ঢাকা সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ইং ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকারে আগুন


হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালীতে নৌমাইনে আঘাত লেগে তৃতীয় একটি তেলবাহী ট্যাংকারে শক্তিশালী বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। এই ঘটনা রবিবার ওমানের উম্ম আল গানাম দ্বীপের নিকটস্থ স্থানে ঘটে। খবরটি আনাদোলুর মাধ্যমে প্রকাশিত হয়েছে।

আইআরজিসির এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ট্যাংকারটি দ্বীপটির উপকূল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নৌমাইনে আঘাত হানে। এর ফলে শক্তিশালী বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন লেগে যায়। পরে ট্যাংকারটি পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়। তবে, জাহাজটির নাম-পরিচয় কিংবা নাবিকদের ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি আইআরজিসি।

ইরানের নৌবাহিনীর দাবি, ট্যাংকারটি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ‘মিথ্যা দাবি ও প্রতিশ্রুতির’ ওপর নির্ভর করে একটি ‘অনিরাপদ ও অবৈধ’ রুট দিয়ে গোপনে প্রণালীটি অতিক্রমের চেষ্টা করছিল।

আরও পড়ুন: স্পেনের নির্বাচনে পিপি-ভক্স জোটের সরকার গঠনের পথে, হার স্বীকার সানচেজের

একই দিন, আইআরজিসি জানায়, হরমুজ প্রণালীর দক্ষিণ পাশের একটি ‘অনুমোদনহীন’ রুট দিয়ে চলাচলের সময় আরো দুটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়।

গত ৮ জুলাই যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা শুরুর পর ১২ জুলাই হরমুজ প্রণালী আবার বন্ধ ঘোষণা করে ইরান। তেহরান সতর্ক করে বলেছে, তাদের অনুমোদন ছাড়া কিংবা নির্ধারিত রুটের বাইরে দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে সেটি হামলার ঝুঁকিতে পড়বে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে যুদ্ধ শুরু করে। জবাবে ইসরাইল এবং আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তেহরান।

গত ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিয়ে মতবিরোধের কারণে এর বাস্তবায়ন থমকে যায়। সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চললেও জুলাই থেকে থেমে থেমে আবারও লড়াই শুরু হয়েছে।

আরও পড়ুন: নেতানিয়াহুর ক্ষমতা হারানোর শঙ্কা, নতুন সরকারের সম্ভাবনা স্পষ্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনের নির্বাচনে পিপি-ভক্স জোটের সরকার গঠনের পথে, হার স্বীকার সানচেজের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৫ এম


স্পেনের নির্বাচনে পিপি-ভক্স জোটের সরকার গঠনের পথে, হার স্বীকার সানচেজের

স্পেনের সাধারণ নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। রোববারের নির্বাচনে রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) এবং কট্টর ডানপন্থী ভক্স পার্টি সম্মিলিতভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর তিনি এই স্বীকারোক্তি দেন। স্পেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইএফই এ বিষয়টি জানায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনে জয়লাভের জন্য পিপি নেতা আলবের্তো নুনিয়েজ ফেইহোকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন সানচেজ।

প্রায় ৯২ শতাংশ ভোট গণনা শেষে ৩৫০ আসনের পার্লামেন্টে পিপি ১৩৪টি আসন পেয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা সানচেজের সমাজতান্ত্রিক দল ১১৫টি আসন অর্জন করেছে। অন্যদিকে, ভক্স ৫৩টি আসন লাভ করেছে, যা ২০২৩ সালের নির্বাচনে তাদের ৩৩টি আসনের তুলনায় বৃদ্ধি।

পিপি এবং ভক্সের সম্মিলিত আসনসংখ্যা ১৮৭টি, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৭৬ আসনের চেয়ে ১১টি বেশি। ফলে স্পেনে ডানপন্থী জোট সরকারের গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে।

মাদ্রিদে ভোট দেওয়ার পর ৫৩ বছর বয়সী তথ্যপ্রযুক্তি কর্মী অ্যাঞ্জেলা পাস্তর মন্তব্য করেন, ‘স্পেনের পরিবর্তন প্রয়োজন। আর আমার ব্যক্তিগত মূল্যবোধ ও নৈতিকতা বিবেচনায় নিয়ে উপলব্ধ বিকল্পগুলোর মধ্যে পিপিকেই সবচেয়ে যুক্তিসংগত পছন্দ বলে মনে করি।’

তিনি আরও বলেন, ‘আমি চাই দলটি এককভাবে সরকার গঠন করুক। তবে শেষ পর্যন্ত কী হয়, তা দেখতে হবে।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মাদ্রিদে পিপির সদর দপ্তরের বাইরে সমর্থকদের গান গাইতে, পতাকা নাড়াতে এবং নির্বাচনের ফলাফল উদ্‌যাপন করতে দেখা গেছে।

এদিকে, স্পেনের নির্বাচনে আলবের্তো নুনিয়েজ ফেইহোর নেতৃত্বাধীন পিপলস পার্টির (পিপি) সাফল্যে অভিনন্দন জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেলোনি উল্লেখ করেন, ‘আজকের রেকর্ডসংখ্যক ভোটার উপস্থিতি ইউরোপের জন্য গণতান্ত্রিক প্রাণশক্তি এবং রাজনৈতিক অংশগ্রহণের গুরুত্বের প্রতি নাগরিকদের আস্থার শক্তিশালী বার্তা।’

তিনি আরও বলেন, ‘ইতালি সরকারের পক্ষ থেকে পিপলস পার্টি ও ভক্সের নতুন যাত্রার সাফল্য কামনা করছি। আমাদের দুই দেশের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যাশা করছি।’

সূত্র: বিবিসি, আলজাজিরা, দ্য গার্ডিয়ান

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২৩ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%