০২:৩২ পি.এম
গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দেখতে ঢাকার পিলখানা বিজিবি সদর দপ্তরে শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি শনিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে পৌঁছান। হাসপাতালে উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আহত বিজিবি সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন। তিনি আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে শিক্ষা প্রতিষ্ঠানকে রাখতে আহ্বান প্রধানমন্ত্রীর
গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলার শিকার হন খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত নায়েক মো. মনির হোসেন (৪০), যিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ২১ নভেম্বর তাকে পিলখানা শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর আগে গত ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (৪৭) এবং সিপাহি (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫) আহত হন। এতে লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। একই ঘটনায় সিপাহি রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভেঙে যায় এবং ডান হাত ও বাম পায়ের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়।
বর্তমানে আহত তিন বিজিবি সদস্যই চিকিৎসাধীন।
আরও পড়ুন: ব্যবসায়ীদের জন্য ৬০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন