শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০১:৪৭ এম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলসের দুর্গা মন্দিরে প্রবেশে বাধা দেওয়া ও ভাঙচুরের অভিযোগে নিট কনসার্ন গ্রুপের দুই সদস্যকে পুলিশ আপসনামার ভিত্তিতে মুক্তি দিয়েছে। মন্দির কমিটি এবং মিল কর্তৃপক্ষের মধ্যে চারটি শর্তে সমঝোতা হয়েছে। তবে, মন্দিরের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি।
গত বুধবার দুপুরে নিট কনসার্ন গ্রুপের পরিচালক মনির হোসেন মোল্লা এবং প্রতিষ্ঠানটির নিরাপত্তা কর্মকর্তা ইব্রাহিমকে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। পরে রাতে উভয় পক্ষের মধ্যে আপসনামা সম্পাদন ও মুচলেকা দেওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান জানান, দুই পক্ষ আপোস-মীমাংসায় পৌঁছেছে। তারা একে অপরের কাজে বাধা দেবে না এবং মন্দিরে নিয়মিত পূজা চলবে, এমন একটি সমঝোতা হয়েছে। পরে মুচলেকা দেওয়ার পর আটক দুইজনকে ছেড়ে দেওয়া হয়।
আপসনামায় মন্দির কমিটির সভাপতি মিঠু চন্দ্র দাস এবং লক্ষ্মীনারায়ণ কটন মিলসের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মোল্লা স্বাক্ষর করেন। এতে উল্লেখ করা হয়েছে, মন্দির কমিটির সভাপতি ও সদস্যরা মন্দিরের পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন এবং মিল কর্তৃপক্ষ বা তাদের লোকজন এতে বাধা দিতে পারবে না।
এছাড়া, মন্দিরের সামনে অস্থায়ী প্যান্ডেল দুই দিনের মধ্যে মিল কর্তৃপক্ষের নিজ খরচে নির্মাণ করতে হবে। মন্দিরের বিদ্যুৎ এবং সিসিটিভি ক্যামেরা সচল রাখতে হবে। প্রবেশপথের প্রধান ফটকের চাবি উভয় পক্ষের কাছে থাকবে। মন্দিরের জমি সংক্রান্ত বিরোধ আগামী ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতায় মীমাংসার উদ্যোগ নেওয়া হবে।
আপসনামায় উল্লেখ করা হয়েছে, শত বছরের পুরোনো এই মন্দিরে প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার নিয়মিত পূজা-অর্চনা করে আসছে। জমির মালিকানা ও পরিচালনা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আপসনামায় কোনো পক্ষ শর্ত ভঙ্গ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ রয়েছে।
এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় মন্দিরের প্রবেশগেটে নতুন তালা লাগিয়ে পূজারিদের প্রবেশে বাধা দেওয়া এবং ভেতরের সজ্জা ও প্যান্ডেল ভাঙচুরের অভিযোগ ওঠে নিট কনসার্ন গ্রুপের সদস্যদের বিরুদ্ধে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তরুণ লাল বেগী অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে নিট কনসার্ন গ্রুপের সদস্যরা আগের তালা সরিয়ে নতুন তালা লাগান। এ সময় পরিচালক মনির হোসেন মোল্লাসহ তাদের লোকজন মন্দিরের ভেতরের সজ্জা ও প্যান্ডেল ভাঙচুর করেন। স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী গত বুধবার সন্ধ্যায় জানান, মন্দির কমিটি এবং নিট কনসার্ন গ্রুপের মধ্যে জমি সংক্রান্ত জটিলতা ও মন্দিরে প্রবেশে বাধা দেওয়া এবং ভাঙচুরের অভিযোগ নিয়ে পুলিশ কাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বেসরকারি খাতের দুই ব্যাংকের কাছে প্রায় ৪০৭ কোটি টাকার খেলাপি হিসেবে চিহ্নিত হয়েছেন আলোচিত চিত্রনায়ক এম এ জলিল অনন্ত (অনন্ত জলিল)। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ২৬৭ কোটি টাকার পাওনার মধ্যে ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক ডিজঅনার হওয়ায় আইনি নোটিশ জারি করেছে। এই নোটিশটি অনন্ত জলিল এবং তার স্ত্রী খাদিজা পারভীনকে (বর্ষা) পাঠানো হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক প্রায় ১৪০ কোটি টাকা আদায়ের জন্য আইনি পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছে। জানা গেছে, সাভারে অবস্থিত একটি কারখানা বিক্রি করে অনন্ত জলিল ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন।
এমটিবির পান্থপথ শাখার পক্ষে ব্যাংকের প্যানেল আইনজীবী মো. জাহিদুল ইসলাম বাচ্চু এই নোটিশটি পাঠিয়েছেন। সম্প্রতি, নোটিশের কপি তার রাজধানীর মোহাম্মদপুরের বাসা এবং সাভারের কারখানার ঠিকানায় পাঠানো হয়েছে। এছাড়া, গত ৫ নভেম্বর একটি জাতীয় দৈনিকে নোটিশটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এবি অ্যাপারেলসের চেয়ারম্যান অনন্ত জলিল ও ব্যবস্থাপনা পরিচালক খাদিজা পারভীন ফোনে এবং সরাসরি একাধিকবার বকেয়া টাকা দ্রুত পরিশোধের আশ্বাস দিয়েও তা ভঙ্গ করেছেন।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান সমকালকে জানান, ঋণটি খেলাপি হয়ে যাওয়ায় এখন আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনন্ত জলিল কারখানা বিক্রির মাধ্যমে তাদের টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। ব্যাংককে তিনি জানিয়েছেন যে, এ বিষয়ে কয়েকজন ক্রেতার সাথে আলোচনা করেছেন।
এমটিবির নোটিশে উল্লেখ করা হয়েছে, কিস্তিতে পরিশোধের শর্তে ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলসের ২৬৭ কোটি ২২ লাখ টাকার ঋণ পুনঃতপশিল করা হয়েছিল। তবে পুনঃতপশিলের শর্ত ভঙ্গ করে তারা কিস্তি পরিশোধ করেনি। অনন্ত জলিল গত ১৮ অক্টোবর ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেকে স্বাক্ষর করেন। ২ নভেম্বর ব্যাংকের বগুড়া শাখার মাধ্যমে চেকটি জমা দেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকায় এটি ডিজঅনার হয়। চেকটি প্রত্যাখ্যাত হওয়ার কারণ উল্লেখ করে ব্যাংক ওই দিন একটি চেক রিটার্ন মেমো ইস্যু করে। নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে পুরো টাকা পরিশোধ করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে আদালতে মামলা এবং অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে। মামলার সব খরচ তাদের বহন করতে হবে। সার্বিক বিষয়ে বক্তব্যের জন্য সন্ধ্যা ৭টায় অনন্ত জলিলের মোবাইলে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
মার্কেন্টাইল ব্যাংকের একজন কর্মকর্তা সমকালকে জানান, অনন্ত জলিলের কাছে সুদসহ তাদের পাওনা রয়েছে প্রায় ১৪০ কোটি টাকা। এই ঋণ আদায়ে তারা আইনি পদক্ষেপ নেবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করা হয়েছে। মুম্বাইয়ের জুহুতে অবস্থিত তাঁর বাংলো ‘জলসা’র নাম উল্লেখ করে এই হুমকির একটি ই-মেইল পাঠানো হয়েছে।
এটি শুধু অমিতাভের বাড়ির জন্য নয়, বরং মুম্বাইয়ের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ওই বার্তায়। হুমকির তালিকায় রয়েছে মেয়রের দপ্তর, একটি ব্যাংক, আদালত, মহালক্ষ্মী রেসকোর্স এবং ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর।
হুমকির ই-মেইল পাওয়ার পর নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক করা হয়। বোমা নিষ্ক্রিয়কারী দল এবং নিরাপত্তাকর্মীরা ই-মেইলে উল্লেখিত স্থানগুলোতে তল্লাশি পরিচালনা করেন।
তবে এখন পর্যন্ত কোথাও সন্দেহজনক কোনো বস্তু কিংবা বিস্ফোরকের সন্ধান পাওয়া যায়নি। পুলিশ এই হুমকির উৎস এবং উদ্দেশ্য খতিয়ে দেখছে। পাশাপাশি হুমকির সত্যতা যাচাইয়ের জন্যও তদন্ত শুরু হয়েছে।
এর আগে, ২৩ অক্টোবর একই ধরনের একটি হুমকির ই-মেইল নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। ওই বার্তায় ৩১ অক্টোবর একটি স্কুলে গ্রেনেড হামলার হুমকি দেওয়া হয়েছিল এবং ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি ‘জলসা’য় হামলার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছিল।
এছাড়া, সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জের মুম্বাইয়ের অনুষ্ঠানের ক্ষেত্রেও বোমা হামলার হুমকি প্রদান করা হয়েছিল। সেই ই-মেইলে খলিস্তান প্রসঙ্গও ছিল। পরপর এমন হুমকির কারণে অমিতাভের বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশি তদন্ত শুরু হয়েছে।
তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও বর্ষীয়ান এই অভিনেতা তাঁর অনুরাগীদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ করেননি। বুলেটপ্রুফ নিরাপত্তাবেষ্টনীর আড়াল থেকে তিনি ভক্তদের সঙ্গে দেখা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাতে পাকা কলা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। বরং, যদি পরিমিত পরিমাণে খাওয়া হয়, তাহলে শরীরের কিছু উপকারও হতে পারে। তবে, যাদের নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যা রয়েছে, তাদের জন্য সতর্ক থাকা প্রয়োজন।
১. ঘুমে সহায়তা করতে পারে: কলায় ট্রিপটোফ্যান, ভিটামিন বি৬ ও ম্যাগনেশিয়াম রয়েছে। এগুলো শরীরের স্বাভাবিক স্নায়বিক কার্যক্রমে ভূমিকা রাখে। তবে, কলা খেলেই ঘুম ভালো হবে, এমন নিশ্চয়তা নেই।
২. কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়ক: পাকা কলায় থাকা খাদ্যআঁশ অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে। ফলে, নিয়মিত মলত্যাগে উপকার হতে পারে।
৩. পেশির স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে: কলায় থাকা পটাশিয়াম পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে।
৪. ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে: রাতে হালকা ক্ষুধা লাগলে একটি ছোট বা মাঝারি পাকা কলা খেলে পেট কিছুটা ভরা থাকে। অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতাও কমতে পারে।
৫. শরীরে শক্তি জোগায়: কলায় থাকা প্রাকৃতিক শর্করা শরীরে শক্তি সরবরাহ করে। তাই, রাতে ক্ষুধা লাগলে এটি একটি সহজ খাবার হতে পারে।
রাতে যাদের কলা খাওয়ার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন-
- ডায়াবেটিস রোগী: কলায় প্রাকৃতিক শর্করা রয়েছে। তাই, পরিমাণ বুঝে খেতে হবে এবং রক্তে শর্করার মাত্রা বিবেচনায় রাখতে হবে।
- কিডনি রোগী: কিডনির কার্যক্ষমতা কমে গেলে রক্তে পটাশিয়াম বেড়ে যেতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত কলা খাওয়া ঠিক নয়।
- অ্যাসিড রিফ্লাক্সে আক্রান্ত ব্যক্তি: কলা সাধারণত সমস্যা তৈরি করে না, তবে ব্যক্তিভেদে অস্বস্তি হতে পারে।
- ওজন নিয়ন্ত্রণে থাকা ব্যক্তি: কলায় ক্যালরি রয়েছে। তাই, দৈনিক মোট ক্যালরি হিসাবের মধ্যে রাখতে হবে।
রাতে কখন ও কতটুকু খাবেন?
- রাতের খাবারের পর ক্ষুধা লাগলে একটি ছোট বা মাঝারি পাকা কলা খেতে পারেন।
- ঘুমানোর ঠিক আগে না খেয়ে কিছুটা সময় হাতে রেখে খাওয়া ভালো, বিশেষ করে পেট ফাঁপা বা রিফ্লাক্সের সমস্যা থাকলে।
- অতিরিক্ত কলা খাওয়ার প্রয়োজন নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রূপালী ব্যাংক পিএলসি-এর সঙ্গে একটি চুক্তি সম্পাদন করেছে, যা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম এবং পেমেন্ট প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও নিরাপদ করবে। এই চুক্তির ফলে শিক্ষার্থীরা ঘরে বসেই রূপালী ব্যাংকের নিজস্ব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’-এর মাধ্যমে ভর্তি ফি পরিশোধ করতে পারবেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই চুক্তির স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রূপালী ব্যাংক পিএলসি-এর চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. সাবিনা শারমীন উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল ৩১ অক্টোবর (শনিবার) প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রেক্ষাপটে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি কার্যক্রম ও পেমেন্ট সুবিধা আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে রূপালী ব্যাংক পিএলসি-এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
চুক্তি বিষয়ে রূপালী ব্যাংক পিএলসি-এর চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার মন্তব্য করেন, "এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা ঘরে বসেই খুব সহজে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে রূপালীক্যাশের মাধ্যমে পেমেন্ট দিতে পারবেন।" তিনি আরও বলেন, "এর ফলে ডিজিটাল লেনদেনের পরিধি সম্প্রসারিত হবে, নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে এবং আর্থিক অন্তর্ভুক্তি আরও জোরদার হবে।"
রূপালীক্যাশের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি ফি পরিশোধ করা সহজ হবে। শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির আবেদন করে পেমেন্টের মাধ্যম হিসেবে রূপালীক্যাশ নির্বাচন করে ফি পরিশোধ করতে পারবেন।
এদিকে, রূপালীক্যাশের মাধ্যমে গ্রাহকরা ইতোমধ্যে শিক্ষা ফি, ই-কমার্স কেনাকাটার মূল্য, বিভিন্ন পরিষেবার বিলসহ নানা ধরনের পেমেন্ট পরিশোধ করতে সক্ষম হয়েছেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রূপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (আইটি) মুহাম্মদ আরিফুজ্জামান সরকার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ শেখ গিয়াসুদ্দিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মাদ আলী নূর ও পরিচালক (ফাইন্যান্স ও অ্যাকাউন্টস) প্রফেসর মোস্তাফিজ আহমেদ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ