বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:৫৭ পি.এম
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ নিজেদের দায় স্বীকার করেছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে দাঁড়িয়ে হামলাকারীদের দায়মুক্তি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাবে দাঁড়িয়ে তিনি এই তীব্র অভিযোগ উত্থাপন করেন। এর আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেন, ঘটনাস্থলের প্রাথমিক তদন্ত ও সংগৃহীত ছবি অনুযায়ী বাড়িটি অনেকটা পুরাতন ও পরিত্যক্ত ছিল। তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগার সম্ভাবনা বেশি। সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত বা সাক্ষী পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র বিরোধিতা করে নাহিদ ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পতিত ফ্যাসিস্ট শক্তির উল্লাস আমরা দেখেছি। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ নিজেরাই এ ঘটনার দায় স্বীকার করেছে। অথচ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসে তাদের দায়মুক্তি দিচ্ছেন। তিনি বলেন, "আমরা আশা করেছিলাম তিনি বলবেন কত ঘণ্টার মধ্যে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা হবে। কিন্তু দুঃখজনকভাবে তিনি পুরোপুরি ডিনায়াল মোডে (অস্বীকারের ভঙ্গিতে) চলে গেলেন।"
স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্যের অসারতা তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অনেক তথ্য ও ছবির কথা বললেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, বাইরে থেকে কোনো একটি বস্তু নিক্ষেপ করার কারণেই দপ করে পুরো বাড়িতে আগুন ধরে যায়। তিনি আরও বলেন, "আর ওই বাড়িটি কোনো পরিত্যক্ত বা কেবল গবাদিপশুর ঘর ছিল না; সেখানে কেয়ারটেকারের পরিবারসহ সংসদ সদস্যের আত্মীয়স্বজন বসবাস করতেন। গতকাল রাতেও সেখানে মানুষ ছিলেন এবং বড় ধরনের প্রাণহানির ঘটনাও ঘটতে পারত।"
হামলার আশঙ্কার কথা আগে থেকেই পুলিশকে জানানো হয়েছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে গত কয়েক দিন ধরেই ফোনে হামলার হুমকি দেওয়া হচ্ছিল। তিনি এ বিষয়ে দুই দিন আগেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, "বাসে আগুন লেগে মানুষ মারা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ককটেল ফুটছে, সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগানো হচ্ছে এবং গণঅভ্যুত্থানের সমন্বয়কদের রামদা দিয়ে কোপানো হচ্ছে—এটিই বর্তমানে বাংলাদেশের সামগ্রিক চিত্র।" স্বরাষ্ট্রমন্ত্রী যদি এসব ঘটনা অস্বীকার করে যান, তবে আমাদের আর কিছু বলার থাকে না।
বক্তব্যের শেষে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের একজন নেত্রী ও বিরোধীদলীয় সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগানোর পর সরকার কী ধরনের আচরণ ও ভূমিকা রাখছে, আজ দেশের জনগণ তা প্রত্যক্ষ করল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছেন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনাটার কর্মী মো. আসাদুজ্জামান (৩১)। চাকরির বয়স ছিল আরও ২৯ বছর। তার অবর্তমানে স্ত্রী, মা-বাবা ও সন্তানদের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
অবসরের নির্ধারিত বয়স পর্যন্ত অর্থাৎ আগামী ২৯ বছর তার পরিবারকে বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে রেনাটা। পাশাপাশি নিয়ম অনুযায়ী বেতন বাড়লে সেই সুবিধাও পাবে পরিবার।
আসাদুজ্জামান রেনাটার মেডিক্যাল প্রতিনিধি হিসেবে মৌলভীবাজারে কর্মরত ছিলেন। গত ১৯ আগস্ট প্রতিদিনের মতো কাজে বের হয়ে কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। ওই দিন বেলা ১১টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনেরা।
তিন শিশুসন্তানের বাবা আসাদুজ্জামান বেঁচে থাকলে আরও ২৯ বছর চাকরি করতে পারতেন। তার জানাজায় অংশ নিয়ে রেনাটার মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেন পরিবারের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক সহায়তার এ ঘোষণা দেন।
সম্প্রতি সেই ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। রেনাটার কর্মকর্তাদের সাথে কথা বলে এ ঘোষণার সত্যতা নিশ্চিত হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আসাদুজ্জামানের পরিবারকে শুধু নির্ধারিত বেতনই দেওয়া হবে না, এর সাথে থাকবে বার্ষিক বেতন বৃদ্ধি ও বোনাসের সুবিধাও।
আসাদুজ্জামানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামারি গ্রামে। তার পরিবারে রয়েছেন বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও তিন সন্তান। প্রথম স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদের পর তাদের ১০ বছর বয়সী ছেলে আকিব মায়ের সাথে থেকে পড়াশোনা করছে। আকিবের মা চাকরি করেন।
অন্যদিকে, দ্বিতীয় স্ত্রী সুন্দরী খাতুনের সাথে সংসারে রয়েছে আড়াই বছর বয়সী মেয়ে সিমি ও চার মাস বয়সী ছেলে সিয়াম। আসাদুজ্জামানের সাথে সুন্দরী খাতুনের বিয়ে হয়েছিল চার বছর আগে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেছেন যে, সরকার গ্যাসের দাম বাড়ায়নি। তিনি উল্লেখ করেছেন যে, বায়োগ্যাসের মাধ্যমে গ্যাস সরবরাহের জন্য সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। নূরুন্নিসা সিদ্দীকা প্রশ্ন করেন, গ্যাস সংকটের কারণে অনেক কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি সম্পর্কে।
মন্ত্রী বলেন, "বারবার গ্যাসের দাম বাড়ানো হয়নি। যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশকে অনেক বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। আজও আমরা সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে অনেক বেশি দামে গ্যাস কিনেছি। বিদ্যুৎকেন্দ্র চালু রাখা এবং গৃহস্থালিতে সরবরাহের জন্য আমরা গ্যাস কিনছি। এসব ক্ষেত্রে সরকার গ্যাসের দাম বাড়ায়নি।"
এলপিজির দাম নিয়ে তিনি বলেন, "এলপিজি সরকার আমদানি করে না। বেসরকারি খাত এটি আমদানি করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে দাম নির্ধারিত হয়। এখানে সরকারের সরাসরি ভূমিকা নেই।"
মন্ত্রী বায়োগ্যাসের প্রসঙ্গে বলেন, "সরকার নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ শুরু করেছে। বায়োগ্যাসের ক্ষেত্রেও বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। বায়োগ্যাস থেকে উৎপাদিত গ্যাস আশপাশের এলাকায় সরবরাহের ব্যবস্থাও নেওয়া হয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ (COP31)-এর ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বৈঠকে দুই নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন, যা অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে সহায়ক হবে। পাশাপাশি, উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা এবং তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়া রোধ করতে সংলাপ ও কূটনৈতিক আলোচনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন দুই রাষ্ট্রপ্রধান।
রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুর পাশাপাশি বৈঠকে তেহরান ও আঙ্কারার মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারিত করার বিষয়ে একমত হন পেজেশকিয়ান ও এরদোয়ান। বিশেষ করে, দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় বেসরকারি খাতের (প্রাইভেট সেক্টর) অংশগ্রহণ ও ভূমিকা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
এছাড়া, হরমুজ প্রণালীতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্তব্য করেছিলেন যে, ‘যুদ্ধের নীরব শিকার হচ্ছে পরিবেশ’। জলবায়ু সম্মেলনের মতো বৈশ্বিক মঞ্চে এই দুই আঞ্চলিক প্রভাবশালী নেতার সাক্ষাৎকে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: আনাদোলু।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা মন্তব্য করেছেন যে, করণ জোহর প্রেমের সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ হতে ভয় পান। সিদ্ধার্থের স্ত্রী ও অভিনেত্রী কিয়ারা আদভানি এ মন্তব্যে সায় দিয়েছেন। সম্প্রতি কফি উইথ করণ-এর নবম মৌসুমে অতিথি হিসেবে এসে এই তারকা দম্পতি করণের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের ‘কফি শটস’ পর্বে করণ অতিথিদের বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করছিলেন। এক পর্যায়ে সম্পর্কের প্রসঙ্গ উঠে আসে। তখন সিদ্ধার্থ করণকে প্রশ্ন করেন, কেন তিনি তার রোমান্টিক সম্পর্কগুলোকে দীর্ঘস্থায়ী সম্পর্কে রূপ দিতে পারেননি। তার প্রশ্ন ছিল, করণের মধ্যে কি প্রতিশ্রুতি দেওয়ার ভয় কাজ করে?
এরপর সিদ্ধার্থ বলেন, কফি উইথ করণ-এর আগের একটি মৌসুমে করণকে দেখে তার মনে হয়েছে, পরিচিতদের মধ্যে করণই সবচেয়ে বেশি ‘কমিটমেন্ট-ফোবিক’। সিদ্ধার্থের এই মন্তব্যে সঙ্গে সঙ্গে সম্মতি জানান কিয়ারা।
তবে করণ জানান, প্রতিশ্রুতি দিতে তার আপত্তি নেই। বন্ধুত্ব ও অভিভাবকত্বের দায়িত্ব তিনি ঠিকই পালন করতে পারেন। কিন্তু প্রেমের সম্পর্কের ক্ষেত্রে তার অবস্থান ভিন্ন।
নিজের এই আচরণের কারণ হিসেবে আত্মবিশ্বাসের অভাবের কথা উল্লেখ করেন করণ। তিনি বলেন, কেউ যখন তাকে জানান যে তার সঙ্গে সময় কাটাতে চান বা দেখা করতে চান, তখনই তিনি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন।
এর আগে ২০২৪ সালে সাংবাদিক ফায়ে ডি’সুজার সঙ্গে এক আলাপচারিতায় নিজের প্রেমের সম্পর্ক নিয়েও কথা বলেছিলেন করণ। সে সময় তিনি জানিয়েছিলেন, জীবনে মাত্র দেড়টি সম্পর্কে জড়িয়েছেন তিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সঙ্গীর প্রয়োজনীয়তা সম্পর্কেও তার দৃষ্টিভঙ্গি বদলেছে।
করণ বলেন, ৪০ বছর বয়সে সঙ্গীর অভাব অনুভব করলেও ৫০ বছর বয়সে এসে আর তেমনটা মনে হয়নি। একা থাকতেই এখন তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এমনকি সঙ্গী খোঁজার জন্য বিভিন্ন সংস্থা, পরিচিতজনের মাধ্যমে পরিচয় এবং অন্ধ-ডেটেও অংশ নিয়েছেন। তবে এখন আর সম্পর্কের জন্য সক্রিয়ভাবে চেষ্টা করার প্রয়োজন অনুভব করেন না তিনি।
উল্লেখ্য, করণ জোহর যশ ও রুহি নামে যমজ সন্তানের একক অভিভাবক। ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে তাদের জন্ম হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ