ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বেনামে বীমা পলিসি খোলা নিষিদ্ধ, ১০ লাখ টাকার লেনদেনের প্রতিবেদন বাধ্যতামূলক


বেনামে বীমা পলিসি খোলা নিষিদ্ধ, ১০ লাখ টাকার লেনদেনের প্রতিবেদন বাধ্যতামূলক

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বেনামে বীমা পলিসি খোলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে, এক দিনের মধ্যে কোনো গ্রাহকের ১০ লাখ টাকা বা তার বেশি নগদ লেনদেন হলে সেই তথ্য সংস্থাটির কাছে প্রতিবেদন আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিএফআইইউ দেশের সকল বীমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ এবং বীমা খাতে আর্থিক অপরাধের ঝুঁকি কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সরকার নিষিদ্ধ ঘোষিত বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তালিকাভুক্ত কোনো সন্ত্রাসী, গোষ্ঠী বা তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে বীমা ব্যবস্থার সুবিধা গ্রহণ করতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। পাশাপাশি, জটিল, অস্বাভাবিক ও যৌক্তিক আর্থিক উদ্দেশ্যবিহীন বীমা পলিসির ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি অপসারণ

গ্রাহকের পরিচয় নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, পাসপোর্ট, ছবি এবং ঠিকানা নির্ভরযোগ্য স্বাধীন উৎস থেকে যাচাই করতে হবে। এছাড়া গ্রাহকের পক্ষে অন্য কেউ পলিসি পরিচালনা করলে তার যথাযথ ক্ষমতা রয়েছে কিনা, তা নিশ্চিত করতে হবে।

এছাড়া নগদ লেনদেনের প্রতিবেদন (সিটিআর) জমা দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট তথ্য ও নথিপত্র অন্তত পাঁচ বছর সংরক্ষণ করতে হবে। প্রতিষ্ঠানের নামে বীমা পলিসি খোলার ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী ব্যক্তি অথবা ২০ শতাংশ বা তার বেশি শেয়ারের মালিককে মূল সুবিধাভোগী হিসেবে শনাক্ত করে তথ্য রাখতে হবে। বিদেশি বাণিজ্য-সংক্রান্ত বীমায় ঋণপত্র (এলসি), আমদানি-রপ্তানি চুক্তি ও জাহাজীকরণের নথিও ব্যাংকের রেকর্ডের সঙ্গে যাচাই করতে হবে।

সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে বিএফআইইউতে প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রতিটি বীমা প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে কেন্দ্রীয় পরিপালন ইউনিট গঠন করতে হবে।

আরও পড়ুন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার থেকে ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০, জাতিসংঘের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৭ এম


সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০, জাতিসংঘের উদ্বেগ

সুদানে বিভিন্ন স্থানে কয়েক দিনের ব্যবধানে পরিচালিত ড্রোন হামলায় ১৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। এই তথ্য চিকিৎসাকর্মী ও মানবাধিকার সংগঠনগুলোর সূত্রে জানা গেছে।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানী খার্তুমে একটি ড্রোন হামলায় তিন শিশু নিহত হওয়ার খবর দিয়েছে ‘ইমার্জেন্সি লইয়ার্স’ নামের একটি সংগঠন। এই সংগঠনটি সুদানের গৃহযুদ্ধে বেসামরিক মানুষের ওপর সহিংসতার ঘটনা পর্যবেক্ষণ করে। অন্যদিকে, গত শুক্রবার থেকে দেশের পশ্চিমাঞ্চলে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এই হামলাগুলোর জন্য আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং সরকারি বাহিনী—দুই পক্ষকেই দায়ী করা হচ্ছে। ২০২৩ সাল থেকে উভয় পক্ষের মধ্যে সংঘাত চলছে। সাম্প্রতিক মাসগুলোতে ড্রোন হামলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের হতাহতের ঘটনা বেড়ে গেছে।

সাম্প্রতিক হামলাগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ঘটনাটি ঘটে রোববার সন্ধ্যায়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পশ্চিম কর্দোফান রাজ্যের আল-দিবাব শহরের একটি বাজারের কাছে এই হামলা চালানো হয়। এই এলাকা আরএসএফের নিয়ন্ত্রণে রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও চিকিৎসাকর্মীদের মতে, বাজারের দিন শেষে বাড়ি ফেরার জন্য যানবাহনের অপেক্ষায় গ্রামবাসীরা একটি পরিবহণকেন্দ্রে জড়ো হয়েছিলেন। এ সময় সেখানে ড্রোন হামলা চালানো হলে ৮০ জন নিহত হন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আহত ৪৭ জনকে কাছের আল-মুজলাদ শহরে নিয়ে যাওয়া হয়। পরে তাদের মধ্যে ৩০ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন এক চিকিৎসাসূত্র।

আরএসএফের স্বঘোষিত প্রশাসন ‘তাসিস’ এবং ইমার্জেন্সি লইয়ার্স এই হামলার জন্য সুদানের সেনাবাহিনীকে দায়ী করেছে।

বাঁধেও ড্রোন হামলার চেষ্টা

সুদানের পূর্বাঞ্চলে গেদারেফ রাজ্যের আতবারা ও সেটিট বাঁধ লক্ষ্য করে আরএসএফের কিছু ড্রোন হামলার চেষ্টা চালানোর খবর দিয়েছে দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তা। রোববার এসব ড্রোন প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে আটকানোর দাবি করা হয়েছে। বাঁধ দুটি রাজধানী খার্তুম থেকে প্রায় ৪২০ কিলোমিটার পূর্বে অবস্থিত।

এ বিষয়ে আরএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হামলার নিন্দা জাতিসংঘের

সুদানে ধারাবাহিক প্রাণঘাতী ড্রোন হামলার ঘটনায় সোমবার নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্তেফান দুজারিক সাংবাদিকদের বলেছেন, ‘দেশজুড়ে ধারাবাহিক প্রাণঘাতী ড্রোন হামলা নিয়ে আমরা উদ্বিগ্ন। এসব হামলায় শিশুসহ বেসামরিক মানুষ নিহত হচ্ছেন এবং গুরুত্বপূর্ণ সেবাব্যবস্থা ব্যাহত হচ্ছে।’

সুদানে ২০২৩ সাল থেকে সরকারি বাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। দীর্ঘস্থায়ী এই যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সাম্প্রতিক ড্রোন হামলাগুলো দেশটির বেসামরিক জনগণের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণহত্যায় দণ্ডিত ইনুকে কারাগারে ডিভিশন-১ দেওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৭ এম


গণহত্যায় দণ্ডিত ইনুকে কারাগারে ডিভিশন-১ দেওয়ার নির্দেশ

জুলাই বিপ্লবে গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দণ্ডিত জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে কারাগারে ডিভিশন-১ (বিশেষ অতিরিক্ত সুযোগ-সুবিধা) দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত রোববার এ-সংক্রান্ত নির্দেশনা গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়েছে। এই নির্দেশনার একটি অনুলিপি কারা মহাপরিদর্শক এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপারের কাছে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আমার দেশকে এ তথ্য জানিয়েছে।

তথ্যমন্ত্রী থাকাকালে কথিত ‘আগুন সন্ত্রাস’ বয়ানের উদ্যোক্তা ইনু বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ আছেন। সেখানে তিনি ১০ বছরের দণ্ড ভোগ করছেন। ইনুর ডিভিশনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ইনুর অনুকূলে কারাবিধি অনুযায়ী ডিভিশন-১ প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো।

কারাগার সূত্র জানিয়েছে, গত রোববার দেওয়া এ চিঠির আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ১৪ সেপ্টেম্বর কারা কর্তৃপক্ষকে আরেকটি চিঠি দেয়। ওই চিঠিতে ইনুকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে এ চিঠির জবাবে গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে প্রতিবেদন পেশ করেন।

গত ৪ অক্টোবর দেওয়া ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইনু কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ অন্তরীণ আছেন। কারাগারে ডিভিশন দিতে তার স্ত্রী আফরোজা হকের আবেদনের পরিপ্রেক্ষিতে কারাবিধি মোতাবেক ডিভিশন দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা পাওয়া যায়।

ইনুর অপরাধ ও দণ্ডের কথা উল্লেখ করে প্রতিবেদনে আরো বলা হয়েছে, কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকাকালীন গত ৩০ জুন আইসিটি-২ তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ জরিমানা করে রায় ঘোষণা করেছে। এরপর ৫ জুলাই ইনুকে কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ স্থানান্তর করা হয়।

ইনু কেরানীগঞ্জ কারাগারে বন্দি থাকাকালীন ২০২৪ সালের ২৯ অক্টোবর ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে কারাগারে ডিভিশন-১ এর সুবিধাদি ভোগ করে আসছিলেন। বর্তমানে তিনি সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে অন্তরীণ আছেন। তিনি আইসিটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে অন্তরীণ থাকায় কারাবিধি ৬১৭(১) অনুযায়ী তাকে ডিভিশন দেওয়া সমীচীন হবে না।

গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেটের এ প্রতিবেদনের পর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরেকটি চিঠি দিয়ে ইনুকে ডিভিশন দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়।

কারাগারে যেসব সুবিধা পাবেন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ নির্দেশনা বাস্তবায়ন হলে কারাগারে কী ধরনের সুযোগ-সুবিধা পাবেন ইনুÑএমন প্রশ্ন ছিল এক কারা কর্মকর্তার কাছে। জবাবে আমার দেশকে তিনি বলেন, ডিভিশনপ্রাপ্ত বন্দিদের কারাগারে তিন ধরনের সুবিধা দেওয়া হয়। ডিভিশন-১, ডিভিশন-২ ও ডিভিশন-৩। ইনুর বিষয়ে ডিভিশন-১ দেওয়ার নির্দেশনা এসেছে বলে জানান তিনি। নির্দেশনা অনুযায়ী ইনু কারাগারে খাটসহ সিঙ্গেল রুম এবং টেবিল, চেয়ার, তোশক, বালিশসহ অন্যান্য বিছানাপত্র পাবেন। সাধারণ বন্দিদের চেয়ে উন্নত ও ভিন্ন খাদ্য থাকবে তার জন্য। ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য তেল, চিরুনি, আয়না ছাড়াও পড়ালেখা ও বিনোদনের সুযোগ পাবেন। সেইসঙ্গে বই ও পত্রিকা পড়ার সুবিধা পাবেন তিনি। সাহায্যকারী হিসেবে একজন পুরুষ বন্দিও থাকবে তার জন্য। তার স্বজনদের বিশেষ অনুমতি সাপেক্ষে জেল কর্তৃপক্ষের অফিস রুমে সাক্ষাতের সুযোগ থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের জন্য বিশেষ ট্রেন ও ২০০ বাস চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৮ এম


দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের জন্য বিশেষ ট্রেন ও ২০০ বাস চালু

দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের চাপ মোকাবেলার উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর নির্দেশনা দিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আজ থেকে বিশেষ ট্রেন চলাচল শুরু হবে বলে জানা গেছে।

মন্ত্রী জানান, অতিরিক্ত ভাড়া আদায় ও টিকিটের কালোবাজারি বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সেতুর টোল প্লাজাগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, উৎসবের আনন্দ যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা যাত্রী হয়রানির কারণে ব্যাহত না হয়, সেই জন্য সড়ক, রেল ও নৌপথের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একত্রে কাজ করতে হবে।

এদিকে, শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য বিশেষ বাসসেবা চালু করেছে সরকারের পরিবহন সংস্থা বিআরটিসি। আজ থেকে শনিবার পর্যন্ত এই বিশেষ বাসসেবা চালানো হবে।

বিআরটিসি জানিয়েছে, পূজায় সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনায় বিশেষ বাস চালু করা হচ্ছে। এই সেবার নামকরণ করা হয়েছে ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’। বিআরটিসির ২২টি বাস ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

জানা গেছে, বিআরটিসি এই সেবার জন্য ২০০ বাস নির্ধারণ করেছে। এসব বাসের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি), নন-এসি, দ্বিতল ও একতলা—সব ধরনের বাস থাকবে। যাত্রীদের চাহিদার ভিত্তিতে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছেন।

বিআরটিসির কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ সেবার বাসের বেশিরভাগই রাজধানী ঢাকার বিভিন্ন বাস ডিপো ও গাজীপুর থেকে ছেড়ে যাবে। পূজার বিশেষ বাসের গন্তব্যগুলোর মধ্যে রয়েছে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ এবং চট্টগ্রাম। এর পাশাপাশি এক জেলা থেকে অন্য জেলায়ও কিছু বিশেষ সেবার বাস চলবে।

দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিসের সুবিধা গ্রহণ এবং এই সার্ভিস সংক্রান্ত যেকোনো প্রয়োজনে বিআরটিসি প্রধান কার্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে (টেলিফোন : ০২৪১০৫৩০৪২, মোবাইল : ০১৩২৪২৯৩৯৭৪, ০১৭১৮১৮৩৫৮৯) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ইউরোপের মঞ্চে বার্সা-পিএসজি মহারণ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৮ এম


আজ ইউরোপের মঞ্চে বার্সা-পিএসজি মহারণ

ইউরোপীয় ফুটবলের রাত মানেই উন্মাদনা এবং উন্মাতালের পারদের ওঠানামা। যখন দুই লিগের দুই শীর্ষ দলের লড়াই হয়, তখন উয়েফা চ্যাম্পিয়নস লিগের মঞ্চ হয়ে ওঠে মহারণের ময়দান। চ্যাম্পিয়নস লিগের তৃতীয় রাউন্ডে এমন একটি রাতের অপেক্ষা করা হচ্ছে। আজ বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে সাবাহ-বরুসিয়া ডর্টমুন্ড এবং ফেনেরবাচে-স্লাভিয়া প্রাগের ম্যাচ দিয়ে লড়াই শুরু হবে, তবে সবার চোখ দিবাগত রাত ১টার দিকে। সাত জোড়া ম্যাচের বাকি ছয়টি ম্যাচকে ম্লান করে সবটা আলো টেনে নিচ্ছে প্যারিসের পার্ক দে প্রিন্সেস; সেখানে মুখোমুখি হবে পিএসজি ও বার্সেলোনা।

ম্যাচটি কেবল দুই ইউরোপীয় পরাশক্তির লড়াই নয়, বরং দুই আক্রমণাত্মক ফুটবল-দর্শনেরও পরীক্ষা। বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের সামনে পিএসজির ডাগআউটে থাকা লুইস এনরিকে, যিনি একসময় কাতালান ক্লাবটির কোচ ছিলেন। বার্সা তাদের আগের ম্যাচে গালাতাসারাইকে ৪-১ গোলে পরাজিত করেছে। পিএসজিও পিছিয়ে নেই; তারা ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়ে নিজেদের আক্রমণশক্তির জানান দিয়েছে। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বলছে, প্যারিসে রক্ষণ সামলে বসে থাকার চেয়ে আক্রমণেই সমাধান খুঁজতে পারে উভয় পক্ষ।

বার্সেলোনার লক্ষ্য ইউরোপীয় মঞ্চে জয়ের ধারাকে ধরে রাখা, অন্যদিকে পিএসজির চাওয়া নিজেদের মাঠে আরেকটি বড় দলের বিপক্ষে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। এনরিকে বার্সেলোনার ফুটবল-দর্শন জানেন, তাই তার দলের জন্য ম্যাচটি বাড়তি সুবিধা হতে পারে। অন্যদিকে, ফ্লিক চাইবেন দ্রুত পাস, আক্রমণের গতি এবং প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করে প্যারিসের দর্শকদের শান্ত করে দিতে। ম্যাচের ফল নির্ধারণে মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং গোলের সুযোগ কাজে লাগানোর দক্ষতাই বড় পার্থক্য তৈরি করতে পারে।

মহারণের আগে দুই কোচের কথায় পারস্পরিক শ্রদ্ধা দেখা যায়, কিন্তু মাঠে ছাড় দিতে নারাজ দুজনই। এনরিকে বলেন, “আমি হান্সি ফ্লিকের দলকে ভালোবাসি। দলটি যেভাবে ফুটবল খেলে, তা বার্সেলোনার ফুটবল আদর্শের সঙ্গে মেলে। তারা ধীরগতির ফুটবল খেলে না; বরং আক্রমণ করে, প্রতিপক্ষকে চাপে রাখে এবং রক্ষণে অনেক উঁচু লাইন (হাইলাইন ডিফেন্স) ব্যবহার করে। আমি বার্সেলোনার খেলা সব সময় দেখি, কারণ আমি এই ক্লাবের সদস্য। আমি চিরকালই বার্সেলোনার সমর্থক থাকব।”

অন্যদিকে, এনরিকের অধীনে বার্সেলোনার সাফল্যের কথাও মনে রেখেছেন ফ্লিক। স্প্যানিশ কোচের সেই দলের প্রশংসা করে জার্মান কোচ বলেছেন, “তার বার্সেলোনা ছিল বিশ্বের অন্যতম সেরা দল। আমি সেই দলকে অনেক দেখতাম। তবে আমি নিজের দলকেও শতভাগ শক্তিশালী মনে করি।”

এই মহারণের পাশাপাশি অ্যানফিল্ডেও উত্তাপ থাকবে। রাত ১টায় লিভারপুলের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। আগের ম্যাচে লাস্ককে ৬-৩ গোলে হারিয়েছে লিভারপুল, আর ভিয়ারিয়াল নাপোলিকে ৩-১ গোলে পরাজিত করেছে। দুই দলেরই আক্রমণভাগ গোল করতে সক্ষম; তাই লিভারপুলের ঘরের মাঠেও সহজ লড়াইয়ের নিশ্চয়তা নেই। একই সময়ে ম্যানচেস্টার সিটি খেলবে এইকে এথেন্সের বিপক্ষে। পিএসজির কাছে হারের পর জয়ে ফেরার তাগিদ থাকবে সিটির। নিজেদের মাঠে বলের নিয়ন্ত্রণ ধরে রেখে প্রতিপক্ষকে চাপে ফেলাই হবে তাদের লক্ষ্য।

পর্তুগালে পোর্তোর সামনে পিএসভি আইন্দহোভেন। আগের ম্যাচে রিয়াল বেতিসের কাছে ৩-২ গোলে হেরেছে পোর্তো। রোমা চাইবে ঘুরে দাঁড়াতে; আগের ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ৪-৩ গোলে হেরেছিল ইতালিয়ান ক্লাবটি। এবার তাদের প্রতিপক্ষ স্লোভান ব্রাতিস্লাভা। নাপোলির সামনে নরওয়ের বোদো/গ্লিমট। ভিয়ারিয়ালের কাছে হারের পর ঘরের মাঠে জয়ের খোঁজে নামবে নাপোলি, কিন্তু বোদো/গ্লিমট আগের ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে ১-০ গোলে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।

রাতের আরেক গুরুত্বপূর্ণ লড়াই স্টুটগার্ট-অ্যাটলেটিকো মাদ্রিদ। স্টুটগার্ট আগের ম্যাচে স্লোভান ব্রাতিস্লাভাকে ৩-০ গোলে পরাজিত করেছে। অ্যাটলেটিকোও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলের জয়ের আত্মবিশ্বাস নিয়ে নামবে। দুই দলেরই লক্ষ্য লিগ পর্বে নিজেদের অবস্থান শক্ত করা। এর আগে রাত ১০টা ৪৫ মিনিটে সাবাহর মুখোমুখি হবে ডর্টমুন্ড। আগের ম্যাচে বোদো/গ্লিমটের কাছে হেরে যাওয়া জার্মান দলটির সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ রয়েছে। একই সময়ে ফেনেরবাচে খেলবে স্লাভিয়া প্রাগের বিপক্ষে। সাবাহ আগের ম্যাচে স্লাভিয়াকে ২-০ গোলে হারিয়েছিল, তাই ডর্টমুন্ডের জন্য প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

এক রাতে ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে, কিন্তু প্রতিটি মাঠে আলাদা গল্প রয়েছে। কোথাও সাবেক কোচের বিপক্ষে পুরোনো ক্লাব, কোথাও হারের ক্ষত মুছে ফেরার চেষ্টা, কোথাও আবার ইউরোপের বড় মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের লড়াই। সব গল্পের কেন্দ্রে থাকবে প্যারিস; বার্সেলোনা ও পিএসজির মহারণে। চ্যাম্পিয়নস লিগে কখনো কখনো একটি রাতই বদলে দেয় পুরো অভিযানের সুর; আর সেই রাতের শেষে কার মুখে হাসি ফুটবে, তার উত্তর মিলবে মাঠের লড়াই শেষে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%