ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

হালুয়াঘাটের সীমান্ত বাণিজ্য দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: সৈয়দ এমরান সালেহ প্রিন্স


হালুয়াঘাটের সীমান্ত বাণিজ্য দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

হালুয়াঘাট আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপের সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স মন্তব্য করেছেন যে, সীমান্ত বাণিজ্য হালুয়াঘাটের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তিনি উল্লেখ করেন যে, এই বাণিজ্যকে গতিশীল করার জন্য ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করা, প্রশাসনিক জটিলতা দূর করা, অবকাঠামো উন্নয়ন করা এবং ভারতীয় রপ্তানিকারকদের সঙ্গে কার্যকর সমন্বয় গড়ে তোলা প্রয়োজন।

তিনি আরও বলেন, হালুয়াঘাটের সীমান্ত বাণিজ্য শুধুমাত্র হালুয়াঘাটের জন্য নয়, বরং দেশের সার্বিক উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ। সীমান্ত বাণিজ্যকে সম্প্রসারণ ও গতিশীল করতে হবে, যা জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করবে।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, ব্যবসায়ীদের অনিশ্চয়তার মধ্যে রেখে সীমান্ত অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব নয়। তিনি আশা প্রকাশ করেন যে, হালুয়াঘাট একটি সমৃদ্ধ সীমান্ত বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে উঠবে, যেখানে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আরও পড়ুন: সরকার ৮.৫ লাখ টন ধান-চাল কিনবে, দাম ঘোষণা তথ্য উপদেষ্টার

আজ সন্ধ্যায় হালুয়াঘাট আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি হোটেল ইমেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়, যেখানে সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান সমস্যা, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ভারত থেকে কয়লা আমদানির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নানা প্রতিবন্ধকতা বিদ্যমান। কখনো আমদানিতে অনিশ্চয়তা, কখনো পরিবহন ব্যয় বৃদ্ধি, কখনো প্রশাসনিক জটিলতা এবং কখনো এলসি সমস্যা ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করছে। এর ফলে শ্রমিক, পরিবহন ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সীমান্ত বাণিজ্যের ওপর নির্ভরশীল অসংখ্য পরিবারের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, শুধু কয়লা আমদানি নয়, অন্যান্য পণ্য আমদানির পাশাপাশি হালুয়াঘাট থেকে ভারতে বিভিন্ন পণ্য রফতানির উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি ভারতীয় কয়লা রপ্তানিকারকদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। কয়লা আমদানিতে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে দুই দেশের ব্যবসায়ী সংগঠন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের প্রয়োজন রয়েছে।

বিএনপির এই নেতা মন্তব্য করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, হালুয়াঘাটের সীমান্ত বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় অর্থনীতিতে আরও বেশি অবদান রাখা সম্ভব।

আরও পড়ুন: মনসুর হত্যায় সানির ফাঁসির দাবিতে কুড়িগ্রামে পৌরসভার কর্মীদের বিক্ষোভ

ব্যবসায়ী সংগঠনে ঐক্যের ওপর গুরুত্বারোপ করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, হালুয়াঘাট আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপ কোনো রাজনৈতিক দলের সংগঠন নয়। এখানে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রত্যেক ব্যবসায়ীর সমান অধিকার ও মর্যাদা রয়েছে। সংগঠনকে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে রেখে সকল সদস্যের স্বার্থরক্ষায় কাজ করতে হবে।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, সীমান্ত বাণিজ্যের সম্প্রসারণ শুধুমাত্র আমদানিকারক-রপ্তানিকারকদের লাভবান করবে না, বরং পরিবহন, গুদামজাতকরণ, ক্ষুদ্র ব্যবসা ও সেবামূলক খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। বিশেষ করে হালুয়াঘাট ও ধোবাউড়ার তরুণদের জন্য স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।

সভায় তিনি হালুয়াঘাটের সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ, ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থরক্ষা এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় সমিতির সহসভাপতি মো. জয়নাল আবেদীন ও চন্দন কুমার ঘোষ, মহাসচিব অধ্যাপক অশোক কুমার সরকার, যুগ্ম মহাসচিব আ.স.ম. খালিদ ইকবাল নিটোল, অর্থসচিব মো. শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সচিব হাজী মো. আজিজুল ইসলাম, তথ্য, প্রচার ও প্রকাশনা সচিব রাজীব কুমার দত্ত, শ্রমবিষয়ক সচিব হাজী মো. কামরুজ্জামান দুলাল, সাংস্কৃতিক সচিব মো. সামছুল আলম সামন, ক্রীড়া সচিব মো. আসাদুজ্জামান এবং নির্বাহী সদস্য অধ্যাপক এমদাদুল ইসলাম, মো. আলিমুল ইসলাম, মো. আব্দুল বারী, মো. শাহাওয়াত হোসেন মল্লিক ও অপু সরকার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক, মোটরসাইকেল ও সিএনজি জব্দ

সভায় সাধারণ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর ইন্টারন্যাশনালের স্বপন ধর, মিন্টু ট্রেড লাইনের মো. সামছুল আলম মিন্টু, রোজামনি এন্টারপ্রাইজের মো. আলামিন, বি আর ইন্টারন্যাশনালের হুমায়ুন রেজা, বর্ণালী ট্রেডার্সের মো. রোহান মিয়া, জলিল এন্টারপ্রাইজের মোঃ মামুন, হাজী ট্রেডার্সের মোরশেদ আলম, রিয়া ট্রেড পয়েন্টের বিকাশ সরকার, রোজামনি এন্টারপ্রাইজের আল আমিন, অভিষেক এন্টারপ্রাইজের পিন্টু সরকার এবং তাহমিদ আলম এন্টারপ্রাইজের জাহাঙ্গীর আলম।

সাধারণ সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, কয়লা আমদানির ধারাবাহিকতা, সীমান্ত বাণিজ্যের প্রতিবন্ধকতা, সাংগঠনিক কার্যক্রম, আয়-ব্যয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামেকে ছাত্রলীগের দুই সাবেক নেতা আটক; পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


রামেকে ছাত্রলীগের দুই সাবেক নেতা আটক; পুলিশে সোপর্দ

 রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্নশিপ করার সুযোগ চেয়ে পরিচালকের সঙ্গে দেখা করতে গিয়ে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই সাবেক নেতা। তাঁরা হলেন রামেক শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ কর্মকার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। সেখানে তাঁদের অবস্থানের খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে শিক্ষার্থীরা পরিচালকের কক্ষে প্রবেশের চেষ্টা করেন এবং দরজায় ধাক্কাধাক্কি করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে। পরে দুই সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় তাঁদের ওপর হামলা চালিয়ে মারিপিট করতে দেখা যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুই বছর ইন্টার্নশিপ স্থগিত ও হোস্টেল থেকে বহিষ্কারের শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় ইন্টার্নশিপ করার জন্য শুভ ও নাহিদ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে তাঁদের পরিচালকের কক্ষে ডাকা হয়।
এর আগে ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রামেক ছাত্রলীগের ১৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তাঁদের মধ্যে শুভ ও নাহিদকে দুই বছরের জন্য ইন্টার্নশিপ থেকে বিরত রাখা এবং হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছিল।
রামেক হাসপাতালের মুখপাত্র ডাঃ শেখ শামীম আহমেদ বলেন, ইন্টার্নশিপ স্থগিতের মেয়াদ শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী পুনরায় আবেদন করতে হয়। অ্যাকাডেমিক কাউন্সিল অনুমোদন দিলে ইন্টার্নশিপ করার সুযোগ পাওয়া যায়। তবে শুভ ও নাহিদ আবেদন না করেই পরিচালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুর সীমান্তে নারী পুশ ইন চেষ্টায় বিজিবির বাধা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


জামালপুর সীমান্তে নারী পুশ ইন চেষ্টায় বিজিবির বাধা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করা হয়েছে এক নারীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দ্বারা। তবে বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের বাধার কারণে ওই নারীকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া সম্ভব হয়নি। বর্তমানে তিনি সীমান্তের শূন্যরেখার নিকটে অবস্থান করছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে, উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর সীমান্তের ১০৭৬ নম্বর প্রধান সীমান্ত পিলারের কাছে এই ঘটনা ঘটে।

বিজিবি এবং স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের লুকায়ের চর বিএসএফ ক্যাম্পের সদস্যরা প্রায় ৩০ বছর বয়সী ওই নারীকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। এ সময় সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করে বিজিবিকে অবহিত করেন।

পরে বিজিবি এবং স্থানীয় লোকজনের বাধার কারণে ওই নারী সীমান্ত এলাকায় অবস্থান করতে বাধ্য হন। তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি নিজের নাম, ঠিকানা বা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রদান করতে পারেননি বলে জানা গেছে।

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা করা হয়েছিল। তবে তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। বর্তমানে তিনি ভারতের ভেতরেই অবস্থান করছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় বাসে নাশকতায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ ৩ আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


নওগাঁয় বাসে নাশকতায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ ৩ আটক

নওগাঁ পৌর এলাকার বাইপাস সড়কের গাবতলী মোড়ের কাছে আল বারাকা পরিবহনের দুটি বাসে রহস্যজনক অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় স্থানীয় পুলিশ বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এ ঘটনায় আটক করা হয়েছে জেলা ছাত্রলীগের দুই শীর্ষ নেতাসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ পৌরসভার বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশের সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— নওগাঁ জেলা ছাত্রলীগের সহসভাপতি একরামুল বারী ডলার (২৬), জেলা ছাত্রলীগের আরেক সহসভাপতি মো. শাহানুর নেওয়াজ লিখন (২৮) এবং নওগাঁ শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. শিশির (৫৫)। মঙ্গলবার সন্ধ্যায় সোনারপট্টি এলাকা থেকে শিশিরকে গ্রেপ্তার করা হয়। অন্য দুই ছাত্রলীগ নেতাকে পুলিশ তাদের নিজ নিজ বাসভবন থেকে হেফাজতে নেয়।

ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শহরের গাবতলী মোড়ে বাসে অগ্নিকাণ্ড ও নাশকতা সৃষ্টির অভিযোগে দায়েরকৃত মামলায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনার পেছনের মূল রহস্য উদঘাটনে বিস্তারিত তদন্ত চলছে। গ্রেপ্তারকৃতদের বুধবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এর আগে, গত সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাইপাস সড়কের গাবতলী মোড়ে প্রধান সড়কের পাশে পার্কিং করে রাখা আল বারাকা পরিবহনের দুটি দূরপাল্লার বাসে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দুটি বাসেই ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই গাড়ি দুটির ভেতরের আসন, সিলিং, বডি ও অন্য সরঞ্জাম পুড়ে কেবল লোহার কঙ্কাল অবশিষ্ট থাকে। এ সময় বাস দুটি ফাঁকা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত বাসের মালিক মো. সাগির আহমেদ গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, অগ্নিকাণ্ডে তাঁর দুটি গাড়িরই কঙ্কাল ছাড়া কিছু অবশিষ্ট নেই। প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রতিটি বাসে ১৫ থেকে ১৬ লাখ টাকা করে মোট ৩০ থেকে ৩২ লাখ টাকার অপূরণীয় ক্ষতি হয়েছে। ধ্বংসপ্রাপ্ত বাসগুলো পুনরায় মেরামত করে চলাচলের উপযোগী করতে কমপক্ষে দুই থেকে তিন মাস সময় লাগবে, যার ফলে তিনি বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

এ ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় পরিবহন মালিক ও সাধারণ বাসিন্দারা। ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্যদের শনাক্ত করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিষখালী নদীর ভাঙনে পাল্টে যাচ্ছে কাঠালিয়া উপজেলার মানচিত্র

আন্তর্জাতিক ডেস্ক

​ কাঠালিয়া সংবাদদাতা ফাতিমা আক্তার মিম

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


বিষখালী নদীর ভাঙনে পাল্টে যাচ্ছে কাঠালিয়া উপজেলার মানচিত্র

দক্ষিণাঞ্চলের জনপদ ঝালকাঠি জেলার ছোট একটি উপজেলা কাঠালিয়া। এই উপজেলার পাশ ঘেঁষে বয়ে চলেছে প্রমত্তা বিষখালী নদী। উপজেলার ১,২৪,২৭১ জন মানুষের বড় একটি অংশের কাছে বিষখালী নদী এখন আতঙ্কের অন্য নাম। নদীর ভাঙনে প্রতিনিয়ত বিলীন হয়ে যাচ্ছে সাধারণ মানুষের ফসলি জমি, বসতঘরসহ গুরুত্বপূর্ণ নানা স্থাপনা।

ভাঙনের মুখে গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনজীবন

বিষখালীর করাল গ্রাসে কাঠালিয়া উপজেলার মানচিত্র দিন দিন ছোট হয়ে আসছে। উপজেলার আমুয়া বন্দর প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়, হাসপাতাল, উপজেলা পরিষদ, সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বহু হাট-বাজার, মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠান আজ হুমকির মুখে। বিশেষ করে বিষখালী নদী থেকে কাঠালিয়া উপজেলা পরিষদ এবং উপ-স্বাস্থ্যকেন্দ্রের দূরত্ব মাত্র ১০০ মিটার হওয়ায় যেকোনো সময় বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে। মোট ২৬ কিলোমিটার এলাকা জুড়ে অব্যাহত নদী ভাঙনের কারণে ৪টি ইউনিয়নের এবং উপজেলা সদরের ভৌগোলিক আয়তন ক্রমান্বয়ে সংকুচিত হচ্ছে। এছাড়া শৌলজালিয়া রগুয়ার চর এলাকায় নদীর মাটি কেটে ইটভাটায় ব্যবহারের ফলে ভাঙন আরও তীব্র আকার ধারণ করেছে।

স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের বক্তব্য

কাঠালিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাসেল সিকদার বলেন, "উপজেলার কয়েকশ একর ফসলি জমি ও ঘরবাড়ি হারিয়ে মানুষ আজ রাস্তার পাশে আশ্রয় নিয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সটি নদীতে বিলীন হওয়ার পথে, যার ফলে সরকারের মূল্যবান সম্পদও বিলুপ্ত হচ্ছে।"

কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ বাদল হাওলাদার জানান, কাঠালিয়া সদর উপজেলাটির সর্ববৃহৎ ইউনিয়ন। নদীর তীরবর্তী স্কুল, কলেজ, আশ্রয়কেন্দ্র ও হাসপাতালগুলো নদীর খুব কাছাকাছি চলে আসায় পুরো ইউনিয়নটি আজ অস্তিত্ব সংকটে পড়েছে।

জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন মজনু বলেন, "বসতভিটা হারিয়ে সাধারণ মানুষ আজ নিঃস্ব। দ্রুত নদীতে ব্লক ও বেড়িবাঁধ নির্মাণ করা না হলে উপজেলা পরিষদসহ সরকারি সমস্ত প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যাবে।"

শৌলজালিয়া ইউনিয়নের বাসিন্দা মো. শামসুল হক আলম মেম্বার বলেন, "রগুয়ার দরিয়ারচর ও চর রগুয়া এলাকায় নদী ভাঙনে প্রতিনিয়ত ভিটেমাটি ও কৃষি জমি বিলীন হচ্ছে। দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা না হলে ঐতিহ্যবাহী এই ইউনিয়নটি মানচিত্র থেকে হারিয়ে যাবে।"

প্রশাসনের পদক্ষেপ

এ বিষয়ে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, কাঠালিয়া উপজেলার আমুয়া থেকে আওরাবুনিয়া পর্যন্ত মোট ২৬ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের জন্য বর্তমানে সমীক্ষা ও জরিপ কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হলে দ্রুতই প্রস্তাব আকারে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%