প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলসের দুর্গা মন্দিরে প্রবেশে বাধা দেওয়া ও ভাঙচুরের অভিযোগে নিট কনসার্ন গ্রুপের দুই সদস্যকে পুলিশ আপসনামার ভিত্তিতে মুক্তি দিয়েছে। মন্দির কমিটি এবং মিল কর্তৃপক্ষের মধ্যে চারটি শর্তে সমঝোতা হয়েছে। তবে, মন্দিরের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি।
গত বুধবার দুপুরে নিট কনসার্ন গ্রুপের পরিচালক মনির হোসেন মোল্লা এবং প্রতিষ্ঠানটির নিরাপত্তা কর্মকর্তা ইব্রাহিমকে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। পরে রাতে উভয় পক্ষের মধ্যে আপসনামা সম্পাদন ও মুচলেকা দেওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান জানান, দুই পক্ষ আপোস-মীমাংসায় পৌঁছেছে। তারা একে অপরের কাজে বাধা দেবে না এবং মন্দিরে নিয়মিত পূজা চলবে, এমন একটি সমঝোতা হয়েছে। পরে মুচলেকা দেওয়ার পর আটক দুইজনকে ছেড়ে দেওয়া হয়।
আপসনামায় মন্দির কমিটির সভাপতি মিঠু চন্দ্র দাস এবং লক্ষ্মীনারায়ণ কটন মিলসের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মোল্লা স্বাক্ষর করেন। এতে উল্লেখ করা হয়েছে, মন্দির কমিটির সভাপতি ও সদস্যরা মন্দিরের পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন এবং মিল কর্তৃপক্ষ বা তাদের লোকজন এতে বাধা দিতে পারবে না।
এছাড়া, মন্দিরের সামনে অস্থায়ী প্যান্ডেল দুই দিনের মধ্যে মিল কর্তৃপক্ষের নিজ খরচে নির্মাণ করতে হবে। মন্দিরের বিদ্যুৎ এবং সিসিটিভি ক্যামেরা সচল রাখতে হবে। প্রবেশপথের প্রধান ফটকের চাবি উভয় পক্ষের কাছে থাকবে। মন্দিরের জমি সংক্রান্ত বিরোধ আগামী ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতায় মীমাংসার উদ্যোগ নেওয়া হবে।
আপসনামায় উল্লেখ করা হয়েছে, শত বছরের পুরোনো এই মন্দিরে প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার নিয়মিত পূজা-অর্চনা করে আসছে। জমির মালিকানা ও পরিচালনা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আপসনামায় কোনো পক্ষ শর্ত ভঙ্গ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ রয়েছে।
এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় মন্দিরের প্রবেশগেটে নতুন তালা লাগিয়ে পূজারিদের প্রবেশে বাধা দেওয়া এবং ভেতরের সজ্জা ও প্যান্ডেল ভাঙচুরের অভিযোগ ওঠে নিট কনসার্ন গ্রুপের সদস্যদের বিরুদ্ধে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তরুণ লাল বেগী অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে নিট কনসার্ন গ্রুপের সদস্যরা আগের তালা সরিয়ে নতুন তালা লাগান। এ সময় পরিচালক মনির হোসেন মোল্লাসহ তাদের লোকজন মন্দিরের ভেতরের সজ্জা ও প্যান্ডেল ভাঙচুর করেন। স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী গত বুধবার সন্ধ্যায় জানান, মন্দির কমিটি এবং নিট কনসার্ন গ্রুপের মধ্যে জমি সংক্রান্ত জটিলতা ও মন্দিরে প্রবেশে বাধা দেওয়া এবং ভাঙচুরের অভিযোগ নিয়ে পুলিশ কাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন