ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিএনপি সরকার মানবিক বাংলাদেশ গড়তে চায়: ডা. জুবাইদা রহমান


বিএনপি সরকার মানবিক বাংলাদেশ গড়তে চায়: ডা. জুবাইদা রহমান

বিএনপি সরকার একটি বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে, যেখানে রাষ্ট্র পরিচালনার মূল দর্শন হবে মানবিকতা। সেখানে মানুষের কল্যাণে মানুষ একে অপরের পাশে দাঁড়াবে, এমনটি জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ফলে গৃহ হারানো পরিবারগুলোর হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করার পর তিনি এসব মন্তব্য করেন।

এ সময় তিনি করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে নিহত শাহরিয়ারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরও পড়ুন: শ্রমিকদের ঘর ভাড়া বৃদ্ধি না করার নির্দেশ মীর শাহে আলমের

ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকার বিপদে মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতে যে কোনো বিপদে তারা পাশে থাকবে।

তিনি আরও বলেন, সরকারের একার পক্ষে মানুষের সব সমস্যা সমাধান করা সম্ভব নয়, তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। দেশ গঠন ও মানুষের জীবনমান উন্নয়নে সরকারের সঙ্গে সহযোগিতা করতে হবে।

তিনি উল্লেখ করেন, পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সহযোগিতা করার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশাও ব্যক্ত করেন ডা. জুবাইদা রহমান।

উল্লেখ্য, রোববার (১৫ নভেম্বর) ভোরে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়। আগুন লাগার সময় তিনি ঘুমিয়ে ছিলেন।

আরও পড়ুন: মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ, আহত নেই

শাহরিয়ার কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়ায় বসবাস করতেন। তিনি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামের মনির হোসেনের ছেলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লন্ডন থেকে ফিরছেন এনসিপি আহ্বায়ক, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


লন্ডন থেকে ফিরছেন এনসিপি আহ্বায়ক, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম আজ লন্ডন থেকে দেশে ফিরে আসছেন।

রোববার দেশে ফিরে সন্ধ্যায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের জন্য একটি সংবাদ সম্মেলন করবেন।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিমানবন্দরের ২-নম্বর বহির্গমন টার্মিনালের সামনে নিচ তলায় পার্কিং প্রান্তে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববিদ্যালয়ে অপ্রয়োজনীয় নতুন বিভাগ চালু করা যাবে না: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


বিশ্ববিদ্যালয়ে অপ্রয়োজনীয় নতুন বিভাগ চালু করা যাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন যে, বিশ্ববিদ্যালয়গুলোতে বাস্তব প্রয়োজন নেই এমন নতুন বিভাগ চালু করা যাবে না। তিনি উল্লেখ করেছেন, "শিক্ষাব্যবস্থাকে কোনোভাবেই বেকারত্বের কারখানায় পরিণত করা যাবে না।" বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কর্মসংস্থানের চাহিদা বিবেচনায় নিয়ে শিক্ষাব্যবস্থা সাজানোর প্রয়োজনীয়তা রয়েছে।

মন্ত্রী রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স যৌথভাবে ‘শিল্প ও শিক্ষাঙ্গণের সহযোগিতা : সরকারের নীতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারের আয়োজন করে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, "কর্মসংস্থানের বাজারে যেসব বিষয়ের চাহিদা রয়েছে, সেগুলোর ওপর গুরুত্ব দিতে হবে।" তিনি জানান, বেকারত্ব দূর করতে যা যা প্রয়োজন, সরকার তা বাস্তবায়ন করবে। নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন ও বাস্তবমুখী শিক্ষা কার্যক্রমকে স্বাগত জানানো হবে। শিক্ষা ও শিল্প খাতের মধ্যে সমন্বয় বাড়িয়ে শিক্ষার্থীদের দক্ষতা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।

তিনি বলেন, "জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই।" মন্ত্রী গবেষণার ফলাফল যেন সমাজ ও অর্থনীতিতে সরাসরি অবদান রাখতে পারে, সেই জন্য অর্জিত জ্ঞানকে বাণিজ্যিকভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণার বাজেট নিয়ে মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়টিতে বাজেটের কোনো অভাব নেই এবং গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দ রয়েছে। তিনি এসব অর্থ যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের সেশনজট কীভাবে কমানো যায়, তা নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি।

সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।

সেমিনারে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিরা অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐক্যের আহ্বানের আড়ালে অনৈক্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত সরকার: বিডিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


ঐক্যের আহ্বানের আড়ালে অনৈক্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত সরকার: বিডিপি

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) অভিযোগ করেছে যে, সরকার জাতীয় ঐক্যের কথা বললেও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ১১ দলীয় রাজনৈতিক ঐক্যকে দুর্বল ও বিভক্ত করার চেষ্টা করছে। দলটির মতে, ঐক্যের আহ্বানের আড়ালে শরিক দলের মধ্যে বিভক্তি, অবিশ্বাস ও দূরত্ব তৈরির প্রচেষ্টা চলছে, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিরোধী রাজনৈতিক শক্তির প্রতি আচরণ গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যের কথা বলা হলেও, তাদের কর্মকাণ্ড ১১ দলীয় রাজনৈতিক ঐক্যকে দুর্বল করার অপচেষ্টা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। সরকারের দ্বিমুখী রাজনৈতিক অবস্থান জাতীয় ঐক্যের চেতনাকে প্রশ্নবিদ্ধ করছে।

বিডিপি জানায়, সুকৌশলে ১১ দলীয় ঐক্যের শরিক দলের মধ্যে বিভক্তি, অবিশ্বাস ও দূরত্ব তৈরির চেষ্টা চলছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হকের মাধ্যমে ‘জামায়াত, এনসিপি এবং ৯ আদার্স’ শিরোনামে ‘সময় হলে হিসাব মেলানো হবে’—এ ধরনের বক্তব্য প্রচার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকি প্রদানের পরিবেশ তৈরি করা হচ্ছে।

এছাড়া, হেফাজতে ইসলামের মাধ্যমে ১১ দলীয় ঐক্যে থাকা ইসলামী দলগুলোকে ঐক্য থেকে বের করে নেওয়ার প্রচেষ্টা চলছে বলেও রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। একইসঙ্গে ১১ দলীয় ঐক্যের নেতাদের পৃথকভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ঐক্য বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান এ্যাড. এ কে এম আনোয়ারুল ইসলাম চান বলেন, জনগণের গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে প্রতারণা এবং জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষা ও সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে আসার প্রবণতা বর্তমান রাজনৈতিক অস্থিরতা, সংঘাত ও অনিশ্চয়তার অন্যতম কারণ। জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে টেকসই রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আধিপত্যবাদী শক্তির প্রভাব ও প্ররোচনাকে প্রশ্রয় দেওয়া এবং বিরোধী রাজনৈতিক শক্তিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে পদায়নের মতো কর্মকাণ্ড জাতীয় ঐক্যের পরিবর্তে রাজনৈতিক বিভাজনকে আরও গভীর করছে।

বিডিপির মতে, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, বিভক্তি সৃষ্টি কিংবা প্রলোভনের মাধ্যমে সাময়িকভাবে ক্ষমতার স্বার্থ রক্ষা করা গেলেও দীর্ঘমেয়াদে তা রাষ্ট্র ও সরকারের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, গণতান্ত্রিক ভবিষ্যৎ, সাধারণ মানুষের স্বস্তি এবং বিদেশি বিনিয়োগের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ফলে জাতি হিসেবে কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রযাত্রা ক্রমেই বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

বিডিপির চেয়ারম্যান সরকারকে উদ্দেশ করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন-পীড়ন, বিভক্তি কিংবা প্রলোভনের মাধ্যমে জাতীয় সংকটের সমাধান সম্ভব নয়। বরং জনগণের গণরায়কে যথাযথ সম্মান জানানো, জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়ন এবং বিরোধী রাজনৈতিক শক্তির প্রতি গণতান্ত্রিক সহনশীলতা প্রদর্শনই এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি।

তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে সরকারকে সংকীর্ণ দলীয় দৃষ্টিভঙ্গি পরিহার করে উদারচিত্তে, খোলা মনে ও আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক সংকট উত্তরণে সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, রাজনৈতিক সহনশীলতা ও জাতীয় ঐকমত্যের কোনো বিকল্প নেই। এই পথ অনুসরণ করা হলে শুধু দেশ ও জনগণের কল্যাণই নিশ্চিত হবে না, সরকারের রাজনৈতিক ভবিষ্যৎও অধিকতর নিরাপদ হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হওয়া উচিত—ক্ষমতা নয়, জনগণের আস্থা; বিভাজন নয়, জাতীয় ঐক্য; প্রতিহিংসা নয়, গণতান্ত্রিক সহাবস্থান।

সবশেষে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার সমুন্নত রাখতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সরকারসহ সব রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেমস প্রতিষ্ঠা করছেন ফাউন্ডেশন, সংগীত সংরক্ষণ ও সমাজসেবার উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


জেমস প্রতিষ্ঠা করছেন ফাউন্ডেশন, সংগীত সংরক্ষণ ও সমাজসেবার উদ্যোগ

ভক্ত-শ্রোতাদের প্রতি ভালোবাসার দায়বদ্ধতা থেকে নিজের নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন নগর বাউলখ্যাত রক তারকা জেমস। ‘জেমস ফাউন্ডেশন’ নামক এই প্রতিষ্ঠানের মাধ্যমে তার সৃষ্টিশীল সংগীতকর্ম সংরক্ষণ করা হবে এবং বিভিন্ন জনকল্যাণমূলক সামাজিক কার্যক্রম পরিচালিত হবে। ইতোমধ্যে ফাউন্ডেশনটির নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে এবং সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন এই তথ্য নিশ্চিত করে জানান, বেশ কিছুদিন ধরে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পরিকল্পনা চলছিল। বর্তমানে এর প্রাথমিক বাস্তবায়ন কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

ফাউন্ডেশনটির উদ্দেশ্য সম্পর্কে রবিন ঠাকুর বলেন, “দেশের মানুষ নগর বাউল জেমসকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসার প্রতি দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ। জেমসের গান ও সৃষ্টিশীল কাজ যেন যথাযথভাবে সংরক্ষিত থাকে এবং প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই কাজ করবে ফাউন্ডেশন। পাশাপাশি দেশের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে। তবে সবকিছু এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা চলছে এবং নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।”

আশির দশকের শুরুতে চট্টগ্রামে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন জেমস। ১৯৮৭ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ প্রকাশের পর তিনি নিজস্ব গায়কী, সুর ও অনবদ্য পরিবেশনায় দেশের রক সংগীতের অন্যতম শীর্ষ তারকায় পরিণত হন। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তার অগণিত ভক্ত রয়েছে। চার দশকের বেশি সময় ধরে মঞ্চে সমান দাপটের সঙ্গে গান গেয়ে চলেছেন এই সংগীতশিল্পী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%