০৫:৪৬ পি.এম
বলিউডের কাপুর পরিবারের বিয়ের আয়োজন সবসময়ই নানা স্মরণীয় ঘটনার সাক্ষী হয়ে থাকে। সম্প্রতি, অভিনেত্রী নীতু কাপুর একটি বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করে সেই স্মৃতিগুলো ভাগ করে নিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, ঋষি কাপুরের বাড়িতে অনুষ্ঠিত সংগীত অনুষ্ঠানে কিংবদন্তি পাকিস্তানি সংগীতশিল্পী নুসরাত ফতেহ আলী খান গান গাইছেন। তার পাশে বসে গান উপভোগ করছেন ঋষি কাপুর।
নীতু সম্প্রতি ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেছেন। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘আমাদের সংগীতের রাত।’ এ ছাড়া, তিনি দুটি গোলাপি হৃদয়ের ইমোজি যুক্ত করেছেন। ছবিটি বিরল স্মৃতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
ঋষি কাপুর ও নীতু সিং ১৯৮০ সালের ২২ জানুয়ারি মুম্বাইয়ের চেম্বুরে আরকে হাউসে বিয়ে করেন। তাদের বিয়ের আয়োজন ছিল ব্যাপক। বিয়ের সেই দিনের নানা ঘটনা নিয়ে নীতু আগেও আলোচনা করেছেন।
আরও পড়ুন: জয়ের বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি, ভক্তদের মন্তব্য ‘এবার জমি নিশ্চিত’
সুইগির ইউটিউব চ্যানেলে এক অনুষ্ঠানে নীতু জানান, বিয়েতে এত মানুষের ভিড় ছিল যে তিনি অজ্ঞান হয়ে পড়েন। ঋষি কাপুরও ভিড় সামলাতে না পেরে ঘোড়ায় ওঠার আগে অজ্ঞান হয়ে গিয়েছিলেন বলে জানান তিনি। পরে দুজনেই ব্র্যান্ডি পান করেছিলেন বলেও মজার ছলে উল্লেখ করেন নীতু।
বিয়ের আরেকটি মজার ঘটনা তুলে ধরে নীতু বলেন, তাদের বিয়েতে পকেটমারও ঢুকে পড়েছিল। অতিথি হিসেবে তাদের অনেকে উপহার গ্রহণ করেছিলেন। পরে দেখা যায়, সেসব উপহারের মধ্যে পাথর ও চপ্পল ছিল। বিয়েতে প্রচুর মানুষের সমাগম হওয়ায় এমন ঘটনা ঘটেছিল বলে জানান তিনি।
ঋষি কাপুর ২০২০ সালের ৩০ এপ্রিল ৬৭ বছর বয়সে মারা যান। তিনি দুই বছর ধরে লিউকেমিয়ার সঙ্গে লড়াইয়ের পর মুম্বাইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে মারা যান।
কাজের ক্ষেত্রে নীতু কাপুরকে সর্বশেষ দেখা গেছে পারিবারিক কমেডি-ড্রামা ছবি দাদি কি শাদিতে। ছবিটি ৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
আরও পড়ুন: আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসবের আয়োজন করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন