নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
০৪:১৬ পি.এম
পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের উদ্দেশ্যে পূবালী ব্যাংক পিএলসি মিয়ারহাট শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার মিয়ারহাট বন্দরের নুরজাহান হাবিব সেমি-ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেনের মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ফজিলা রহমান মহিলা কলেজের অধ্যাপিকা এবং নুরজাহান হাবিব সেমি-ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেনের সভাপতি উম্মে সালমা।
এছাড়া, উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ কামাল পারভেজ, পূবালী ব্যাংক পিএলসি মিয়ারহাট শাখার ম্যানেজার মুজাফফর হোসেন, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম লিটু, সোহেল রানা মৃধা, মেহজাবিন কিবরিয়া শোহেবসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে উম্মে সালমা উল্লেখ করেন, "পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, এটি পরিবেশকে শীতল রাখে এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।" তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার বিষয়ে সচেতনতা তৈরি করতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, "আজ যে গাছগুলো রোপণ করা হলো, আগামী দিনে এগুলোই আমাদের বিদ্যালয় ও এলাকার পরিবেশকে আরও সুন্দর ও সবুজ করে তুলবে।"
তিনি যোগ করেন, "শুধু গাছ লাগালেই হবে না, গাছগুলোকে নিয়মিত পরিচর্যা করে বড় করে তুলতে হবে। এজন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।"
পূবালী ব্যাংক পিএলসি মিয়ারহাট শাখার ম্যানেজার মুজাফফর হোসেন বলেন, "সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা চাই, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজের সর্বস্তরে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে উঠুক।"
তিনি আরও বলেন, "আজকের এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। ভবিষ্যতেও পরিবেশ ও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।"
পরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষ পরিচর্যার বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হরমুজ প্রণালির লারাক দ্বীপে হামলার পরও তেল সংক্রান্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হামিদ বোরজ। তিনি জোর দিয়ে বলেছেন, দ্বীপের পরিস্থিতি শান্ত রয়েছে এবং কোনো বাধা ছাড়াই তেল উত্তোলনের কার্যক্রম চলছে।
হামিদ বোরজ সাংবাদিককে বলেন, ট্রাম্পের টুইটগুলো হাস্যকর। খার্গের পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে। তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন সময়ে খার্গের তেল স্থাপনা ও অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। কিন্তু কর্মী ও শিল্প পরিচালনাকারী কর্মকর্তারা তেল কার্যক্রম এক মুহূর্তের জন্যও বন্ধ হতে দেয়নি।
বোরজ দ্বীপটিতে নির্মাণ ও কারিগরি কাজ অব্যাহত থাকার বিষয়টিও তিনি তুলে ধরেন। এই কর্মকর্তা বলেন, আমি যখন আপনার সাথে কথা বলছি, ঠিক তখনই বেশ কয়েকজন ঠিকাদার স্টোরেজ ট্যাঙ্কগুলোর সংস্কার ও আধুনিকায়নের কাজ করছেন। জেটি ও ট্যাঙ্ক পুনর্নির্মাণের পাশাপাশি আগে থেকে পরিকল্পিত অন্যান্য প্রকল্পের কাজও কোনো বাধা ছাড়াই চলছে।
এনআইওসি-এর প্রধান জানান, এসব প্রকল্পের মধ্যে কোনোটির কাজ ২০ শতাংশ আবার কোনোটির কাজ প্রায় ৩০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং সবগুলোর কাজই চলমান রয়েছে। খার্গ দ্বীপ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও পোস্ট করার পরই বোরজ এসব মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্ট তার ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে তৈরি একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে বিস্ফোরণ ও আগুনের শিখার মাঝে তেল স্থাপনাগুলো দেখা যাচ্ছিল এবং ক্যাপশনে লেখা ছিল, খার্গ দ্বীপকে চূর্ণ-বিচূর্ণ করে দেওয়া হচ্ছে।
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই খার্গ দ্বীপ নিয়ে ট্রাম্পের এই দাবি সামনে আসে। রবিবার রাতে যুক্তরাষ্ট্র লারাক দ্বীপে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে, এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অবস্থান ও ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ওই হামলার জবাবে জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। হুমকি ও হামলা সত্ত্বেও ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান নির্বাহী জোর দিয়ে বলেন, খার্গ দ্বীপে তেল কার্যক্রম ব্যাহত হয়নি এবং দ্বীপটিতে সংস্কার, আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়নের প্রকল্পগুলো অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুলে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাহাবুর রহমান (২৪) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ।
দণ্ডপ্রাপ্ত মাহাবুর রহমান নাগেশ্বরী পৌরসভার গোদ্ধারের পাড় এলাকার ইছহাক আলীর ছেলে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান জানান, সোমবার সকাল পৌনে ১০টার দিকে ওই স্কুলছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে কাজী মার্কেটের আজিজ সুপার মার্কেটের সামনে পৌঁছালে মাহাবুর রহমান তার সঙ্গে অশোভন আচরণ ও শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে।
এ সময় আশপাশের লোকজন ঘটনাটি দেখতে পেয়ে অভিযুক্ত যুবককে আটক করে রাখেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে বিদ্যালয়ে নিয়ে আসে।
পরে বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আনা হলে আদালত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় মাহাবুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ বলেন, স্কুলছাত্রীকে শ্লীলতাহানির বিষয়টি প্রমাণিত হওয়ায় অভিযুক্ত যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চরফ্যাসন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন চর কুকরি মুকরির ৩ ও ৪ নম্বর ওয়ার্ড বাসীর স্বপ্নের সড়কে রডের পরিবর্তে লোহার নেট (তারের জাল) দিয়ে ঢালাই দেওয়ার এক অভিনব অনিয়মের অভিযোগ উঠেছে।
চর কুকরী মুকরী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে মনুরা বাজার পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটির নির্মাণ কাজে সরকারি বিধিমালা লঙ্ঘন করে এমন অনিয়ম করায় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সরকারি নির্মাণ বিধিমালা অনুযায়ী, সিসি বা আরসিসি ঢালাইয়ের সড়কে স্থায়িত্ব নিশ্চিত করতে নিন্দিষ্ট মিলিমিটারের লোহার রড ব্যবহার করা বাধ্যতামূলক।
কিন্তু এই নিয়মের তোয়াক্কা না করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতাধীন এই কাজে রডের পরিবর্তে সস্তা লোহার নেট বা জিআই তারের নেট ব্যবহার করা হচ্ছে।
উপজেলা প্রকৌশলী কার্যালয়ের এই কাজ নিয়মিত তদারকি করার কথা থাকলেও, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের রহস্যজনক নীরবতায় ঠিকাদারি প্রতিষ্ঠান এই অনিয়মের সুযোগ পাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
দুর্গম ও উপকুলীয় এলাকার যোগাযোগ ব্যবস্থা টেকসই করার জন্য সরকারের এই প্রকল্পে প্রাক্কলিত বাজেট ধরা হয়েছে প্রায় ২ কোটি ১৩ লক্ষ টাকা।
দরপত্রের (টেন্ডার) মাধ্যমে কাজটি বাস্তবায়নের কার্যাদেশ পেয়েছে ভোলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ছাদিকা আফিয়া ইসলাম ।
স্থানীয় বাসিন্দারা জানান, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষের জন্য এই সড়কটি একমাত্র লাইফলাইন। এই পথ দিয়েই দুই ওয়ার্ডের মানুষকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জরুরি চিকিৎসা সেবা নিতে আসতে হয়।
পাশাপাশি এলাকার প্রধান বাণিজ্যিক কেন্দ্র মনুরা বাজারে যাতাযাত, কৃষিপণ্য ও মাছ পরিবহনে এই রাস্তাটি ব্যবহার করা হয়। কিন্তু কুকরির ছোট খাল সংলগ্ন উপক‚লীয় এই নিচু এলাকায় জোয়ার-ভাটার পানি ওঠানামা করে।
রডের খাঁচা ছাড়া শুধু চিকন লোহার তারের নেট দিয়ে ঢালাই করলে ভারী যানবাহনের চাপে এবং নোনা পানির প্রভাবে রাস্তাটি কয়েক মাসের মধ্যেই ভেঙে ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন সিডিওল মোতাবেক কাজ করা হচ্ছে। কাজ উর্ধতন কতৃপক্ষ নিয়মিত তদারকি করতেছেন।
তবে উপজেলা প্রকৌশলী অফিসের তদারকি কর্মকর্তা মো: কিবরিয়া বলেন, সড়ক নির্মাণে শিডিউল মোতাবেক কাজ হচ্ছে, এর বাইরে অন্য কোনো সামগ্রী ব্যবহারের কোনো সুযোগ নেই।,
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম সন্দেহে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা ৯৭৩ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৬২ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৪ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৩১২ জন।
গত ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৪০০ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৮৭৪ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ