থী উপস্থিত হয়ে তাঁদের ওপর চড়াও হন। পরিচয় নিশ্চিত করার সুযোগ না দিয়েই জোরপূর্বক বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে এসে মারধর করা হয় বলে দাবি করেন পুলিশ সদস্যরা।

রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে প্রক্টরিয়াল বডি, শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষের বক্তব্য শোনা হয়। পরে ঘটনাটিকে ভুল-বোঝাবুঝি হিসেবে আখ্যায়িত করে বিষয়টির সমাধান করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “আমাদের কিশোর গ্যাংবিরোধী অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। ফলে অনেকে সিভিল ড্রেসে (সাদা পোশাকে) কাজ করেন। আজকে যা ঘটেছে, তা শিক্ষার্থীরা আমাকে জানাতে পারতেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারতেন। তারা কি এভাবে কাউকে তুলে নিয়ে যেতে পারেন? এতে বাইরে একটি ভুল বার্তা যাচ্ছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, তল্লাশির সময় শিক্ষার্থীরা তাঁদের পরিচয়পত্র দেখাতে বলেন, কিন্তু তাঁরা তা দেখাতে ব্যর্থ হন। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষও বিষয়টি স্বীকার করেছে। পরে তাঁদের সঙ্গে শিক্ষার্থীদের বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে জোর করে বাসে তুলে তাঁদের ক্যাম্পাসে নিয়ে আসা হয়। এখানে উভয় পক্ষেরই ভুল রয়েছে। উভয় পক্ষের কথা শুনে যুক্তিসংগত জায়গায় এসে বিষয়টি সমাধান করা হয়েছে এবং উভয় পক্ষই তা মেনে নিয়েছে। ভবিষ্যতে এসব ক্ষেত্রে উভয় পক্ষই পেশাদারিত্ব বজায় রাখার অঙ্গীকার করেছে।

এ ছাড়া প্রক্টর শিক্ষার্থী ও পুলিশ উভয় পক্ষকে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতে আরো সচেতন ও পেশাদার আচরণ প্রদর্শনের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢামেকে চীনা চিকিৎসক দলের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৫ এম


ঢামেকে চীনা চিকিৎসক দলের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানটি বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় হাসপাতালের প্রশাসন ভবনের সেমিনার হলে আয়োজন করা হয়।

ঢামেক হাসপাতাল কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামে চীনের গুয়াংডং প্রদেশ থেকে আগত ৬-৭ জন উচ্চপদস্থ বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন।

এ সময় ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফরহাদ হোসেন জানান, চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা গত তিন দিন ধরে ঢামেক হাসপাতালের ইনডোর ও আউটডোরে অনেক রোগী দেখেছেন। তারা মেডিক্যাল ম্যানেজমেন্ট, চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান বিনিময় এবং চিকিৎসাসামগ্রী বা সরঞ্জাম হস্তান্তর করেছেন।

তিনি আরও জানান, এই ধরনের সফর বাংলাদেশের চিকিৎসক সমাজকে সমৃদ্ধ করার পাশাপাশি সাধারণ ও দরিদ্র রোগীদের উপকৃত করেছে। পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফরহাদ হোসেন ভবিষ্যতে এ ধরনের সফর এবং সার্জিক্যাল বা চিকিৎসাসংক্রান্ত কার্যক্রমের বৃদ্ধি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘ বন্ধুত্বের সম্পর্কের কথা উল্লেখ করে চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডা. লিউ ইউয়িন বলেন, "সরকার শিক্ষা, সংস্কৃতি এবং চিকিৎসা বিজ্ঞানসহ সব ক্ষেত্রে স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে সচেষ্ট রয়েছে চীন।"

ঢামেকের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন বলেন, "এই সিম্পোজিয়াম ভবিষ্যতে আরো দৃঢ় সহযোগিতা, উন্নত ক্লিনিক্যাল পরিষেবা এবং আরো বেশিসংখ্যক ডিসিপ্লিনকে এর আওতাভুক্ত করার পথ সুগম করবে। এটি আমাদের দেশের স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য বৃহত্তর সুযোগ সৃষ্টি করবে।"

তিনি আরও বলেন, "এই ধরনের উদ্যোগগুলো কেবল চিকিৎসা ক্ষেত্রে অংশীদারিত্বই নয়, বরং বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যকার বন্ধুত্বকে আরো শক্তিশালী করবে।"

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নার্স এবং দুই দেশের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বক্তারা ভবিষ্যতে এ ধরনের সফর এবং সার্জিক্যাল বা চিকিৎসা সংক্রান্ত কার্যক্রমের বৃদ্ধি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক-জুয়া-যৌতুক সমাজকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে: ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৫ এম


মাদক-জুয়া-যৌতুক সমাজকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মন্তব্য করেছেন যে, মাদক, ক্যাসিনো, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক সমাজকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে।

তিনি বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা নিয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, "মাদক, ক্যাসিনো, অনলাইন জুয়া, বাল্যবিবাহ, যৌতুক সমাজকে কুরে কুরে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। এর ফলেই আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। পারিবারিক, ব্যক্তিগত ও সামাজিক মূল্যবোধগুলো নষ্ট হয়ে গেছে। আমরা সবাই অস্থিরতার মধ্যে রয়েছি। তা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন।"

আসাদুল হাবিব দুলু আরও বলেন, "রাষ্ট্রপতি আমাকে বলেছিলেন মাদক বন্ধে কাজ করতে। সেই কারণে সমাজকে রক্ষায় মাদক নির্মূলে সবাইকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য কাজ করে যাচ্ছেন। সবার সহযোগিতায় দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে।"

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমিন, ২ আসনের এমপি আব্দুস ছালাম ও ৩ আসনের এমপি জাহিদুর রহমানসহ জেলার শীর্ষ কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%