মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:০৩ পি.এম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া গ্রামে পুলিশ অভিযান চালিয়ে কার্যকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাকের পার্টির ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। একইসাথে জেলা শহর থেকে সাবেক এক ছাত্রলীগ নেতাকেও গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা ভাংবাড়ীয়া বাজারের আলী প্রামাণিকের চায়ের দোকান থেকে এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা শেষে এদিন বেলা সাড়ে ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং সাবেক ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার আহম্মেদ বাবলু (৫৫), ভাংবাড়ীয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আসমত উল্লাহ (৪০), আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম (৪২), আমারত আলী (৩৭), মিনারুল ইসলাম (৫০), লালু (৪৫) ও আজিজুল হক (৬৪)। এছাড়া বাংলাদেশ ছাত্রলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাশেদ নাহিম জ্যামি (৩৯)ও গ্রেপ্তার হন।
আলমডাঙ্গা থানার কর্তব্যরত পুলিশ উপ-পরিদর্শক কুশল জানান, অভিযোগ পাওয়া যায় যে, কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাকের পার্টির নেতাকর্মীরা ভাংবাড়ীয়া এলাকার আলী প্রামাণিকের চায়ের দোকানে গোপন বৈঠক করছিলেন। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পর তাদেরকে আলমডাঙ্গা থানা পুলিশ এদিন বিকালে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করেছে বলে তিনি জানান।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে জ্যামিকে কয়েকজন পিটিয়ে আহত করে। পরে তার স্বজনরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। চিকিৎসা শেষে জ্যামিকে গ্রেপ্তার করা হয়। তিনি নাশকতা মামলার আসামী। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ডেমোক্রেটিক পার্টির নতুন কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর, দেশটির সাধারণ নাগরিকদের একটি উল্লেখযোগ্য অংশ ইরানের সাথে চলমান যুদ্ধ বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে।
এই তথ্যটি সম্প্রতি প্রকাশিত একটি জরিপের মাধ্যমে উঠে এসেছে, যা রয়টার্স ও ইপসোসের (Reuters/Ipsos) যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে।
জরিপের ফলাফল নির্দেশ করে যে, মার্কিন ভোটারদের অধিকাংশই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দ্বারা শুরু বা পরিচালিত এই সংঘাতের সমাপ্তি দেখতে চায়। তারা আশা করছে যে, সদ্য নির্বাচিত ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস এই যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিলম্বে হস্তক্ষেপ করবে।
বিশ্লেষকদের মতে, ভোটারদের এই মনোভাব ট্রাম্প প্রশাসনের ওপর দেশটির অভ্যন্তরীণ রাজনীতি এবং মধ্যপ্রাচ্য নীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক চাপ সৃষ্টি করতে সক্ষম হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন যে, বাংলাদেশের অস্থিতিশীলতার লক্ষ্যে দেশের ভেতরে ও বাইরের সম্মিলিত ষড়যন্ত্র চলছে। তিনি উল্লেখ করেন, পতিত ফ্যাসিবাদী শক্তি স্থানীয় সহযোগীদের মাধ্যমে এবং সীমান্তের ওপার থেকে উৎসাহিত হয়ে এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে, তিনি বিরোধী দলকে সরাসরি এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত করেননি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় উপনেতার বক্তব্যের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব মন্তব্য করেন।
তিনি জানান, দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত, তৈরি পোশাকশিল্পকে অস্থিতিশীল করার জন্য বিদেশ থেকে একটি নীলনকশা তৈরি করা হয়েছিল। কিছু দেশের ভেতরের মানুষের সহযোগিতায় এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হয়। তবে, সরকার সেই প্রচেষ্টাকে নস্যাৎ করতে সক্ষম হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা মোকাবেলার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে। পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। মালিক, শ্রমিক সংগঠন ও বিভিন্ন ফেডারেশনের সঙ্গে একাধিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সরকার শিল্প খাত ও বিনিয়োগের পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি স্পষ্ট করেন, দেশের ভেতরে বা বাইরে থেকে কোনো ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, যদি আলোচনা ফলপ্রসূ না হয়, তাহলে তেহরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সম্ভাবনা রয়েছে।
একটি আকস্মিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ট্রাম্প জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন যে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব। তবে তিনি উল্লেখ করেছেন যে পরিস্থিতি অনুযায়ী যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে।
ট্রাম্প বলেন, "ইরানের সঙ্গে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব বলে আশা করছি। তবে যদি তা না হয়, তাহলে আমাদের খুব কঠোর পদক্ষেপ নিতে হবে। আমাদের হাতে বিপুল সামরিক সক্ষমতা রয়েছে।"
সূত্র: সিবিএস নিউজ
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রাম পৌর টাউন হলের নিরাপত্তাপ্রহরী মনসুর আলী হত্যার ঘটনায় অভিযুক্ত শাহনেওয়াজ সানির ফাঁসির দাবিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছেন। আজ মঙ্গলবার দুপুরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঁচ দফা দাবিতে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে উল্লেখিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—হত্যার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিল, দ্রুত বিচার আদালতে বিচার কার্যক্রম পরিচালনা, পৌরসভার মাঠপর্যায়ের কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, নিহতের পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রদান এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌর কর্মচারী সংসদের সভাপতি আখতারুজ্জামান রাসেল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সহসভাপতি আলী রেজা হিরন, যুগ্ম সম্পাদক নুরনবী আহমেদ রানা ও সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দীন রবিনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, "দায়িত্ব পালনরত অবস্থায় একজন কর্মচারীকে নৃশংসভাবে হত্যা করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। অবিলম্বে এই হত্যার সঠিক বিচার সম্পন্ন করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।"
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে বিকেলে পৌর টাউন হলে দায়িত্ব পালন করছিলেন মনসুর আলী (৬০)। এ সময় অভিযুক্ত শাহনেওয়াজ সানি টাউন হলে ঢোকার চেষ্টা করলে তিনি বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মনসুর আলীকে ছুরিকাঘাত করেন সানি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মনসুর আলী কুড়িগ্রাম পৌরসভায় দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করার পাশাপাশি টাউন হলের নিরাপত্তাপ্রহীর দায়িত্ব পালন করতেন।
ঘটনার সময় স্বামীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন মনসুর আলীর স্ত্রী মল্লিকা বেগম (৫৫)। পরবর্তীতে চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর শরীর থেকে বিদ্ধ ছুরিটি বের করেন। বর্তমানে তিনি রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।
কর্তব্যরত অবস্থায় মনসুর আলীর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পৌর কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে পৌরসভার মাঠপর্যায়ে কর্মরত কর্মীদের নিরাপত্তা এখন বড় প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ