ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ইলহান ওমরের পদত্যাগ চান ডোনাল্ড ট্রাম্পের আহ্বান


ইলহান ওমরের পদত্যাগ চান ডোনাল্ড ট্রাম্পের আহ্বান

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্য ইলহান ওমরকে পদত্যাগের জন্য আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময়, তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে অভিযোগ করেন যে, ওমর ভুয়া নাম ব্যবহার করে কংগ্রেস সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, ‘শপথ নেওয়ার সময় তিনি যেহেতু ভুয়া নাম ব্যবহার করেছেন, তাই আমার ধারণা, তার অবিলম্বে কংগ্রেস থেকে পদত্যাগ করা উচিত।’ মিনেসোটা অঙ্গরাজ্যের এই কংগ্রেস সদস্যের প্রকৃত নাম ‘ইলহান নুর সাইদ এলমি’ বলে দাবি করেন ট্রাম্প। তিনি উল্লেখ করেন, নামটির শেষাংশ ওমরের সাবেক স্বামী আহমেদ নুর সাইদ এলমির নামের সঙ্গে মিলে যায়।

এছাড়া, ট্রাম্প আরও দাবি করেন যে, ওমর প্রকাশ্যে জালিয়াতির কথা স্বীকার করেছেন। এ কারণে তিনি প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনকে তার আসন শূন্য ঘোষণা করার জন্য আহ্বান জানান। তবে ইলহান ওমর এমন কোনো স্বীকারোক্তি দেননি। একই সঙ্গে, তিনি জাল পরিচয় ব্যবহার করেছেন—এমন কোনো সিদ্ধান্তও আদালত দেননি।

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

ট্রাম্পের এই বক্তব্যের আগে, ২১ অক্টোবর মার্কিন বিচার বিভাগ আদালতে একটি নথি জমা দেয়। ওই নথিতে ওয়াশিংটন ডিসিতে ওমরের বাসায় তল্লাশির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য ছিল, যেখানে তার নাম লেখা হয়েছিল ‘ইলহান নুর সাইদ এলমি, ওরফে ইলহান আবদুল্লাহি ওমর’। তবে বিকল্প নামটি ব্যবহারের কারণ সরকারি কৌঁসুলিরা ব্যাখ্যা করেননি। সেই নথিতে ওমর জালিয়াতি করেছেন—এমন কোনো সিদ্ধান্তের কথাও বলা হয়নি।

ফক্স নিউজকে দেওয়া এক বক্তব্যে ওমরের এক মুখপাত্র বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা। ইলহান ওমরই তার প্রকৃত নাম।’

কী নিয়ে তদন্ত চলছে?

অভিবাসন ও নাগরিকত্বসংক্রান্ত নথিতে সম্ভাব্য মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগের তদন্তের অংশ হিসেবে ১২ অক্টোবর ওমরের বাসায় তল্লাশি চালান মার্কিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদস্যরা। ২০০০ সালে মার্কিন নাগরিকত্ব পাওয়া ওমর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে তাকে চাপে ফেলতে ও ভয় দেখাতে ট্রাম্প প্রশাসন এই তদন্তকে ব্যবহার করছে।

আরও পড়ুন: ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?

তথ্যসূত্র: আনাদোলু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে পুলিশের টহল দলকে পিকআপের ধাক্কা, এসআইসহ নিহত দুই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


গাজীপুরে পুলিশের টহল দলকে পিকআপের ধাক্কা, এসআইসহ নিহত দুই

গাজীপুরের কালীগঞ্জে মহাসড়কে টহল ডিউটি করার সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরো দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার শেষরাত সাড়ে তিনটার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে মহাসড়কে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় তারা একটি কাভার্ডভ্যানকে থামানোর সংকেত দিলে সেটি টহলদলকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়।

এ দুর্ঘটনায় পুলিশের এসআই মিজানুর রহমান, এসআই রফিকুল ইসলাম, শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) জাবেদ ওমর, কনস্টেবল ফজলে রাব্বি এবং স্থানীয় পথচারী রফিকুল ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পথচারী রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে চিকিৎসাধীন কনস্টেবল ফজলে রাব্বি ছাড়া বাকি আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানুর রহমান মৃত্যুবরণ করেন। অন্যদিকে পিএসআই জাবেদ ওমর মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি জাকির হোসেন জানিয়েছেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখায় জিয়াউদ্দিন হায়দারকে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

রাজীব তালুকদার

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখায় জিয়াউদ্দিন হায়দারকে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সংবর্ধনা

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড.জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা দিয়েছে ঝালকাঠি প্রেসক্লাব ও ঝালকাঠি সাংবাদিক ইউনিয়ন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঝালকাঠি প্রেসক্লাবের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন,আজকের এই সম্মাননা আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত হয়ে থাকবে। এ সম্মাননার জন্য আমি ধন্য ও কৃতজ্ঞ।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে জিয়াউদ্দিন হায়দার বলেন, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ ছিল। আগের সরকারের সময় বড় প্রতিনিধিদল নিয়ে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়া হলেও বর্তমান সরকার তুলনামূলক কমসংখ্যক প্রতিনিধি নিয়ে অংশ নিয়েছে। সেই প্রতিনিধিদলের একজন হিসেবে তিনিও অধিবেশনে যোগ দেন।

স্বাস্থ্যব্যবস্থার পরিবর্তনের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, আমরা প্রথমবারের মতো স্বাস্থ্যব্যবস্থায় পরিবর্তন আনতে চাই। আমরা চাই, রোগ হওয়ার আগেই রোগ নির্ণয় করতে। এ জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিতে চাই।

তিনি আরও বলেন, জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা এবং সংক্রমণের পরিস্থিতিতে কীভাবে কাজ করা যায়, সে বিষয়গুলো তুলে ধরেছেন। দেশের স্বাস্থ্যব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

শিক্ষা ও স্বাস্থ্য খাতের অতীত পরিস্থিতি তুলে ধরে জিয়াউদ্দিন হায়দার বলেন, গত ১৭ বছরে শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব ক্ষেত্রে উন্নয়ন হওয়ার কথা ছিল, সেসব ক্ষেত্রে প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

শিশুদের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যেকের সাফল্য ও অর্জনের সুফল কোমলমতি শিশুদের কাছে পৌঁছে দিতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে।

ঝালকাঠি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদউল্লাহ, বাংলাদেশ পেট্রোলপাম্প মালিক সমিতির মহাসচিব মীর আহসান উদ্দিন পারভেজ এবং ঝালকাঠি বাস মালিক সমিতির সভাপতি আনিচুর রহমান তাপু।

এ ছাড়া বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ স ম মাহমুদুর রহমান পারভেজ, দৈনিক দূরযাত্রার সম্পাদক জিয়াউল হাসান পলাশ এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, জেলা জজ আদালতের জিপি এডভোকেট মাহাবুব আলম কবীর, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোসলেম আলী সিকদার, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আব্দুল মান্নান, সিটিক্লাব ও পাঠাগারের সম্পাদক আজাদ হোসেন পান্না প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে বক্তব্য দেওয়ায় ডা. জিয়াউদ্দিন হায়দারকে অভিনন্দন জানান। তাঁরা ঝালকাঠির উন্নয়ন ও জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইটি জালিয়াতি ও সাইবার অপরাধের অভিযোগে উত্তর কোরীয়দের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


আইটি জালিয়াতি ও সাইবার অপরাধের অভিযোগে উত্তর কোরীয়দের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : অস্ট্রেলিয়া উত্তর কোরিয়ার দুই ব্যক্তি ও কিছু প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞা ভুয়া পরিচয়ে তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে কাজ এবং সাইবার অপরাধের মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগে দেওয়া হয়েছে, যা পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়াকে অর্থ জোগাতে সহায়তা করে। শুক্রবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

অভিযুক্ত দুই ব্যক্তি বিদেশে উত্তর কোরিয়ার সাইবার অপরাধমূলক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে চিহ্নিত হয়েছেন। বিশ্লেষকদের মতে, এসব কর্মকাণ্ড থেকে অর্জিত বিপুল অর্থ উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিতে ব্যয় করা হয়।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের দপ্তর এক বিবৃতিতে জানায়, ‘নিষেধাজ্ঞার আওতায় আনা উত্তর কোরিয়ার ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ভুয়া পরিচয়ে আইটি কর্মী নিয়োগ ও কাজ করানোর মাধ্যমে দেশটির শাসকগোষ্ঠীর পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য অর্থ সংগ্রহে সহায়তা করে।’

পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক অঙ্গনে একাধিক নিষেধাজ্ঞা রয়েছে।

অভিযোগ রয়েছে, এসব নিষেধাজ্ঞা এড়াতে উত্তর কোরিয়া হাজার হাজার আইটি কর্মীকে অন্য দেশের নাগরিক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করাচ্ছে। অভিযোগ করা হচ্ছে যে, এসব কর্মী ভুয়া পরিচয়ে কাজ করে অর্জিত অর্থ সরকারি সংস্থাগুলোর কাছে পাঠান।

তবে উত্তর কোরিয়া এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে। দেশটির দাবি, এসব অভিযোগের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।

গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো সতর্ক করে বলেছিল, নিজেদের প্রকৃত পরিচয় আরও ভালোভাবে গোপন রাখতে উত্তর কোরিয়ার কর্মীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তা নিচ্ছেন।

এর আগে গত মাসে নিউজিল্যান্ডের সাইবার নিরাপত্তা সংস্থা জানায়, উত্তর কোরিয়ার এক আইটি কর্মী ভুয়া পরিচয় ব্যবহার করে দেশটির একটি প্রতিষ্ঠানে দূরবর্তীভাবে কাজের সুযোগ পেয়েছিলেন। পরে তার প্রকৃত পরিচয় প্রকাশ হয়ে পড়লে তিনি প্রতিষ্ঠানের সংবেদনশীল তথ্য ফাঁস করার হুমকি দেন।

শুক্রবার অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞার আওতায় আসা দুই ব্যক্তি হলেন ইউ পু উং এবং সিম হিয়ন সপ। তাদের নাম আগেই প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র সরকার।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় চীনভিত্তিক ইউকে উত্তর কোরিয়ার অবৈধ অর্থ উপার্জন কার্যক্রমের অন্যতম প্রধান সংগঠক হিসেবে বর্ণনা করেছিল। মন্ত্রণালয়টি সতর্ক করে বলেছিল, শনাক্ত হওয়া এড়াতে বিভিন্ন কৌশল ব্যবহারে তিনি দক্ষ।

অন্যদিকে, সিমকে উত্তর কোরিয়ার সরকারের একজন গুরুত্বপূর্ণ ‘ছায়া ব্যাংকার’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

উত্তর কোরিয়ায় অর্থ স্থানান্তর এবং দেশটির বাইরে অর্থ পাঠানো ও সেখান থেকে অর্থ আনার কাজে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) তাকে খুঁজছে।

তার গ্রেফতারে সহায়ক তথ্যের জন্য ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশি ফেরত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশি ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ১৯ জন ইতালি, ১০ জন গ্রিস এবং ৬ জন সাইপ্রাস থেকে দেশে ফিরছেন।

ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল সোয়া ৮টায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট (পিভিজি ৯৪৪৫) তাদের ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসীকল্যাণ ডেস্কের সহযোগিতায় ফেরত আসা বাংলাদেশিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা প্রদান করে ব্র্যাকের মাইগ্রেশন প্রগ্রাম। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে একটি বিশেষ বিমানে করে ৩৫ বাংলাদেশি ঢাকায় এসেছেন। তাদের মধ্যে ১৯ জন ইতালি, ১০ জন গ্রিস এবং ৬ জন সাইপ্রাস থেকে দেশে ফিরছেন। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় বিমানবন্দরে তাদের সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণের পর সবাইকে অর্থনৈতিক সহায়তা করা হবে।

বাংলাদেশ সরকার ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে নথিপত্রহীন বা অনিয়মিত বাংলাদেশিদের ফেরত আনতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। সাইপ্রাস, ইতালি, রুমানিয়া ও ফ্রান্স থেকে সবচেয়ে বেশি বাংলাদেশি ফেরত এসেছে।

ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানিয়েছেন, গত কয়েক বছরে ইউরোপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি লোক ইতালি, গ্রীস ও জার্মানি থেকে এসেছে। যারা ফেরত এসেছেন, তাদের বিমানবন্দরে জরুরি সহায়তা, কাউন্সেলিং ও পরে অর্থনৈতিক সহায়তা দেওয়া হয় যাতে তারা পুনরায় ঘুরে দাঁড়াতে পারেন। পাশাপাশি ঝুঁকি নিয়ে যেন লোকজন ইউরোপে না যায়, সে জন্য সারা দেশে সচেতনতা তৈরির কাজ চলছে। ইউরোপ বৈধভাবে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার উদ্যোগও নিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%