মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং
০৩:৪৫ এম
বাংলাদেশের জনসংখ্যার ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবার চাহিদা পূরণের জন্য প্রচলিত উন্নয়ন সহায়তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়ন জোরদারের আহ্বান জানিয়েছেন।
ডা. জুবাইদা রহমান বলেন, ‘প্রচলিত উন্নয়ন সহায়তা দিয়ে আমাদের ক্রমবর্ধমান জনগণের স্বাস্থ্যসেবার চাহিদা পূরণ সম্ভব নয়। এ জন্য প্রয়োজন উদ্ভাবনী অর্থায়ন, জাতীয় পর্যায়ে অঙ্গীকার, সহজ শর্তে বিনিয়োগ, অনুদানভিত্তিক কারিগরি সহায়তা এবং টেকসই অভ্যন্তরীণ সম্পদের সমন্বয়।’
রোববার জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে (ওয়ার্ল্ড হেলথ সামিট) ‘দ্য মোমেন্ট ইজ নাও: আনলকিং নিউ ক্যাপিটাল ফর উইমেনস হেলথ বিয়ন্ড এইড’ শীর্ষক উচ্চপর্যায়ের অধিবেশনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেন, ‘ইনশাআল্লাহ, রাজনৈতিক অঙ্গীকার, উদ্ভাবনী অর্থায়ন ও আন্তর্জাতিক অংশীদারত্বের সমন্বয়ে কীভাবে নারীস্বাস্থ্যের উন্নয়ন ঘটানো যায়, বাংলাদেশ তা করে দেখাবে।’
তিনি নারীস্বাস্থ্যসেবা জোরদারে বাংলাদেশের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক অংশীদার, উন্নয়ন অর্থায়নকারী প্রতিষ্ঠান, দাতব্য সংস্থা ও বেসরকারি খাতের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
ডা. জুবাইদা রহমান আরও বলেন, ‘খণ্ডিত ও বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা, স্বল্পমেয়াদি সহায়তার পরিবর্তে টেকসই বিনিয়োগ নিশ্চিত করা এবং রাজনৈতিক অঙ্গীকারকে পরিমাপযোগ্য ফলাফলে রূপান্তর করা প্রয়োজন।’
তিনি উল্লেখ করেন, নারীস্বাস্থ্যে বিনিয়োগ কেবল স্বাস্থ্যসেবায় ব্যয় নয়; এটি মানবসম্পদ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং জাতির ভবিষ্যতের জন্য বিনিয়োগ। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৫১ শতাংশ নারী। তাই দেশের সামগ্রিক উন্নয়নে নারীস্বাস্থ্যের বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করে।
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির দিকে যাচ্ছে উল্লেখ করে জুবাইদা রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মাতৃস্বাস্থ্যের প্রচলিত সেবার পরিধি বাড়িয়ে কিশোরীদের রক্তস্বল্পতা, মাতৃ অপুষ্টি, প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু এবং নারীদের আক্রান্তকারী প্রাণঘাতী ক্যানসার মোকাবিলায় বিনিয়োগ সম্প্রসারণে অঙ্গীকারবদ্ধ।’
তিনি আরও বলেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং স্নাতক পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার মতো সরকারের বৃহত্তর উদ্যোগগুলোও নারী ও মেয়েদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে সহায়তা করছে।’
তিনি মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে এক লাখ কর্মী নিয়োগের সরকারের পরিকল্পনার কথা জানান।
মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, ‘সরকার দেশব্যাপী স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে এক লাখ কমিউনিটি ও ওয়েলবিইং কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে। তাঁদের প্রায় ৮০ শতাংশই হবেন নারী। পাশাপাশি আরও ২৫ হাজার পেশাদার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনাও রয়েছে।’
তিনি বলেন, ‘এসব উদ্যোগের লক্ষ্য হলো নিরাপদ ও স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করা, অপ্রয়োজনীয় চিকিৎসা হস্তক্ষেপ কমানো এবং প্রত্যেক নারীর দক্ষ ও সহানুভূতিশীল মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।’
জুবাইদা রহমান বলেন, ‘বাংলাদেশের কোনো প্রান্তের কোনো নারীকে প্রয়োজনীয় ও সমন্বিত মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা পেতে নিজের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা হাসপাতালের বাইরে যেতে হবে না।’
তিনি বলেন, ‘সন্তান জন্ম দিতে গিয়ে কোনো নারীর বেঁচে থাকা কখনোই ঢাকা পর্যন্ত যাতায়াতের সামর্থ্য কিংবা ব্যয়বহুল বেসরকারি চিকিৎসা নেওয়ার সক্ষমতার ওপর নির্ভর করা উচিত নয়, এটি কেবল স্বাস্থ্যসেবার লক্ষ্য নয়; বরং সমতা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার।’
নারীর ক্ষমতায়নে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে জুবাইদা রহমান বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গ্রামীণ উন্নয়ন, পরিবার পরিকল্পনা, নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে অবদানের অপরিহার্য ভূমিকা রেখেছেন। যার সুফল পাচ্ছেন নারীরা। ‘
তিনি বলেন, ‘গ্রামীণ উন্নয়ন, জনগণের অংশগ্রহণ এবং পরিবার পরিকল্পনার ওপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুরুত্বারোপ সামাজিক উন্নয়নের ভিত্তি গড়ে তুলতে সহায়তা করেছে।’
অন্যদিকে, বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি চালুর মাধ্যমে মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে বেগম খালেদা জিয়ার উদ্যোগ প্রজন্মের পর প্রজন্মের তরুণীর সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলেও উল্লেখ করেন জুবাইদা রহমান।
নারীদের আক্রান্তকারী ক্যানসারে প্রতিরোধযোগ্য মৃত্যু কমানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বাংলাদেশের নতুন নারীস্বাস্থ্য উদ্যোগের কথাও তুলে ধরেন ডা. জুবাইদা রহমান।
এ উদ্যোগে অংশীদারত্বের জন্য তিনি জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) প্রতি কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশের প্রতিটি মেয়ে নিরাপদ শৈশবের অধিকারী উল্লেখ করে জুবাইদা রহমান বলেন, দেশের প্রতিটি পরিবারের প্রতিটি মা নিরাপদে সন্তান জন্ম দেওয়ার অধিকারী। আর গ্রাম ও শহরের প্রতিটি নারীর দীর্ঘ ও উৎপাদনশীল জীবন যাপনের সুযোগ পাওয়া উচিত।’
বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওই অধিবেশনে ডা. জুবাইদা রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সরকার, উন্নয়ন অর্থায়নকারী প্রতিষ্ঠান, আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা এবং বেসরকারি খাতের প্রতিনিধিগণ প্রচলিত সহায়তার বাইরে নারীস্বাস্থ্য খাতে নতুন অর্থায়নের সুযোগ নিয়ে আলোচনা করেন।
অধিবেশনে ইউএনএফপিএর নির্বাহী পরিচালক দিয়েন কেইতা, ঘানার স্বাস্থ্যমন্ত্রী কোয়াবেনা মিনতাহ আকানদোহ, ইআইবির ভাইস প্রেসিডেন্ট মারেক মোরা, জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের বির্গিট পিকেল এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
সম্মেলনের পাশাপাশি বাংলাদেশের প্রতিনিধিদল টেকসই স্বাস্থ্য অর্থায়ন এবং মিডওয়াইফারি খাতে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা নিয়েও আলোচনায় অংশ নেয়।
এ ছাড়া নারীস্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যসেবায় সহযোগিতা জোরদারের লক্ষ্যে প্রতিনিধিদল আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের অংশীদারদের সঙ্গে বৈঠক করে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ছিল বায়ার, রোশে, বার্লিন ইনস্টিটিউট অব হেলথ এবং শারিতে- ইউনিভার্সিটেটসমেডিজিন বার্লিন।
নারীস্বাস্থ্য উদ্যোগে ২৫ কোটি ইউরোর ঋণ পুনর্বিন্যাস:
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) ২৫ কোটি ইউরোর একটি সার্বভৌম ঋণ নারীস্বাস্থ্য উদ্যোগে ব্যবহারের জন্য পুনর্বিন্যাসের বিষয়ে একটি চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।
এই উদ্যোগের আওতায় ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত প্রায় ৪ কোটি ৭০ লাখ নারী ও কিশোরীকে স্বাস্থ্যসেবার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উদ্যোগটি বাস্তবায়নে সরকারের সঙ্গে অংশীদার হিসেবে কাজ করবে ইউএনএফপিএ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ফলে ২ জন বাংলাদেশি নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হওয়ার কারণে সেখানে পাঁচ শতাধিক বাংলাদেশি আটকা পড়েছেন। তাদের অন্য বিমানবন্দর দিয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রিয়াদের বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইং থেকে প্রাপ্ত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার বিকেল আনুমানিক সোয়া ৩টার দিকে সংঘটিত ওই হামলায় ১৩ জন বিভিন্ন দেশের নাগরিক নিহত হন এবং ৩০৯ জন আহত হন। নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছেন। তাদের একজন হলেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. শাহেদ আহম্মেদ। তিনি সৌদি আরবের জেদ্দায় সা'দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানিতে কর্মরত ছিলেন এবং দেশে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার জন্য বিমানবন্দরে ট্রানজিট ফ্লাইটের অপেক্ষায় ছিলেন। অপরজন হলেন মো. নাসরুল্লাহ বদরপুরি, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মোহাম্মদ উল্লাহর ছেলে। তিনি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ট্রানজিটে রিয়াদ থেকে জেদ্দায় যাওয়ার অপেক্ষায় ছিলেন।
এদিকে আহত ২৭ বাংলাদেশির মধ্যে ১১ জন সৌদিপ্রবাসী কর্মী এবং ১৬ জন ওমরাহ যাত্রী। তাদের মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চিকিৎসাধীন বাকি ১৫ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে রিয়াদ ন্যাশনাল গার্ড হাসপাতালে আইসিইউতে থাকা নওগাঁর সাফফাত রহমানের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং মুখমণ্ডল ঝলসে গেছে। অন্যদিকে রিয়াদ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ঢাকার লালবাগের মো. সাইদুল ইসলাম সৌরভের বাম পা কেটে ফেলতে হয়েছে।
হামলার পর রিয়াদ বিমানবন্দরে পাঁচ শতাধিক বাংলাদেশি আটকা পড়েন। তাদের মধ্যে ১৭ জনকে ম্যারিয়ট হোটেল, ২৫ জনকে রেডিসন ব্লু এবং ৪০ জনকে রিয়াদস্থ প্রিন্সেস নুরা বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে সরিয়ে নেওয়া হয়েছে। রিয়াদ থেকে ঢাকাগামী সৌদিয়া এয়ারলাইন্সের বাতিল হওয়া এসভি৮০৪ ফ্লাইটের প্রায় ৪০০ যাত্রীকে সৌদি ইমিগ্রেশন কর্তৃপক্ষের সহায়তায় দাম্মামস্থ কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বাংলাদেশে ফেরত আনার ব্যবস্থা করা হয়েছে। পাসপোর্ট হারিয়ে ফেলা ৩ জন বাংলাদেশির জন্য জরুরি ট্রাভেল পারমিট ইস্যু করেছে দূতাবাস।
এদিকে সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। এর ফলে বিমান চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে রিয়াদে কর্মী আগমন এবং রিয়াদ থেকে দেশে সাধারণ কর্মী, অসুস্থ ব্যক্তি ও মৃতদেহ প্রেরণ বাধাগ্রস্ত হবে বলে দূতাবাস জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে।
এ বৈঠক সোমবার (১২ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হয়।
বৈঠকে সৌরবিদ্যুতের ব্যবহারকে নবায়নযোগ্য জ্বালানি হিসেবে বাড়ানোর বিষয়টি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া, সরকারের বিভিন্ন কার্যক্রম ও উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়েও মন্ত্রিসভার সদস্যদের মধ্যে আলোচনা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমাদের সামনে পরীক্ষা পদ্ধতি ও প্রশ্নফাঁসসহ বিভিন্ন সমস্যা ছিল, সেগুলো পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর গুলশানে হোটেল লেকশোতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী আরও জানান, সম্প্রতি তিনি একটি ডাটা সংগ্রহ করেছেন, যেখানে দেখা গেছে যে অনেক শিক্ষার্থী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। দেশের সামাজিক অর্থনীতির উন্নতির প্রয়োজন রয়েছে। তিনি উল্লেখ করেন, আমরা কীভাবে হিউম্যান ক্যাপিটাল বৃদ্ধি করতে হবে, তা নিয়ে আলোচনা করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছেন।
তিনি জানান, সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। অনেকে এসএসসি সমমানের পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। পুনর্মূল্যায়নের পর দেখা গেছে, অনেকে আবার গ্রেড এ ও জিপিএ ফাইভ অর্জন করেছেন। পরীক্ষা পদ্ধতির অসংগতিগুলোও খুঁজে বের করা হয়েছে।
শিক্ষার্থীদের হাতে অন্য কোনো উপায় নেই, তাদের শিক্ষাবোর্ডের মধ্যদিয়ে যেতে হয়। শিক্ষামন্ত্রী বলেন, আমাদের ৯০ শতাংশ প্রশ্ন গাইড বই থেকে আসে। তিনি জানান, আমরা কিভাবে এই পরিবর্তন ঘটানো যায়, তা নিয়ে আলোচনা করেছি।
তিনি আরও বলেন, "আমি যদি এআই দিয়ে ভিন্ন প্রশ্ন করি তাহলেও সমস্যা আছে।" সেক্ষেত্রে শিক্ষার্থীরা এটার সঙ্গে মানিয়ে নিতে পারবে না। তিনি প্রশ্ন রাখেন, তাহলে কোন পরীক্ষা পদ্ধতি সঠিক হবে।
মিলন বলেন, ২০০১-২০০৬ সাল পর্যন্ত তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি প্রশ্ন করেন, জেনারেলকে ইংলিশ মিডিয়াম করার প্রয়োজন কি না, কারণ ইংরেজি একটি গুরুত্বপূর্ণ ভাষা।
তিনি উল্লেখ করেন, চিকিৎসা এবং প্রকৌশলসহ আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক ক্ষেত্রেই বাংলার সংযোজন নেই, তবে আমাদের প্রচুর বাংলা পড়তে হবে।
মিলন বলেন, প্রতিবেশি দেশে ব্রিটিশ কাউন্সিলে তিনি অ্যাডুকেশন সিস্টেম কেমন, তা দেখেছেন এবং প্রশ্ন করেন, এটা কেন বাংলাদেশে সম্ভব নয়। তিনি বলেন, "সেই সময় তো বাংলাপিডিয়াও ছিল না।" তবে গ্লোবাল ভিলেজে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। তিনি মন্তব্য করেন, "আমরাও পারব, আমরা বাংলাদেশি মনে রাখতে হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ আলজেরিয়াকে জ্বালানি ও সার খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছে। পাশাপাশি, দেশের পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
১২ অক্টোবর সোমবার, বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সাক্ষাৎকালে, তাঁরা দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, দীর্ঘদিনের বন্ধুত্ব এবং ভ্রাতৃপ্রতিম সহযোগিতার সম্পর্ক পুনর্ব্যক্ত করেন।
শামা ওবায়েদ আলজেরিয়ার সহযোগিতা বৃদ্ধির জন্য অনুরোধ জানান বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে। তিনি খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে দেশটির সহযোগিতার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী উভয় দেশের মধ্যে বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাব মোকাবিলায় একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি আলজেরিয়ায় জীবাণুবিয়োজ্য ও পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণের জন্য রাষ্ট্রদূতকে উৎসাহিত করেন।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, খেলাধুলা, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জ্বালানি, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ, খেলাধুলা ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি এবং উভয় দেশের মধ্যে উচ্চপর্যায়ের সরকারি সফর বিনিময়ের ওপর জোর দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ