০৫:০৪ পি.এম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি উল্লেখ করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবনের শেষ দিন পর্যন্ত দেশের সেবা করে গেছেন। তিনি এয়ারকন্ডিশনের ভেতরে বসে না থেকে গেঞ্জি গায়ে কৃষকের সঙ্গে কোদাল মেরেছেন। তাঁর মৃত্যুর পর বঙ্গভবনের পাশে জনতা ব্যাংক শাখায় ২৪৬ টাকা জমা ছিল। সততা, নিষ্ঠা, কর্তব্য ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে রাষ্ট্রপতি জিয়াউর রহমান পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়েছেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে তিন বছরের মধ্যে দেশটিকে বিশ্বের বুকে সম্মানের দেশ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর চীন সফরে গিয়েছিলেন এবং চীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে একটি বিরল সংবর্ধনা প্রদান করেছিল। এর আগে চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। তিনি সৌদি আরবে গিয়ে বলেছিলেন, "আমার দেশ থেকে জনশক্তি নিতে হবে" এবং সৌদি বাদশা রাজি হয়ে যান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কল্যাণে ৪০ লাখ মানুষ সৌদি আরবে কাজ করছেন। সৌদিতে তাঁর রোপিত নিমগাছ ‘জিয়া গাছ’ নামে পরিচিত।
মন্ত্রী তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, ৭ ই নভেম্বর বাংলাদেশ জেগে উঠল। সিপাহী ও জনতা মিলে বাংলাদেশে একটি বিপ্লব ঘটেছিল। সেই বিপ্লবের মহানায়ক ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান। পরবর্তীতে বাংলাদেশের জনগণ তাঁকে রাষ্ট্রপতি নির্বাচিত করেন। উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়। তিনি গণতন্ত্র ফিরিয়ে দেন। সব রাজনৈতিক দল পুনর্গঠিত হয় এবং সারা বাংলাদেশে উন্নয়নের কাজ শুরু হয়। মেজর জেনারেল জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট থেকে মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দেন, সেখানেই তিনি নির্মমভাবে শাহাদাত বরণ করেন। তাঁর শাহাদাতের পর তাঁর সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্র ও দেশ গঠনের জন্য কাজ করে গেছেন। তাঁদের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান দেশ গঠনের জন্য সকাল ৮টা থেকে মধ্যরাত অবধি কাজ করে যাচ্ছেন। মন্ত্রী বলেন, "আমি সখিপুর-বাসাইলসহ সব জায়গায় কাজ করে যাচ্ছি।"
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সখিপুরকে মূল্যায়ন করে সখিপুরকে থানা প্রতিষ্ঠা করেছিলেন এবং সখিপুরের পাহাড় কাঞ্চনপুরে বিমান বাহিনী ঘাঁটি স্থাপন করেছেন। ইতিমধ্যে সখিপুর-বাসাইলের অসংখ্য স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বিভিন্ন স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের চারতলা ভবনের কাজ শুরু হয়েছে। ইমাম-মুয়াজ্জিন, মসজিদের খাদেম, মন্দির ও প্যাগোডার পুরোহিতদের জন্য নিয়মিত বেতনের ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গঠনের জন্য চতুর্দিক থেকে কাজ করে যাচ্ছেন।
আরও পড়ুন: কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে: হুইপ দুলুর মন্তব্য
মন্ত্রী আরও বলেন, আমার এলাকার মানুষ তাদের পুরোনো ভিটেতে ঘর দিতে গেলে বন বিভাগের কর্মকর্তারা বাধা দেন। বন বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, "একজন মানুষকেও আর হয়রানি করবেন না।" সখিপুরের মানুষ আর কোনো হয়রানি সহ্য করবে না। বেআইনি আটিয়া বন অধ্যাদেশ বিলুপ্ত করার জন্য তিনি সংসদে দুবার কথা বলেছেন। তিনি বলেন, "মনে রাখবেন, দেশটা এখন গণতান্ত্রিক দেশ।" দেশ গঠনের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। বিরোধী দলের লং মার্চের বিরুদ্ধে তিনি বলেন, "জ্বালানি তেল খরচ করে বিরোধী দল লং মার্চ করছে।" দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা করার জন্য অনুরোধ জানান।
মন্ত্রী বলেন, পতিত পলাতক ফ্যাসিস্ট সরকারের দোসররা গার্মেন্টশিল্পের শ্রমিকের মজুরির নামে নাশকতা সৃষ্টি করার চেষ্টা করেছিল। এদের তালিকা করা হচ্ছে। তিনি বলেন, "হাসিনা নাকি ডিসেম্বরে আসছে, আসলে ফাঁসির কাষ্ঠে দণ্ডিত হবে। আসলে তো আসবেনা, দলীয় নেতাকর্মীদের উসকে দিচ্ছে।" তিনি সতর্ক করেন, এ দেশে আর কোনো অরাজকতা হতে দেওয়া হবে না।
রোববার (৮ নভেম্বর) দুপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি সখিপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকবাংলো চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. খোরশেদ আলম, সিনিয়র সহসভাপতি মো. নাসির উদ্দিন আহমেদ, সহসভাপতি আকবর আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কবির হাসান, সাংগঠনিক সম্পাদক সিকদার মো. সবুর রেজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল, সদস্য সচিব মো. নাসির উদ্দিন আহমেদ প্রমুখ।
আরও পড়ুন: সংসদের চতুর্থ অধিবেশন বসছে সোমবার, আসতে পারে কয়েকটি বিল
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন, সহসভাপতি বি এম বজলুর রহমান ভূঁইয়া, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবুল, সহসাংগঠনিক সম্পাদক মো. আযম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল গনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানভীর হাসান শহীদ, সদস্য সচিব জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একাব্বর হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান, পৌর ছাত্রদলের সভাপতি মোর্শেদ ইসলাম অন্তরসহ বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এর আগে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাড. আহমেদ আযম খান এমপি ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে শোভাযাত্রা, পতাকা উত্তোলন ও উপজেলা হলরুমে আলোচনাসভায় অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন