প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্পেনের সাধারণ নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। রোববারের নির্বাচনে রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) এবং কট্টর ডানপন্থী ভক্স পার্টি সম্মিলিতভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর তিনি এই স্বীকারোক্তি দেন। স্পেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইএফই এ বিষয়টি জানায়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনে জয়লাভের জন্য পিপি নেতা আলবের্তো নুনিয়েজ ফেইহোকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন সানচেজ।
প্রায় ৯২ শতাংশ ভোট গণনা শেষে ৩৫০ আসনের পার্লামেন্টে পিপি ১৩৪টি আসন পেয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা সানচেজের সমাজতান্ত্রিক দল ১১৫টি আসন অর্জন করেছে। অন্যদিকে, ভক্স ৫৩টি আসন লাভ করেছে, যা ২০২৩ সালের নির্বাচনে তাদের ৩৩টি আসনের তুলনায় বৃদ্ধি।
পিপি এবং ভক্সের সম্মিলিত আসনসংখ্যা ১৮৭টি, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৭৬ আসনের চেয়ে ১১টি বেশি। ফলে স্পেনে ডানপন্থী জোট সরকারের গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে।
মাদ্রিদে ভোট দেওয়ার পর ৫৩ বছর বয়সী তথ্যপ্রযুক্তি কর্মী অ্যাঞ্জেলা পাস্তর মন্তব্য করেন, ‘স্পেনের পরিবর্তন প্রয়োজন। আর আমার ব্যক্তিগত মূল্যবোধ ও নৈতিকতা বিবেচনায় নিয়ে উপলব্ধ বিকল্পগুলোর মধ্যে পিপিকেই সবচেয়ে যুক্তিসংগত পছন্দ বলে মনে করি।’
তিনি আরও বলেন, ‘আমি চাই দলটি এককভাবে সরকার গঠন করুক। তবে শেষ পর্যন্ত কী হয়, তা দেখতে হবে।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মাদ্রিদে পিপির সদর দপ্তরের বাইরে সমর্থকদের গান গাইতে, পতাকা নাড়াতে এবং নির্বাচনের ফলাফল উদ্যাপন করতে দেখা গেছে।
এদিকে, স্পেনের নির্বাচনে আলবের্তো নুনিয়েজ ফেইহোর নেতৃত্বাধীন পিপলস পার্টির (পিপি) সাফল্যে অভিনন্দন জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেলোনি উল্লেখ করেন, ‘আজকের রেকর্ডসংখ্যক ভোটার উপস্থিতি ইউরোপের জন্য গণতান্ত্রিক প্রাণশক্তি এবং রাজনৈতিক অংশগ্রহণের গুরুত্বের প্রতি নাগরিকদের আস্থার শক্তিশালী বার্তা।’
তিনি আরও বলেন, ‘ইতালি সরকারের পক্ষ থেকে পিপলস পার্টি ও ভক্সের নতুন যাত্রার সাফল্য কামনা করছি। আমাদের দুই দেশের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যাশা করছি।’
সূত্র: বিবিসি, আলজাজিরা, দ্য গার্ডিয়ান
এমএমআর
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন