ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘তিনি নিশ্চয়ই আবার ধর্ষণের শিকার হতে চাইছেন’ মন্তব্যের পর গ্রেস টেমের প্রতি আলোচনা চলছে


‘তিনি নিশ্চয়ই আবার ধর্ষণের শিকার হতে চাইছেন’ মন্তব্যের পর গ্রেস টেমের প্রতি আলোচনা চলছে

অস্ট্রেলিয়ায় শৈশবে যৌন নির্যাতনের শিকার ও শিশু সুরক্ষার অধিকারকর্মী গ্রেস টেমকে নিয়ে ধর্ষণসংক্রান্ত কুরুচিপূর্ণ মন্তব্য করার কথা স্বীকার করেছেন দেশটির গণমাধ্যমের সাবেক নির্বাহী ম্যাট হ্যান্ডবেরি। তিনি মন্তব্য করেছিলেন যে পোশাকের কারণে টেম আবার ধর্ষণের শিকার হতে চাইছেন। পরে তিনি নিজের বক্তব্যের জন্য অনুশোচনা প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।

স্বাধীন সংবাদমাধ্যম ক্রিকিতে প্রকাশিত এক মতামতধর্মী নিবন্ধে টেম জানান, সম্প্রতি নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ম্যাট হ্যান্ডবেরির কথা শুনতে পান। সেখানে এক বন্ধুর সঙ্গে কথা বলার সময় হ্যান্ডবেরি তাকে উদ্দেশ করে বলেন, পোশাকের ধরন দেখে মনে হচ্ছে, তিনি আবার ধর্ষণের শিকার হতে চান।

ঘটনাটি শুনে তাৎক্ষণিকভাবে টেম হ্যান্ডবেরির মুখোমুখি হন। পরে সন্ধ্যায় আবারও তার কাছে গিয়ে নিশ্চিত হতে চান, তিনি ঠিক কী শুনেছেন। টেম জানান, ওই মন্তব্যে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। অতীতের নির্যাতনের স্মৃতিও ফিরে আসে। ক্রিকিতে লেখা নিবন্ধে তিনি বলেন, তার পুরো শরীর আতঙ্ক ও অস্বস্তিতে কাঁপছিল এবং বমি হয়ে আসার মতো অনুভূতি হচ্ছিল।

আরও পড়ুন: এপেক সম্মেলনে নৃত্যদলের নেতৃত্বে ৭ বছরের শিশু, ১০ বিলিয়নেরও বেশি ভিউ

তিনি আরও জানান, ঘটনাস্থলে উপস্থিত অনেকেই বিষয়টি দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন। কিন্তু সেখানে অভিজ্ঞ অধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী ও বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কাজ করা ব্যক্তিরা উপস্থিত থাকলেও তাৎক্ষণিকভাবে হ্যান্ডবেরিকে প্রতিবাদ করে থামানোর উদ্যোগ নেননি কেউ।

৭৭ বছর বয়সী ম্যাট হ্যান্ডবেরি পরদিন ই-মেইলে গ্রেস টেমের কাছে ক্ষমা চান। বিবিসির হাতে আসা ওই ই-মেইলে তিনি নিজের মন্তব্যকে অত্যন্ত আপত্তিকর বলে স্বীকার করেন। হ্যান্ডবেরি লেখেন, টেমের পোশাক নিয়ে মন্তব্য করার পাশাপাশি তিনি বলেছিলেন, ‘তার নিশ্চয়ই আবার ধর্ষণের শিকার হওয়ার ইচ্ছা আছে।’

এমন মন্তব্য করার জন্য অনুশোচনা প্রকাশ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে তাকে সতর্ক করায় এবং নিজের চরিত্রের একটি ত্রুটি বুঝতে সাহায্য করায় টেমের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি জানান, নিজের আচরণ নিয়ে মনোচিকিৎসকের সঙ্গেও আলোচনা করবেন।

তবে ক্ষমা চাওয়ার ই-মেইলেও টেমের পোশাকের প্রশংসা করেন হ্যান্ডবেরি। তিনি লেখেন, ওই রাতে টেমকে অসাধারণ সুন্দর দেখাচ্ছিল।

আরও পড়ুন: করাচিতে নির্মাণাধীন ভবনধসে প্রাণহানি ১১, ৮ জন নিখোঁজ

হ্যান্ডবেরি রুপার্ট মারডকের ভাতিজা। ১৯৯১ সালে চাচার কাছ থেকে ব্যবসাটি কেনার পর টানা ১৩ বছর মারডকের ম্যাগাজিন ব্যবসা পরিচালনা করেন। ২০০৪ সালে প্রতিষ্ঠানটি সেভেন নেটওয়ার্কের সহযোগী প্রতিষ্ঠান প্যাসিফিক পাবলিকেশন্সের কাছে বিক্রি করেন।

গ্রেস টেমের বয়স যখন ১৫ বছর, তখন ৫৮ বছর বয়সী তার গণিতের শিক্ষক নিকোলাস ওকার্ট বেস্টার তাকে যৌন নির্যাতন করেন। শিক্ষক তাকে প্রলুব্ধ করে নির্যাতনের শিকার করেন। ২০১১ সালে শিক্ষার্থী থাকাকালে টেমকে যৌন নির্যাতনের দায়ে বেস্টার দোষী সাব্যস্ত হন। এ ঘটনায় তার এক বছর নয় মাসের কারাদণ্ড হয়েছিল।

টেমের মতে, হ্যান্ডবেরির মন্তব্য আরও বেশি আপত্তিকর, কারণ এটি তার জীবনের বাস্তব ও আদালতে প্রমাণিত একটি ভয়াবহ অভিজ্ঞতাকে কেন্দ্র করে করা হয়েছে। এটি কোনো কাল্পনিক ক্ষতির বিষয় ছিল না।

তিনি প্রশ্ন তোলেন, এমন ভয়াবহ অভিজ্ঞতা ও স্মৃতি নতুন করে জাগিয়ে তোলার মধ্যে হাসির কী আছে?

আরও পড়ুন: পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, কানাডা রাষ্ট্রদূতকে তলব করেছে

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে টেম বলেন, এ ধরনের আচরণ তার দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। তিনি অন্যায়ের শিকার হওয়ার পাশাপাশি প্রতিবাদ করার কারণে আরও সমালোচনা ও হয়রানির মুখে পড়তে ক্লান্ত।

তার ভাষায়, ‘অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য যারা সমালোচনার শিকার হন, তাদের ওপরই বেশি আক্রমণ করা হয়। অথচ যারা অন্যায় করে, তাদের জবাবদিহির মুখোমুখি করা হয় না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাগুরায় গণ প্রকৌশল ও আইডিইবির ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে, যার প্রতিপাদ্য ছিল দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ সবার আগে বাংলাদেশ।

এই উপলক্ষে আইডিইবি মাগুরা শাখার উদ্যোগে গতকাল শনিবার সকাল ১১ টায় শহরে একটি বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীতে অংশগ্রহণ করে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এবং আইডিইবির মাগুরা শাখার সদস্যরা।

র‍্যালীর আগে ভায়না মোড়ে আইডিইবির কার্যালয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মাহাবুর রহমান টিটোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। সভায় বক্তব্য রাখেন মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ প্রকৌশলী মো. মনির হোসেন এবং আইডিইবির মাগুরা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সালমান হায়দার প্রমুখ।

সভায় বক্তারা উল্লেখ করেন, একজন দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার ইতিমধ্যেই দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী তৈরির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন প্রকৌশলীদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করে তোলার জন্য সরকার কাজ শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামগতির ৪১ ইবতেদায়ী মাদরাসায় শিক্ষার্থী নেই, বন্ধ পাঠদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


রামগতির ৪১ ইবতেদায়ী মাদরাসায় শিক্ষার্থী নেই, বন্ধ পাঠদান

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় ৪১টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শুধুমাত্র কাগজে-কলমে বিদ্যমান; শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতি খাতায় সীমাবদ্ধ। অধিকাংশ প্রতিষ্ঠানে বাস্তবে পাঠদান নেই এবং সারা বছরই বন্ধ থাকে দুই উপজেলার গ্রামেগঞ্জে গড়ে ওঠা অধিকাংশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ক্ষেত্রে এমন চিত্রই দেখা গেছে।

সরেজমিন রামগতি উপজেলার তিনটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় গিয়ে দেখা যায়, কাগজে-কলমে শিক্ষার্থীর সংখ্যা দেখানো হলেও বাস্তবে ছাত্রশূন্য। বেশিরভাগ প্রতিষ্ঠানে সাইনবোর্ডও নেই। দূর থেকে দেখলে মনে হয় কোনো সাধারণ বসতবাড়ি বা পরিত্যক্ত ঘর।

দুই উপজেলার ৪১টি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষা কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন উঠেছে। কাগজে-কলমে শিক্ষকের নাম রয়েছে, ভর্তি খাতায়ও আছে শিক্ষার্থী; কিন্তু বাস্তবে পাঠদান হয় না। বছরের অধিকাংশ সময় বন্ধ থাকে এসব প্রতিষ্ঠান। কিছু প্রতিষ্ঠানে ১০ থেকে ২০ জনের মতো শিক্ষার্থী থাকলেও সপ্তাহে এক বা দুই দিন এসে ঘোরাঘুরি করে চলে যায়। শিক্ষকদের উপস্থিতি নেই, শিক্ষার্থীদেরও দেখা মেলে না। এসব প্রতিষ্ঠান সম্পর্কে স্থানীয় বাসিন্দারাও তেমন কিছু জানেন না। নামসর্বস্ব এসব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত হওয়ার আশায় প্রধান শিক্ষকরা সরকারি-বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা নিলেও শিক্ষা কার্যক্রম নেই বললেই চলে। বছরের শুরুতে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে শুধু নতুন বই তোলার হিড়িক চলে।

লক্ষ্মীপুর জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, রামগতি ও কমলনগর উপজেলায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সংখ্যা ৪১টি। এর মধ্যে রামগতিতে ৩০টির মধ্যে অনুদান পাচ্ছে ৩টি এবং কমলনগরে ১১টির মধ্যে অনুদান পাচ্ছে ২টি। অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা বর্তমানে মাসিক সরকারি অনুদান হিসেবে প্রধান শিক্ষক ৩ হাজার ৫০০ টাকা এবং সহকারী শিক্ষক ৩ হাজার ৩০০ টাকা করে পেয়ে থাকেন। এ তালিকার বাইরেও আরও বেশ কয়েকটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা থাকলেও সেগুলো এখনো সরকারের তালিকাভুক্ত হয়নি।

সরেজমিন ঘুরে দেখা যায়, গ্রামেগঞ্জে কোনো রকম একটি টিনের ঘর তুলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নামে সাইনবোর্ড টানিয়ে সরকারি বইসহ নানা সুযোগ-সুবিধা নিচ্ছে কতিপয় শিক্ষক। কোনো প্রকার প্রয়োজন ছাড়াই যত্রতত্র গড়ে তোলা হয়েছে এসব মাদ্রাসা। সবারই চেষ্টা—কীভাবে সরকারি করা যায়। উপজেলা শিক্ষা অফিস থেকে মন্ত্রণালয় পর্যন্ত চলে জোর তদবির। এমপিওভুক্ত করার প্রলোভন দেখিয়ে সাধারণ শিক্ষকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা তুলে প্রধান শিক্ষকরা মাসের পর মাস ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে আন্দোলন করে আসছেন। বছরের পর বছর আন্দোলন করে দাবি আদায় করতে না পেরে অনেকেই হাল ছেড়ে দিয়ে অন্য পেশা বেছে নিয়েছেন। ফলে অধিকাংশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এখন পরিত্যক্ত পড়ে আছে।

এমনই একটি প্রতিষ্ঠান রামগতির চরগাজী ইউনিয়নের চরআফজল গ্রামের আহমদিয়া হোসাইনিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। প্রতিষ্ঠানের সভাপতি আজাদ মিয়া জানান, মাদ্রাসা প্রতিষ্ঠার শুরুতে প্রায় ৮০ জনের মতো শিক্ষার্থী ছিল। বর্তমানে পাঠদান না থাকায় কোনো শিক্ষার্থী নেই। প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা মাদ্রাসায় আসেন না। এক বছরের বেশি সময় ধরে এটি বন্ধ রয়েছে। তবে প্রধান শিক্ষক মিজানুর রহমানের দাবি, এখন শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না। তাই আপাতত পাঠদান বন্ধ থাকলেও দাপ্তরিক কার্যক্রম চলমান রেখেছেন।

স্থানীয়দের অভিযোগ, এসব প্রতিষ্ঠান শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ; বাস্তবে অস্তিত্বহীন ও নামসর্বস্ব। বাড়ির আঙিনা ও রাস্তার মোড়ে মোড়ে গড়ে তোলা এসব ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষা কার্যক্রমের কোনো পরিবেশ নেই। বেশিরভাগ প্রতিষ্ঠান মাসের পর মাস বন্ধ থাকে। দু-চারজন শিক্ষার্থী থাকলেও লেখাপড়া না হওয়ায় অভিভাবকেরা সন্তানদের অন্যত্র নিয়ে যাওয়ায় শিক্ষার্থীশূন্য হয়ে পড়েছে প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারি নিবন্ধন ধরে রাখা ও বার্ষিক অডিট দেখাতে অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভর্তি দেখিয়ে কাগজে-কলমে কোনো রকম জোড়াতালি দিয়ে ধরে রাখা হয় এসব মাদ্রাসা। শিক্ষার্থীদের কোলাহলে মুখর থাকার কথা থাকলেও এসব প্রতিষ্ঠানে বিরাজ করছে শুনশান নীরবতা।

বেশ কয়েকজন অভিভাবক জানিয়েছেন, সন্তানদের ধর্মীয় ও প্রাথমিক শিক্ষার জন্য এসব প্রতিষ্ঠানে ভর্তি করানো হলেও নিয়মিত পাঠদান না থাকায় তারা কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছিল। পরে বাধ্য হয়ে সন্তানদের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করান তাঁরা।

সরেজমিন গিয়ে পূর্ব চরআলগী হালিমিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা হয়। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা জানান, শিক্ষার্থী মূলত রেজিস্টার খাতায় সীমাবদ্ধ; বাস্তবে কোনো ক্লাস হয় না। এমপিওভুক্ত হওয়ার আশায় নিয়োগ নিয়ে রেখেছেন। এমপিও না হওয়া পর্যন্ত তাঁরা অন্য পেশায় নিয়োজিত আছেন। এমপিও হলে তখন ওই পেশা ছেড়ে দিয়ে এখানে যোগ দেবেন।

মো. জাহির হোসেন ও ইমতিয়াজ আহমেদ নামের দুজন শিক্ষক জানান, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বেশিরভাগ শিক্ষকই অবৈধ পন্থায় নিয়োগ নিয়ে রেখেছেন। ব্যাকডেটে পত্রিকায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, ভুয়া তারিখ ও জালিয়াতির আশ্রয় নিয়ে এসব নামসর্বস্ব মাদ্রাসায় নিয়োগ নেন তাঁরা। উদ্দেশ্য কখনো সরকার এসব মাদ্রাসা এমপিওভুক্ত করলে তখন এই নিয়োগ কাজে লাগানো। অর্থলোভী কিছু ব্যক্তি এসব প্রতিষ্ঠানকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নাম দিলেও দেখে শিক্ষাপ্রতিষ্ঠান বোঝার কোনো উপায় নেই। শিক্ষার্থী নেই, শিক্ষকও নেই, নেই অফিসও। অথচ কাগজে-কলমে পাঠদান অব্যাহত আছে বলে দেখানো হচ্ছে। নেই উপজেলা শিক্ষা অফিসের কোনো তদারকি। শিক্ষা কর্মকর্তারাও জানেন না স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সংখ্যা কত এবং কীভাবে পাঠদান হয়।

চরসেকান্তর এলাকার বাসিন্দা আবুল খায়ের ও নুরনবী জানান, প্রতিবেশী হিসেবে তাঁরা শিক্ষকদের কখনো দেখেননি। টিনশেড ঘরটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল। হঠাৎ পাঁচ-ছয় মাস আগে দেখেন মাদ্রাসা লেখা হয়েছে। কী ক্লাস হয় বা নাম কী, তা তাঁরা বলতে পারেন না। মাঝেমধ্যে দু-একজন এসে ঘোরাঘুরি করে আবার চলে যান।

রামগতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, এসব প্রতিষ্ঠানের তথ্য তাঁর জানা নেই। মাঝেমধ্যে দু-একজন এসে অফিসে ঘুরে যান। এগুলোর পড়ালেখা সম্পর্কে তিনি জানেন না। একই বক্তব্য তুলে ধরে কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার কোনো তালিকা তাঁর দপ্তরে নেই। তিনিও এসব প্রতিষ্ঠানের বিষয়ে অবগত নন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিংড়ি খাওয়ার পর সেন্টমার্টিনে পর্যটক মো. ইব্রাহিমের তীব্র শ্বাসকষ্টে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


চিংড়ি খাওয়ার পর সেন্টমার্টিনে পর্যটক মো. ইব্রাহিমের তীব্র শ্বাসকষ্টে মৃত্যু

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে দুপুরের খাবারের সময় চিংড়ি মাছ খাওয়ার পর অসুস্থ হয়ে মো. ইব্রাহিম (২২) নামের এক পর্যটক মারা গেছেন। তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে প্রথমে দ্বীপের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মাঝিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানিয়েছেন, গতকাল বেলা আড়াইটার দিকে দ্বীপের বাজার এলাকায় একটি হোটেলে দুপুরের খাবারের সঙ্গে চিংড়ি মাছ খান ইব্রাহিম। কিছুক্ষণ পর তিনি অস্বস্তি ও তীব্র শ্বাসকষ্ট অনুভব করেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, ইব্রাহিমের আগে থেকেই অ্যালার্জিজনিত সমস্যা ছিল। স্থানীয় চিকিৎসকের পরামর্শে বিকেল তিনটার দিকে তাঁকে স্পিডবোটে করে টেকনাফের উদ্দেশে পাঠানো হয়।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. এনামুল হক বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই পর্যটকের মৃত্যু হয়েছিল। তাঁকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাঁর অ্যালার্জির সমস্যা ছিল বলে জানা গেছে।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে চিংড়ি খাওয়ার সঙ্গে মৃত্যুর সরাসরি সম্পর্ক বা মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দেখতে ঢাকার পিলখানা বিজিবি সদর দপ্তরে শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি শনিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে পৌঁছান। হাসপাতালে উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আহত বিজিবি সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন। তিনি আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলার শিকার হন খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত নায়েক মো. মনির হোসেন (৪০), যিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ২১ নভেম্বর তাকে পিলখানা শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।

এর আগে গত ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (৪৭) এবং সিপাহি (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫) আহত হন। এতে লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। একই ঘটনায় সিপাহি রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভেঙে যায় এবং ডান হাত ও বাম পায়ের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়।

বর্তমানে আহত তিন বিজিবি সদস্যই চিকিৎসাধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%