ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সুইজারল্যান্ডে আলোচনায় বসছেন ট্রাম্পের দূত ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী


সুইজারল্যান্ডে আলোচনায় বসছেন ট্রাম্পের দূত ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী

লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থায়ী আঞ্চলিক চুক্তির প্রক্রিয়া জোরদার হয়েছে। আলোচনার লক্ষ্যে মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উভয়েই সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) সংবাদমাধ্যম অ্যাক্সিওস এই তথ্য জানিয়েছে।

চলতি সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি ও ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিরোধ মেটাতে ৬০ দিনের সময়সীমা রেখে ১৪ দফার একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। তবে লেবাননে হঠাৎ উত্তেজনা বাড়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ড যাওয়ার পরিকল্পনা বাতিল করেন। তবে শুক্রবার বিকেলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মার্কিন দূত স্টিভ উইটকফ সুইজারল্যান্ডে ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে যোগ দিতে গেছেন। অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি শনিবার (২০ জুন) সেখানে পৌঁছাবেন বলে কথা রয়েছে।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় এবং ইরানের সহায়তায় লেবানন সময় শুক্রবার বিকেল ৪টায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ ও হিজবুললা সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে। তবে যুদ্ধবিরতি শুরুর আগে কয়েক ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৪৭ জন নিহত হন এবং ৪ ইসরায়েলি সেনা মারা যান।

যুদ্ধবিরতির প্রথম এক ঘণ্টায় কিছু বিচ্ছিন্ন হামলা হলেও পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এই যুদ্ধবিরতি টিকিয়ে রাখা যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির অন্যতম প্রধান শর্ত।

এই সম্ভাব্য ব্যাপক চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র, ইরান ও তাদের মিত্রদের লেবাননসহ সব ফ্রন্টে স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ করতে হবে। তবে এই আলোচনায় অংশ না নেওয়া ইসরায়েল জানিয়েছে, তারা এই চুক্তির পক্ষ নয়। চুক্তির শর্ত অনুযায়ী, ইরানের ওপর থেকে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

ইরানের অবরুদ্ধ থাকা হাজার কোটি ডলারের সম্পদ অবমুক্ত করা হবে। ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের একটি পুনর্গঠন তহবিল ও আর্থিক প্রণোদনা থাকবে। বিনিময়ে ইরান হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক রাখবে।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন

শুধু তাই নয়, সামনে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন থাকায় ওয়াশিংটনে এই চুক্তি নিয়ে ডোনাল্ড ট্রাম্প কিছু সমালোচনার মুখে পড়েছেন। বিরোধীদের দাবি, যুদ্ধ থামাতে ইরানকে অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে। তবে সব সমালোচনা উড়িয়ে দিয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, 'যুদ্ধ ইরানকে দুর্বল করে দিয়েছে। আমরা মরিয়া হয়ে আলোচনায় বসিনি, ইরান হয়েছে। ওরা শেষ! আমরা ৬০ দিন ধরে পর্যবেক্ষণ করব। (শর্ত পূরণ না করলে) ওরা কোনো টাকা পাবে না, এক পয়সাও না!'

লেবাননের বর্তমান পরিস্থিতিকে স্বাভাবিক করতে আগামী ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে পরবর্তী দফার বৈঠক হওয়ার কথা রয়েছে। লেবানন সরকার জানিয়েছে, একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতিই হবে এই আলোচনার মূল ভিত্তি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বর্ণ-রুপার নতুন দাম, ২০ জুনের সর্বশেষ তালিকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৯:৪৪ এম


স্বর্ণ-রুপার নতুন দাম, ২০ জুনের সর্বশেষ তালিকা

দেশের বাজারে সবশেষ সমন্বয়ে কমানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। সিদ্ধান্ত অনুযায়ী, আজ (শনিবার, ২০ জুন) মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামে।

সবশেষ গত ১৯ জুন সকালে স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতু দুইটির দাম যথাক্রমে ৪ হাজার ৩৭৪ টাকা ও ১১৬ টাকা কমানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সেদিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

 

 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

 

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। রুপার অলঙ্কারের ভ্যাটের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

 

এর আগে, সবশেষ গত বৃহস্পতিবার (১৮ জুন) সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন প্রতি ভরিতে মূল্যবান এই ধাতুটির দামে ২ হাজার ৫০৮ টাকা ভ্যাট যুক্ত করা হয়েছে। এতে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

 

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

 

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৭৭ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩৯ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৩৭ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

 

 

স্বর্ণের দাম কমানোর সঙ্গে দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ২৪৯ টাকা।

 

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৭ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ২৪ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ২৩ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে সামাজিক বনায়নের গাছ কেটে লোপাট, উঠল অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৯:৪৬ এম


কাউখালীতে সামাজিক বনায়নের গাছ কেটে লোপাট, উঠল অভিযোগ

পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নে সামাজিক বনায়নের লক্ষাধিক টাকার মূল্যবান গাছ কেটে লোপাটের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সামাজিক বনায়নের গাছ কেটে বিক্রি করে আসছে। এ ঘটনায় বন বিভাগের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, বন বিভাগের সহযোগিতায় প্রায় ২৫ থেকে ৩০ বছর আগে স্থানীয় জনগণের অংশগ্রহণে উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বেল, শিশু, আকাশমনি, মেহগনি, রেইন্ট্রি ও বাবলাসহ বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ রোপণ করা হয়েছিল। বর্তমানে এসব গাছের অনেকগুলোই পরিপক্ক হয়ে উল্লেখযোগ্য অর্থমূল্যের সম্পদে পরিণত হয়েছে। এলাকার অভিযোগ হলো, দুই বছর আগে বন্যায় কিছু গাছ ক্ষতিগ্রস্ত হলে একটি চক্র সেগুলো কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় স্থানীয় সচেতন নাগরিক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদের প্রতিবাদের মুখে বন বিভাগ ও প্রশাসন কিছু গাছ উদ্ধার করে এবং পরে টেন্ডারের মাধ্যমে সেগুলো বিক্রি করা হয়। তবে এরপর থেকে বন বিভাগ সামাজিক বনায়নের গাছগুলোর তদারকিতে কার্যকর ভূমিকা রাখেনি। স্থানীয়দের দাবি, বেতকা থেকে উত্তর হোগলা পর্যন্ত এবং কালিগঙ্গা নদীর তীর থেকে উত্তর হোগলা নদীর পাড় পর্যন্ত রাস্তা ও নদীর তীরে থাকা শত শত মূল্যবান গাছ ধীরে ধীরে কেটে ফেলা হয়েছে। প্রতিনিয়ত এক-দুটি করে গাছ কেটে গোড়াসহ অপসারণ করায় বর্তমানে অনেক স্থানে গাছশূন্য হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সামাজিক বনায়নের গাছগুলো এলাকাবাসীর সম্পদ। কিন্তু দিনে দিনে গাছ কেটে নিয়ে যাওয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এক সময় রাস্তার দুই পাশে ঘন সবুজ গাছ ছিল। কিন্তু এখন অধিকাংশ গাছই কেটে ফেলা হয়েছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। এ বিষয়ে কাউখালী রেঞ্জের বন বিভাগের অফিসার শফিউর রহমান বলেন, সামাজিক বনায়নের গাছ কাটার অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অবৈধভাবে গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অবশিষ্ট গাছ সংরক্ষণে নজরদারি বাড়ানো হবে। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘লাল রেখা’ অতিক্রম নয়: কালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৯:৫০ এম


যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘লাল রেখা’ অতিক্রম নয়: কালিবাফ

ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের কালিবাফ সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ আলোচনা শুধুমাত্র তেহরানের নির্ধারিত ‘লাল রেখা’ বা অবিচল নীতিগত অবস্থানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সরকারি বার্তা সংস্থা আইআরএনএ শুক্রবার তার এই বক্তব্য প্রকাশ করেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি সূত্রে খবর, কালিবাফ বলেছেন, ‘আলোচনার পূর্ববর্তী পথচলায় আমরা যেমন দেখিয়েছি, তেমনি নির্ধারিত শর্ত ও লাল রেখা মেনে চলতে এবং ইরানি জাতির স্বার্থ রক্ষায় আমরা অবিচল’।

তিনি আরও উল্লেখ করেন, ‘শত্রুপক্ষ যদি অতিরিক্ত কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে আমরা ইতোমধ্যে প্রমাণ করেছি যে আমাদের আঙুল ট্রিগারের ওপর রয়েছে এবং শত্রুকে বিধ্বংসী জবাব দিতে আমাদের কোনো দ্বিধা হবে না।’

গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে শুরু হওয়া আঞ্চলিক যুদ্ধের অবসানে চলতি সপ্তাহে তেহরান ও ওয়াশিংটন একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে।

কালিবাফের এ মন্তব্য এমন একটি সময়ে এসেছে, যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জানিয়েছেন যে, এ বিষয়ে তার ‘ভিন্ন মত’ থাকলেও তিনি যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির অনুমোদন দিয়েছেন। তবে তিনি তার ভিন্নমতের বিস্তারিত ব্যাখ্যা করেননি।

রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে প্রচারিত এক বার্তায় খামেনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা মানেই শত্রুপক্ষের দৃষ্টিভঙ্গি মেনে নেওয়া নয়।’

খামেনির বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরানের পররাষ্ট্রনীতি পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘দেশের সর্বোচ্চ স্বার্থ নিশ্চিত করতে’ এবং ‘মর্যাদাবান ইরানি জাতির অধিকার রক্ষায়’ কাজ করবে।

চুক্তিতে ইরানের পক্ষে স্বাক্ষরকারী প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও একই ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ইরান তার লাল রেখা মেনে চলবে এবং দেশের ‘মর্যাদা, সম্মান ও কর্তৃত্ব’ রক্ষায় অটল থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিয়ে ৬০ দিনের বিস্তারিত আলোচনার ভিত্তি তৈরি হয়েছে।

তবে চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা কবে শুরু হবে, তা এখনো স্পষ্ট নয়। শুক্রবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা প্রথম বৈঠকটি স্থগিত করা হয়েছে।

চুক্তি অনুযায়ী, লেবাননসহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে, ইরানি বন্দরগুলোর ওপর দুই মাস ধরে চলা মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা হবে এবং তেহরান ৬০ দিনের জন্য ‘কোনো ধরনের ফি ছাড়া’ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করবে।

এতে ইরান প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা পারমাণবিক অস্ত্র সংগ্রহ বা উন্নয়ন করবে না। যদিও তেহরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে তারা কখনোই পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করেনি।

তবে ইরানের রক্ষণশীল মহলের মধ্যে চুক্তি ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে গভীর সংশয় দেখা দিয়েছে। তাদের কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ক্ষতিপূরণ নিশ্চিত হওয়ার আগেই তেহরান হয়তো গুরুত্বপূর্ণ দর-কষাকষির উপায়গুলো হারাতে পারে।

অতিউগ্র রক্ষণশীল দৈনিক কায়হান-এর সম্পাদক হোসেইন শারিয়তমাদারি বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমেরিকানরা কোনো প্রতিশ্রুতিই রক্ষা করে না। তারা কোনো চুক্তির প্রতিই বিশ্বস্ত ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না।’

তিনি আরও বলেছেন, ‘হরমুজ প্রণালীই ক্ষতিপূরণ আদায়ের পথ।’

এদিকে, জাতিসংঘের তত্ত্বাবধানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সম্ভাব্য পরিদর্শনের খবরেও আপত্তি জানিয়েছেন পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজায়ি।

এক্সে দেওয়া পোস্টে তিনি বলেছেন, ‘আমি আশা করি সরকার এ খবর অস্বীকার করবে। কিন্তু যদি এ দাবি সত্য হয়, তাহলে সংসদ এ ধরনের আইনভঙ্গ ও অবাধ্যতার বিরুদ্ধে অবস্থান নেবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলিয়ান ঝড়ে উড়ল হাইতি, প্রথমার্ধেই নিশ্চিত জয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৯:৫২ এম


ব্রাজিলিয়ান ঝড়ে উড়ল হাইতি, প্রথমার্ধেই নিশ্চিত জয়

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের গ্রুপ 'সি'-এর ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে। প্রথমার্ধেই করা ৩ গোলের ওপর ভর করে দুর্দান্ত এক জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচে ম্যাথিউস কুনিয়ার জোড়া গোল এবং ভিনিসিয়াস জুনিয়রের চমৎকার ফিনিশিং মাঠের খেলাকে প্রথমার্ধেই হাইতির নাগালের বাইরে নিয়ে যায়। এই জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান মজবুত করেছে সেলেসাওরা।

ম্যাচের মূল হাইলাইটস

ফলাফল: ব্রাজিল ৩ - ০ হাইতি

গোলদাতা: ম্যাথিউস কুনিয়া (২৩', ৩৬'), ভিনিসিয়াস জুনিয়র (৪৫+৩')

ভেন্যু: ফিলাডেলফিয়া স্টেডিয়াম, মার্কিন যুক্তরাষ্ট্র

বল দখল: ব্রাজিল ৫৭%, হাইতি ৪৩%

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজাতে থাকে ব্রাজিল। ম্যাচের ২৩তম মিনিটে, বাম পায়ের নিখুঁত শট দিয়ে হাইতির গোলরক্ষককে পরাস্ত করে স্ট্রাইকার ম্যাথিউস কুনিয়া দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। গোল হজম করার পর, কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়লেও ব্রাজিলের একের পর এক আক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছিল হাইতি।

এর ঠিক ১৩ মিনিট পর, অর্থাৎ ৩৬তম মিনিটে, ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন ম্যাথিউস কুনিয়া। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+৩' মিনিটে) লুকাস পাকেতার অ্যাসিস্ট থেকে জালের ঠিকানা খুঁজে পান ভিনিসিয়াস জুনিয়র নিজেও। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচের ভাগ্য মোটামুটি নিশ্চিত করে ফেলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে হাইতি কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং কয়েকটি আক্রমণ করলেও ব্রাজিলের রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। ব্রাজিলের তরুণ সেনসেশন এন্ড্রিক ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি বদলি হিসেবে মাঠে নামেন। তবে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। ম্যাচে ফাউল ও শারীরিক শক্তির প্রদর্শনও দেখা গেছে, যেখানে হাইতির তিনজন এবং ব্রাজিলের একজন খেলোয়াড় হলুদ কার্ড দেখেন।

গ্রুপ সি-এর বর্তমান পয়েন্ট টেবিল:

ব্রাজিল: ২ ম্যাচে ১ জয় ও ১ ড্র নিয়ে পয়েন্ট ৪ (গোল ব্যবধান +৩)। বর্তমানে টেবিলের ১ম স্থানে রয়েছে।

মরক্কো: ২ ম্যাচে ১ জয় ও ১ ড্র নিয়ে পয়েন্ট ৪ (গোল ব্যবধান +১)। বর্তমানে টেবিলের ২য় স্থানে রয়েছে।

স্কটল্যান্ড: ২ ম্যাচে ১ জয় ও ১ হার নিয়ে পয়েন্ট ৩ (গোল ব্যবধান ০)। বর্তমানে টেবিলের ৩য় স্থানে রয়েছে।

হাইতি: ২ ম্যাচে ২ হার নিয়ে পয়েন্ট ০ (গোল ব্যবধান -৪)। বর্তমানে টেবিলের ৪র্থ স্থানে রয়েছে।

ব্রাজিল এবং মরক্কো উভয়েরই পয়েন্ট ৪ হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে ব্রাজিল টেবিলের শীর্ষে অবস্থান করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%