প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী উল্লেখ করেছেন, দেশের প্রতিটি সংকটকালীন মুহূর্তে জিয়া পরিবার মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, "স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রশ্নে জিয়া পরিবার কখনো আপস করেনি।"
তিনি আরও বলেন, ৭ নভেম্বর কেবল স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন নয়, বরং গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের বাকস্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা ফিরে পাওয়ার দিনও।
আজ বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত ‘আলোচনা ও কবিতাপাঠ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের অবদানের কথা উল্লেখ করে কাদের গনি বলেন, ১৯৭১ সালে রাজনৈতিক নেতৃত্বের স্বাধীনতার ঘোষণা দেওয়ার প্রয়োজন ছিল। রাজনৈতিক নেতৃত্ব যখন এ কাজ করতে ব্যর্থ হয়, তখন একজন তরুণ মেজর হিসেবে জিয়াউর রহমান কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই থেমে যাননি, অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রকে সেদিন স্বাধীন করেছিলেন। সেদিন থেকেই জিয়াউর রহমান গণমানুষের আপনজন হয়ে উঠেন। আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো স্বাধীনতা, সেটি জিয়াউর রহমান এনেছে।
তিনি বলেন, ১৯৭৫ সালের আগস্টে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর দেশে এক অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি হয়। ধারাবাহিক সেনা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের কারণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এমন পরিস্থিতিতে ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করা হয়। মানুষ তখন জিয়াউর রহমান ছাড়া অন্য কাউকে বিশ্বাস করেনি। সে সময় দায়িত্ব নিয়ে জিয়াউর রহমান বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন।
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে বাসস প্রধান সম্পাদক বলেন, ১৯৯০ সালে স্বৈরশাসনের বিরুদ্ধে এক দফা দাবিতে তিনি রাজপথে নেমেছিলেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অবদান রেখেছেন। আবার যখন ফখরুদ্দীন-মঈনউদ্দিন সরকারের সময় গণতন্ত্রকে গলাটিপে ধরা হলো, তখনও বেগম জিয়া লড়াই করেছেন। অন্য সবাই আপস করে বিদেশ চলে গিয়েছিল সে সময় কিন্তু বেগম জিয়া নির্যাতনের শিকার হয়েও দেশ ছেড়ে যাননি। এ দেশের স্বার্থে তিনিও কখনো আপস করেননি। এক মুহূর্তের জন্য তিনি এ দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি।
তিনি বলেন, বেগম জিয়ার এক ছেলেকে নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল ফখরুদ্দীন-মঈনুদ্দীন সরকার। আরেক ছেলেকে নির্যাতন করে মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছে, তবুও তিনি আপস করেননি। তাকে দেশ ছাড়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। দেশের মানুষের সঙ্গে বেগম খালেদা জিয়ার সম্পর্ক ও অঙ্গীকারের কারণেই তিনি কঠিন পরিস্থিতিতেও আপস করেননি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ও বেগম খালেদা জিয়া আপস করেননি। দেশের বিভিন্ন সংকটে জিয়া পরিবারের ভূমিকার কারণে মানুষের মধ্যে তাদের প্রতি আস্থা তৈরি হয়েছে।
কাদের গনি চৌধুরী বলেন, দীর্ঘ সময়-এ দিবসটি পালন করতে দেয়নি আওয়ামী লীগ সরকার। এখন আমাদের হাতে সেই সুযোগটি এসেছে। জাতীয়তাবাদী চেতনা ও দেশপ্রেমে বিশ্বাসী সবাইকে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
জুলাই গণ-অভ্যুত্থানে শিশু ও তরুণদের প্রাণহানির প্রসঙ্গ তুলে তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর গুলি চালানো এবং তাদের নির্মমভাবে হত্যার ঘটনা জাতির বিবেককে নাড়া দিয়েছে।
ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো শাসক যেন আবার ফ্যাসিবাদী বা স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সে বিষয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে ওঠার পেছনে কিছু গণমাধ্যমের ভূমিকা ছিল। কিছু গণমাধ্যম এখনো ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, যারা শিশু ও আন্দোলনকারীদের হত্যার সঙ্গে জড়িত, তাদের সঙ্গে কোনো আপস করা উচিত নয়। একই সঙ্গে প্রতিহিংসা ও সহিংসতার পরিবর্তে মানবিক বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
বর্তমান সরকারের প্রসঙ্গ উল্লেখ করে বাসস এমডি বলেন, সরকার একটি স্বাভাবিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছে। এ উদ্যোগকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার তার অঙ্গীকার থেকে সরে গেলে জনগণকে সে বিষয়ে অবস্থান নিতে হবে।
তিনি আরও বলেন, দেশের চলমান নৈরাজ্য ও সহিংসতা বন্ধ করতে হবে। অতীতের দমন-পীড়ন ও হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
কবি শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক জামাল উদ্দিন জামাল। সূচনা বক্তব্য দেন জাতীয়তাবাদী লেখক ফোরামের সাধারণ সম্পাদক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শহিদ আজাদ। অনুষ্ঠান উদ্বোধন করেন কবি জাহাঙ্গীর ফিরোজ।
অনুষ্ঠানে কবি ভাস্কর চৌধুরীর ‘আমার বন্ধু নিরঞ্জন’ ও শক্তি চট্টোপাধ্যায়ের ‘সম্পর্ক’ কবিতার পাশাপাশি কবি ও সাহিত্যিকরা নিজস্ব কবিতাও আবৃত্তি করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন