বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:১০ পি.এম
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের প্রভাবে সৌদি আরব অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। যদিও তেল রপ্তানি স্বাভাবিক রয়েছে, দেশটির ব্যাংকগুলোতে আমানত প্রবৃদ্ধি কমে গেছে এবং অর্থনীতিতে দেখা দিয়েছে তারল্য সংকট। ব্যাংক অব আমেরিকার একটি নতুন প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার ব্লুমবার্গে প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ব্যাংক অব আমেরিকা জানায়, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) তারল্য সংকট সৌদি আরবেও ছড়িয়ে পড়ছে। একইসাথে, সৌদি অর্থনীতির দ্রুত গতি হারানোর কারণে ব্যাংকিং খাত চাপের সম্মুখীন হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরান যুদ্ধের প্রভাবে ইউএইর অর্থনীতিতেও চাপ সৃষ্টি হয়েছে। ইউএইর ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দেওয়ায় সৌদি ব্যাংকগুলোও এর প্রভাব অনুভব করছে। দুই দেশের ব্যাংকিং খাতের মধ্যে আন্তব্যাংক লেনদেনের পরিমাণ বেশি থাকায় এই সংকট সৌদি আরবের আমানত প্রবাহেও প্রভাব ফেলছে।
অন্যদিকে, সৌদি অর্থনীতির দুর্বলতার কারণে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাংক থেকে অর্থ তুলে নিচ্ছে। ঋণের চাহিদা বেশি থাকায় বাজারে অর্থের জোগান সংকুচিত হচ্ছে এবং ঋণের খরচ বৃদ্ধি পাচ্ছে।
সৌদি আরবের মুদ্রা রিয়াল মার্কিন ডলারের সঙ্গে সরাসরি যুক্ত থাকায় এই পরিস্থিতি দেশটির জন্য বিশেষ উদ্বেগের বিষয়। ইউএই, কাতার, ওমান ও বাহরাইনসহ উপসাগরীয় দেশগুলোর মুদ্রাও ডলারের সঙ্গে নির্ধারিত বিনিময় হারে যুক্ত রয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়ার মতো উপসাগরীয় দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক বাজারে অতিরিক্ত অর্থ সরবরাহ করতে পারে না। কারণ, এসব দেশের মুদ্রার বিনিময় হার ডলারের সঙ্গে যুক্ত এবং সুদের হার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করতে হয়।
যুদ্ধের মধ্যেও বেড়েছে তেল উৎপাদন
ইরান যুদ্ধের সবচেয়ে বড় অর্থনৈতিক ধাক্কা সৌদি আরব এড়াতে পারলেও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের কারণে দেশটি ঝুঁকিতে রয়েছে। সৌদি আরবে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের সবচেয়ে বড় উৎস হচ্ছে সংযুক্ত আরব আমিরাত।
এদিকে, ইয়েমেনে যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর সৌদি আরব নতুন করে নিরাপত্তা সংকটে পড়েছে। হুথিরা দেশটির জ্বালানি অবকাঠামো, বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। চলতি সপ্তাহের শুরুতে রিয়াদে অবস্থিত আরামকো টাওয়ারেও হুথিদের বিমান হামলার আঘাত লাগে।
তবে তারল্য সংকটের মধ্যেও সৌদি আরবের তেল রপ্তানি ও উৎপাদন বৃদ্ধি পেয়েছে। পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেককে সৌদি আরব জানিয়েছে, অক্টোবরে দেশটি দৈনিক ১ কোটি ৬ লাখ ব্যারেল তেল উৎপাদন করেছে। সেপ্টেম্বরে এ পরিমাণ ছিল ৮৩ লাখ ৭২ হাজার ব্যারেল। গত ফেব্রুয়ারির পর এটিই দেশটির সর্বোচ্চ উৎপাদন।
সূত্র: মিডল ইস্ট আই
এমএমআর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় তাহিরপুর-সুনামগঞ্জ সংযোগ সড়কের পাশে অপরিকল্পিতভাবে ওয়াকওয়ে (হাঁটার পথ) নির্মাণের অভিযোগ উঠেছে। জেলা পরিষদের ডাকবাংলো থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন পর্যন্ত চলমান এই নির্মাণকাজের ফলে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হওয়ার পাশাপাশি পথচারীরা চরম দুর্ঘটনার ঝুঁকিতে পড়েছেন। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
প্রধান অভিযোগ ও অনিয়মসমূহ:
সৌন্দর্যহানি ও সরকারি অর্থের অপচয়: সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জাদিদের উদ্যোগে সড়কের পাশে লাগানো দৃষ্টিনন্দন গাছ ও গাছের বেদিগুলো মাঝখানে রেখেই ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে। এতে গাছগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়ার পাশাপাশি অতীতে সরকারি অর্থে বাস্তবায়িত সৌন্দর্যবর্ধন প্রকল্পের অপচয় হচ্ছে।
পথচারীদের চরম জীবনঝুঁকি: মূল সড়ক থেকে ওয়াকওয়েটি প্রায় এক ফুট উঁচু করে নির্মাণ করা হচ্ছে, অথচ সহজে ওপরে ওঠার জন্য কোনো ঢাল বা সিঁড়ির ব্যবস্থা রাখা হয়নি। ফলে সড়কে যানবাহন ওভারটেকিংয়ের সময় পথচারীরা দ্রুত ওয়াকওয়েতে উঠতে না পেরে গাড়ির নিচে চাপা পড়ার মারাত্মক ঝুঁকিতে থাকবেন।
নিয়মবহির্ভূত সংযোগ পথ: ওয়াকওয়ের ধারাবাহিকতা নষ্ট করে এর মাঝখান থেকে প্রতিটি দোকানের জন্য আলাদা করে রাস্তা বের করা হচ্ছে, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত ও পরিকল্পনাহীনতার বহিঃপ্রকাশ।
দায়িত্বশীলদের উদাসীনতা: এ বিষয়ে বিশ্বম্ভরপুর উপজেলা প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) রজত কান্তি দে উদাসীন মন্তব্য করে জানান, প্রয়োজন হলে কাজটি সম্পন্ন হওয়ার পর তা পুনরায় ভেঙে নতুন বরাদ্দ আনা হবে। তার এমন বক্তব্যে স্থানীয়দের মাঝে আরও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর দাবি:
সড়কের পাশের মূল্যবান গাছপালা রক্ষা এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জেলা পরিষদের ডাকবাংলো থেকে ইউএনও বাসভবন পর্যন্ত চলমান এই অপরিকল্পিত ওয়াকওয়ে নির্মাণকাজ অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সেইসাথে জনস্বার্থে প্রকল্পটি বর্তমান স্থান থেকে সরিয়ে সড়কের বিপরীত পাশের পুকুরপাড় কিংবা অন্য কোনো উপযুক্ত স্থানে স্থানান্তরের জোর দাবি জানিয়েছেন বিশ্বম্ভরপুরবাসী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অংশগ্রহণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিন এরদোয়ান কর্তৃক আয়োজিত মধ্যাহ্নভোজে।
এই মধ্যাহ্নভোজটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ার রেগনাম হোটেলে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমানকে আন্তরিকভাবে স্বাগত জানান তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে আন্তরিক আলোচনা ও শুভেচ্ছা বিনিময় ঘটে।
মধ্যাহ্নভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ডা. জুবাইদা রহমান অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
বর্তমানে তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরা অবস্থান করছেন।
ডা. জুবাইদা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন দিনের সফরে তুরস্কে রয়েছেন। সফর শেষে আগামীকাল শুক্রবার তারা দেশে ফিরবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী মন্তব্য করেছেন যে, দেশে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। তিনি আরও বলেছেন, জনসমর্থনহীন কোনো ষড়যন্ত্র বা নাশকতার চেষ্টা সফল হবে না। জনগণই এসব অপতৎপরতা প্রতিহত করবে।
তিনি উল্লেখ করেন, ‘যে কাজের পেছনে জনসমর্থন থাকে না, তা কখনো টিকে থাকতে পারে না। পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা চালানো হলেও জনগণ তা প্রতিরোধ করবে।’
আজ রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রাঙ্গণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবীর রিজভী আরও বলেন, বিগত সরকারের সময় দেশের অর্থ পাচার ও বিভিন্ন ধরনের দেশবিরোধী অপতৎপরতা চালানো হয়েছে। বর্তমানে বিভিন্নভাবে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। এমনকি সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়াদের বাড়িতে হামলার মতো ঘটনাও ঘটেছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের পরিকল্পিত ও কৃত্রিম অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হবে না।
ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, জনগণের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় এবং সামনে এগোনোর পথ সংকুচিত হয়ে আসে, তখনই বিপ্লব অনিবার্য হয়ে ওঠে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় চেতনা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আকাক্সক্ষা থেকে সিপাহি-জনতা রাজপথে নেমে এসেছিল।
তিনি আরও বলেন, সেই বিপ্লবের মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে এসেছিল। একই চেতনার ধারাবাহিকতায় ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে মানুষ ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
ইতিহাসের উদাহরণ টেনে বিএনপির এই নেতা বলেন, জার্মানিতে হিটলারের শাসনামলে অনেক প্রখ্যাত দার্শনিক ও সাহিত্যিক ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। বাংলাদেশেও বিগত স্বৈরাচারী সরকারের সময়ে অনেক পরিচিত বুদ্ধিজীবী সরকারের পক্ষে কাজ করেছেন।
স্বাধীনতার পর প্রখ্যাত লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরতে না দেওয়ার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। বিবেক, মনুষ্যত্ব এবং প্রতিকূল সময়ে সত্যের পক্ষে দাঁড়ানোর মধ্যেই শিক্ষার প্রকৃত সার্থকতা নিহিত।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম ও বেনজীর আহমেদ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বিরোধী নেতা গাদি আইজেনকোট বৃহস্পতিবার (১২ নভেম্বর) একটি বৈঠকে মিলিত হচ্ছেন। তারা দেশের কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ে অংশগ্রহণ করবেন।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যৌথভাবে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেরুজালেমে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠকে নেতানিয়াহুর সামরিক সচিব গাই মার্কিজানোও উপস্থিত থাকবেন। তবে বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে বুধবার, নিয়মিত গোয়েন্দা তথ্য এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং নিশ্চিত করার জন্য আইজেনকোট দেশটির অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারার হস্তক্ষেপের আবেদন জানান। সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইনপ্রণেতা হিসেবে এবং পার্লামেন্টে আনুষ্ঠানিক বিরোধীদলীয় নেতা না থাকায় তিনি নিয়মিত গোয়েন্দা তথ্য পাওয়ার দাবি করেন।
আইজেনকোটের এই দাবি এমন সময় সামনে এসেছে, যখন নেতানিয়াহুর ইরানে সামরিক অভিযান চালানোর আগ্রহের খবর প্রকাশিত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তাদের আপত্তি উপেক্ষা করে এমন পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে আইজেনকোট নেতানিয়াহুকে সতর্ক করেছেন যে, জরুরি নয় এমন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া উচিত নয়। বিরোধী নেতার মতে, এ ধরনের পদক্ষেপ ইসরাইলের গণতন্ত্রের জন্য ‘বিধ্বংসী পরিণতি’ ডেকে আনতে পারে।
এদিকে, নেসেটের গুরুত্বপূর্ণ দুটি কমিটির নিয়ন্ত্রণ নিয়ে নেতানিয়াহুর ওপর চাপ বাড়িয়েছে গাদি আইজেনকোটের জোট। তবে পার্লামেন্টে প্রভাব বৃদ্ধি সত্ত্বেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন নিশ্চিত করতে পারেননি তিনি। অতি-ধর্মীয় দল ও আরব দলগুলোর সমর্থন নিয়ে জোটের হিসাব জটিল হয়ে পড়েছে।
বুধবার (১১ নভেম্বর) সংসদীয় বিন্যাস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আইজেনকোটের জোটের আভিগদর লিবারম্যান পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির অস্থায়ী প্রধান হচ্ছেন। আর অর্থ কমিটির দায়িত্ব পেয়েছেন লিরান আভিসার বেন-হোরিন। এই দুই কমিটির নিয়ন্ত্রণ পাওয়ার ফলে সংসদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নীতিনির্ধারণে নেতানিয়াহুবিরোধী জোটের প্রভাব বৃদ্ধি পেয়েছে।
তবে সংসদীয় নিয়ন্ত্রণ বৃদ্ধি সত্ত্বেও সরকার গঠনের পথ এখনও পরিষ্কার নয়। নির্বাচনে আইজেনকোটের জোট ৪৮ আসন পেয়েছে, যেখানে নেতানিয়াহুর পক্ষে থাকা দলগুলোর আসন ৫৩। বাকি ১৯ আসন আরব দলগুলোর। সরকার গঠনে ৬১ আসন প্রয়োজন, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পেতে আইজেনকোটকে অতি-ধর্মীয় দলগুলোর সমর্থন নিতে হবে, অথবা আরব দলগুলোর সহযোগিতা প্রয়োজন হবে।
কিন্তু উভয় ক্ষেত্রেই বাধা রয়েছে। অতি-ধর্মীয় দলগুলো আইজেনকোটের সর্বজনীন সামরিক সেবার নীতির সঙ্গে একমত নয়। অন্যদিকে, আরব দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন জোটের নেতা ইয়ার গোলান। তবে জোটের অন্যান্য নেতারা আরব দলগুলোকে সরকারে অংশীদার করার বিষয়ে আপত্তি জানিয়েছেন। এর ফলে সরকার গঠনের কৌশল নিয়ে আইজেনকোটের জোটের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ