বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৫৫ পি.এম
প্রকল্পের মেয়াদ এখনও এক বছরের বেশি বাকি রয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু করা স্কুল ফিডিং বা মিড-ডে মিল কর্মসূচি। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গত ১০ নভেম্বর থেকে শিক্ষার্থীদের খাবার সরবরাহ বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের শিশুদের বিদ্যালয়মুখী রাখতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা করছেন শিক্ষকরা।
খাদ্য সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ১০ নভেম্বর থেকে খাবার সরবরাহ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের নির্ধারিত মেয়াদ থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি শেষ হওয়ার কারণে মাঝপথে কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষক-অভিভাবকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
উপজেলা ইএসডিও অফিস সূত্রে জানা গেছে, স্কুল ফিডিং কর্মসূচির আওতায় রাজারহাটের ১২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার ৩২১ জন শিক্ষার্থী রয়েছে। কর্মসূচি শুরুর দিকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ হাজার ৯৪৩ জন। সেই হিসাবে কর্মসূচি শুরুর পর শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ হাজার ৩৭৮ জন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত প্রকল্পের তথ্য অনুযায়ী, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’র মেয়াদ জানুয়ারি ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৫ হাজার ৪৫২ কোটি ৪১ লাখ টাকা। দেশের নির্বাচিত ১৫০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধের লক্ষ্য নিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
সংস্থাটির উপজেলা প্রকল্প কর্মকর্তা মোছা. খালেদা আক্তার জানান, ১০ নভেম্বর ইএসডিওর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় খাবার সরবরাহ বন্ধ রয়েছে। বিষয়টি অধিদপ্তর থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে জানানো হয়েছে। তবে এ বিষয়ে আলাদা কোনো চিঠিপত্র দেওয়া হয়নি। দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও হঠাৎ খাবার বিতরণ বন্ধ হয়ে যাওয়ায় কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
প্রাণ ডেইরি ঠিকাদারি প্রতিষ্ঠান গত অক্টোবর থেকে তাদের সরবরাহকরা দুধ এবং বিস্কুট বন্ধ করে দিয়েছে বলে বেশ কয়েকটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান অভিযোগ করেছেন। এ বিষয়ে তাদের সঙ্গে মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলেও তাদের পক্ষ থেকে কোন কিছু জানা সম্ভব হয়নি।
উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধের লক্ষ্য নিয়ে সরকারের এ উদ্যোগ চালু করা হয়। ২০২৫ সালের ২৮ ডিসেম্বর রাজারহাটে শুরু হয় মিড-ডে মিল কার্যক্রম। এর আওতায় সপ্তাহের নির্ধারিত কর্মদিবসে শিক্ষার্থীদের বিস্কুট, কলা, বনরুটি, সিদ্ধ ডিম ও ইউএইচটি দুধ দেওয়া হচ্ছিল। বিদ্যালয়ে এসে পুষ্টিকর খাবার পাওয়ার সুযোগ শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতেও ভূমিকা রাখছিল।
কিন্তু হঠাৎ খাবার বিতরণ বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তৈরি হয়েছে নতুন সংকট। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিশুদের জন্য এ কর্মসূচি ছিল বাড়তি সহায়তা। শিক্ষকদের আশঙ্কা, খাবার বিতরণ দীর্ঘদিন বন্ধ থাকলে দরিদ্র পরিবারের কিছু শিক্ষার্থীর বিদ্যালয়ে আসার আগ্রহ কমে যেতে পারে। এতে উপস্থিতির হার কমার পাশাপাশি শিক্ষার্থী ঝরে পড়ার ঝুঁকিও বাড়তে পারে।
রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী অনুরাধা মন্ডল বলেন, "ম্যাডাম বলেছে বুধবার(১১নভেম্বর) থাকি আর কোন খাবার স্কুল থেকে দেওয়া হবে না। তাই তোমরা প্রতিদিন বাড়ি থেকে টিফিন নিয়ে আসবে।"
রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. মোহসিনা আক্তার বলেন, "সম্ভবত ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন করে অন্য কোনো প্রতিষ্ঠান দায়িত্ব পেতে পারে। কিন্তু এ বিষয়ে আমড়া কোনো লিখিত কাগজপত্র পাইনি। হঠাৎ করে খাবার বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছি। এভাবে দীর্ঘদিন চললে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও রয়েছে।" এ বিষয়ে রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আখতারুল ইসলাম বলেন, "সংস্থাটির সঙ্গে এক বছরের চুক্তি ছিল। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় কর্মসূচি বন্ধ রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে পরবর্তী কার্যক্রম সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী উল্লেখ করেছেন, দেশের প্রতিটি সংকটকালীন মুহূর্তে জিয়া পরিবার মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, "স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রশ্নে জিয়া পরিবার কখনো আপস করেনি।"
তিনি আরও বলেন, ৭ নভেম্বর কেবল স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন নয়, বরং গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের বাকস্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা ফিরে পাওয়ার দিনও।
আজ বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত ‘আলোচনা ও কবিতাপাঠ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের অবদানের কথা উল্লেখ করে কাদের গনি বলেন, ১৯৭১ সালে রাজনৈতিক নেতৃত্বের স্বাধীনতার ঘোষণা দেওয়ার প্রয়োজন ছিল। রাজনৈতিক নেতৃত্ব যখন এ কাজ করতে ব্যর্থ হয়, তখন একজন তরুণ মেজর হিসেবে জিয়াউর রহমান কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই থেমে যাননি, অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রকে সেদিন স্বাধীন করেছিলেন। সেদিন থেকেই জিয়াউর রহমান গণমানুষের আপনজন হয়ে উঠেন। আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো স্বাধীনতা, সেটি জিয়াউর রহমান এনেছে।
তিনি বলেন, ১৯৭৫ সালের আগস্টে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর দেশে এক অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি হয়। ধারাবাহিক সেনা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের কারণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এমন পরিস্থিতিতে ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করা হয়। মানুষ তখন জিয়াউর রহমান ছাড়া অন্য কাউকে বিশ্বাস করেনি। সে সময় দায়িত্ব নিয়ে জিয়াউর রহমান বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন।
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে বাসস প্রধান সম্পাদক বলেন, ১৯৯০ সালে স্বৈরশাসনের বিরুদ্ধে এক দফা দাবিতে তিনি রাজপথে নেমেছিলেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অবদান রেখেছেন। আবার যখন ফখরুদ্দীন-মঈনউদ্দিন সরকারের সময় গণতন্ত্রকে গলাটিপে ধরা হলো, তখনও বেগম জিয়া লড়াই করেছেন। অন্য সবাই আপস করে বিদেশ চলে গিয়েছিল সে সময় কিন্তু বেগম জিয়া নির্যাতনের শিকার হয়েও দেশ ছেড়ে যাননি। এ দেশের স্বার্থে তিনিও কখনো আপস করেননি। এক মুহূর্তের জন্য তিনি এ দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি।
তিনি বলেন, বেগম জিয়ার এক ছেলেকে নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল ফখরুদ্দীন-মঈনুদ্দীন সরকার। আরেক ছেলেকে নির্যাতন করে মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছে, তবুও তিনি আপস করেননি। তাকে দেশ ছাড়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। দেশের মানুষের সঙ্গে বেগম খালেদা জিয়ার সম্পর্ক ও অঙ্গীকারের কারণেই তিনি কঠিন পরিস্থিতিতেও আপস করেননি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ও বেগম খালেদা জিয়া আপস করেননি। দেশের বিভিন্ন সংকটে জিয়া পরিবারের ভূমিকার কারণে মানুষের মধ্যে তাদের প্রতি আস্থা তৈরি হয়েছে।
কাদের গনি চৌধুরী বলেন, দীর্ঘ সময়-এ দিবসটি পালন করতে দেয়নি আওয়ামী লীগ সরকার। এখন আমাদের হাতে সেই সুযোগটি এসেছে। জাতীয়তাবাদী চেতনা ও দেশপ্রেমে বিশ্বাসী সবাইকে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
জুলাই গণ-অভ্যুত্থানে শিশু ও তরুণদের প্রাণহানির প্রসঙ্গ তুলে তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর গুলি চালানো এবং তাদের নির্মমভাবে হত্যার ঘটনা জাতির বিবেককে নাড়া দিয়েছে।
ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো শাসক যেন আবার ফ্যাসিবাদী বা স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সে বিষয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে ওঠার পেছনে কিছু গণমাধ্যমের ভূমিকা ছিল। কিছু গণমাধ্যম এখনো ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, যারা শিশু ও আন্দোলনকারীদের হত্যার সঙ্গে জড়িত, তাদের সঙ্গে কোনো আপস করা উচিত নয়। একই সঙ্গে প্রতিহিংসা ও সহিংসতার পরিবর্তে মানবিক বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
বর্তমান সরকারের প্রসঙ্গ উল্লেখ করে বাসস এমডি বলেন, সরকার একটি স্বাভাবিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছে। এ উদ্যোগকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার তার অঙ্গীকার থেকে সরে গেলে জনগণকে সে বিষয়ে অবস্থান নিতে হবে।
তিনি আরও বলেন, দেশের চলমান নৈরাজ্য ও সহিংসতা বন্ধ করতে হবে। অতীতের দমন-পীড়ন ও হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
কবি শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক জামাল উদ্দিন জামাল। সূচনা বক্তব্য দেন জাতীয়তাবাদী লেখক ফোরামের সাধারণ সম্পাদক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শহিদ আজাদ। অনুষ্ঠান উদ্বোধন করেন কবি জাহাঙ্গীর ফিরোজ।
অনুষ্ঠানে কবি ভাস্কর চৌধুরীর ‘আমার বন্ধু নিরঞ্জন’ ও শক্তি চট্টোপাধ্যায়ের ‘সম্পর্ক’ কবিতার পাশাপাশি কবি ও সাহিত্যিকরা নিজস্ব কবিতাও আবৃত্তি করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর গুলশান এলাকায় অবৈধ বাণিজ্যিক কার্যক্রম ও নকশাবহির্ভূত স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) একদিনব্যাপী এই অভিযানে ২৫টি স্থাপনা সিলগালা করা হয়েছে। এছাড়া ৯টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং দুটি ভবনে অনুমোদনহীন রেট্রোফিটিংয়ের কারণে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানের ফলে দুটি প্রতিষ্ঠান ও ভবন মালিক পক্ষকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রাজউকের জোন-৪/১-এর আওতাধীন উত্তর গুলশান এলাকায় এই অভিযান পরিচালিত হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল আবেদীন ও অথরাইজড অফিসার মোহাম্মদ কায়সার পারভেজের যৌথ তত্ত্বাবধানে অভিযানে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অভিযানের সময় ৩৯টি দোকান, রেস্টুরেন্ট ও অন্যান্য স্থাপনা পরিদর্শন করা হয়। এর মধ্যে ২৮টির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আদালতের স্থগিতাদেশ থাকায় ১৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। দুইটি প্রতিষ্ঠানের কাছ থেকে ভবিষ্যতে নিয়ম মেনে কার্যক্রম পরিচালনার অঙ্গীকারনামাও গ্রহণ করা হয়েছে।
গুলশান-২-এর নর্থ এভিনিউয়ের ১০ নম্বর বাড়িতে আবাসিক প্লটে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার দায়ে ইস্তাম্বুল ঢাকা, র্যাবিটস বাইট ও ব্রিও নামের তিনটি রেস্টুরেন্ট সিলগালা করা হয়। একই ভবনে উইভারস নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি ছয় মাসের মধ্যে রাজউকের কাছ থেকে বাণিজ্যিক ব্যবহারের অনুমতি নেওয়ার অঙ্গীকারনামা দিয়েছে। আবাসিক ভবন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়ার কারণে ভবন মালিকপক্ষের প্রতিনিধিকে আরো এক লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া গুলশান-২-এর ১৫৫ নম্বর বাড়িতে পিজ্জা দি ওয়ালি নামের একটি রেস্টুরেন্ট সিলগালা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গুলশান-১-এর ৫৫ নম্বর সড়কের ১২/বি নম্বর প্লটে সিএফসি রেস্টুরেন্ট ও সিক্রেট রেসিপিও সিলগালা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।
তবে একই ভবনে থাকা ইজাকায়া, পিজ্জা হাট, লা মানো বিউটি পার্লার ও ইলোর বিরুদ্ধে হাইকোর্ট বিভাগের স্থগিতাদেশ থাকায় কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। একই কারণে নর্থ এভিনিউয়ের ১২/এ নম্বর প্লটের ফিশ অ্যান্ড কোং, ১৪ নম্বর প্লটের আল-শামস, দ্য কফি লাউঞ্জ ও গ্যালিতোস, ১৪/এ নম্বর প্লটের ক্যাফে সাও পাওলো এবং ১৭৬ নম্বর হোল্ডিংয়ের গ্রাউন্ডস কফি ফ্যাক্টরির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
রাজউকের নির্মাণ অনুমোদন ছাড়াই স্টিলের কাঠামো নির্মাণ করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার দায়ে গুলশান নর্থ এভিনিউয়ের ৫/এ ও ৫/বি নম্বর প্লটের ১৮টি রেস্টুরেন্ট সিলগালা করা হয়েছে। এছাড়া গুলশান-২-এর ৬১ ও ৫৬ নম্বর সড়কের ১/এ নম্বর প্লটে আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে নির্মাণকাজ করায় একটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
একই এলাকার ৭১ নম্বর সড়কের ২/বি নম্বর প্লটের গ্লোরিয়া জিনস রেস্টুরেন্ট এবং নর্থ এভিনিউয়ের ২/এ নম্বর প্লটের তিনটি রেস্টুরেন্ট পরিদর্শন করা হলেও আদালতের স্থগিতাদেশের কারণে ব্যবস্থা নেওয়া যায়নি। অন্যদিকে নর্থ এভিনিউয়ের ৭/২ নম্বর প্লটে রাজউকের অনুমোদিত নকশা ছাড়া বাণিজ্যিক কার্যক্রমের উদ্দেশ্যে নির্মাণকাজ করায় একটি ভবন সিলগালা করা হয়।
এছাড়া নর্থ এভিনিউয়ের ৭ নম্বর প্লটে অনুমোদন ছাড়া বাণিজ্যিক ব্যবহারের উদ্দেশ্যে রেট্রোফিটিংয়ের কাজ করায় ক্রাম্ব ডট কম-সংশ্লিষ্ট দুটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
রাজউকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযানে ২৫টি স্থাপনা সিলগালা, ৯টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং দুটি ভবনে অনুমোদনহীন রেট্রোফিটিংয়ের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া মোট দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয়ভাবে তৈরি এলজি অস্ত্রের ছয়টি ব্যারেলসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় নুরুল আমীন (২৮) নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উখিয়ার শরণার্থী ক্যাম্প-১ ইস্টের আমবাগান এলাকার নিচের বাজারের জি/৭ ব্লকে এ অভিযান পরিচালিত হয়।
আটক নুরুল আমীন ক্যাম্প-২ ওয়েস্টের ডি/৫ ব্লকের বাসিন্দা। তার পিতার নাম মো. হালিল এবং মাতার নাম নুর জাহান।
১৪ এপিবিএন সূত্রে জানা যায়, লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের একটি দল নিয়মিত টহলের সময় ল্যাপটপের ব্যাগ হাতে এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখে। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে পুলিশ সদস্যরা তাকে থামার সংকেত দেন। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে আটক করেন।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার বহন করা ব্যাগ তল্লাশি করে দেশীয়ভাবে তৈরি এলজি অস্ত্রের ছয়টি ব্যারেল, স্টেইনলেস স্টিলের পাইপের চারটি কাটা অংশ এবং অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ছয়টি রেত উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রতিটি ব্যারেলের দৈর্ঘ্য প্রায় ১৪ ইঞ্চি।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন বৃহস্পতিবার রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তি ও উদ্ধার করা সরঞ্জাম পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান চলাকালীন হামলা ও সংঘর্ষের অভিযোগে তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি এমদাদ হোসেন আখন্দকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনার তিন ঘণ্টা পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
এর আগে বিকালে উপজেলার গোপালপুর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিয়ারকান্দি ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. জামাল প্রধান।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্য সেলিম ভূঁইয়া ও দলীয় নেতাকর্মীরা জামাল প্রধানের বাড়িতে মধ্যাহ্নভোজ শেষে সভাস্থলে যাওয়ার আগে অনুষ্ঠানটি শুরু হয়। বিকাল ৪টার দিকে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ তার লোকজন নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হলে জামাল প্রধানের সমর্থকরা বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয় এবং একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষ বেধে যায়।
যখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, তখন সংসদ সদস্য সেলিম ভূঁইয়া মঞ্চ ছেড়ে বিদ্যালয়ের ভেতরে নিরাপদ আশ্রয়ে চলে যান। সংঘর্ষের ফলে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
আহতদের মধ্যে জামাল প্রধানসহ ৬ জনের নাম জানা গেছে। তারা হলেন— সাফিন প্রধান (১৬), সিয়াম (১৭), জামিল (৪৩), জামাল প্রধান (৪৫), রাফিন প্রধান (১৯) ও মতিন মিয়া (৬৫)। তারা সবাই বর্তমানে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে জামাল প্রধানের পক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী আবু জাহেরকে অস্ত্র নিয়ে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করতে দেখা গেছে বলে স্থানীয়রা জানান। এই ঘটনাটি তিতাসসহ আশপাশের উপজেলায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
অন্যদিকে রাতে ফেসবুকে প্রকাশিত বহিষ্কারাদেশের চিঠিতে উল্লেখ করা হয়েছে, জনসভায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সংসদ সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের সামনে লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে সংগঠনবিরোধী কার্যক্রম করেছেন এমদাদ হোসেন আখন্দ। এ কারণে তাকে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। চিঠিতে বলা হয়, তিনি ফ্যাসিস্ট সরকারের দোসর ছিলেন বলেই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন।
এ বিষয়ে জানতে এমদাদ হোসেন আখন্দকে মোবাইল ফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। তবে তার ছোট ভাই তিতাস উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইমুম আখন্দ বলেন, মঞ্চে এমপি সাহেব আসার পর আমরা যখন জনসভায় অংশ নিতে প্রবেশ করি, তখনই জামাল প্রধানের লোকজন আমাদের বাধা দেয় এবং মারধর শুরু করলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর আবু জাহের অস্ত্র নিয়ে আমাদের বাড়িঘরে ও বাজারে দোকানপাটে হামলা ও ভাঙচুর চালায়। এ হামলা ও আমার ভাইকে বহিষ্কারের মাধ্যমেই প্রমাণ হয় পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত।
পাল্টা অভিযোগ করে উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. জামাল প্রধান বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি ও এমদাদ চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছি। কিছুদিন আগে এমদাদ চেয়ারম্যান এমপি সাহেবকে নিয়ে একটি অনুষ্ঠান করেছিলেন, কিন্তু সেখানে তেমন লোক হয়নি। বৃহস্পতিবার আমি জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সঙ্গে আলোচনা করে এমপি সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করি। অনুষ্ঠানে কয়েক হাজার লোকের উপস্থিতি দেখে ঈর্ষান্বিত হয়ে এমদাদ ও তার ভাই সাইমুম এমপি এবং নেতাদের সামনে আমাদের অনুষ্ঠান ভণ্ডুল করার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালান। এতে আমিসহ আমাদের ৭ জন আহত হয়েছি।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম বলেন, বৃহস্পতিবার তিতাস উপজেলার গোপালপুর গ্রামে একটি জনসভায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ও কুমিল্লা-২ আসনের এমপি সেলিম ভূঁইয়ার উপস্থিতিতে এবং তিতাস উপজেলা বিএনপির নেতাকর্মীদের সামনে এমদাদ চেয়ারম্যান যে ঘটনা ঘটিয়েছেন, তা খুবই দুঃখজনক। তাই দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে তাৎক্ষণিক সাংগঠনিক সিদ্ধান্তে এমদাদ চেয়ারম্যানকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ