ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

এনসিপির নতুন উপদেষ্টা পরিষদে আসছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা


এনসিপির নতুন উপদেষ্টা পরিষদে আসছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শিগগিরই ২১ থেকে ২৫ সদস্যবিশিষ্ট 'উপদেষ্টা পরিষদ' গঠনের পরিকল্পনা করছে, যা সংগঠনকে গতিশীল করার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক চর্চা জোরদারের উদ্দেশ্যে কাজ করবে। আগামী দুই-এক দিনের মধ্যে এই কমিটির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে। যদিও পেশাজীবীদের জন্য পৃথক ফোরাম রয়েছে, তবে দলের নীতি-নির্ধারণে সহায়তা প্রদানের জন্য প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদ প্রতিষ্ঠা করছে এনসিপি।

দলটির নীতিনির্ধারণী সূত্র অনুযায়ী, এনসিপির উপদেষ্টা পরিষদে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবীণ ও অভিজ্ঞ ব্যক্তিরা অন্তর্ভুক্ত হচ্ছেন। সাবেক সেনা কর্মকর্তা, সাবেক আমলা, আইনজীবী, প্রকৌশলী, শিক্ষক এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা এই পরিষদে স্থান পাচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নেওয়া এবং নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আলোচিত ব্যক্তিরাই মূলতঃ এই পরিষদে যুক্ত হচ্ছেন।

দলীয় সূত্র জানাচ্ছে, উপদেষ্টা পরিষদের সদস্যরা রাজনীতি, অর্থনীতি ও সামাজিক উন্নয়নে দলের জন্য কৌশলগত পরামর্শ প্রদান করবেন। তাদের দেওয়া সুনির্দিষ্ট প্রস্তাবনাগুলো দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এ পর্যালোচনা করা হবে এবং এরপর বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হবে। উপদেষ্টা পরিষদ চাইলে রাজনৈতিক পর্ষদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুপারিশও করতে পারবে।

আরও পড়ুন: জুবাইদার বিশ্বনেতাদের সহধর্মিণীদের বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ

এ বিষয়ে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও মিডিয়া উপকমিটির প্রধান সারোয়ার তুষার জানান, উপদেষ্টা পরিষদে স্থান পাওয়া ব্যক্তিদের নাম প্রায় চূড়ান্ত। যেকোনো সময় তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তিনি বলেন, নবীণ ও প্রবীণের সমন্বয়ে দলকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। উপদেষ্টা পরিষদের কার্যক্রমের সুবিধার্থে একটি ধারণাপত্র প্রস্তুত করা হচ্ছে, যা পরবর্তীতে দলের গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত হবে।

এনসিপির উপদেষ্টা পরিষদে যাদের স্থান পাওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত, তাদের মধ্যে রয়েছেন—অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রহমান, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মাসকাওয়াথ আহসান, সাবেক অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দীন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, অধ্যাপক ড. এস এম আবদুল কুদ্দুস, আমেরিকান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সাবিনা আহমেদ, মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী, ডা. নাঈমা ইমাম চৌধুরী এবং শেখ আহমেদ বদরুদ্দীন খান।

এছাড়া উপদেষ্টা পরিষদে আরও যাদের নাম আলোচনায় রয়েছে—অস্ট্রেলিয়া প্রবাসী ব্যারিস্টার জাকি ওমর, ড. মনির উদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ আইনজীবী সাইয়েদ আজহার কবির, অধ্যাপক ডা. শদরুল ইসলাম, জাহাঙ্গীর চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাইমা ইমাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা চৌধুরী, নরওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস, শায়েখ আহমেদ বদরুদ্দীন, মেজর (অব.) নিয়াজ আহমেদ জাবের, ডাকসুর সাবেক এজিএস গোলাম মোস্তফা, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আ ম সা আমিন, অধ্যাপক ড. জহিরুল ইসলাম খান, টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুস্তাহিদ হোসাইন, সাবেক উপাচার্য ড. মাকদুদ হেলালী এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) সাবেক সভাপতি ও সাবেক সচিব ড. আনোয়ার উল্লাহ।

উল্লেখযোগ্য যে, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করেন। সম্প্রতি দলটি তাদের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে।

আরও পড়ুন: বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু কঠিন চাপের মুখে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপত্তার কারণে বাতিল লাকি আলীর বাংলাদেশ সফর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


নিরাপত্তার কারণে বাতিল লাকি আলীর বাংলাদেশ সফর

ভারতীয় সংগীতশিল্পী লাকি আলীর বাংলাদেশ সফর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে ১২ ও ১৩ নভেম্বর তার দুটি কনসার্টে গান পরিবেশন করার কথা ছিল। তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আয়োজক প্রতিষ্ঠান শেষ পর্যন্ত আয়োজন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

ইকিউব এন্টারটেইনমেন্ট একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে কনসার্টের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, "আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে অপ্রত্যাশিত কারণে লাকি আলীর বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে। কনসার্টের সমস্ত টিকিট বাতিল বলে গণ্য হবে।" এ পর্যন্ত যতগুলো রিফান্ডের আবেদন এসেছে, তা ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করা হয়েছে।

যেসব দর্শক এখনও টিকিটের টাকা ফেরত পেতে আবেদন করেননি, তাদেরকে পাঠানো রিফান্ড ইমেইলে থাকা 'Get my refund' অপশনে ক্লিক করে বিকাশ, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে বলা হয়েছে। আবেদন সম্পন্ন হলে ২৪ ঘণ্টার মধ্যে টিকিটের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়া হবে। ইমেইল না পেলে স্প্যাম ফোল্ডার পরীক্ষা করার পরামর্শও দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

গ্রাহকের পছন্দ অনুযায়ী আগামী ১৬ নভেম্বরের মধ্যে টাকা ফেরত নেওয়ার সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ সাড়া না দিলে টিকিট কেনার সময় ব্যবহৃত কার্ড বা মোবাইল ওয়ালেটেই সরাসরি অর্থ ফেরত পাঠানো হবে। এ ক্ষেত্রে সময় লাগতে পারে ৭ থেকে ১০ কার্যদিবস।

কনসার্ট বাতিলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইকিউব এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক দ্রোহী আহসান বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে কনসার্ট করা নিরাপদ না। আমরা কোনো ঝুঁকি নিতে পারি না। এটার দায়িত্ব নেওয়া খুব কঠিন হবে। প্রশাসনের পক্ষ থেকে অফিশিয়ালি নিষেধ করা হয়নি। আমাদের কাছে কনসার্টের অনুমতি আছে। কিন্তু আনঅফিশিয়ালি পরামর্শ দেওয়া হয়েছে এবং আমরাও চিন্তা করে দেখেছি, শিল্পীর সঙ্গেও কথা বলে দেখেছি। সব মিলিয়ে কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, ‘ও সানাম’ ও ‘এক পল কা জিনা’র মতো জনপ্রিয় গানের শিল্পী লাকি আলী দীর্ঘ তিন বছর পর বাংলাদেশে সংগীত পরিবেশন করতে আসার কথা ছিল। তার এই সফর ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। তবে কনসার্ট বাতিল হওয়ায় সেই অপেক্ষার অবসান ঘটল না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


বাংলাদেশ টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজের পরাজয়ের ফলে বাংলাদেশ আইসিসি টেস্ট দলীয় র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে গিয়ে অষ্টম স্থানে নেমে এসেছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের রেটিং পয়েন্ট চার কমে ৭৩ এ দাঁড়িয়েছে। অন্যদিকে, বাংলাদেশকে অতিক্রম করে ৭৮ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ষষ্ঠ স্থানে উঠে এসেছে।

এর আগে, ডারউইনে টেস্টে অস্ট্রেলিয়াকে পরাজিত করে বাংলাদেশ ইতিহাসে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে পৌঁছেছিল। কিন্তু এরপর থেকে দলের পারফরম্যান্সে অবনতি ঘটতে শুরু করে। ম্যাকেতে পরাজয়, আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ড্র এবং সর্বশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হার এই ধারাবাহিকতার প্রতিফলন।

ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশও লড়াই চালিয়ে গেছে। সিরিজটি ১-০ ব্যবধানে সফরকারী দলের পক্ষে শেষ হয়েছে। মিরপুর টেস্টে আট উইকেটে পরাজয়ের পর সিলেটে দ্বিতীয় ম্যাচটি ড্র হয়েছে।

এদিকে, সিলেট টেস্টে রেকর্ড গড়া দ্বিশতকের সুবাদে বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়ের ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি ১১৫ ধাপ এগিয়ে ৬০তম স্থানে উঠে এসেছেন। এর ফলে, তিনি প্রথমবারের মতো সেরা ১০০ ব্যাটারের তালিকায় স্থান করে নিয়েছেন।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগতে থাকা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ পিছিয়ে ২৮তম স্থানে নেমে গেছেন।

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন। এ সম্মাননা অর্জন তাঁর মেধা, সততা, পেশাদারিত্ব ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

মোহাম্মদ কামরুল হাসান ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন। রাজধানীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে তিনি ময়মনসিংহ জেলা পুলিশের নেতৃত্ব গ্রহণ করেন।

২০২৬ সালের মার্চ মাসে তাঁকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।

পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান পেশাদারিত্ব, নিষ্ঠা ও জনবান্ধব মনোভাবের মাধ্যমে জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের দায়িত্বশীল ভূমিকা পালনে তিনি গুরুত্ব দিচ্ছেন।

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে তাঁর এ অর্জন জেলা পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এ খবরে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, এ সম্মাননা তাঁকে ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেঁতুলিয়ায় সড়কের পাশে বালু-পাথর রাখার বিরুদ্ধে ইউএনও’র কঠোর অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


তেঁতুলিয়ায় সড়কের পাশে বালু-পাথর রাখার বিরুদ্ধে ইউএনও’র কঠোর অবস্থান

পঞ্চগড়, ১১ নভেম্বর, ২০২৬ : তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন স্থানে সড়কের দুই পাশে অবৈধভাবে বালু, পাথর ও ইটের খোয়া রেখে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

সড়কের পাশে থাকা এসব পাথর-বালু আগামী তিন দিনের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সরানো না হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জব্দ করা মালামাল প্রকাশ্যে নিলামে বিক্রি করার কথাও উল্লেখ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তেঁতুলিয়া-বাংলাবান্ধা, তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কসহ বিভিন্ন অভ্যন্তরীণ পাকা সড়কের উভয়পাশে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে বালু, পাথর ও ইটের খোয়া স্তূপ করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে।

এতে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি সৃষ্টি হচ্ছে। পাশাপাশি প্রায়ই ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটছে।

এই পরিস্থিতির মধ্যে সড়কের পাশে অবৈধভাবে রাখা বালু, পাথর ও ইটের খোয়া তিন দিনের মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছে। একই সঙ্গে সড়কের ঢাল থেকে কমপক্ষে ১৫ ফুট দূরত্ব বজায় রেখে এসব মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই সড়কের ঢালের ১৫ ফুটের মধ্যে মালামাল রাখা যাবে না।

এছাড়া পরিবেশ দূষণ রোধে মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়ক দিয়ে বালু ও পাথর পরিবহনের সময় ট্রাকে বাধ্যতামূলকভাবে ত্রিপল ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সড়কের পাশে অবৈধভাবে স্তুপ করে রাখা মালামাল জব্দ করে নিলামে বিক্রি করা হবে।

সড়কে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন বাসসকে বলেন, "তেঁতুলিয়ার মহাসড়কসহ বিভিন্ন অভ্যন্তরীণ সড়কের ওপর বালি-পাথরের স্তুপের কারণে পরিবেশ দূষণের পাশাপাশি প্রায় সড়ক দুর্ঘটনা ঘটছে।"

তিনি আরও বলেন, "এতে পথচারীসহ স্থানীয় অনেক মানুষের সমস্যা সৃষ্টি হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সচেতনতা ও অভিযান পরিচালনা করা হয়েছে। পর্যটন সম্ভাবনাময় তেঁতুলিয়া উপজেলা গড়তে ও পরিবেশ রক্ষায় সবার সহযোগিতা কামনা করছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%