ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

গাজায় ২৫০ বিদেশি সেনা মোতায়েনের অনুমোদন ইসরাইলের, থাকছে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো, উগান্ডা ও আলবেনিয়া


গাজায় ২৫০ বিদেশি সেনা মোতায়েনের অনুমোদন ইসরাইলের, থাকছে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো, উগান্ডা ও আলবেনিয়া

গাজা উপত্যকায় প্রাথমিকভাবে প্রায় ২৫০ বিদেশি সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে ইসরাইল। বহুজাতিক বাহিনীর সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো, উগান্ডা ও আলবেনিয়া অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরাইলি সংবাদমাধ্যম ওয়ালার সূত্রে জানা যায়, গাজা সীমান্তের কাছে গত দুই সপ্তাহ ধরে মার্কিন সেনাদের সঙ্গে বিদেশি সামরিক কর্মকর্তাদের দেখা গেছে। বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতির অংশ হিসেবে এ কার্যক্রম চলছে। কাজাখস্তান চিকিৎসা ও লজিস্টিক সহায়তার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, কসোভো নিরাপত্তা ও পুলিশি কার্যক্রমে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে।

তবে, ইসরাইল তুরস্কের অংশগ্রহণ নিয়ে আপত্তি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান গাজায় সামরিক কার্যক্রমে আঙ্কারার অংশগ্রহণ নিশ্চিত করতে ওয়াশিংটনের ওপর চাপ দিচ্ছেন। ইসরাইলি কর্মকর্তাদের আশঙ্কা, তুরস্কের সম্পৃক্ততা দেশের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

আরও পড়ুন: অভিবাসনবিরোধী নীতি অতিরিক্ত কঠোর ছিল, বললেন ট্রাম্প

এদিকে, গাজা সীমান্তের কাছে মার্কিন সামরিক ঘাঁটির কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। সেখানে ট্রাক, সাঁজোয়া যান, চিকিৎসা সরঞ্জাম ও সেনা পরিবহনের বিশেষ যান মোতায়েন করা হয়েছে। ঘাঁটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি সার্বক্ষণিক সশস্ত্র মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

অন্যদিকে, রাফাহর একটি অংশের ধ্বংসস্তূপের ওপর পরিকল্পিত ‘সন্ত্রাসমুক্ত আমিরাতি শহর’ নির্মাণের প্রস্তুতিও এগিয়ে চলছে। সেখানে হাজার হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। তবে প্রবেশের আগে তাদের কঠোর নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে এবং ইসরাইলি কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

প্রাথমিক পর্যায়ে সীমিতসংখ্যক ফিলিস্তিনিকে ওই এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হবে। প্রকল্পটি পরীক্ষামূলকভাবে চালুর পরিকল্পনা থাকলেও এখনো বাস্তবায়নের নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি। নতুন শহরটির আশপাশের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকবে প্রস্তাবিত বহুজাতিক বাহিনী।

ইসরাইলের রাজনৈতিক নেতৃত্বের অবস্থান হলো, হামাসকে নিরস্ত্র করা এবং গাজার নিয়ন্ত্রণ তৃতীয় পক্ষের হাতে হস্তান্তর না করা পর্যন্ত উপত্যকাটির পুনর্গঠন শুরু করা যাবে না।

আরও পড়ুন: ইরানের সঙ্গে ফের যুদ্ধের সম্ভাবনা খুবই কম: ট্রাম্প

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেস্টে ৭ হাজার রান পূর্ণ করলেন মুশফিক, প্রথম বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


টেস্টে ৭ হাজার রান পূর্ণ করলেন মুশফিক, প্রথম বাংলাদেশি

জোমেল ওয়ারিক্যানের ডেলিভারিটি মিডঅনে পাঠিয়ে একটি সিঙ্গেল নিলেন মুশফিকুর রহিম। ইনিংসে এটি ছিল তার নবম রান।

কেউ যদি মনে করেন, একটি সিঙ্গেলই তো! এর আবার এমন বিস্তারিত বিবরণ দেওয়ার কী আছে, তাহলে তারা ভুল করবেন। এই রানটি মুশফিকের জন্য অন্য দশটি সিঙ্গেলের মতো নয়। এটি তার জন্য অত্যন্ত বিশেষ। এই সিঙ্গেলের মাধ্যমে তিনি টেস্ট ক্যারিয়ারে ৭ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন। ১০৭ ম্যাচে তার ৭ হাজার রান এসেছে ৩৯-এর বেশি গড়ে।

মুশফিক প্রথম বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন। দ্বিতীয় স্থানে থাকা মুমিনুল হকের চেয়ে তিনি অনেকটা দূরত্বে অবস্থান করছেন। মুমিনুল ৮২ ম্যাচে ৩৭.৫৩ গড়ে করেছেন ৫ হাজার ২৯৩ রান।

মুশফিক এখন ডন ব্রাডম্যান, সনাৎ জয়াসুরিয়া, লেন হুটন, দিলীপ ভেঙ্গসরকার, ব্রেন্ডন ম্যাককলাম, মাইক হাসি ও মোহাম্মদ আজহারউদ্দিনের চেয়েও এগিয়ে রয়েছেন। এদের মধ্যে ডন ব্রাডম্যান ৬৯৯৬, জয়াসুরিয়া ৬৯৭৩, হুটন ৬৯৭১, দিলীপ ৬৮৬৮, ম্যাককলাম ৬৪৫৩, হাসি ৬২৩৫ ও আজহারউদ্দিন ৬২১৫ রান করেছেন।

রানের হিসাবে চূড়ায় উঠা মুশফিক সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির দিক দিয়েও বাংলাদেশিদের মধ্যে শীর্ষে রয়েছেন। তিনি ১৪টি সেঞ্চুরি করেছেন, ডাবল সেঞ্চুরির সংখ্যা ৩টি। মুমিনুল ১৩ সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৬-২৭ শিক্ষাবর্ষের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


২০২৬-২৭ শিক্ষাবর্ষের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত

২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন উপাচার্যরা। সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কার্যালয়ে অনুষ্ঠিত সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এ সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করা হয়।

একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভায় উপস্থিত থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, ‘সব বিশ্ববিদ্যালয়ে ১ ফেব্রুয়ারির পর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন কার্যক্রম ২০২৭ সালের ১ জানুয়ারির পর শুরু হবে।’

সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ সভাপতিত্ব করেন। সভায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে অধ্যাপক মামুন আহমেদ বলেন, এইচএসসির সব ফলাফল ৩১ ডিসেম্বরের মধ্যে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি কার্যক্রম ৩১ ডিসেম্বরের পর শুরু হবে। যারা ইতিমধ্যে ভর্তি কার্যক্রম শুরু করেছে, তাদের এই সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করতে হবে।

তিনি আরও বলেন, ‘এটি নির্দেশ করে যে আমরা সম্পূরক পরীক্ষার্থীদের জন্য সুযোগ তৈরি করছি। এ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করবেন, তাদেরসহ সকল পরীক্ষার্থী যাতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন, সেই সুবিধা দেওয়ার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিকটকে ভিডিওর আড়ালে পর্নোগ্রাফির বিস্ফোরক প্রচারণা সামনে এল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


টিকটকে ভিডিওর আড়ালে পর্নোগ্রাফির বিস্ফোরক প্রচারণা সামনে এল

টিকটকের সাধারণ লাইফস্টাইল ভিডিওর আড়ালে পর্নোগ্রাফি এবং ‘অনলিফ্যানস’-এর প্রচারণার অভিযোগ উঠেছে। কেনাকাটা, রান্নাবান্না, রূপচর্চা অথবা পোষা প্রাণীর যত্নের ভিডিওর মাধ্যমে তরুণী ও কিশোরীদের প্রাপ্তবয়স্কদের কনটেন্ট তৈরিতে আকৃষ্ট করার দাবি করেছেন গবেষকেরা।

যুক্তরাজ্যভিত্তিক ‘কেয়ার টু এন্ড অল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন’ (সিজ) এবং অস্ট্রেলিয়াভিত্তিক ‘কালেকটিভ শাউট’-এর গবেষণা প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের .

গবেষকেরা এক বছরেরও বেশি সময় ধরে টিকটকে জনপ্রিয় কিছু তরুণী ‘অনলিফ্যানস’ কনটেন্ট নির্মাতার অ-স্পষ্ট যৌন কনটেন্ট বিশ্লেষণ করেছেন। পাশাপাশি, প্ল্যাটফর্মটির অ্যালগরিদমের মাধ্যমে ব্যবহারকারীদের সামনে আসা ভিডিওগুলোও তারা পর্যবেক্ষণ করেছেন।

গবেষণায় দেখা গেছে, সরাসরি ‘অনলিফ্যানস’-এর নাম বা লিংক উল্লেখ না করেও বিভিন্ন ইঙ্গিত, ইমোজি, সাংকেতিক শব্দ ও অঙ্গভঙ্গির মাধ্যমে অন্য প্ল্যাটফর্মে প্রাপ্তবয়স্কদের কনটেন্ট বিক্রির প্রচারণা চালানো হচ্ছে। টিকটকে সরাসরি এ ধরনের প্রচারণা ও যৌন কনটেন্ট আদান-প্রদানের আমন্ত্রণ নিষিদ্ধ হওয়ায় নির্মাতারা বিকল্প কৌশল ব্যবহার করছেন।

এ ক্ষেত্রে ‘পর্ন’-এর পরিবর্তে ‘কর্ন’ শব্দ ব্যবহার কিংবা ভুট্টা ও তারকা ইমোজির মাধ্যমে পরোক্ষভাবে পর্নোগ্রাফির ইঙ্গিত দেওয়ার কৌশল দেখা গেছে। এমনকি ‘গেট রেডি উইথ মি’ ধরনের সাধারণ ভিডিওতে চুল ও মেকআপ করার রুটিনের পাশাপাশি অন্য প্ল্যাটফর্মের প্রাপ্তবয়স্কদের কনটেন্টের প্রতি দর্শকদের আগ্রহ তৈরির চেষ্টা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, এসব ভিডিওতে ‘অনলিফ্যানস’ থেকে বিপুল অর্থ উপার্জন, স্বাধীনতা, আনন্দ ও বন্ধুত্বের হাতছানিকে বিশেষভাবে তুলে ধরা হয়। নগদ অর্থ, বিলাসবহুল বাড়ি, ব্যক্তিগত বিমান ও দামি গাড়ির ছবি দেখিয়ে তরুণীদের আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

একটি ভিডিওর শিরোনামে উল্লেখ করা হয়েছে, ‘২৩ বছর বয়সে আড়াই লাখ পুরুষের কাছ থেকে আয় করে এসব কিছুর মালিক হওয়ার অনুভূতি।’ আবার কিছু ভিডিওতে দারিদ্র্য ও বেকারত্ব থেকে মুক্তির উপায় হিসেবেও প্ল্যাটফর্মটিকে উপস্থাপন করা হয়েছে।

তবে আয়ের বাস্তব চিত্র ভিন্ন। প্রতিবেদনে বলা হয়েছে, ‘অনলিফ্যানস’-এর শীর্ষ পাঁচ হাজার কনটেন্ট নির্মাতার প্রত্যেকের আয় এক মিলিয়ন ডলারের বেশি হলেও, প্ল্যাটফর্মটির প্রায় ৫০ লাখ নিবন্ধিত নির্মাতার গড় বার্ষিক আয় আনুমানিক এক হাজার ডলার।

টিকটকের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন কালেকটিভ শাউটের মেলিন্ডা ট্যাঙ্কার্ড রেইস্ট। তার বক্তব্য, টিকটক ‘শিল্পকারখানার মতো বিশাল পরিসরে মেয়েদের যৌন শিল্পে ঠেলে দেওয়া ডিজিটাল দালাল’। তরুণী ও কিশোরীদের এমন শোষণমূলক শিল্প থেকে সুরক্ষা দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেছেন।

গবেষণায় যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অবস্থিত ‘বপ হাউস’-এর বিষয়টিও উঠে এসেছে। এটি একটি বিলাসবহুল পর্নোগ্রাফি প্রযোজনা কেন্দ্র, যেখানে পর্যায়ক্রমে বিভিন্ন নারী অবস্থান করেন এবং ‘অনলিফ্যানস’-এর জন্য যৌন কনটেন্ট তৈরি করেন।

গবেষকদের মতে, টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী তৈরি করা ‘অনলিফ্যানস’ নির্মাতাদের ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ। তাই সরাসরি যৌন কনটেন্ট প্রকাশ না করেও কীভাবে দর্শকদের অন্য প্ল্যাটফর্মে থাকা কনটেন্টের প্রতি আগ্রহী করা যায়, সে কৌশল ব্যবহার করছেন তারা।

তবে অভিযোগ অস্বীকার করে টিকটকের এক মুখপাত্র জানিয়েছেন, প্ল্যাটফর্মটিতে যৌন কনটেন্ট শেয়ার ও প্রদর্শন কঠোরভাবে নিষিদ্ধ। কমিউনিটি গাইডলাইন বাস্তবায়নে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়। পাশাপাশি কিশোর-কিশোরীদের কাছে বয়সের অনুপযোগী কনটেন্ট পৌঁছানো ঠেকাতেও ব্যবস্থা রয়েছে।

অন্যদিকে ‘অনলিফ্যানস’-এর এক মুখপাত্র দাবি করেছেন, প্ল্যাটফর্মটি কেবল ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য। অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ ঠেকাতে কঠোর নিবন্ধন ও পরিচয় যাচাইপ্রক্রিয়া অনুসরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চার বছর পর টেস্ট দলে ফিরলেন নাঈম, ডাক পেলেন মাহফিজুল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


চার বছর পর টেস্ট দলে ফিরলেন নাঈম, ডাক পেলেন মাহফিজুল

ঢাকা, ৯ নভেম্বর ২০২৬ : ওপেনার মোহাম্মদ নাঈম শেখ চার বছরের বিরতির পর বাংলাদেশ টেস্ট দলে ফিরেছেন। পাশাপাশি, তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিন প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনুষ্ঠিতব্য দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে।

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) অসাধারণ ফর্মে থাকা মাহফিজুল এবার জাতীয় দলের তিন ফর্মেটের মধ্যে একটিতে ডাক পেলেন।

অন্যদিকে, ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার পর আবারও লাল বলের দলে ফিরেছেন নাঈম।

দুর্দান্ত পারফরম্যান্সের কারণে এই দুই ওপেনার এনসিএলে দলে জায়গা পেয়েছেন। মাহফিজুল ১০ ইনিংসে ৭৪.৬৭ গড়ে তিনটি সেঞ্চুরিসহ ৬৭২ রান করে প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। নাঈম সাত ইনিংসে তিনটি সেঞ্চুরিসহ ৬১২ রান করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে ফিল্ডিং করার সময় ওপেনার সাদমান ইসলাম গোড়ালির ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। তাঁর চোটের কারণে অতিরিক্ত ওপেনিং বিকল্প দলে নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। বাংলাদেশের দলে এই সিরিজের জন্য বিশেষজ্ঞ কোনো বিকল্প ওপেনার ছিল না। দুই টেস্টেই ওপেনিং করেছেন তানজিদ হাসান ও সাদমান।

দ্বিতীয় টেস্টের দলে থাকা অমিত হাসান এবার জায়গা পাননি।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, দলে লিটন দাস ও জাকের আলী অনিকের মতো দুই উইকেটকিপার-ব্যাটার থাকায় নতুন করে আরেকজনকে নেওয়ার প্রয়োজন মনে করেননি তাঁরা। বরং টপ অর্ডার শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছেন নির্বাচকেরা।

অমিতের বিষয়ে বাশার মন্তব্য করেছেন, “দলে লিটন দাস ও জাকের আলী অনিকের মতো দুজন উইকেটকিপার-ব্যাটার থাকায় অতিরিক্ত কাউকে নেওয়ার প্রয়োজন নেই। তবে এর অর্থ এই নয় যে অমিতের সব সম্ভাবনা শেষ হয়ে গেছে। সে সব সময়ই নির্বাচকদের বিবেচনায় রয়েছে। যখনই তার প্রয়োজন হবে, আমরা তাকে ডাকব। এই মুহূর্তে আমাদের টপ অর্ডার শক্তিশালী করা প্রয়োজন। তাই আমরা সেটিই করেছি।”

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ পাঁচ পেসারকে দলে রেখেছে। তাঁরা হলেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন কেবল মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে খেলা অফ স্পিনার নাঈম হাসান এবার বাদ পড়েছেন।

সিরিজের প্রথম টেস্ট ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়ানে।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম রবিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%