মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:১১ পি.এম
গাজীপুরের চান্দনা-চৌরাস্তা এলাকায় একটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকাগামী ফ্লাইওভারের ওপর।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানা-পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশের তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা মোটরসাইকেলটি নিজেই ফ্লাইওভারের ওপর নিয়ে আসে এবং পরে সেটিতে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বাসন থানার উপপরিদর্শক নুরু মিয়া জানিয়েছেন, মোটরসাইকেলটিতে আগুন দেওয়ার পেছনে কারা এবং কী উদ্দেশ্য রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছে।
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগের গবেষকদল ধানের ‘গ্রেইন ডিসকালারেশন’ বা দানা বিবর্ণ হওয়া রোগের জন্য দায়ী একটি সম্পূর্ণ নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন। এই নতুন ব্যাকটেরিয়াটির নামকরণ করা হয়েছে দেশের নামানুসারে— Pantoea bangladeshensis sp. nov. NSTU24 (প্যানটোয়া বাংলাদেশেনসিস)।
গবেষণাটি সম্প্রতি বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘নেচার’ পোর্টফোলিওর স্বনামধন্য জার্নাল ‘সায়েন্টিফিক রিপোর্টস’-এ গৃহীত হয়ে প্রকাশের অপেক্ষায় রয়েছে। গবেষকদের বিশ্বাস, এই যুগান্তকারী আবিষ্কার বাংলাদেশের কৃষিখাতে উদ্ভিদ রোগতত্ত্ব ও জিনোম গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সাথে, এই রোগের প্রতিকার ও ব্যবস্থাপনা নিয়ে আরেকটি গবেষণাপত্রও একই জার্নালে প্রকাশিত হয়েছে।
এই সাফল্যের পেছনের কাহিনী শুরু হয় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে। নোবিপ্রবির কৃষি বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেলের তত্ত্বাবধানে সম্মান শেষ বর্ষের থিসিসের বিষয় খুঁজছিলেন অর্ণব গোস্বামী। রাজশাহী জেলার তানোর উপজেলার কৃষকদের একটি সমস্যা হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া ফেসবুকের এক পোস্টের মাধ্যমে নজরে আসে। কৃষকদের পোস্ট করা ছবিতে দেখা যায়, ধানের প্যানিকল বা ছড়া এবং এর ভেতরের ধানগুলো ক্রমশ কালো হয়ে যাচ্ছে। ধানের খোসা এবং শস্যের মান নষ্ট হওয়ায় মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন প্রান্তিক কৃষকেরা। এই ‘গ্রেইন ডিসকালারেশন’ বা প্যানিকল ব্লাইটের মতো সমস্যার বৈজ্ঞানিক কারণ খোঁজার তাগিদ অনুভব করেন অর্ণব গোস্বামী।
পরবর্তীতে, ড. রুবেলের পরামর্শে উত্তরবঙ্গ ও রাজশাহী অঞ্চলের তানোর উপজেলার ধানের ক্ষেত থেকে ‘গ্রেইন ডিসকালারেশন’ রোগে আক্রান্ত ধানের নমুনা সংগ্রহ করে নিজের থিসিসের কাজ শুরু করেন অর্ণব। এই কাজে আরও যুক্ত ছিলেন সহকারী অধ্যাপক ড. পীযূস কান্তি ঝাঁ।
গবেষক দলটি প্রাথমিকভাবে ধারণা করেছিল রোগটি পরিচিত Burkholderia গণের ব্যাকটেরিয়া দ্বারা হচ্ছে। সংগৃহীত নমুনা থেকে সফলভাবে ব্যাকটেরিয়া পৃথকীকরণ করে ৭টি সন্দেহভাজন কলোনি শনাক্ত করা হয়। আইসোলেশন ও ক্যারেক্টারাইজেশনের পর দেখা যায়, এটি প্রচলিত কোনো ব্যাকটেরিয়া নয়— এর জিনগত বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন। প্যাথোজেনিসিটি পরীক্ষা সম্পন্ন করার পর এমন দুটি ব্যাকটেরিয়া শনাক্ত করা হয়, যা হুবহু মাঠের আক্রান্ত নমুনার মতো রোগ সৃষ্টি করতে সক্ষম। পরবর্তীতে, এই দুটি ব্যাকটেরিয়ার আংশিক জিনোম সিকোয়েন্সিং করে গবেষকরা দেখেন, এটি Burkholderia নয়, বরং অত্যন্ত সুযোগসন্ধানী Pantoea গণের একটি ব্যাকটেরিয়া। এই পুরো কার্যক্রমে অর্ণবকে সার্বিক সহযোগিতা করেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের প্রভাষক অংকন দত্ত।
অনার্স শেষ হওয়ার পরেও অর্ণবের কৌতূহল থামেনি। অধ্যাপক ড. রুবেলের উৎসাহে গবেষণাটিকে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এ পর্যায়ে গবেষক দলে যুক্ত হন ডিএনএ সলিউশন লিমিটেডের মাকসুদুর রহমান নায়েম এবং নোবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের এ বি জেড নাইমুর রহমান। তাদের প্রত্যক্ষ দিকনির্দেশনায় ব্যাকটেরিয়াটির সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন হয়। এতে সম্পূর্ণ নতুন একটি প্রজাতি হিসেবে প্রমাণিত হয়। পরবর্তীতে, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের আইবিজিই (IBGE)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. তোফাজ্জল ইসলামের আন্তর্জাতিক মানের জিনোমিক দিকনির্দেশনায় গবেষণাটি পূর্ণতা লাভ করে। এছাড়া, গবেষণাপত্রটি লেখার ক্ষেত্রে সহযোগিতা করেন অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান শান্ত।
তবে আন্তর্জাতিক জার্নালে এই গবেষণা প্রকাশের পথটি মোটেও সহজ ছিল না। শুরুতে বিখ্যাত কিছু জার্নালে পেপারটি সাবমিট করার পর তা রিজেক্ট হয়। রিভিউয়াররা জানান, আন্তর্জাতিক ব্যাকটেরিওলজিক্যাল নামকরণ বিধিমালা (ICNP) অনুযায়ী নতুন প্রজাতি দাবি করতে হলে ব্যাকটেরিয়াটিকে বিশ্বের অন্তত দুটি স্বনামধন্য ‘কালচার কালেকশন' সেন্টারে জমা দিতে হবে।
নিয়ম অনুযায়ী দীর্ঘ প্রক্রিয়া শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম এবং উপসচিব আমিরুল কায়সারের বিশেষ সহায়তায় প্রয়োজনীয় সরকারি অনুমতিপত্র সংগ্রহ করে গবেষক দল। অবশেষে পুনরায় যাচাই-বাছাই শেষে সফলভাবে ব্যাকটেরিয়াটিকে নিউজিল্যান্ডের আইসিএমপি (ICMP) এবং বেলজিয়ামের বিসিসিএম/এলএমজি (BCCM/LMG) কালচার কালেকশনে ‘টাইপ স্ট্রেইন’ হিসেবে সংরক্ষণ করা হয়।
গবেষণায় সাফল্যের অনুভূতি প্রকাশ করে কৃষি বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেল বলেন, “সবচেয়ে বড় প্রাপ্তি হলো, আমাদের এই গবেষণার মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশ এবং আমাদের বিশ্ববিদ্যালয় পরিচিতি পাচ্ছে। পেপার সাইটেশনের মাধ্যমে যখন গবেষক বা শিক্ষার্থীরা আমাদের কাজ পড়বে, তখন তারা আমাদের দেশকে চিনবে।”
তবে গুরুত্বপূর্ণ এই গবেষণায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) দুইবার প্রস্তাবনা জমা দেওয়া হলেও কোনো ফান্ড বরাদ্দ পাওয়া যায়নি বলে আক্ষেপ করেন ড. রুবেল। পুরো গবেষণাপত্রটি দাঁড় করাতে গিয়ে ব্যক্তিগতভাবে প্রায় তিন লক্ষ টাকার বেশি খরচ করতে হয়েছে। জিন সিকোয়েন্সিং ও ডিএইচএল পরিবহনের উচ্চ খরচ নিজেদের পকেট থেকেই মেটাতে হয়েছে। গবেষণা ফান্ড থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার আক্ষেপ থাকলেও, দেশের নাম বিশ্বমঞ্চে তুলে ধরতে পারার আনন্দ সেই কষ্টকে ম্লান করে দিয়েছে বলেও জানান তিনি।
গবেষণার সঙ্গে শুরু থেকে যুক্ত থাকা কৃষি বিভাগের শিক্ষার্থী অর্ণব গোস্বামী বলেন, “এই আবিষ্কারটি আমার জন্য অত্যন্ত আনন্দের এবং একই সাথে একটি বড় বৈজ্ঞানিক মাইলফলক। কোনো ফান্ড ছাড়াই সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে যখন আমরা ল্যাবে কাজ শুরু করি, তখন আমাদের মূল লক্ষ্য ছিল ধানের গ্রেইন ডিসকালারেশন রোগের পেছনের অজানা প্যাথোজেনটিকে খুঁজে বের করা। জিনোমিক অ্যানালাইসিসের মাধ্যমে যখন আমরা নিশ্চিত হই যে এটি সম্পূর্ণ নতুন একটি প্রজাতি এবং বৈশ্বিক ডাটাবেসে এর কোনো পূর্ব-রেকর্ড নেই, সেই মুহূর্তটি ছিল অভাবনীয়।”
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক সায়েন্টিফিক কমিউনিটির কাছে আমাদের দেশের নামানুসারে Pantoea bangladeshensis প্রজাতিটিকে পরিচয় করিয়ে দিতে পারাটা আমার জন্য অনেক বড় গর্বের। এই দীর্ঘ যাত্রায় নিরলস দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য আমি আমার সুপারভাইজার ড. মেহেদী হাসান রুবেল স্যার, আমার সকল ল্যাবমেট ও কো-অথরদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি, আমাদের এই জিনোমিক ডেটা এবং প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস ভবিষ্যতে ধানের রোগ-প্রতিরোধী জাত উদ্ভাবন এবং গ্লোবাল ফুড সিকিউরিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
দীর্ঘ অধ্যবসায়, আর্থিক প্রতিবন্ধকতা এবং জার্নালের কঠোর নিয়ম-নীতি পেরিয়ে অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল Pantoea bangladeshensis NSTU24। তরুণ গবেষক অর্ণব গোস্বামীর মূল উদ্যোগে পরিচালিত এই গবেষণা এবং অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেল ও ড. তোফাজ্জল ইসলামের যৌথ নির্দেশনায় সহ-গবেষকদের এই সাফল্য দক্ষিণ এশিয়ার কৃষিতে ধানের নিরাপত্তা বিধান ও রোগপ্রতিরোধী জাত উদ্ভাবনে নতুন আশার সঞ্চার করেছে।
গবেষকরা জানান ল্যাবরেটরির সফলতার পর এখন এই গবেষণাটিকে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এর জন্য প্রয়োজন পর্যাপ্ত আর্থিক সহযোগিতা ও সরকারি সহায়তা। ব্যাকটেরিয়াজনিত এই রোগের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দেশের ধান উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কৃষকরাও আর্থিক ক্ষতি থেকে বাঁচবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হামজা চৌধুরী প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবেন। আজ মঙ্গলবার শ্রীলঙ্কা ম্যাচের আগে অনুশীলনের সময় এই মিডফিল্ডার জানালেন, এবারের সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। ক্লাবের ব্যস্ততার কারণে ভুটানের বিপক্ষে সাফের প্রথম ম্যাচে অংশ নিতে পারেননি হামজা। তিনি বলেন, ‘আমি খুব রোমাঞ্চিত। আমরা সবাই রোমাঞ্চিত। মোমেন্টাম ধরে রাখার জন্য সব ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা সব ম্যাচ জিততে চাই। আমরা জানি, আমাদের ওপর চাপ আছে (শিরোপা জয়ের)। ইনশাআল্লাহ আমরা সাফ চ্যাম্পিয়ন হবো।’
দলে যোগ দেওয়ার পর হামজা জানালেন, সাফ জিততে বাংলাদেশ আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘আমরা বুঝতে পারি, পুরো দেশ চায় (আমরা চ্যাম্পিয়ন হই)। আমরা খুব আত্মবিশ্বাসী। আমরা সিঙ্গাপুরের সঙ্গে, হংকংয়ের সঙ্গে, ও অন্যান্য দলের সঙ্গে ভালো করেছি। ভারতকে হারিয়েছি। আমরা দেখিয়েছি, এদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমরা জানি, আমাদের সেই মান আছে; আমরা আরো ভালো খেলতে পারি। ইনশাআল্লাহ এই পর্যায়ে ও টুর্নামেন্টে আমরা জিততে পারব।’
ভুটানের বিপক্ষে গত ম্যাচে গোলের অনেক সুযোগ তৈরি করলেও বাংলাদেশ সেগুলো কাজে লাগাতে পারেনি। বদলি হিসেবে নামা ইব্রাহিমের একমাত্র গোলে বাংলাদেশ জয় পেয়েছে। তবে হামজা ফিনিশিংয়ের ব্যর্থতা নিয়ে চিন্তিত নন। তার মতে, সুযোগ তৈরি হলে গোল একসময় না একসময় আসবে। যদি সুযোগ তৈরি না হতো তাহলে দুশ্চিন্তার ব্যাপার ছিল। হামজা বলেন, ‘স্ট্রাইকার পজিশনের জন্য, গোল করার মতো খেলোয়াড় আমাদের আছে এবং আমরা খুবই আত্মবিশ্বাসী। স্রেফ আমাদের আরেকটু সময় নিয়ে, প্রস্তুতি নিতে হবে। ম্যাচ খেলতে হবে। আশা করি, আমরা আরো গোল করতে পারব; আরো ম্যাচ জিততে পারব। দুশ্চিন্তা নেই। দুশ্চিন্তা করতাম, যদি গোলের সুযোগ তৈরি করতে না পারতাম। আসলে আমরা সুযোগ তৈরি করেছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) ছয়টি সদস্য রাষ্ট্র কুয়েতে তাদের সমন্বিত সামরিক কমান্ডের জন্য আধুনিক সদর দপ্তর স্থাপনের অনুমোদন দিয়েছে। এছাড়াও, সেখানে প্রয়োজনীয় সামরিক বাহিনী মোতায়েনের বিষয়টিও অনুমোদিত হয়েছে। এ তথ্যটি জোটটির মহাসচিব নিশ্চিত করেছেন।
তবে, সদর দপ্তরটির নির্মাণকাজ কবে শুরু হবে এবং সেখানে কতসংখ্যক সেনা মোতায়েন করা হবে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
জিসিসির সদস্য দেশগুলো অন্তর্ভুক্ত রয়েছে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এই দেশগুলো উপসাগরীয় অঞ্চলের রাজতান্ত্রিক রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।
বাহরাইনে অনুষ্ঠিত জিসিসির যৌথ প্রতিরক্ষা কাউন্সিলের ২৩তম বৈঠকে সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠকের পর এই সিদ্ধান্তের ঘোষণা করা হয়।
এর আগে ২০১৩ সালের ডিসেম্বরে কুয়েতে অনুষ্ঠিত একটি সম্মেলনে জিসিসি সমন্বিত সামরিক কমান্ড গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। এর মূল উদ্দেশ্য হলো যৌথ সামরিক অভিযান পরিচালনা করা, সদস্য দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করা এবং তাদের স্থল, আকাশ ও সমুদ্রসীমা রক্ষায় সক্ষমতা জোরদার করা।
উপসাগরীয় আরব দেশগুলো, যাদের মধ্যে বেশিরভাগেরই যুক্তরাষ্ট্রের বড় সামরিক ঘাঁটি রয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে বারবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে।
এই যুদ্ধের ফলে বিমান ও নৌ-চলাচল ব্যাহত হচ্ছে এবং অঞ্চলটির গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস রপ্তানির নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১০ নভেম্বর ২০২৬: নারায়ণগঞ্জ জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের দেখতে আজ সন্ধ্যায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে যান খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
এ সময়ে তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং স্বজনদের সান্তনা প্রদান করেন। উক্ত অগ্নিকাণ্ডে আহতদের উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্বারা সারা দেশে ককটেল বিস্ফোরণ সহ অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শক্ত হাতে তা দমনে সরকারের প্রতি আহ্বান জানান।
আজ জাতীয় বার্ন ইনস্টিটিউটে খেলাফত মজলিস মহাসচিবের সাথে আরো উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী মিনহাজুল আলম, ঢাকা মহানগরী দক্ষিণ সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, ঢাকা মহানগরী উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ