বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:৫৬ পি.এম
সংসদ ভবন, ১২ নভেম্বর, ২০২৬ : সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়া ভুয়া সংবাদ, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধের লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেকিং ইউনিট ‘বাংলা ফ্যাক্ট’ এখন পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর ৫৫২টি ফ্যাক্টচেক প্রকাশিত হয়েছে।
আজ জাতীয় সংসদে সিরাজগঞ্জ-৪ আসনের বিরোধীদলীয় (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ তথ্য তুলে ধরেন।
প্রতিমন্ত্রী আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া সংবাদ, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদফতর এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বাংলা ফ্যাক্টের ওয়েবসাইটে ফ্যাক্টচেক, মিডিয়া অ্যানালাইসিস এবং ডিজিটাল লিটারেসি বিষয়ক বিভিন্ন কনটেন্ট প্রকাশ করা হচ্ছে।
তিনি উল্লেখ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ও নাম ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ চিহ্নিত করেছে বাংলা ফ্যাক্ট। এর পাশাপাশি সংবাদপত্র ও টেলিভিশনের অনুকরণে প্রোপাগান্ডা ও অপতথ্য প্রচারকারী ১৯টি ওয়েবসাইট শনাক্ত করা হয়েছে। বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ায় এমন ৮ শতাধিক ফেসবুক অ্যাকাউন্ট এবং শতাধিক এক্স অ্যাকাউন্টও চিহ্নিত করা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বাংলা ফ্যাক্ট প্রতিদিন গড়ে ৩ থেকে ৫টি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন, রিল ও ভিডিও প্রকাশ করছে। গণমাধ্যমকর্মীদের সুবিধার্থে শিগগিরই ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর পিআইবির প্রশিক্ষণ বিভাগ তিন দিনব্যাপী ৪৪টি প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মোট ১ হাজার ৬৯১ জনকে প্রশিক্ষণ প্রদান করেছে। প্রতিটি প্রশিক্ষণে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ফ্যাক্টচেকিং বিষয়ে সেশন অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি গুজব মোকাবিলা, বিদ্বেষমূলক প্রচার শনাক্তকরণ, ফ্যাক্টচেকিং এবং সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় সাংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, গত ৮ এপ্রিল থেকে শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিনসহ প্রতিদিন সকালে দৈনিক পত্রিকার মুদ্রিত ও অনলাইন সংস্করণ, ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর ও ক্ষতিকর গুজব সংক্রান্ত সংবাদ যাচাই-বাছাই করা হচ্ছে। এ লক্ষ্যে তথ্য অধিদফতরের গঠিত কমিটি ছকবদ্ধ প্রতিবেদন তৈরি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পাঠাচ্ছে। মন্ত্রণালয় থেকে বিভ্রান্তিকর তথ্য, গুজব, উসকানিমূলক বক্তব্য, ফটোকার্ড, অডিও-ভিডিও এবং বিকৃত তথ্য প্রচারকারী সংশ্লিষ্ট ফেসবুক আইডির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) অনুরোধ করা হচ্ছে।
এদিকে, নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ গেজেট আকারে প্রকাশিত হয়। তবে সাংবাদিক এবং সংবাদপত্র মালিকপক্ষের আয়কর প্রদান নিয়ে মতপার্থক্য এবং একাধিক মামলা চলমান থাকায় এটি কার্যকর করা সম্ভব হয়নি। যদিও গেজেট প্রকাশের পর বাংলাদেশ সংবাদ সংস্থা ও কয়েকটি প্রতিষ্ঠান এ রোয়েদাদ বাস্তবায়ন করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ১২ নভেম্বর, ২০২৬ : অসচ্ছল সাংবাদিকদের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৭ কোটি টাকা থেকে ২৫ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে এবং এ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
আজ জাতীয় সংসদে টাঙ্গাইল-৭ আসনের সরকারি দলের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি নিবন্ধিত অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকদেরও আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দ ছিল প্রায় ৬ থেকে ৭ কোটি টাকা। এটি বাড়িয়ে ২৫ কোটি টাকা করার জন্য ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে আবেদন করেছি। অর্থমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। আশা করছি, স্বল্প সময়ের মধ্যে ২৫ কোটি টাকা না হলেও এর কাছাকাছি পরিমাণ বরাদ্দের আবেদন অনুমোদন করাতে পারব।’
প্রতিমন্ত্রী জানান, এই অনুদান শুধু টাঙ্গাইল নয়, সারা দেশের অসচ্ছল সাংবাদিকদের জন্য প্রদান করা হবে। সাংবাদিকদের কল্যাণে এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অসচ্ছল সাংবাদিকদের সাধারণ আর্থিক সহায়তার পাশাপাশি ক্যান্সারসহ বিশেষ ধরনের জটিল রোগে আক্রান্ত সাংবাদিকদের চিকিৎসার জন্যও বিশেষ বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি হিসেবে তিনি এ ধরনের ক্ষেত্রে অতিরিক্ত বরাদ্দ দিতে পারেন।
এদিকে, সরকারি দলের অপর সংসদ সদস্য রেহানা আক্তার রানুর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিভিন্ন কর্মসূচি সামাজিক যোগাযোগমাধ্যম, টেলিভিশন চ্যানেল এবং সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ ও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার করা হচ্ছে।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচিসহ সরকারের বিভিন্ন উদ্যোগের তথ্য জনগণের কাছে তুলে ধরা হচ্ছে।
প্রতিমন্ত্রী সংসদ সদস্যদেরও নিজ নিজ সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ইতিবাচক কর্মসূচিগুলো প্রচারের আহ্বান জানান। এর মাধ্যমে জনগণ সরকারের কার্যক্রম সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এবং এসব কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে তিনি সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন।
এছাড়া সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে ইয়াসের খান চৌধুরী জানান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক টাঙ্গাইল জেলার সাংবাদিকদের কল্যাণে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাস্টের মাধ্যমে অসচ্ছল, অসুস্থ ও করোনাকালীন সম্মুখসারির সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২০২৪ থেকে ২০২৬ সাল সেপ্টেম্বর পর্যন্ত ৪ জন সাংবাদিককে ২ লাখ টাকা কল্যাণ অনুদান প্রদান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ নিজেদের দায় স্বীকার করেছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে দাঁড়িয়ে হামলাকারীদের দায়মুক্তি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাবে দাঁড়িয়ে তিনি এই তীব্র অভিযোগ উত্থাপন করেন। এর আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেন, ঘটনাস্থলের প্রাথমিক তদন্ত ও সংগৃহীত ছবি অনুযায়ী বাড়িটি অনেকটা পুরাতন ও পরিত্যক্ত ছিল। তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগার সম্ভাবনা বেশি। সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত বা সাক্ষী পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র বিরোধিতা করে নাহিদ ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পতিত ফ্যাসিস্ট শক্তির উল্লাস আমরা দেখেছি। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ নিজেরাই এ ঘটনার দায় স্বীকার করেছে। অথচ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসে তাদের দায়মুক্তি দিচ্ছেন। তিনি বলেন, "আমরা আশা করেছিলাম তিনি বলবেন কত ঘণ্টার মধ্যে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা হবে। কিন্তু দুঃখজনকভাবে তিনি পুরোপুরি ডিনায়াল মোডে (অস্বীকারের ভঙ্গিতে) চলে গেলেন।"
স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্যের অসারতা তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অনেক তথ্য ও ছবির কথা বললেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, বাইরে থেকে কোনো একটি বস্তু নিক্ষেপ করার কারণেই দপ করে পুরো বাড়িতে আগুন ধরে যায়। তিনি আরও বলেন, "আর ওই বাড়িটি কোনো পরিত্যক্ত বা কেবল গবাদিপশুর ঘর ছিল না; সেখানে কেয়ারটেকারের পরিবারসহ সংসদ সদস্যের আত্মীয়স্বজন বসবাস করতেন। গতকাল রাতেও সেখানে মানুষ ছিলেন এবং বড় ধরনের প্রাণহানির ঘটনাও ঘটতে পারত।"
হামলার আশঙ্কার কথা আগে থেকেই পুলিশকে জানানো হয়েছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে গত কয়েক দিন ধরেই ফোনে হামলার হুমকি দেওয়া হচ্ছিল। তিনি এ বিষয়ে দুই দিন আগেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, "বাসে আগুন লেগে মানুষ মারা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ককটেল ফুটছে, সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগানো হচ্ছে এবং গণঅভ্যুত্থানের সমন্বয়কদের রামদা দিয়ে কোপানো হচ্ছে—এটিই বর্তমানে বাংলাদেশের সামগ্রিক চিত্র।" স্বরাষ্ট্রমন্ত্রী যদি এসব ঘটনা অস্বীকার করে যান, তবে আমাদের আর কিছু বলার থাকে না।
বক্তব্যের শেষে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের একজন নেত্রী ও বিরোধীদলীয় সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগানোর পর সরকার কী ধরনের আচরণ ও ভূমিকা রাখছে, আজ দেশের জনগণ তা প্রত্যক্ষ করল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছেন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনাটার কর্মী মো. আসাদুজ্জামান (৩১)। চাকরির বয়স ছিল আরও ২৯ বছর। তার অবর্তমানে স্ত্রী, মা-বাবা ও সন্তানদের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
অবসরের নির্ধারিত বয়স পর্যন্ত অর্থাৎ আগামী ২৯ বছর তার পরিবারকে বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে রেনাটা। পাশাপাশি নিয়ম অনুযায়ী বেতন বাড়লে সেই সুবিধাও পাবে পরিবার।
আসাদুজ্জামান রেনাটার মেডিক্যাল প্রতিনিধি হিসেবে মৌলভীবাজারে কর্মরত ছিলেন। গত ১৯ আগস্ট প্রতিদিনের মতো কাজে বের হয়ে কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। ওই দিন বেলা ১১টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনেরা।
তিন শিশুসন্তানের বাবা আসাদুজ্জামান বেঁচে থাকলে আরও ২৯ বছর চাকরি করতে পারতেন। তার জানাজায় অংশ নিয়ে রেনাটার মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেন পরিবারের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক সহায়তার এ ঘোষণা দেন।
সম্প্রতি সেই ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। রেনাটার কর্মকর্তাদের সাথে কথা বলে এ ঘোষণার সত্যতা নিশ্চিত হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আসাদুজ্জামানের পরিবারকে শুধু নির্ধারিত বেতনই দেওয়া হবে না, এর সাথে থাকবে বার্ষিক বেতন বৃদ্ধি ও বোনাসের সুবিধাও।
আসাদুজ্জামানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামারি গ্রামে। তার পরিবারে রয়েছেন বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও তিন সন্তান। প্রথম স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদের পর তাদের ১০ বছর বয়সী ছেলে আকিব মায়ের সাথে থেকে পড়াশোনা করছে। আকিবের মা চাকরি করেন।
অন্যদিকে, দ্বিতীয় স্ত্রী সুন্দরী খাতুনের সাথে সংসারে রয়েছে আড়াই বছর বয়সী মেয়ে সিমি ও চার মাস বয়সী ছেলে সিয়াম। আসাদুজ্জামানের সাথে সুন্দরী খাতুনের বিয়ে হয়েছিল চার বছর আগে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেছেন যে, সরকার গ্যাসের দাম বাড়ায়নি। তিনি উল্লেখ করেছেন যে, বায়োগ্যাসের মাধ্যমে গ্যাস সরবরাহের জন্য সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। নূরুন্নিসা সিদ্দীকা প্রশ্ন করেন, গ্যাস সংকটের কারণে অনেক কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি সম্পর্কে।
মন্ত্রী বলেন, "বারবার গ্যাসের দাম বাড়ানো হয়নি। যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশকে অনেক বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। আজও আমরা সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে অনেক বেশি দামে গ্যাস কিনেছি। বিদ্যুৎকেন্দ্র চালু রাখা এবং গৃহস্থালিতে সরবরাহের জন্য আমরা গ্যাস কিনছি। এসব ক্ষেত্রে সরকার গ্যাসের দাম বাড়ায়নি।"
এলপিজির দাম নিয়ে তিনি বলেন, "এলপিজি সরকার আমদানি করে না। বেসরকারি খাত এটি আমদানি করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে দাম নির্ধারিত হয়। এখানে সরকারের সরাসরি ভূমিকা নেই।"
মন্ত্রী বায়োগ্যাসের প্রসঙ্গে বলেন, "সরকার নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ শুরু করেছে। বায়োগ্যাসের ক্ষেত্রেও বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। বায়োগ্যাস থেকে উৎপাদিত গ্যাস আশপাশের এলাকায় সরবরাহের ব্যবস্থাও নেওয়া হয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ