প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীতে বিভিন্ন দাবিতে অটোরিকশাচালকদের ডাকা ধর্মঘটের ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে অটোরিকশার চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
সকাল থেকে ধোলাইখাল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী, রামপুরা, বনশ্রী, বাড্ডা, মিরপুর ও ধোলাইপাড়সহ আশপাশের এলাকায় অটোরিকশার চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। ধর্মঘটের সমর্থনে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়েছেন চালকরা। এ সময় তারা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায়।
সকাল ৯টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী মোড়ে মিছিল নিয়ে জড়ো হন অটোরিকশাচালকরা। এদিকে, ধর্মঘট চলাকালীন সড়কে চলাচলরত কয়েকটি অটোরিকশা আটকে দেওয়া এবং ভাঙচুরের ঘটনাও ঘটেছে। কোথাও অটোরিকশার হেডলাইট ভাঙচুর করা হয়েছে, আবার কোথাও ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
ধর্মঘট পালনকারী চালকদের দাবি, সরকার প্রণীত নতুন নীতিমালায় লাইসেন্স ফি বেশি নির্ধারণ করা হয়েছে। তাছাড়া, একজন চালকের পাঁচটির বেশি অটোরিকশা পরিচালনার সুযোগ না রাখার বিধানের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন।
হঠাৎ অটোরিকশার চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সকাল থেকেই বিভিন্ন সড়ক ও মোড়ে যাত্রীদের যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেক যাত্রী সময়মতো কর্মস্থলে পৌঁছাতে না পেরে দীর্ঘ পথ হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।
ধর্মঘটের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জনদুর্ভোগ বেড়ে গেলেও পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন