০১:০১ পি.এম
আর্জেন্টিনার জার্সিতে মাঠে দেখা না গেলেও, জানুয়ারিতে আবারও নিজের দেশের মাটিতে খেলার সুযোগ পেতে পারেন লিওনেল মেসি। তবে এবার তিনি জাতীয় দলের হয়ে নয়, বরং ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নামার সম্ভাবনা রয়েছে আর্জেন্টাইন এই মহাতারকার।
প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে ইন্টার মায়ামি আগামী জানুয়ারিতে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য স্থান বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী মনুমেন্তাল স্টেডিয়াম। জানুয়ারির দ্বিতীয়ার্ধে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
শার্লটের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করার পর ইন্টার মায়ামির কোচ কিলি গঞ্জালেজ এই বিষয়ে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, ম্যাচ আয়োজনের সম্ভাবনা বেশ জোরালো। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আরও আলোচনা প্রয়োজন।
আরও পড়ুন: টেস্টে ৭ হাজার রান পূর্ণ করলেন মুশফিক, প্রথম বাংলাদেশি
গঞ্জালেজ বলেছেন, ‘আমার জন্য, সেই পরিস্থিতি নিশ্চিত।’ আর্জেন্টিনার মাটিতে প্রাক-মৌসুমের ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে তিনি আরও বলেন, ‘এটার সম্ভাবনা খুবই প্রবল। অবশ্যই রিভার প্লেটের মতো আর্জেন্টিনার দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা সবসময় ভালো। কিন্তু সেটা ঘটার আগে অনেক পথ বাকি আছে।’
যদি ম্যাচটি অনুষ্ঠিত হয়, তবে মেসির জন্য এটি হবে একটি বিশেষ মুহূর্ত। কারণ, প্রথমবারের মতো আর্জেন্টিনার মাটিতে কোনো ক্লাবের হয়ে খেলার সুযোগ পাবেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। তিনি আবারও মনুমেন্তাল স্টেডিয়ামে ফিরবেন, তবে এবার আর্জেন্টিনার জার্সিতে নয়, বরং ইন্টার মায়ামির গোলাপি জার্সিতে।
এদিকে, ম্যাচটি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে দুই পক্ষই। রিভার প্লেটও আনুষ্ঠানিক ঘোষণা ও বিস্তারিত সূচির অপেক্ষায় আছে।
আরও পড়ুন: ৪০ বছর বয়সেও অদম্য ভোজিনিয়া, চিলির লিগ চ্যাম্পিয়ন কোলো কোলো
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন