বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৪৭ পি.এম
নারায়ণগঞ্জ, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : জেলা সদরে আজ বায়ু দূষণের কারণে দুইটি প্রতিষ্ঠানকে মোট আড়াইলাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানকালে এ জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বায়ু দূষণের দায়ে ফতুল্লার সস্তাপুর এলাকার মেসার্স রহমত টেক্সটাইল মিলসকে দুইলাখ টাকা এবং এসকে ডাইং এন্ড ফিনিশিং মিলসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ অভিযানে প্রসিউকিশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক হুজ্জাতুল ইসলাম।
অভিযানের সহায়তায় ছিলেন র্যাব-১১ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টীম।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হুজ্জাতুল ইসলাম জানান, বায়ু দূষণ সহ একাধিক বিধি ভঙ্গের দায়ে ফতুল্লার সস্তাপুর এলাকার মেসার্স রহমত টেক্সটাইল মিলস ও এসকে ডাইং এন্ড ফিনিশিং মিলস নামের দু’টি প্রতিষ্ঠানকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গ্রামের মাঠে শুরু হলেও, স্বপ্নটি অলিম্পিকের দিকে। সরকার এবার তৃণমূলের সেই স্বপ্নবাজ কিশোর-কিশোরীদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নিতে চায়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ঘোষণা করেছেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ থেকে উঠে আসা ৩০৬ জন প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে নিয়ে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের দুই মাসের নিবিড় প্রশিক্ষণ শনিবার শুরু হবে।
দেশজুড়ে আয়োজিত প্রথম আসরে প্রায় ১ লাখ ৬৮ হাজার কিশোর-কিশোরী অংশগ্রহণ করেছিল। উপজেলা, জেলা ও বিভাগ পেরিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখা ৩০৬ জনকে এবার বড় মঞ্চে উঠে আসার সুযোগ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে অসাধারণ প্রতিভাবানদের বাছাই করে সরকারি খরচে বিকেএসপিতে ভর্তি, পড়াশোনা ও খেলাধুলার সুযোগ দেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী।
১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে আমিনুল হক বলেন, খেলাধুলাকে শুধুমাত্র মাঠের বিনোদন হিসেবে নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের পেশা হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। তিনি উল্লেখ করেন, তৃণমূলের প্রতিটি প্রতিভার দরজায় পৌঁছে দিতে হবে সুযোগের আলো। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ উপস্থিত ছিলেন।
মাদক, অপরাধ ও অতিরিক্ত ডিভাইস-নির্ভরতা থেকে কিশোর সমাজকে দূরে রাখার জন্য খেলাধুলাকে বড় হাতিয়ার হিসেবে দেখছেন তিনি। নতুন কুঁড়ির এই ৩০৬ কিশোর-কিশোরীর চোখে শুধুমাত্র জার্সি নয়, বরং জাতীয় দলের স্বপ্নও রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আনোয়ার হোসেন ভুইয়া (৪২) একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুইজন মারাত্নক আহত হয়েছে। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকালে নড়িয়া উপজেলার ভুমখাড়া ই্উনিয়নের মানাখান গ্রামে। নিহত আনোয়ার হোসেন ভুইয়া মানা খান এলাকার স্থায়ী বাসিন্দা ।
আহত রুবেল ঢালী ও নড়িয়া থানা সুত্রে জানাযায়, নড়িয়া উপজেলার মানা খান গ্রামের কবরস্থানের জায়গা নিয়ে স্থানীয় জয়দুল ঢালী ও রুবেল ঢালীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তার জের ধরে গত শুক্রবার জুমার নামায়ের পরে রুবেল ঢালীর সাথে জয়দুল ঢালীর তর্ক বিতর্ক হয়। এ ঘটনা কে কেন্দ্র করে আজ বুধবার বিকালে রুবেল ঢালী জয়দুল ঢালীর বাড়ীর সামনে দিয়ে কদমতলী বাজারে যাওয়ার সময় ওৎপেতে থাকা লোহা কাঠ দিয়ে রুবেল ঢালীকে পিটানো শুরু করে। এ সময় রুবেল ঢালীর সমন্ধী (স্ত্রীর বড় ভাই)
আনোয়ার হোসেন ভুইয়া তাকে বাচাতে আসলে তাকে ও পিটিয়ে মারাত্মক আহত করে।। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে আনোয়ার হোসেন ভুইয়ার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে । ঢাকা নিয়ে যাওয়ার পথে জাজিরা মাওয়া পদ্মা সেতুর উপরে অ্যাম্বুলেন্স এর ভিতরেই সে মারা যায়। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্দ হয়ে জয়দুল ঢালীর বাড়ী ঘরে অগ্নিসংযোগ করে।
নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়র হোসেন বলেন , তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ভুমখাড়া ইউনিয়নের মানাখান এলাকায় লোহা কাঠ দিয়ে পিটিয়ে ২ জনকে মারাত্মক আহত করে। ঢাকা নেওয়ার পথে একজন মারা গেছেন। এ ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্দ হয়ে ৫ টি বাড়ীতে আগুন দিয়ে জালিয়ে দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোর, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষের অভিযোগে এক চাষিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে যশোরের চাঁচড়া সবজিবাগ এলাকায়। এ সময় ৭ টনেরও বেশি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে, যশোর জেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল কুমার জাজোদিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এবং মাছচাষি শফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ বাসসকে জানান, যশোর সদর উপজেলার চাঁচড়া সবজিবাগ এলাকায় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষের তথ্য পাওয়ার পর এই অভিযান চালানো হয়। অভিযুক্তের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুনসহ পুলিশের একটি দল এবং মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষাজীবনের বহু আকাঙ্ক্ষিত সমাবর্তনের দিনগুলি আসন্ন, ঠিক সেই মুহূর্তে চিকিৎসকদের পূর্বাভাসকে অতিক্রম করে নির্ধারিত সময়ের আগে জন্মগ্রহণ করে কন্যাসন্তান। তবে প্রসূতি হওয়ার মাত্র ১০ দিনের মাথায় সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে গ্র্যাজুয়েশন গাউন পরে সমাবর্তন মঞ্চে হাজির হয়ে সকলকে বিস্মিত করেছেন ২৪ বছর বয়সী তরুণী গ্রেস শিমচ্যাক।
এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিগ র্যাপিডসে অবস্থিত ফেরিস স্টেট ইউনিভার্সিটিতে। অদম্য ইচ্ছাশক্তি ও মাতৃত্বের এমন অভূতপূর্ব মেলবন্ধন সামাজিক যোগাযোগমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, মিশিগানের বাসিন্দা গ্রেস শিমচ্যাকের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপনী অনুষ্ঠান বা গ্র্যাজুয়েশন হওয়ার কথা ছিল ১৫ ডিসেম্বর। তার তিন দিন পর সিজারিয়ান সেকশনের মাধ্যমে তার দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ার কথা ছিল, কিন্তু ৬ ডিসেম্বর হঠাৎ করে জন্ম নেয় মেয়ে অ্যানাবেল। সদ্য প্রসূতি হয়েও দীর্ঘদিনের কষ্টে অর্জিত ডিগ্রি গ্রহণের বিশেষ মুহূর্তটি তিনি কোনোভাবেই হাতছাড়া করতে চাননি গ্রেস।
অনুষ্ঠানের দিন, মাত্র ১০ দিন বয়সী সদ্যোজাত কন্যাকে একটি বেবি ক্যারিয়ারে নিজের বুকের সাথে শক্ত করে বেঁধে নেন গ্রেস। তার ওপর দিয়েই পরে নেন গ্র্যাজুয়েশন গাউন। যখন গ্রেস মঞ্চে হেঁটে নিজের অনারারি ডিগ্রি নিচ্ছিলেন, পুরো সময় ছোট্ট অ্যানাবেল মায়ের উষ্ণতায় শান্ত হয়ে ঘুমিয়ে ছিল।
গ্রেস ফেরিস স্টেট বিশ্ববিদ্যালয় থেকে ‘আর্লি চাইল্ডহুড এডুকেশনে’ অসাধারণ ফলাফলের জন্য ‘ম্যাগনা কাম লডে’ সম্মাননাসহ ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। তিনি পড়াশোনার পাশাপাশি কাজ, সংসার ও মাতৃত্বের কঠিন দায়িত্ব সমানভাবে সামলেছেন। সমাবর্তন শেষে তিনি মিশিগানের ট্রাভার্স সিটিতে শিশুদের একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণকালীন শিক্ষক হিসেবে যোগ দেন।
নিজের অনুভূতির কথা জানিয়ে গ্রেস বলেন, "ডিগ্রি অর্জনের পেছনে আমার বছরের পর বছর কঠোর পরিশ্রম ছিল।" তাই মেয়ে আগেই জন্ম নিলেও সহপাঠীদের সাথে সমাবর্তনে অংশ নেওয়ার সিদ্ধান্ত থেকে তিনি সরেননি, আবার এক মুহূর্তের জন্যও সদ্যোজাতকে নিজের কোলছাড়া করতে চাননি।
পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পাতায় গাউনের ভেতর ছোট্ট অ্যানাবেলকে জড়িয়ে রাখা গ্রেসের ছবিটি প্রকাশিত হলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। নিজের এই অভিজ্ঞতা অন্য সব ব্যস্ত ও সংগ্রামী বাবা-মাকে পড়াশোনা শেষ করার প্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই অদম্য তরুণী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ